প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেত্রকোনার পূর্বধলায় জনপ্রিয় ধর্মীয় বক্তা হাফেজ মাওলানা রফিকুল ইসলাম মাদানীর নাম, পরিচয় ও ছবি ব্যবহার করে প্রতারণার অভিযোগে মো. নূরজ্জামান (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে রফিকুল ইসলাম মাদানীর পরিচয়ে ফেসবুক, ই-মেইল ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে ওয়াজ মাহফিল আয়োজনের কথা বলে ধর্মপ্রাণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিলেন নূরজ্জামান।
পূর্বধলা থানার প্রেস রিলিজ সূত্রে জানা যায়, এ ঘটনায় পূর্বধলা থানায় গত ৮ সেপ্টেম্বর একটি মামলা করা হয়। মামলাটিতে দণ্ডবিধির ৪১৯/৪২০/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার বাদী ধর্মীয় বক্তা মো. রফিকুল ইসলাম মাদানী (২১), নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা এলাকার বাসিন্দা। মামলার আসামি নূরজ্জামান (৩১) কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নয়াবাদ এলাকার মো. বেলায়েত হোসেনের ছেলে।
পুলিশ জানায়, নূরজ্জামান বিভিন্ন মাধ্যমে রফিকুল ইসলাম মাদানীর নাম, পরিচয় ও ছবি ব্যবহার করে একাধিক ফেসবুক আইডি, ই-মেইল ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট পরিচালনা করতেন। এসব অ্যাকাউন্টের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে বাদীর নামে ওয়াজ মাহফিলের তারিখ নির্ধারণ ও বক্তব্য দেওয়ার কথা বলে ধর্মপ্রাণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন তিনি।
অভিযোগ পাওয়ার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে পুলিশ। পরে ৫ অক্টোবর রাত সাড়ে ৩টার দিকে কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার দক্ষিণ লোহাজুড়ি এলাকায় তার দ্বিতীয় স্ত্রীর ভাই কাউসারের (৪৬) বাড়িতে অভিযান চালিয়ে নূরজ্জামানকে গ্রেপ্তার করা হয়। অভিযানে কটিয়াদি মডেল থানা পুলিশ সহযোগিতা করে।
গ্রেপ্তারের সময় নূরজ্জামানের হেফাজত থেকে দুটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ও বিভিন্ন কোম্পানির ছয়টি সিম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য, প্রতারণার কাজে ব্যবহৃত একটি ফেসবুক আইডিতে ‘হাফেজ আশরাফ জানাত’ নাম ব্যবহার করে ধর্মীয় বক্তার ছবি দেওয়া ছিল। ওই আইডির মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমানদের কাছে অনলাইনে ওয়াজ মাহফিলের ফরম বিতরণ ও তারিখ নির্ধারণ করা হতো।
জিজ্ঞাসাবাদে নূরজ্জামান এসব ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলে প্রেস রিলিজে উল্লেখ করা হয়েছে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও যৌতুক নিরোধ আইনসহ মোট তিনটি মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদনসহ গ্রেপ্তার নূরজ্জামানকে আদালতে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন