০৪:৫০ পি.এম
রাজশাহী মহানগরীতে ফুটপাত ও সড়কের অবৈধ দখল উচ্ছেদ করে এবং যানজট নিরসনের লক্ষ্যে জেলা প্রশাসক ও রাজশাহী সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে একটি উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযান নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত দখলমুক্ত করে সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার উদ্দেশ্যে পরিচালিত হয়।
বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১১টার সময় নগরীর লক্ষ্মীপুর মোড় থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। পরে এটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম করে বর্ণালী মোড় এলাকায় গিয়ে শেষ হয়।
অভিযানে ফুটপাত ও সড়ক অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনাকারীদের দোকানপাট উচ্ছেদ করা হয়। একইসাথে রাস্তার উপর পার্কিং করে রাখা এবং যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করা বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। এ সময় বেশ কয়েকটি যানবাহন জব্দও করা হয়।
আরও পড়ুন: বগুড়ায় পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, ৪ জন গ্রেপ্তার
অভিযান চলাকালে দেখা যায়, দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার কারণে পথচারীদের সড়ক দিয়ে চলাচল করতে বাধ্য হতে হচ্ছিল। এতে একদিকে যেমন দুর্ঘটনার ঝুঁকি বাড়ছিল, অন্যদিকে নগরীতে যানজটও সৃষ্টি হচ্ছিল। এসব বিষয়ের প্রেক্ষিতে জেলা প্রশাসক ও সিটি করপোরেশন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেন রাজশাহী জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফর আহমেদ এবং রাজশাহী সিটি করপোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম।
অভিযান সম্পর্কে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম বলেন, "নগরীর বিভিন্ন এলাকায় অবৈধভাবে ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। এর ফলে সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে অবৈধ পার্কিংয়ের কারণে যানজটও বাড়ছে। এসব সমস্যা সমাধানে আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। আজ থেকে শুরু হওয়া এ অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে এবং নগরীর অন্যান্য এলাকাতেও পর্যায়ক্রমে পরিচালিত হবে।"
তিনি আরও বলেন, "নগরবাসীর স্বার্থে ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কেউ পুনরায় অবৈধভাবে দখল করার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
আরও পড়ুন: চিরিরবন্দরে পৃথক দুর্ঘটনায় শিশুসহ ২ জনের মৃত্যু
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা দায়িত্ব পালন করেন। এছাড়াও, রাজশাহী সিটি করপোরেশন, জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, নগরীর সৌন্দর্য রক্ষা, যানজট নিরসন এবং পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নগরবাসীর অনেকেই। তাঁদের মতে, নিয়মিত অভিযান পরিচালনা করা হলে ফুটপাত ও সড়ক দখলের প্রবণতা কমবে এবং নগরীর শৃঙ্খলা ফিরে আসবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন