মোঃ উজ্জ্বল মিয়া, নেত্রকোনা জেলা প্রতিনিধি
০৬:০৬ পি.এম
নেত্রকোনার পূর্বধলায় জনপ্রিয় ধর্মীয় বক্তা হাফেজ মাওলানা রফিকুল ইসলাম মাদানীর নাম, পরিচয় ও ছবি ব্যবহার করে প্রতারণার অভিযোগে মো. নূরজ্জামান (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে রফিকুল ইসলাম মাদানীর পরিচয়ে ফেসবুক, ই-মেইল ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে ওয়াজ মাহফিল আয়োজনের কথা বলে ধর্মপ্রাণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিলেন নূরজ্জামান।
পূর্বধলা থানার প্রেস রিলিজ সূত্রে জানা যায়, এ ঘটনায় পূর্বধলা থানায় গত ৮ সেপ্টেম্বর একটি মামলা করা হয়। মামলাটিতে দণ্ডবিধির ৪১৯/৪২০/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার বাদী ধর্মীয় বক্তা মো. রফিকুল ইসলাম মাদানী (২১), নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা এলাকার বাসিন্দা। মামলার আসামি নূরজ্জামান (৩১) কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নয়াবাদ এলাকার মো. বেলায়েত হোসেনের ছেলে।
পুলিশ জানায়, নূরজ্জামান বিভিন্ন মাধ্যমে রফিকুল ইসলাম মাদানীর নাম, পরিচয় ও ছবি ব্যবহার করে একাধিক ফেসবুক আইডি, ই-মেইল ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট পরিচালনা করতেন। এসব অ্যাকাউন্টের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে বাদীর নামে ওয়াজ মাহফিলের তারিখ নির্ধারণ ও বক্তব্য দেওয়ার কথা বলে ধর্মপ্রাণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন তিনি।
অভিযোগ পাওয়ার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে পুলিশ। পরে ৫ অক্টোবর রাত সাড়ে ৩টার দিকে কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার দক্ষিণ লোহাজুড়ি এলাকায় তার দ্বিতীয় স্ত্রীর ভাই কাউসারের (৪৬) বাড়িতে অভিযান চালিয়ে নূরজ্জামানকে গ্রেপ্তার করা হয়। অভিযানে কটিয়াদি মডেল থানা পুলিশ সহযোগিতা করে।
গ্রেপ্তারের সময় নূরজ্জামানের হেফাজত থেকে দুটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ও বিভিন্ন কোম্পানির ছয়টি সিম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য, প্রতারণার কাজে ব্যবহৃত একটি ফেসবুক আইডিতে ‘হাফেজ আশরাফ জানাত’ নাম ব্যবহার করে ধর্মীয় বক্তার ছবি দেওয়া ছিল। ওই আইডির মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমানদের কাছে অনলাইনে ওয়াজ মাহফিলের ফরম বিতরণ ও তারিখ নির্ধারণ করা হতো।
জিজ্ঞাসাবাদে নূরজ্জামান এসব ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলে প্রেস রিলিজে উল্লেখ করা হয়েছে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও যৌতুক নিরোধ আইনসহ মোট তিনটি মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদনসহ গ্রেপ্তার নূরজ্জামানকে আদালতে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস নানা আয়োজনের মাধ্যমে পালিত হয়েছে। ২০২৬ সালের বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য হলো: “Standing with teachers: 60 years of protecting the profession, advancing its status and shaping our futures” (বাংলা অর্থ: “শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশা সুরক্ষায় ৬০ বছর, মর্যাদা সমুন্নত রাখা এবং আমাদের ভবিষ্যৎ রূপদান)। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ অডিটারিয়ামে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গোদাগাড়ী মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মুনমুন সুলতানা।
পিরিজপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এস. এম তিতুমীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন পাকড়ী দিঘিরপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইম আকতার খান, বাংলাদেশ শিক্ষক সমিতির গোদাগাড়ী শাখার সাধারণ সম্পাদক, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোহাম্মদ আবদুর রহমান, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মোঃ মাহাবুবুর রহমান, বাংলাদেশ শিক্ষক সমিতির গোদাগাড়ী উপজেলা শাখার সভপতি এম.এন রিদওয়ান ফিরদৌস, হরিন বিকসা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, মাটিকাটা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যাপক নইরিদ্দিন বাবু, শাহ সুলতান (রহ) কামিল মাদ্রাসার আরবি বিভাগের অধ্যাপক মাও. মোঃ দুরুল হোদা প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান বলেন, ১৯৪৮ সালে সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রে শিক্ষার অগ্রগতি, মানবজাতির ক্রমোন্নতি এবং আধুনিক সমাজের বিকাশ সাধনে শিক্ষক সমাজের অপরিহার্য ভূমিকা ও অবদানের কথা জোরের সাথে ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, শিক্ষকগণ যাতে এসব ভূমিকা পালনের জন্য উপযুক্ত সম্মান ও মর্যাদা ভোগ করতে পারেন, তা সুনিশ্চিত করার অঙ্গীকার ঘোষণা করা হয়েছে।
১৯৬৬ সালের ৫ অক্টোবর ইউনেস্কোর উদ্যোগে শিক্ষকদের মর্যাদা সম্পর্কে প্যারিসে অনুষ্ঠিত ঐতিহাসিক বিশেষ আন্তঃসরকার সম্মেলনে বিশ্বব্যাপী শিক্ষকদের অধিকার, কর্তব্য ও মর্যাদা বিষয়ক আন্তর্জাতিক দলিল ‘ইউনেস্কো/আইএলও সনদ’ স্বাক্ষরিত হয়। ওই দিবসটি শিক্ষক দিবস হিসেবে পালিত হচ্ছে। তিনি উল্লেখ করেন, “আপনাদের যদি মর্যদা না দেয়া হয়, তা পুরোপুরি সঠিক নয়। এটি আংশিক সত্য।” তিনি আরও বলেন, “আপনাদের বাড়ীভাড়া বৃদ্ধি, ৫ ভাগ বৃদ্ধি, করেছেন। সকল প্রায়মারী স্কুল সরকারী করণ করেছেন। জাতীয় বেতন স্কেলের ব্যাপারে কাজ করছেন সরকার।” তিনি শিক্ষকদের অবসর ও কল্যানের টাকা বছরের পর পর পাচ্ছেন না, এ বিষয়ে মন্ত্রণালয়ে লিখতে বলেন।
তিনি আরও বলেন, শিক্ষার গুণগত মান বাড়াতে হবে। শিক্ষার্থীর প্রতি অনুশাসন থাকতে হবে। শিক্ষক হিসেবে রাজনৈতিক পরিচয় থাকা উচিত নয়। তিনি বলেন, “আমার যেমন রাজনৈতিক নেই, আপনার থাকবে কেন?” প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধানদের উপজেলা ও জেলার বিভিন্ন অফিসে আসার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, “কিন্তু সহকারী শিক্ষক, অধ্যাপক কেন উপজেলা, জেলায় আসবেন? তার ক্লাস কে করবে?” তিনি শিক্ষকদের নৈতিক চরিত্র নষ্ট হওয়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “স্কুল টাইমে কোন কোচিং, প্রাইভেট পড়া করা যাবে না।”
শিক্ষক কর্মচারী ও অফিসারদের একটি র্যালি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে গোদাগাড়ী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে একটি আলোচনা সভায় যোগ দেন। উপজেলার শতাধিক স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক, কর্মচারী ও সুধিজন এতে অংশগ্রহণ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
টনি ক্রুসের মতে, জুড বেলিংহ্যামের বিশ্বসেরা মিডফিল্ডার হওয়ার সম্ভাবনা রয়েছে। জার্মানির কিংবদন্তি মিডফিল্ডার সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থকে খুব কাছ থেকে দেখেছেন। তার বিশ্বাস, বেলিংহ্যাম যদি পুরোপুরি ফিট হয়ে নিজের সেরা ছন্দে ফিরতে পারেন, তবে তিনি বিশ্বের সেরা মিডফিল্ডার হিসেবে আবির্ভূত হতে পারেন।
‘ গোল ডটকম ’-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভাই ফেলিক্স ক্রুসের সঙ্গে উপস্থাপিত ‘ক্রুস অ্যান্ড ক্রুস: দ্য ওয়ার্ল্ড কাপ আন্ডার দ্য মাইক্রোস্কোপ’ অনুষ্ঠানে বেলিংহ্যাম সম্পর্কে ক্রুস তার মূল্যায়ন তুলে ধরেন। অনুষ্ঠানে সাবেক ইংলিশ ডিফেন্ডার রিও ফার্দিনান্দ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
২০২৩-২৪ মৌসুমে রিয়াল মাদ্রিদে ক্রুস ও বেলিংহ্যাম একসঙ্গে খেলেছেন। সেই মৌসুমে স্প্যানিশ ক্লাবটির লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও স্প্যানিশ সুপার কাপ জয়ের ক্ষেত্রে ইংলিশ তারকা ছিলেন অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তাই বেলিংহ্যামের সামর্থ্য সম্পর্কে ক্রুসের ধারণা খুব কাছ থেকে পাওয়া।
ক্রুসের কাছে বেলিংহ্যামের যে বিষয়টি সবচেয়ে বেশি আকর্ষণীয়, সেটি হলো তার শারীরিক সক্ষমতা, টেকনিক এবং ফুটবলীয় বুদ্ধিমত্তার অসাধারণ সমন্বয়। প্রতিপক্ষের সঙ্গে লড়াইয়ে জেতার পাশাপাশি, দুই পায়ে গোল করার ক্ষমতা, বল ধরে রাখার দক্ষতা এবং সঠিক সময়ে আক্রমণে উঠে বক্সে ঢুকে পড়ার প্রবণতা তাকে অন্যদের থেকে আলাদা করেছে বলে মনে করেন ক্রুস।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ ৩১৬টি চোরাই মোবাইল, ৯টি ট্যাব এবং বিপুল পরিমাণ মোবাইল এক্সেসরিজসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে।
সোমবার (৫ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মো. কাউসার হোসেন (২৭), তানভীর হাসান (২৩), মো. সাগর (৩২), মো. শামীম (২৯), মো. ইয়াসিন আরাফাত (২৫), মো. নূর আল হোসেন (৩২), মো. দুলাল (৪৫), মো. জাহিদ হোসেন (২৯), মো. লিটন (১৮), মো. রাজিন (১৯), ওমর ফারুক (২৯), মো. কাউসার ইসলাম (১৯) এবং অপরাধে জড়িত এক শিশু।
গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে শাহবাগ থানাধীন গুলিস্তানের গোলাপ শাহ মাজার মোড় সংলগ্ন বিবিসিএল অফিসের বিপরীত পাশে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ৩১৬টি চোরাই মোবাইল, ৯টি ট্যাব এবং বিপুল পরিমাণ মোবাইল এক্সেসরিজ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে যে, তারা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য হিসেবে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন স্থান থেকে মোবাইল ফোন চুরি ও ছিনতাই করে আসছিল। পরে, সংগৃহীত এসব চোরাই মোবাইল তারা গুলিস্তানের গোলাপ শাহ মাজার মোড় সংলগ্ন ফুটপাতে বেআইনিভাবে ক্রয়-বিক্রয় করত। এই ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুষ্টিয়ার মিরপুরে কলেজ থেকে ফেরার পথে এক শিক্ষককে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। সোমবার (৫ অক্টোবর) দুপুরে কলেজ থেকে বাড়ি ফেরার সময় নওদা আজমপুর মোড়ে এই ঘটনা ঘটে।
আহত শিক্ষকের নাম মখলেসুর রহমান। তিনি আজমপুর টেকনিক্যাল কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক। বর্তমানে তিনি কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে যুবদল কর্মী মিজানের সঙ্গে ওই শিক্ষকের বিরোধ চলছিল। আজ মিজান ও তার অনুসারী রনি, কামাল, ইন্টু, বিপ্লব, হাসান, সাগর, ময়ি খা ও মিঠুসহ কয়েকজন তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা লোহার রড ও হাতুড়ি দিয়ে শিক্ষককে এলোপাতাড়ি পেটাতে থাকলে তিনি গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালে চিকিৎসাধীন ওই শিক্ষক জানান, জমিজমা নিয়ে মামলা চলছে, অভিযুক্ত মিজান ৫ লাখ টাকা চেয়েছে, দিতে অস্বীকৃতি জানানোর পর আমাকে এভাবে হামলা করা হয়। পূর্ব শত্রুতার জের ধরে তাকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে মোখলেস নামে এক কলেজ শিক্ষককে পেটানোর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাদের মধ্যে আগে থেকেই জমি নিয়ে মামলা চলমান রয়েছে। আহত শিক্ষক বর্তমানে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ