ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ময়মনসিংহে সেলুনে ঢুকে নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী অভিযুক্ত


ময়মনসিংহে সেলুনে ঢুকে নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী অভিযুক্ত

ময়মনসিংহের ভালুকা উপজেলায় একটি সেলুনে প্রবেশ করে এক নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যা করার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার সন্ধ্যায় জামিরদিয়া এলাকার নোমান কম্পোজিট মুক্তিযোদ্ধা মার্কেটের কাছে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভালুকা মডেল থানার ওসি মো. জাহিদুল ইসলাম।

নিহত রবেন্দ্র ঋষি (৪৩) ধোবাউড়া উপজেলার উত্তরপাড়া এলাকার রঞ্জিত ঋষির ছেলে। তিনি ভালুকার জামিরদিয়া তরিফ মুন্সী মোড়ে কাশেমের বাসায় ভাড়া থাকতেন এবং সেলুনের ব্যবসা পরিচালনা করতেন।

আরও পড়ুন: চাঁদা না পেয়ে শ্রমিকদের ওপর হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি, থানায় অভিযোগ

নিহতের স্ত্রী সূচিত্রা অভিযোগ করেন যে, সাদ্দাম নামের এক যুবক নেশার জন্য প্রায়ই তার স্বামীর কাছ থেকে টাকা নিতেন। এছাড়া, সেলুনে চুল কাটানোর পর টাকা না দেওয়ার কারণে তাদের মধ্যে বিরোধ চলছিল। কিছুদিন আগে সাদ্দাম তার স্বামীকে হত্যার হুমকি দিয়েছিলেন। এই বিরোধের ফলস্বরূপ সাদ্দাম তার স্বামীকে ছুরিকাঘাতে হত্যা করেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সেলুনে ঢুকে রবেন্দ্রকে ছুরিকাঘাত করেন সাদ্দাম। প্রাণ রক্ষার জন্য রবেন্দ্র সেখান থেকে দৌড়ে সাদ্দামের বাবার দোকানে আশ্রয় নেন। কিন্তু সেখানে তাকে আবারও উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। পরে তিনি পাশের একটি বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে, বাড়ির উঠানে তাকে ফেলে আবারও ছুরিকাঘাত করা হয়।

ওসি মো. জাহিদুল ইসলাম জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন: বেগম খালেদা জিয়ার নামে সিলেটের পুরানো কারাগারে জায়গায় পার্ক নির্মাণ হচ্ছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনে পাচারের চেষ্টা, ১২ ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

১০:২০ এম


চীনে পাচারের চেষ্টা, ১২ ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী উদ্ধার

চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ নারীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)। এই নারীদের উচ্চ বেতনে চাকরি ও বিভিন্ন সুযোগ-সুবিধার প্রলোভনে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল।

উদ্ধার হওয়া নারীদের মধ্যে রয়েছেন— মেমাচি মারমা (১৫), মাংশানু মগনি (১৮), রেখা চাকমা (২৮), ক্যানচি চাকমা (২২), বিরুপতি চাকমা (২৮), পূণ্যরেখা চাকমা (২৮), চাইছাইও মার্মা (২২), কৃষ্টিনা রোয়ালময় বৈল্টুং (১৯), পুষ্পিতা চাকমা (২১), পিংকি চাকমা (১৫), ববিতা চাকমা (২৭) ও আদর্শী চাকমা (২১)।

মঙ্গলবার (২৭ অক্টোবর) এসআরবি-১-এর সিনিয়র সহকারী পরিচালক (অপস্ এবং মিডিয়া অফিসার) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১৮ অক্টোবর চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানায় এই নারীদের নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। সেই জিডির প্রেক্ষিতে ২৬ অক্টোবর বিকেল ৩টার দিকে রাজধানীর উত্তরার যমযম টাওয়ার-সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মেমাচি মারমা ও মাংশানু মগনিকে উদ্ধার করা হয়। এরপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত ৮টা থেকে রাত ১টা পর্যন্ত ভাটারা থানাধীন এল ব্লকের ৫৬ নং রোডের ২৯৪১ নম্বর বাসায় অভিযান চালিয়ে বাকি ১০ জনকে উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া নারী ও কিশোরীদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাদের চীনে নিয়ে যাওয়ার পাশাপাশি উচ্চ বেতনে চাকরি ও বিভিন্ন সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে চট্টগ্রাম থেকে নিয়ে আসা হয়েছিল। পরে তাদের বৈধ ভ্রমণ-সংক্রান্ত কাগজপত্র ও পাসপোর্ট ছাড়াই বিদেশে পাচারের উদ্দেশ্যে জোর করে ওই বাসায় আটকে রাখা হয়। এ সময় তাদের শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় এবং নানা অনৈতিক কাজে জড়ানোর প্রলোভন দেখানো হয়।

উদ্ধার হওয়া নারী ও কিশোরীদের প্রয়োজনীয় কার্যক্রম শেষে তাদের পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনার জন্য ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে মামলার কার্যক্রম চলছে বলেও জানান এসআরবির এই কর্মকর্তা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঈশ্বরদীতে বাড়িঘর ভাঙচুর-লুটপাট, খোলা আকাশের নিচে দুই পরিবার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

১০:২০ এম


ঈশ্বরদীতে বাড়িঘর ভাঙচুর-লুটপাট, খোলা আকাশের নিচে দুই পরিবার

পাবনার ঈশ্বরদীতে জমির মালিকানা নিয়ে বিরোধের কারণে দুই ব্যবসায়ীর বসতবাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও জোরপূর্বক উচ্ছেদের অভিযোগ উঠেছে তাদের প্রতিপক্ষের বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবার দাবি করেছে, এ ঘটনায় নগদ টাকা, স্বর্ণালংকার ও গরু লুটসহ প্রায় ২২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বসতভিটা হারিয়ে স্ত্রী ও সন্তানদের নিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন দুই পরিবার। তারা আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দাবি জানিয়েছেন।

মঙ্গলবার সকালে উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল কাঁঠালতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। একই দিন রাতে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পরিবারের সদস্যরা এসব অভিযোগ তুলে ধরে ন্যায়বিচার দাবি করেন।

ভুক্তভোগী পরিবারে ব্যবসায়ী জামিরুল ইসলাম শান্ত ও তার ভাই শিহাব উদ্দিন রয়েছেন। তাদের অভিযোগ, একই এলাকার খোকন হোসেন, রবি হোসেন, মতিয়ার রহমান, আবুল খায়ের, সিরাজুল ইসলামসহ আরো কয়েকজন এ ঘটনার সঙ্গে জড়িত। এ ঘটনার পর রাতেই প্রধান অভিযুক্ত খোকন হোসেনকে গ্রেপ্তার করেছে ঈশ্বরদী থানার পুলিশ।

জামিরুলের অভিযোগ, মঙ্গলবার সকাল ৯টার দিকে আদালতের কোনো আদেশ ছাড়াই দেশীয় অস্ত্র নিয়ে ৫০ থেকে ৬০ জনের একটি দল তাদের বাড়িতে হামলা চালায়। হামলার সময় বাড়িঘর ভাঙচুর করে তাদের জোরপূর্বক উচ্ছেদ করা হয়।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ঘটনার পর ঈশ্বরদী থানায় গিয়ে লিখিত অভিযোগ দেওয়া হলেও তারা তাৎক্ষণিকভাবে কার্যকর প্রতিকার পাননি। বর্তমানে পরিবারটি নিরাপত্তাহীনতায় রয়েছে।

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে খোকন বলেন, বিরোধপূর্ণ জমিটি তাদের পৈতৃক সম্পত্তি। তিনি দাবি করেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে অতীতে তাদের বাপ-দাদার ভিটা জবরদখল করা হয়েছিল। এ বিষয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হলেও প্রতিপক্ষ তা মানেনি।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ভুক্তভোগীদের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রধান অভিযুক্ত খোকন হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তার ও প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১২৩ স্কোরে ১৩তম স্থান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

১০:২১ এম


ঢাকার বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১২৩ স্কোরে ১৩তম স্থান

চলতি মাসের অধিকাংশ সময় ঢাকার বাতাস অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। আজও এটি ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে। বায়ুমান সূচকে ১২৩ স্কোর নিয়ে ঢাকা বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ১৩তম স্থানে অবস্থান করছে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এই তথ্য প্রকাশিত হয়েছে।

বায়ুদূষণের কারণে ওইদিন বিশ্বের দূষিত শহরগুলোর মধ্যে প্রথম স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২৯৭। ভারতের রাজধানী শহর দিল্লি এবং মিশরের শহর কায়রো যথাক্রমে ২২৭ ও ২০২ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে।

সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তা লাইভ বা তাৎক্ষণিক সূচক হিসেবে জানিয়ে থাকে।

প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর ০ থেকে ৫০ হলে বায়ুর মান ‘অনেক ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে বায়ুর মান ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয়।

আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য হয়। ১৫১ থেকে ২০০ স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। অতিরিক্ত, স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে ধরা হয়।

যখন বায়ুমান অস্বাস্থ্যকর হয়ে যায়, তখন শিশু, বৃদ্ধ এবং শ্বাসকষ্ট বা হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে থাকার পরামর্শ দেয়া হয়। বাইরে বের হলে মাস্ক ব্যবহার করা আবশ্যক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতিসংঘে যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে তীব্র বাগবিতণ্ডা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

১০:২২ এম


জাতিসংঘে যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে তীব্র বাগবিতণ্ডা

জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় যুক্তরাষ্ট্র ও কিউবার প্রতিনিধিদের মধ্যে তীব্র বাগবিতণ্ডা দেখা গেছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) কিউবার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে বার্ষিক আলোচনার সময় এই ঘটনা ঘটে। এক পর্যায়ে, দুই দেশের প্রতিনিধিরা পরস্পরের দিকে চিৎকার করে কথা বলতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বৈঠকটি সাময়িকভাবে স্থগিত করতে হয়।

বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি মাইক ওয়াল্টজ কিউবার সরকারের কঠোর সমালোচনা করতে থাকেন। এ সময় কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ পারিয়া এবং তার প্রতিনিধিদল সভাকক্ষে ওয়াল্টজের বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শুরু করেন। তারা চিৎকার করে কথা বলছিলেন এবং হাতের ইশারায় আপত্তি জানাচ্ছিলেন। পরিস্থিতি শান্ত করার জন্য বৈঠকের সভাপতি বারবার হাতুড়ি দিয়ে শব্দ করেন এবং তাদের থামতে বলেন।

ওয়াল্টজ তখন বলেন, ‘আমি আশা করি, সভাপতি, সবাই এখন কিউবার প্রতিনিধিদলের আচরণ দেখছেন। ভাবুন তো, হাভানায় কেউ এমন প্রশ্ন করলে তার কী হতো!’

পরে দুই পক্ষের মধ্যে আরও কথা-কাটাকাটি হয়। ওয়াল্টজ বলেন, ‘এটা আমেরিকা, এটা জাতিসংঘ। এটি আপনাদের কমিউনিস্ট একনায়কতন্ত্র নয়। আপনারা আমাকে বা আমার সহকর্মীদের চুপ করাতে পারবেন না।’

এরপর কিউবার পররাষ্ট্রমন্ত্রী সভাকক্ষের সামনের দিকে এগিয়ে গেলে ওয়াল্টজ তাকে পেছনে সরে যেতে বলেন। তিনি চিৎকার করে বলেন, ‘এই ব্যক্তি বক্তৃতামঞ্চ থেকে দূরে সরে যান। যুক্তরাষ্ট্রে তিনি আমাকে ভয় দেখাতে পারবেন না। আমি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি। পেছনে যান!’

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বৈঠকের সভাপতি অধিবেশন স্থগিত করেন। পরে বৈঠকের নিয়ম ব্যাখ্যা করে তিনি কিউবার পররাষ্ট্রমন্ত্রীকে বক্তব্য দেওয়ার সুযোগ দেন। তবে তাকে ওয়াল্টজের বক্তব্যের বিষয়বস্তু নয়, কেবল প্রক্রিয়াগত বিষয়ে আপত্তি জানাতে বলা হয়।

নিজের আসনে ফিরে রদ্রিগেজ পারিয়া ওয়াল্টজের বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং তার বিরুদ্ধে ‘নির্লজ্জ মিথ্যাচারের’ অভিযোগ তোলেন।

পরে ওয়াল্টজ আবার বক্তব্য শেষ করেন। বুধবারের (২৮ অক্টোবর) ভোটে কিউবার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা-সংক্রান্ত প্রস্তাবের বিপক্ষে ভোট দিতে সদস্যদেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রদ্রিগেজ পারিয়া ওয়াল্টজের ঔদ্ধত্যের সমালোচনা করেন। তিনি বলেন, ওয়াল্টজ ভুলে গেছেন যে তিনি জাতিসংঘে আছেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদে বা বিশেষ বাহিনীর কোনো ইউনিটে নন। ইয়েমেনে হুতিদের ওপর হামলার পরিকল্পনা নিয়ে গোপন আলোচনার একটি বার্তাগোষ্ঠীতে সাংবাদিককে ভুল করে যুক্ত করার ঘটনাতেও ওয়াল্টজের অযোগ্যতা প্রকাশ পেয়েছিল বলে মন্তব্য করেন তিনি।

সাবেক বিশেষ বাহিনীর সদস্য ওয়াল্টজ গত বছর যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থাকাকালে ওই বার্তাগোষ্ঠীতে এক সাংবাদিককে ভুলবশত যুক্ত করার ঘটনায় সমালোচনার মুখে পড়েছিলেন। গোষ্ঠীটিতে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সসহ শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে হামলার বিষয়ে আলোচনা করছিলেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াল্টজকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে মনোনয়ন দেওয়ার সময় পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব দেওয়ার কথাও ঘোষণা করেছিলেন।

সূত্র: এবিসি নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%