ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

আন্তর্জাতিক দুটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা নিরীক্ষার ৮০ শতাংশ প্রস্তুতি সম্পন্ন করেছে বেবিচক


আন্তর্জাতিক দুটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা নিরীক্ষার ৮০ শতাংশ প্রস্তুতি সম্পন্ন করেছে বেবিচক

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) আন্তর্জাতিক দুটি গুরুত্বপূর্ণ বিমান নিরাপত্তা নিরীক্ষার ৮০ শতাংশ প্রস্তুতি সম্পন্ন করেছে।

ইংল্যান্ডের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্ট (ডিএফটি) এবং আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইকাও) দ্বারা পরিচালিত এ দুটি আন্তর্জাতিক বিমান নিরাপত্তা নিরীক্ষা বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এই নিরীক্ষাগুলো বাংলাদেশে আন্তর্জাতিক বিমান নিরাপত্তা মানদণ্ড অনুসরণে দেশের সক্ষমতা মূল্যায়নের লক্ষ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে। বেবিচক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: দেশের ডিসি ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৫.০৭ মেগাওয়াট

উল্লেখ্য, আগামী ১৪ থেকে ১৭ জুলাই ডিএফটির নিরাপত্তা নিরীক্ষা অনুষ্ঠিত হবে। এই সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যগামী যাত্রী ও কার্গো পরিবহনের নিরাপত্তা ব্যবস্থা মূল্যায়ন করা হবে।

অন্যদিকে, আইকাওর ইউনিভার্সাল সিকিউরিটি অডিট প্রোগ্রাম–কন্টিনিউয়াস মনিটরিং অ্যাপ্রোচ (ইউএসএপি-সিএমএ) অনুযায়ী আগামী ২৬ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত একটি নিরীক্ষা পরিচালিত হবে। এ সময় আইকাওর বিশেষজ্ঞ দল বেবিচকের সদর দপ্তর, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান নিরাপত্তা ব্যবস্থাপনা ও বাস্তবায়ন মূল্যায়ন করবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সার্বিক প্রস্তুতি নিবিড়ভাবে তদারকি করছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত নিয়মিতভাবে প্রস্তুতির অগ্রগতি পর্যালোচনা করছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন।

প্রস্তুতির অগ্রগতি মূল্যায়ন ও বাকি বিষয়গুলো দ্রুত সম্পন্ন করতে নিয়মিত সমন্বয় সভাও অনুষ্ঠিত হচ্ছে। গত বছরের নভেম্বর থেকে আইকাও নিরীক্ষার প্রস্তুতি শুরু হয়েছে। বিমান নিরাপত্তার নয়টি গুরুত্বপূর্ণ বিষয়ে আন্তর্জাতিক মান নিশ্চিত করতে তিনটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন: মিসরে বাস-ট্রাক সংঘর্ষে ১৩ জনের মৃত্যু, আহত ৩৪

কমিটিগুলো নিয়মিত পর্যালোচনা, ঘাটতি বিশ্লেষণ এবং প্রয়োজনীয় সংশোধনমূলক পদক্ষেপের সুপারিশ করছে। প্রতি মাসে বেবিচকের সদস্য (নিরাপত্তা)-এর নেতৃত্বে অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি বেবিচক চেয়ারম্যানের সভাপতিত্বে প্রতি দুই মাস অন্তর সংশ্লিষ্ট সব সংস্থাকে নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হচ্ছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সার্বিক প্রস্তুতির ৭৫ থেকে ৮০ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং আশা করা হচ্ছে আগামী ১৫ আগস্টের মধ্যে বাকি কাজও সম্পন্ন হবে।

বিমানবন্দরের নিরাপত্তার অবকাঠামো জোরদারের অংশ হিসেবে অত্যাধুনিক এক্স-রে মেশিন, আধুনিক স্ক্যানার এবং অন্যান্য নিরাপত্তা সরঞ্জামের ফ্যাক্টরি অ্যাকসেপ্ট্যান্স টেস্ট (এফএটি) সফলভাবে সম্পন্ন হয়েছে। এসব সরঞ্জাম আগামী আগস্টে দেশে পৌঁছাবে এবং ১ সেপ্টেম্বরের মধ্যে ধাপে ধাপে স্থাপন করা হবে।

এই ছাড়া, আইকাওর নিরীক্ষার আগে সম্ভাব্য ত্রুটি-বিচ্যুতি চিহ্নিত ও সংশোধনের লক্ষ্যে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে বেবিচক নিজস্ব প্রি-অডিট পরিচালনা করবে।

আরও পড়ুন: মিসরে পর্যটকবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ১৩ জন নিহত, ৩৪ জন আহত

বেবিচকের তথ্য অনুযায়ী, ২০১৮ সালে আইকাওর নিরাপত্তা নিরীক্ষায় বাংলাদেশ ৬৮ দশমিক ৫৫ শতাংশ স্কোর অর্জন করেছিল, যা সে সময়ের আন্তর্জাতিক মানদণ্ড ৬৫ শতাংশের চেয়ে বেশি ছিল। এবার ৭৫ শতাংশের বেশি স্কোর অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, ডিএফটির সর্বশেষ মূল্যায়নে বাংলাদেশ কার্গো নিরাপত্তায় শতভাগ এবং যাত্রী নিরাপত্তায় ৯৩ থেকে ৯৪ শতাংশ মানদণ্ড পূরণ করেছে।

বেবিচকের কর্মকর্তাবৃন্দ আশা প্রকাশ করেছেন, চলমান প্রস্তুতি, আধুনিক নিরাপত্তা সরঞ্জাম সংযোজন এবং উচ্চপর্যায়ের নিবিড় তদারকির ফলে বাংলাদেশ উভয় নিরীক্ষায় আরও ভালো ফল অর্জন করবে। ফলে দেশের বিমানবন্দরগুলোর আন্তর্জাতিক সুনাম বৃদ্ধি পাবে এবং বৈশ্বিক বিমান নিরাপত্তা ব্যবস্থায় বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার খুলনা ও মোংলা সফরে যাচ্ছেন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক, দ্রুত পানি নিষ্কাশনের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৮:০২ পি.এম


রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক, দ্রুত পানি নিষ্কাশনের নির্দেশ

রোববার দুপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান রাজধানীর বিভিন্ন এলাকা সরেজমিন পরিদর্শন করেছেন। এই পরিদর্শনে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত জমে থাকা পানি অপসারনের জন্য নির্দেশ দেন, যাতে জলাবদ্ধতা নিরসন সম্ভব হয় এবং ড্রেনেজ ব্যবস্থার কার্যকারিতা পরিদর্শন করা যায়।

আজ দুপুরে প্রশাসক গুলশান, বনানী, মহাখালী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের সড়ক, জাতীয় সংসদ ভবন এলাকা, শেওড়াপাড়া, কাজীপাড়া এবং কাজীপাড়া খাল এলাকা পরিদর্শন করেন। এই সময় তিনি প্রতি এলাকায় বৃষ্টির পানি নিষ্কাশন, ড্রেন এবং নালার কার্যকারিতা ও জলাবদ্ধতার সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

অন্যদিকে, প্রশাসক সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত পানি অপসারণের জন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশনা দিয়েছেন। তিনি একই সঙ্গে গুলশান, বনানী ও মহাখালী এলাকায় ভবিষ্যতে যাতে বৃষ্টির পানি জমে না থাকে, সে জন্য দীর্ঘমেয়াদি কার্যকর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।

প্রশাসক প্রধানমন্ত্রীর কার্যালয় ও জাতীয় সংসদ ভবনের এলাকার সড়কে কোনো অবস্থাতেই যেন পানি জমে না থাকে, সে লক্ষ্যে সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নিতে কর্মকর্তাদের নির্দেশ দেন। তিনি বরাবর বলেছিলেন, রাজধানীর গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় জলাবদ্ধতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

পরিদর্শনের এক পর্যায়ে তিনি শেওড়াপাড়া, কাজীপাড়া এবং কাজীপাড়া খালের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন। এসব এলাকায় পানি নিষ্কাশনের ক্ষেত্রে কোথায় প্রতিবন্ধকতা রয়েছে তা চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।

প্রশাসক মো. শফিকুল ইসলাম খান নিজে হাঁটু সমান পানির মধ্যে নেমে ড্রেন এবং পানি নিষ্কাশন নালার কার্যকারিতা পর্যবেক্ষণ করেন। তিনি আশপাশের দোকানদার ও স্থানীয় বাসিন্দাদের ড্রেন এবং নালায় ময়লা-আবর্জনা না ফেলার আহ্বান জানান। বৈঠকে তিনি বলেন, 'নাগরিকদের সচেতনতা ছাড়া জলাবদ্ধতা নিরসনের প্রচেষ্টা পুরোপুরি সফল হবে না।'

এই পরিদর্শনের সময় প্রশাসক কাজীপাড়া ও শেওড়াপাড়া এলাকায় আটকে পড়া পথচারীদের খাবার বিতরণ করেন এবং তাদের খোঁজখবর নেন। এছাড়া উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, প্রধান প্রকৌশলী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, প্রশাসকের একান্ত সহকারী এবং স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওয়ানডে থেকে হোল্ডারের অবসর নিশ্চিত করলেন স্যামি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৮:০৫ পি.এম


ওয়ানডে থেকে হোল্ডারের অবসর নিশ্চিত করলেন স্যামি

 ওয়ানডে ক্রিকেট থেকে ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক জেসন হোল্ডারের অবসরের খবর নিশ্চিত করেছেন ক্যারিবীয় জাতীয় দলের প্রধান কোচ ড্যারেন স্যামি।

‘দা স্কুপ এক্সটেন্ডেড’ পডকাস্টের এক সাক্ষাৎকারে ওয়ানডে থেকে হোল্ডারের অবসরের কথা জানান স্যামি। স্যামি বলেন, তিনি জানান যে, হোল্ডার নিজের ইচ্ছাতেই ওয়ানডে থেকে বিদায় নিয়েছেন। তিনি আরও জানান, এখনও টেস্ট খেলার আগ্রহ আছে তার।

স্যামি আরও বলেন, ‘হ্যাঁ, এখনও টেস্টের জন্য হোল্ডার বিবেচনায় আছে। আমি জানি, ওয়ানডে থেকে অবসর নিয়েছে সে। আমাদেরকে নিজের আগ্রহের কথা জানিয়েছে হোল্ডার।’

তিনি যোগ করেন, ‘এটাও মাথায় রাখতে হবে, সে ফ্রাঞ্চাইজি ক্রিকেটার। এখন আমাদের আলোচনার জায়গা হচ্ছে কখন তাকে পাওয়া যাবে এবং কোথায় তাকে খেলাতে পারব। সে পরিস্কারভাবে জানিয়েছে, এখনও তার টেস্টে খেলার আগ্রহ আছে।’

২০১৩ সালে ওয়ানডে অভিষেক ঘটে পেস বোলিং অলরাউন্ডার হোল্ডারের। এরপর তিনি দেশের হয়ে ১৩৮ ওয়ানডেতে ৩৬.৯৬ গড়ে ১৫৯ উইকেট সংগ্রহ করেছেন এবং ১২ ফিফটিতে ২৪.৮৫ গড়ে ২২৩৭ রান করেছেন।

২০১৫ ও ২০১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দিয়েছেন হোল্ডার। তার অধিনায়কত্বে ৮৬ ওয়ানডেতে ক্যারিবীয়রা ২৪টিতে জয় এবং ৫৪টিতে পরাজিত হয়েছে।

২০২৩ সালের জুলাইয়ে বিশ্বকাপ বাছাইপর্বে স্কটল্যান্ডের বিপক্ষে সর্বশেষ জাতীয় দলের হয়ে ওয়ানডে খেলেছেন ৩৪ বছর বয়সী হোল্ডার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এআই কোম্পানির শেয়ারে জনগণের অংশীদারত্ব চান অধিকাংশ মার্কিনি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৮:০৫ পি.এম


এআই কোম্পানির শেয়ারে জনগণের অংশীদারত্ব চান অধিকাংশ মার্কিনি

মার্কিন যুক্তরাষ্ট্রের এআই কোম্পানিদের শেয়ারে জনগণের অংশীদারত্ব নিয়ে দাবি জানাচ্ছে দেশের বেশির ভাগ মানুষ। প্রযুক্তি খাতে বাড়তে থাকা চাকরি ছাঁটাইয়ের ফলে এমন দাবি অনেক বেশি জোরালো হচ্ছে।

রবিবার (১২ জুলাই) সিএনবিসির এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। সম্প্রতি গবেষণা প্রতিষ্ঠান ভেরাসাইট একটি জরিপ প্রকাশ করে। জরিপের অংশ হিসেবে ১ হাজার ৬৯০ জন প্রাপ্তবয়স্ক অংশগ্রহণ করেছেন।

জরিপের ফলাফলে দেখা যায়, ৬৯ শতাংশ মানুষ মনে করেন, বড় বড় এআই কোম্পানিগুলোকে তাদের ৫০ শতাংশ শেয়ার একটি সরকারি সম্পদ তহবিলে (সোভারেন ওয়েলথ ফান্ড) দিতে হবে। এই তহবিলের উপকারিতা জনগণের কল্যাণে ব্যবহার করা যাবে।

ভেরাসাইটের প্রধান নির্বাহী বেঞ্জামিন লেফ উল্লেখ করেন, সাধারণ জনগণ চান যে, এআই শিল্পের লাভের একটি অংশ সমাজের সব মানুষের কাছে পৌঁছাবে। গত জুন মাসে যুক্তরাষ্ট্রের সিনেটর বার্নি স্যান্ডার্স আমেরিকান এআই সোভারেন ওয়েলথ ফান্ড অ্যাক্ট নামে একটি বিল উত্থাপন করেন। যদি এই বিলটি পাস হয়, তাহলে দেশের বড় বড় এআই কোম্পানির ৫০ শতাংশ শেয়ার জনগণের জন্য সংরক্ষিত থাকবে।

আরো পড়ুন: এআইয়ের চাহিদা কমেনি, তবে ব্যয়ের পরিমাণ বাড়াচ্ছে প্রতিষ্ঠানগুলো।

স্যান্ডার্স বলেন, এআই থেকে যা আয় হবে, তার সুবিধা শুধুমাত্র ধনীদের জন্য নয়, বরং দেশের সমস্ত মানুষের পাওয়ার অধিকার রয়েছে। এদিকে, প্রযুক্তি খাতে চাকরি ছাঁটাই বাড়ছে। এজন্য অনেক কর্মী নিজেদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তবে প্রতিষ্ঠানগুলো এআই খাতে বিনিয়োগ বাড়িয়েই চলেছে।

বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১০ বছরে এআই প্রযুক্তির কারণে প্রায় ১ কোটি ৫০ লাখ মার্কিনি চাকরি হারানোর ঝুঁকিতে আছেন। তবে দীর্ঘমেয়াদে এআই নতুন কর্মসংস্থানও তৈরি করবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, যদি এআই সম্পদ তহবিল গঠন করা হয়, তবে এআই খাতের লাভের একটি অংশ জনগণের কল্যাণে ব্যয় করা সম্ভব হবে। তবে এ ধরনের তহবিল পরিচালনায় নানা চ্যালেঞ্জও বিদ্যমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুলিয়ারচরে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত

আন্তর্জাতিক ডেস্ক

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৮:০৬ পি.এম


কুলিয়ারচরে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত

“তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি”- এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে ১২ জুলাই রোববার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটের আয়োজনে ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাস্তবায়নে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিছবাহ উদ্দিন আহাম্মদ এর সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী আবু হামজা এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাদিয়া আফরিন, সালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম, ফরিদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মোবারক হোসেন ও উছমানপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোছা. লিপি আক্তার।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার কল্যাণ সহকারী, পরিবার কল্যাণ পরিদর্শক ও পরিদর্শিকাবৃন্দ, পরিবার পরিকল্পনা সহকারীগণ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা পরিবার পরিকল্পনা সেবার গুরুত্ব তুলে ধরে বলেন, তৃণমূল পর্যায়ে মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে মাঠ পর্যায়ের কর্মীদের ভূমিকা অপরিসীম। তবে মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে পরিবার কল্যাণ সহকারী ও পরিদর্শিকারা যে সীমাবদ্ধতার সম্মুখীন হন, তা নিরসনে প্রশাসনিক নজরদারি প্রয়োজন। বিশেষ করে দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কর্মীদের যাতায়াত ব্যবস্থা ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাব নিয়ে সভায় আলোচনা করা হয়। কয়েকজন ভুক্তভোগী কর্মী জানান, প্রতিকূল পরিস্থিতিতেও তারা নিয়মিত সেবা প্রদান করে যাচ্ছেন, তবে কাজের যথাযথ মূল্যায়ন ও মাঠ পর্যায়ে তদারকি আরও জোরদার করা হলে সেবার মান বহুগুণ বৃদ্ধি পাবে। সেবা প্রদানকারীদের এই সরাসরি বক্তব্য ও বাস্তব পরিস্থিতির বিশ্লেষণ থেকে স্পষ্ট হয় যে, দক্ষ জনশক্তি গড়ে তোলার পাশাপাশি তাদের কাজের পরিবেশ উন্নত করা এখন সময়ের দাবি।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথিদের মধ্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাদিয়া আফরিন ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ তাদের বক্তব্যে সরকারি সেবার সুফল প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছানোর ওপর গুরুত্বারোপ করেন।

সরকারি কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হয়, পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও বেগবান করতে নিয়মিত মনিটরিং ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে। আলোচনা সভা শেষে মা ও শিশু স্বাস্থ্য, কিশোর স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পরিবার কল্যাণ সহকারী দোলেনা আক্তার, পরিবার কল্যাণ পরিদর্শক মো. মুহসিন খাঁন এবং পরিবার কল্যাণ পরিদর্শিকা আফরোজা খানম-কে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র হিসেবে রামদী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে সদর ইউনিয়ন (কুলিয়ারচর পৌরসভা)-কে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়, যা মাঠ পর্যায়ের কর্মীদের কাজের গতি বৃদ্ধিতে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%