০৪:১৭ পি.এম
পুলিশ বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা, কল্যাণ নিশ্চিতকরণ এবং জনসেবার মান বাড়ানোর প্রত্যয়ে ঝালকাঠিতে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮ অক্টোবর (বুধবার) সকালে ঝালকাঠি পুলিশ লাইন্স ড্রিলশেডে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলার পুলিশ সুপার (এসপি) জনাব মেরিন সুলতানা।
অধিবেশনের শুরুতে পুলিশ সুপার জেলা পুলিশের সকল পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন সুবিধা-অসুবিধা এবং পেশাগত সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের উত্থাপিত বেশ কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধান দেন এবং বাকি বিষয়গুলো দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেন।
আরও পড়ুন: পূর্বধলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ফোর্সদের উদ্দেশে দিক-নির্দেশনামূলক বক্তব্যে পুলিশ সুপার মেরিন সুলতানা বলেন, "পুলিশ বাহিনীকে জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতীকে পরিণত করতে হবে। এজন্য প্রতিটি সদস্যকে কঠোরভাবে সার্ভিস রুলস ও ড্রেস রুলস মেনে চলে পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রাখতে হবে।" তিনি জনসাধারণের সাথে সর্বোচ্চ উত্তম ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি ব্যারাকে উন্নত খাবার পরিবেশন, স্বাস্থ্য সচেতনতা এবং ব্যক্তিগত ও আবাসস্থলের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এছাড়া ছুটি ও টিএ (ভ্রমণ ভাতা) বিল পাসের ক্ষেত্রে স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় রাখার জন্য তাগিদ দেন।
এদিকে পুলিশ সদস্যদের কর্মতৎপরতা, দক্ষতা ও মনোবল বৃদ্ধির লক্ষ্যে বিগত মাসের কাজের স্বীকৃতিস্বরূপ জেলার বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অফিসার ও ফোর্সদের হাতে বিশেষ পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার।
উক্ত কল্যাণ সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মামুন আল ইসলাম, সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) জনাব মোঃ শাহ্ আলমসহ জেলা পুলিশের বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং সব স্তরের পুলিশ সদস্যবৃন্দ।
পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বাহিনীর অভ্যন্তরীণ কল্যাণ ও শৃঙ্খলা বজায় রাখতে জেলা পুলিশের এ ধরনের নিয়মিত উদ্যোগ অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন: শিবচরে সংবাদ সংগ্রহে সাংবাদিকদের উপর হামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন