১০:৪২ এম
ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৬ : মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম সৌজন্য সাক্ষাৎ করেছেন মালদ্বীপের পার্লামেন্ট ‘পিপলস মজলিস’-এর স্পিকার আবদুল রাহিম আবদুল্লার সঙ্গে।
রাজধানী মালেতে অনুষ্ঠিত এই সাক্ষাতে দুই দেশের সংসদের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ, প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং সংসদীয় কূটনীতির মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে আজ মালদ্বীপে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: দুর্লভ ডাইনোসর ‘জোডি’ ৪৭.৩ মিলিয়ন ডলারে বিক্রি, বিজ্ঞানীদের অসন্তোষ
সাক্ষাৎকালে উভয়পক্ষ বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেছেন। আলোচনায় মালদ্বীপের পিপলস মজলিসে একটি ‘বাংলাদেশ-মালদ্বীপ সংসদীয় বন্ধুত্ব গ্রুপ’ গঠনের প্রস্তাব বিশেষ গুরুত্ব পায়।
হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম দুই দেশের সংসদ সদস্যদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও অভিজ্ঞতার সুসংগঠিত প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যে এ প্রস্তাব উত্থাপন করেন। স্পিকার এতে গভীর আগ্রহ প্রকাশ করেন এবং দ্রুত উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
সংসদীয় কূটনীতির তাৎপর্য তুলে ধরে হাইকমিশনার বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে ধারাবাহিক যোগাযোগ দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও গভীর ও অর্থবহ করে তোলে।
প্রস্তাবিত বন্ধুত্ব গ্রুপ বিদ্যমান কূটনৈতিক সম্পর্কের পরিপূরক হিসেবে কাজ করার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষা, জনকল্যাণ এবং প্রবাসী শ্রম অভিবাসনের মতো বিষয়গুলোতে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ে নতুন দিগন্ত উন্মোচন করবে।
আরও পড়ুন: মার্কিন নির্বাচনে নাগরিকত্ব ছাড়াই ভোট দেওয়ার অভিযোগে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা
সাক্ষাৎকালে মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের কর্মসংস্থানের সুযোগ প্রদান এবং দেশটির অর্থনীতিতে তাদের অবদানের কথা তুলে ধরেন হাইকমিশনার।
স্পিকার আবদুল রাহিম আবদুল্লা মালদ্বীপের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা ও পরোক্ষ উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের অবদানের ভূয়সী প্রশংসা করেন।
বৈঠক শেষে দুই দেশের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিনিধিত্বকারী বিশেষ স্মারক উপহার বিনিময় করা হয়।
আরও পড়ুন: ১২৪ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা ট্রাম্পের বিরুদ্ধে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন