০৬:০৫ পি.এম
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার কি এককভাবে নির্বাচন কমিশনের সমস্ত ক্ষমতা প্রয়োগ করছেন, তা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই বিষয়ে একটি জনস্বার্থ মামলার শুনানি নিয়ে দেশের সর্বোচ্চ আদালত নির্বাচন কমিশনের কাছে লিখিত জবাব চেয়েছে।
একটি পত্রিকার প্রতিবেদনে প্রকাশিত হয়েছে যে, গত ১০ মাসে ভোটার তালিকা তৈরি ও প্রযুক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে অন্য দুই কমিশনারের অন্তত ১৪টি বিষয়ে মতবিরোধ বা আপত্তি ছিল। এই তথ্যের ভিত্তিতে পাটনার এক বাসিন্দা আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেন।
তবে আদালত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, শুধুমাত্র পত্রিকার প্রতিবেদনের ভিত্তিতে এই মুহূর্তে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা নির্দেশ দেওয়া সম্ভব নয়। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, নির্বাচন কমিশনের সব সিদ্ধান্ত নিয়ম অনুযায়ী সকলের সম্মতিতে, অথবা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে গ্রহণ করা উচিত। যদি প্রমাণিত হয় যে কোনো সিদ্ধান্ত এককভাবে নেওয়া হয়েছে, তবে তা স্থগিত করা হতে পারে।
আরও পড়ুন: ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার সম্ভাবনার ইঙ্গিত ট্রাম্পের
এদিকে নির্বাচন কমিশন এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, কাজের প্রক্রিয়ার অংশ হিসেবে বিভিন্ন বিষয়ে আলোচনা ও মতামত দেওয়া স্বাভাবিক, এবং সেগুলো কোনো বড় ধরনের প্রাতিষ্ঠানিক বিরোধ নয়। নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক জবাব পাওয়ার পরেই আদালত এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে।
সূত্র: এনডিটিভি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন