ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

মুশফিক ইনজুরিতে, সিলেট টেস্টে খেলবেন তো?


মুশফিক ইনজুরিতে, সিলেট টেস্টে খেলবেন তো?

আঙুলে আঘাতের কারণে ঢাকা টেস্টে মুশফিকুর রহিমকে বাদ দেওয়া হয়েছে। তবে বিসিবির মেডিকেল ডিপার্টমেন্ট জানিয়েছে, সিলেট টেস্টে তাকে সম্পূর্ণ ফিট অবস্থায় পাওয়া যাবে।

গতকাল নেটে ব্যাটিং অনুশীলনের সময় মুশফিক আঙুলে চোট পান। নেট বোলারের একটি বল সরাসরি তার হাতে আঘাত করলে তিনি সঙ্গে সঙ্গে নেটের পাশে বসে পড়েন। জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলামের তত্ত্বাবধানে নেটের বাইরে তার চিকিৎসা চলে।

চোট পাওয়ার পর মুশফিক আর ব্যাটিং করেননি। প্রায় বিশ মিনিট একাডেমি মাঠে চিকিৎসা শেষে ডানহাতের তর্জনিতে টেপ পেঁচিয়ে তিনি ড্রেসিংরুমে ফিরে যান। পরে এক্সরে করে গুরুতর কিছু পাওয়া যায়নি। তবে হাতের ব্যথা পুরোপুরি সেরে না ওঠায় টিম ম্যানেজমেন্ট তাকে এই ম্যাচের দলে রাখেনি।

আরও পড়ুন: কেপটাউনে অস্ট্রেলিয়ার দাপট, ৩৩০ রান করে ১ রানের লিড

মুশফিকের চোটের সর্বশেষ অবস্থা সম্পর্কে বিসিবির ফিজিও বায়েজীদুল ইসলাম আজ এক ভিডিও বার্তায় বলেছেন, ‘মুশফিকুর রহিম ডান হাতের তর্জনিতে ব্যথা পেয়েছে। পরবর্তী সময় থেকে সে আমাদের পর্যবেক্ষণে ছিল। আজ সকাল পর্যন্ত যথেষ্ট উন্নতি হয়নি। এটা একটা কনটিউশন (থেঁতলে যাওয়া) ইনজুরি। আমরা আশা করছি, আগামী তিন দিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। পরের টেস্টে খেলতে পারবে।’

সিলেটে আগামী ৫ নভেম্বর দ্বিতীয় টেস্ট শুরু হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃষ্টি বলয়ের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০১:০২ পি.এম


বৃষ্টি বলয়ের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ দূরবর্তী প্রভাবের কারণে দেশে নতুন করে একটি আংশিক বৃষ্টিবলয় সক্রিয় হতে যাচ্ছে। আগামী ২৭ অক্টোবর রাত থেকে ২ নভেম্বর ২০২৬ পর্যন্ত পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অঞ্চলে এই বৃষ্টিবলয়ের প্রভাব লক্ষ্য করা যাবে।

বাংলাদেশ ওয়েরদার অবজারভেশন টিম ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির প্রকাশিত তথ্য অনুযায়ী, এই বৃষ্টিবলয়ে দেশের ১০০ শতাংশ এলাকায় বৃষ্টি না হলেও গড়ে ৭০ থেকে ৮০ শতাংশ এলাকায় কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ইউরোপিয়ান মডেল পূর্বাভাস (ECMWF) অনুযায়ী, বৃষ্টিবলয় চলাকালীন দেশের অধিকাংশ এলাকায় আকাশে মেঘের উপস্থিতি থাকবে এবং রোদের পরিমাণ ও তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যাবে। বৃষ্টির সময় দেশের কিছু অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা থাকায় সাধারণ জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তবে, এই বৃষ্টিবলয়ের কারণে দেশের কোথাও বন্যা বা পাহাড়ধসের আশঙ্কা নেই।

বিভাগভিত্তিক সম্ভাব্য বৃষ্টির পরিমাণ

# রংপুর বিভাগ: গড়ে ৫০ থেকে ৮০ মিলিমিটার (মাঝেমধ্যে ও শেষ দিকে একটানা)।

# রাজশাহী বিভাগ: গড়ে ৪০ থেকে ৬০ মিলিমিটার (আকস্মিকভাবে ও একটানা)।

# খুলনা বিভাগ: গড়ে ৪০ থেকে ৫৫ মিলিমিটার (মাঝেমধ্যে ও কিছুটা একটানা)।

# ঢাকা বিভাগ: গড়ে ৩০ থেকে ৫০ মিলিমিটার (মাঝেমধ্যে ও কিছুটা একটানা)।

# বরিশাল বিভাগ: গড়ে ৩০ থেকে ৪৫ মিলিমিটার (আকস্মিকভাবে ও মাঝেমধ্যে)।

# ময়মনসিংহ বিভাগ: গড়ে ৩০ থেকে ৪০ মিলিমিটার (মাঝেমধ্যে)।

# চট্টগ্রাম বিভাগ: গড়ে ২০ থেকে ৩৫ মিলিমিটার (প্রায়ই স্বল্পস্থায়ীভাবে)।

# সিলেট বিভাগ: গড়ে ২০ থেকে ৩০ মিলিমিটার (আকস্মিকভাবে ও মাঝেমধ্যে)।

জেলাভিত্তিক সম্ভাব্য বৃষ্টিপাত (মিমি)

# খুলনা বিভাগ: বাগেরহাট উত্তর ৫০, বাগেরহাট দক্ষিণ ৬০, চুয়াডাঙ্গা ৬৫, যশোর ৬০, ঝিনাইদহ ৬০, খুলনা উত্তর ৬০, খুলনা দক্ষিণ ৬৫, কুষ্টিয়া ৬৫, মাগুরা ৫৫, মেহেরপুর ৬৫, নড়াইল ৫৫, সাতক্ষীরা উত্তর ৬৫, সাতক্ষীরা দক্ষিণ ৭০।

রাজশাহী বিভাগ: বগুড়া ৬০, জয়পুরহাট ৭০, নওগাঁ ৬৫, নাটোর ৬০, চাঁপাইনবাবগঞ্জ ৭৫, পাবনা ৬০, রাজশাহী ৬০, সিরাজগঞ্জ ৫০।

# রংপুর বিভাগ: দিনাজপুর ৬৮, গাইবান্ধা ৮০, কুড়িগ্রাম ৭০, লালমনিরহাট ৬০, নীলফামারী ৫৮, পঞ্চগড় ৮০, রংপুর ৬০, ঠাকুরগাঁও ৭৫।

# ঢাকা বিভাগ: ঢাকা ৪০, ফরিদপুর ৪৫, গাজীপুর ৪০, গোপালগঞ্জ ৫০, কিশোরগঞ্জ ২৫, মাদারীপুর ৪০, মানিকগঞ্জ ২৮, মুন্সিগঞ্জ ২৮, নারায়ণগঞ্জ ২৫, নরসিংদী ২০, রাজবাড়ী ৪০, শরীয়তপুর ৩৮, টাঙ্গাইল ২০।

# বরিশাল বিভাগ: বরিশাল ৩০, ভোলা উত্তর ৩০, ভোলা দক্ষিণ ৩৫, বরগুনা ৩০, ঝালকাঠি ৩২, পটুয়াখালী উত্তর ২০, পটুয়াখালী দক্ষিণ ২৫, পিরোজপুর উত্তর ৩৫, পিরোজপুর দক্ষিণ ৩৬।

# ময়মনসিংহ বিভাগ: জামালপুর ৩০, ময়মনসিংহ উত্তর ২৮, ময়মনসিংহ দক্ষিণ ২৫, নেত্রকোনা ২৫, শেরপুর ৩০।

# চট্টগ্রাম বিভাগ: বান্দরবান উত্তর ২৫, বান্দরবান দক্ষিণ ২০, ব্রাহ্মণবাড়িয়া ১৫, চাঁদপুর ২৫, চট্টগ্রাম উত্তর ১৫, চট্টগ্রাম দক্ষিণ ১৮, কুমিল্লা উত্তর ১৫, কুমিল্লা দক্ষিণ ১৮, কক্সবাজার উত্তর ২৫, কক্সবাজার দক্ষিণ ৩০, সন্দ্বীপ ৩৫, ফেনী ৩০, খাগড়াছড়ি উত্তর ১০, খাগড়াছড়ি দক্ষিণ ১২, লক্ষ্মীপুর ১৬, নোয়াখালী উত্তর ১৫, নোয়াখালী দক্ষিণ ২০, রাঙামাটি উত্তর ১০, রাঙামাটি দক্ষিণ ১২।

# সিলেট বিভাগ: হবিগঞ্জ ১৫, মৌলভীবাজার ১২, সুনামগঞ্জ ১৫, সিলেট ২৫।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মঙ্গলে নাসার ওডিসির দুই দশকের সাফল্য ও নতুন তথ্যের উন্মোচন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০১:০৩ পি.এম


মঙ্গলে নাসার ওডিসির দুই দশকের সাফল্য ও নতুন তথ্যের উন্মোচন

মঙ্গলে পৌঁছানোর পর থেকে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশযান মার্স ওডিসি অবিরত কাজ করে যাচ্ছে। ২০০১ সালের ২৪ অক্টোবর মঙ্গলে পৌঁছানোর পর থেকে এটি দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। বর্তমানে, এটি মহাকাশ গবেষণায় প্রযুক্তির স্থায়িত্ব ও সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে উঠেছে।

এছাড়াও, নাসার আরেক মহাকাশযান মার্স রিকনাইস্যান্স অরবিটার (এমআরও) দুই দশকেরও বেশি সময় ধরে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রথমে, উভয় মহাকাশযানকে কয়েক বছরের জন্য কাজ করার উপযোগী করে তৈরি করা হয়েছিল। কিন্তু প্রত্যাশার চেয়ে অনেক বেশি সময় ধরে তারা কার্যকরী অবস্থায় রয়েছে।

দীর্ঘ সময় ধরে তথ্য সংগ্রহের ফলে মঙ্গল সম্পর্কে বিজ্ঞানীদের ধারণায় ব্যাপক পরিবর্তন এসেছে। বিশেষ করে, গ্রহটিতে অতীতে ও বর্তমানে পানির অস্তিত্ব সম্পর্কে নতুন তথ্য পাওয়া গেছে। বছরের পর বছর ধরে সংগৃহীত তথ্য মঙ্গলের ভূমির গঠন ও পরিবর্তন সম্পর্কে বিজ্ঞানীদের আরো স্পষ্ট ধারণা দিয়েছে। ফলে, মঙ্গলকে এখন কেবল প্রাণহীন পাথুরে গ্রহ হিসেবে দেখা হয় না। বরং এর পরিবেশ ও ভূমিতে সময়ের সাথে নানা পরিবর্তন ঘটছে বলে বিজ্ঞানীরা মনে করছেন।

যুক্তরাষ্ট্রের পারডু বিশ্ববিদ্যালয়ের গ্রহবিজ্ঞানী ব্রায়নি হর্গান মঙ্গল গবেষণায় এই দুই মহাকাশযানের ভূমিকার গুরুত্ব তুলে ধরেছেন। নাসার মঙ্গল অভিযানগুলোর জন্য মার্স ওডিসি ও এমআরওকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেন। মার্স ওডিসি মঙ্গলে বরফের উপস্থিতি শনাক্ত ও পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর মাধ্যমে গ্রহটির জলবায়ু ও ভূতত্ত্ব সম্পর্কে নতুন তথ্য পেয়েছেন বিজ্ঞানীরা।

অন্যদিকে, এমআরও মঙ্গলের পৃষ্ঠে সময়ের সাথে কী ধরনের পরিবর্তন ঘটছে তা পর্যবেক্ষণ করেছে। এর সংগ্রহ করা তথ্য থেকে বিজ্ঞানীরা জানতে পেরেছেন, কিভাবে গ্রহটির বিভিন্ন বৈশিষ্ট্য সময়ের সাথে বদলে যাচ্ছে। নাসার বিভিন্ন রোবটযান মঙ্গলে পাঠিয়ে গবেষণা চালানো হয়। এসব রোবটযান সরাসরি পৃথিবীর সঙ্গে যোগাযোগ করতে পারে না। তাই সেগুলোর কাছ থেকে তথ্য সংগ্রহ করে পৃথিবীতে পাঠানোর কাজে মার্স ওডিসি ও এমআরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এই দুই মহাকাশযানসহ অন্যান্য মহাকাশযানের সমন্বিত যোগাযোগব্যবস্থা মঙ্গল গবেষণাকে আরো কার্যকর করেছে। মহাকাশে দীর্ঘদিন কাজ করা অত্যন্ত কঠিন। মার্স ওডিসি ও এমআরওর দীর্ঘস্থায়ী সাফল্যের পেছনে রয়েছে উন্নত প্রযুক্তি, প্রকৌশলীদের দক্ষতা, বিভিন্ন সমস্যার সমাধান এবং কিছুটা সৌভাগ্য। মহাকাশে উচ্চশক্তির বিভিন্ন কণা রয়েছে, যা মহাকাশযানের সংবেদনশীল যন্ত্রপাতির ক্ষতি করতে পারে। এসব ঝুঁকি মোকাবেলা করেই দীর্ঘদিন ধরে কাজ চালিয়ে যেতে হচ্ছে মহাকাশযানগুলোকে।

পৃথিবীর কক্ষপথে থাকা উপগ্রহগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সেগুলো পর্যবেক্ষণ করা সম্ভব। কিন্তু মঙ্গলে থাকা মহাকাশযানের ক্ষেত্রে তা অনেক বেশি কঠিন। অনেক সময় সপ্তাহে মাত্র এক বা দুইবার সেগুলোর সঙ্গে যোগাযোগ করা যায়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বার্কলি ক্যাম্পাসের গ্রহ ও মহাকাশ পদার্থবিজ্ঞানী রব লিলিস বলেন, "মঙ্গলে থাকা একটি মহাকাশযানকে বেশিরভাগ সময় নিজে নিজেই কাজ চালিয়ে যেতে হয়।"

মার্স ওডিসি ও এমআরওর দীর্ঘদিনের সাফল্যের পর মঙ্গল অনুসন্ধানের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবছেন বিজ্ঞানীরা। তাদের মধ্যে কেউ কেউ প্রশ্ন তুলেছেন, এই দুই মহাকাশযানের মাধ্যমে কি মঙ্গল গবেষণার একটি যুগের অবসান ঘটতে যাচ্ছে? প্রযুক্তির উন্নতির সঙ্গে ভবিষ্যতের মঙ্গল অভিযানে নতুন পদ্ধতি ব্যবহার করা হতে পারে। এতে লাল গ্রহটি অনুসন্ধান ও গবেষণার পদ্ধতিতে বড় পরিবর্তন আসতে পারে।

তবে ভবিষ্যতের অভিযান নিয়ে অনিশ্চয়তা থাকলেও মার্স ওডিসি ও মার্স রিকনাইস্যান্স অরবিটারের দীর্ঘদিনের সাফল্য মঙ্গলসহ মহাকাশের অন্যান্য অংশ নিয়ে গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশেষজ্ঞরা মনে করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাবিপ্রবির শিক্ষার্থী আহত, সাত দফা দাবিতে অবস্থান কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০১:০৩ পি.এম


পাবিপ্রবির শিক্ষার্থী আহত, সাত দফা দাবিতে অবস্থান কর্মসূচি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) বাস থেকে নামতে গিয়ে সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মনীষার আহত হওয়ার ঘটনায় সুষ্ঠু তদন্তসহ সাত দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৭টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান কর্মসূচিতে নামেন বিভাগটির শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা এসময় বিশ্ববিদ্যালয়ের সবধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেন।

খোঁজ নিয়ে জানা যায়, গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের বাস থেকে পাবনা শহরের মুক্তমঞ্চ বাসস্টপে নামতে গিয়ে দুর্ঘটনার শিকার হন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মনীষা।

শিক্ষার্থীদের অভিযোগ, বিকেলে বিশ্ববিদ্যালয়ের বাস থেকে কয়েকজন ছাত্রী শহরের মুক্তমঞ্চ এলাকায় নামছিলেন। এ সময় মনীষা বাস থেকে নামার আগেই চালক হঠাৎ বাসটি চালিয়ে দেন। ফলে তিনি রাস্তায় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান এবং তার মাথা থেকে রক্তক্ষরণ শুরু হয়। পরে তাকে দ্রুত চিকিৎসার জন্য পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে পাবনা এসোর্ট হাসপাতালে স্থানান্তর করা হয়।

অবস্থান কর্মসূচিতে সমাজকর্ম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মোশাররফ পারভেজ বলেন, "আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং মনীষার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণের দাবি জানাই।" তিনি আরও বলেন, "ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা ঘটলে এর সম্পূর্ণ দায়ভার প্রশাসনকেই নিতে হবে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব।"

একই বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মুহুস্তাসিন নাদির জানান, "মনীষার দুর্ঘটনার ঘটনায় অবিলম্বে একটি তদন্ত কমিটি গঠন করে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে।" তিনি বলেন, "এ ঘটনায় দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আগামী তিন দিনের মধ্যে দায়ীদের আইনের আওতায় আনতে প্রশাসন ব্যর্থ হলে আমাদের চলমান আন্দোলন আরও কঠোর ও বেগবান হবে।" তিনি প্রশাসনকে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান।

এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে গতকাল রাতেই আহত শিক্ষার্থীকে দেখতে হাসপাতালে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর, ছাত্রপরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক, সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকেরা।

শিক্ষার্থীদের সাত দফা দাবিগুলো হল

১) দুর্ঘটনায় আহত শিক্ষার্থী মনীষার চিকিৎসা সংক্রান্ত যাবতীয় ব্যয়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বহন করতে হবে এবং তাঁর সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।

২) দুর্ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ী বাসচালকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে তাঁকে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কোনো বাস চালানোর দায়িত্ব দেওয়া যাবে না।

৩) শিক্ষার্থীদের নিরাপদে ওঠানামা নিশ্চিত করতে প্রতিটি বাসে কমপক্ষে একজন দায়িত্বপ্রাপ্ত হেলপার নিয়োগ করতে হবে এবং শিক্ষার্থীর সংখ্যা ও প্রয়োজন অনুযায়ী একাধিক হেলপার নিশ্চিত করতে হবে।

৪) প্রতিটি নির্ধারিত বাসস্টপেজে শিক্ষার্থীদের নিরাপদে ওঠানামা সম্পন্ন হওয়ার পর বাসের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে হবে। এ ক্ষেত্রে চালক ও হেলপারকে যথাযথ সতর্কতা অবলম্বন করতে হবে।

৫) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা ও যাতায়াতের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বাসের সংখ্যা বৃদ্ধি করতে হবে।

৬) সকল বাসচালক ও হেলপারের নিয়মিত শারীরিক ও মানসিক সুস্থতা যাচাই, পেশাগত দক্ষতা মূল্যায়ন এবং প্রয়োজনীয় কাউন্সেলিংয়ের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে তাঁদের শালীন, দায়িত্বশীল ও পেশাদার আচরণ নিশ্চিত করতে হবে।

৭) অনিবার্য কারণ দেখিয়ে হঠাৎ করে দূরপাল্লার বাস বন্ধ করা যাবে না, একান্তই বন্ধ রাখলে বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান বলেন, "এ ধরনের দুর্ঘটনা কোনোভাবেই কাম্য নয়।" তিনি জানান, "আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। তাঁদের গেট থেকে সরে যাওয়ার অনুরোধ করেছি। শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা রয়েছে, তাই বাস চলাচল স্বাভাবিক রাখার কথা বলেছি। বিআরটিসি কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের নিয়ে দুপুর ১২টায় আলোচনায় বসব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০১:০৪ পি.এম


কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন পাঁচ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। এই চিকিৎসকেরা দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তিনি একইসঙ্গে অন্যত্র সংযুক্তিতে থাকা সাত চিকিৎসককে তাদের নিজ কর্মস্থলে ফিরিয়ে আনারও নির্দেশনা প্রদান করেন।

মন্ত্রী বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে হাসপাতাল পরিদর্শনে যান।

চিকিৎসকদের উপস্থিতি, রোগীদের সেবার মান ও হাসপাতালের পরিবেশ পর্যালোচনা করার সময় স্বাস্থ্যমন্ত্রী রোগীদের সঙ্গে কথা বলেন এবং দুই অসহায় ব্যক্তিকে ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তার কথাও জানান।

হাসপাতাল সূত্রে জানা যায়, ৫১ জন চিকিৎসকের মধ্যে পরিদর্শনকালে ১২ জনকে অনুপস্থিত পাওয়া যায়। তাদের মধ্যে সাত জন অন্যত্র সংযুক্তিতে কর্মরত এবং পাঁচ জন দীর্ঘদিন ধরে নিজ কর্মস্থলে অনুপস্থিত। এই কারণে অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মন্ত্রী।

পরিদর্শনকালে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার ঘোষণা দেন তিনি।

মন্ত্রী বলেন, পরিকল্পনা অনুযায়ী হাসপাতালে ১০টি ডায়ালাইসিস মেশিন স্থাপন, প্রসূতি মায়েদের জন্য ২০ শয্যার ওয়ার্ড, নবজাতকদের জন্য ২০ শয্যার ব্যবস্থা, পুরুষ ও নারীদের জন্য আলাদা ফিজিওথেরাপি সেবা এবং ব্রেস্টফিডিং সেন্টার চালুর উদ্যোগ নেওয়া হবে।

মন্ত্রী আরও জানান, আগামী ১৫ থেকে ১৬ দিনের মধ্যে এ প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া আগামী ১ নভেম্বর নতুন করে যোগদান করতে যাওয়া ৪৮ জন চিকিৎসকের মধ্য থেকে মুরাদনগর হাসপাতালে চিকিৎসক পদায়নেরও আশ্বাস দেন।

সার্বিক ব্যবস্থাপনায় আগের তুলনায় উন্নতি দেখা গেলেও বর্জ্য ও আবর্জনা ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের ভেতরে অপরিচ্ছন্ন পরিবেশকে স্বাস্থ্যসেবার জন্য উদ্বেগজনক উল্লেখ করেন। তিনি বলেন, রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি পরিচ্ছন্ন রাখাও জরুরি।

হাসপাতাল সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বর্জ্য ফেলার জন্য উপজেলায় উপযুক্ত জমির সংকট রয়েছে।

এ সমস্যা সমাধানে স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে হাসপাতাল প্রাঙ্গণে বর্জ্য ব্যবস্থাপনার উপযুক্ত ব্যবস্থা করা যায় কি না, তা বিবেচনা করা হবে বলে জানান মন্ত্রী।

এ ছাড়া হাসপাতালের বিকল যানবাহনগুলো কন্ডেমনেশন প্রক্রিয়ায় নেওয়ার জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে নির্দেশ দেন তিনি। অ্যাম্বুলেন্স গাড়ি সংকট প্রসঙ্গে মন্ত্রী জানান, আগামী অর্থবছরের মধ্যে এটারও ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে দেশের উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবায় কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। বর্তমান সরকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে আরও আধুনিক ও জনবান্ধব করার উদ্যোগ নিয়েছে।

তিনি আরও বলেন, মুরাদনগর হাসপাতালের চিকিৎসাসেবার মান আগের তুলনায় ভালো মনে হয়েছে। তবে কিছু অনিয়ম তাঁর নজরে এসেছে। এসব বিষয়ে চিকিৎসকদের সতর্ক করা হয়েছে।

চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করা, প্রয়োজনীয় চিকিৎসক পদায়ন, আধুনিক চিকিৎসাসুবিধা সম্প্রসারণ এবং বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নের মাধ্যমে মুরাদনগরের মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজ ও কার্যকর করার আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%