ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার খুলনা ও মোংলা সফরে যাচ্ছেন


প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার খুলনা ও মোংলা সফরে যাচ্ছেন

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের উদ্দেশ্যে বৃহস্পতিবার (২২ অক্টোবর) খুলনা ও মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তিনি হেলিকপ্টারে হিরণ পয়েন্ট ও সুন্দরবন পর্যবেক্ষণ করবেন এবং মোংলা বন্দরের জেটি ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন।

এটি প্রধানমন্ত্রীর নির্বাচনের পর প্রথম সফর খুলনা ও মোংলা অঞ্চলে। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। তাদের প্রত্যাশা, সফরটি এ অঞ্চলের উন্নয়ন, বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রধানমন্ত্রী হেলিকপ্টারে হিরণ পয়েন্ট ও সুন্দরবন পর্যবেক্ষণ করবেন। এরপর তিনি দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন। এ সময় তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের টার্মিনাল স্থাপনের সম্ভাবনাও গুরুত্ব পেতে পারে।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

নলিয়ানে প্রধানমন্ত্রী আগমনের জন্য প্রস্তুতি চলছে। স্থানীয় সংসদ সদস্য ও দায়িত্বশীল ব্যক্তিরা বিদ্যালয় মাঠসহ সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেছেন। স্থানীয় বাসিন্দারা প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য অপেক্ষা করছেন।

দাকোপ ও বটিয়াঘাটা উপজেলা নিয়ে গঠিত খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান জানিয়েছেন, বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রধানমন্ত্রী দাকোপের নলিয়ানে আসবেন। এটি একটি সরকারি সফর। সেখানে স্থানীয় কোনো কর্মসূচি নেই। তবে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে। এলাকার মানুষ তাকে একনজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বোরহান উদ্দিন মিঠু সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সম্ভাব্য সূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী হেলিকপ্টারে নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন। সেখান থেকে কোস্টগার্ডের দ্রুতগতির নৌযানে আকরাম পয়েন্টের উদ্দেশে রওনা হবেন। তবে দাকোপে তার কোনো প্রশাসনিক বা রাজনৈতিক আনুষ্ঠানিক কর্মসূচি নেই।

নলিয়ান থেকে নৌপথে মোংলা বন্দরে পৌঁছে প্রধানমন্ত্রীর নির্ধারিত সভায় অংশ নেওয়ার কথা রয়েছে। এরপর তিনি বন্দরের জেটি পরিদর্শন করবেন। এ সময় বন্দরের বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণ এবং প্রস্তাবিত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের অর্থনৈতিক অঞ্চল ঘিরে বিনিয়োগ ও কর্মসংস্থানের সম্ভাবনা গুরুত্ব পাবে।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ ও পর্যটন, মোংলা বন্দরের বাণিজ্যিক কার্যক্রম এবং প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল—এই তিন ক্ষেত্রকে ঘিরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অর্থনৈতিক বিকাশের ব্যাপক সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্টদের আশা, প্রধানমন্ত্রীর এ সফরের মাধ্যমে এসব সম্ভাবনা কাজে লাগানোর উদ্যোগ আরও গতি পাবে।

এদিকে, আগামী ৫ নভেম্বর প্রধানমন্ত্রীর খুলনায় ফের আসার কথা রয়েছে। সেদিন খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের উদ্বোধন করবেন তিনি।

সুন্দরবন পর্যবেক্ষণ থেকে শুরু করে মোংলা বন্দর ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন—প্রধানমন্ত্রীর এবারের সফরে প্রকৃতি, বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা গুরুত্ব পাচ্ছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ সফর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে নতুন সুযোগের পথ খুলে দেবে।

আরও পড়ুন: শেরপুরে বাসের চাপায় সিএনজি যাত্রী নিহত, আহত ৪

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পদ্মায় মা ইলিশ শিকার ও বিক্রির মহোৎসব, ৩৬ জেলে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

১০:২৩ এম


পদ্মায় মা ইলিশ শিকার ও বিক্রির মহোৎসব, ৩৬ জেলে গ্রেপ্তার

দেশজুড়ে ইলিশের প্রজনন রক্ষার জন্য ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যকর থাকলেও পদ্মা নদীতে মা ইলিশ শিকার অব্যাহত রয়েছে। প্রশাসনের অভিযান চলাকালীন জেলেদের হামলার ঘটনাও ঘটছে।

শরীয়তপুরের প্রতিনিধি জানিয়েছেন, শরীয়তপুরের জাজিরাতে পদ্মায় মা ইলিশ ধরার সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে জেলেরা চড়াও হয়। স্থানীয় সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। সোমবার সকালে পালেরচর এলাকায় এই উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। তবে হামলার মুখেও যৌথ বাহিনী ৩৬ জেলেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। অভিযানে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম, জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান এবং জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব উপস্থিত ছিলেন। ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নদীজুড়ে চিরুনি অভিযান পরিচালনা করে।

হামলার বিষয়ে শরীয়তপুর জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, “পালেরচর এলাকার পদ্মা নদীতে আমরা অভিযানে যাওয়ার পর জেলেরা গ্রেপ্তারের ভয়ে অতর্কিতে ইটপাটকেল ছুড়তে শুরু করে। একপর্যায়ে তারা লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করার চেষ্টা চালায়। পরে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযান জোরদার করলে তারা পালিয়ে যেতে বাধ্য হয়। ঘটনাস্থল থেকে আমরা ৩৬ জেলেকে আটক করতে সক্ষম হয়েছি।”

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি জানিয়েছেন, উপজেলার কাউয়ালজানি, মুন্সিবাজার ও কলাবাগানসহ বিভিন্ন পয়েন্টে শত শত নৌকায় প্রকাশ্যে ইলিশ ধরা ও বিক্রি করা হচ্ছে। নদীর পাড়ে অস্থায়ী বাজার বসিয়ে ক্রেতাদের কাছে তাজা ইলিশ বিক্রি করছেন জেলেরা। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, গত ১২ দিনে ৪২টি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল ও মাছ জব্দসহ ১৫ জেলেকে কারাদণ্ড এবং ১০ জনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। দৌলতদিয়া নৌপুলিশের ওসি ত্রিনাথ সাহা জানিয়েছেন, জনবলসংকট থাকা সত্ত্বেও মৎস্য বিভাগের সঙ্গে সমন্বয় করে নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি জানিয়েছেন, শরীয়তপুরের ভেদরগঞ্জে পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ছয় জেলেকে আটক করা হয়েছে। ইলিশের প্রজনন রক্ষায় গতকাল উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. আব্দুল্লাহ আল ইমরান জানিয়েছেন, জব্দ করা নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে এবং মাছগুলো স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি জানিয়েছেন, ফরিদপুরের সদরপুরে পদ্মা নদীতে অভিযান চালিয়ে গত সোমবার তিন জেলেকে পাঁচ কেজি ইলিশ মাছসহ আটক করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। এ সময় ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

এছাড়া নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ মাছ ধরার অপরাধে তিন জেলেকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে মৎস্য অফিস। ঢেউখালী ইউনিয়নের চরবলাশিয়া গ্রামের মজিবর শিকদারের ছেলে রুবেল হোসেন, চরনাছিরপুর ইউনিয়নের কাড়াল কান্দি গ্রামের দবির কাড়ালের ছেলে হিরন কাড়াল ও একই ইউনিয়নের হাশেম হাওলাদার কান্দি গ্রামের কাশেম খলিফার ছেলে কুদ্দুস খলিফা।

এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লাহিল আবরার বলেছেন, “সরকার ঘোষিত নির্দিষ্ট সময় পর্যন্ত নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করলে জেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইনফ্লুয়েন্সারের আত্মহনন, বাবার অভিযোগ সিইওকে দুষলেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

১০:২৩ এম


ইনফ্লুয়েন্সারের আত্মহনন, বাবার অভিযোগ সিইওকে দুষলেন

ভারতের চেন্নাইয়ে ২৭ বছর বয়সী অর্থবিষয়ক কনটেন্ট নির্মাতা ভি হরিশ আত্মহত্যা করেছেন। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ১৩ লাখের বেশি ছিল। হরিশের বাবার অভিযোগ, একটি বিনিয়োগ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অনলাইনে তার ছেলেকে হয়রানি করতেন।

এনডিটিভি জানায়, হরিশ ‘ফাইন্যান্স উইথ হরিশ’ নামে ইনস্টাগ্রাম ও ইউটিউবে কনটেন্ট তৈরি করতেন। চেন্নাইয়ে ভাড়া নেওয়া একটি বাড়িতে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। হরিশের বাবার দাবি, জেমুরিয়া ইনকরপোরেশনের সিইও জেসন স্যামুয়েল তার ছেলেকে অনলাইনে হয়রানি করতেন। স্যামুয়েলের অভিযোগের পর মেটা হরিশের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। এরপর তিনি নতুন একটি অ্যাকাউন্ট খুলে ভিডিও প্রকাশ করতে থাকেন।

হরিশের বাবা বলেন, এসব ঘটনার ফলে তার ছেলে মানসিক চাপের মধ্যে ছিলেন। বাবার দাবি, এই চাপের কারণেই হরিশ আত্মহত্যা করেছেন। তিনি এ ঘটনায় পুলিশি তদন্তের দাবি জানিয়েছেন। তবে স্যামুয়েল হরিশকে অনলাইনে হয়রানি করার অভিযোগ অস্বীকার করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি হরিশের মৃত্যুতে শোক প্রকাশ করেন। একই সঙ্গে তিনি বলেন, হরিশের দেওয়া তথ্যের ভুলগুলো তিনি শুধুমাত্র তুলে ধরেছিলেন।

স্যামুয়েলের দাবি, হরিশ ভারতের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়ার (সেবি) নিবন্ধিত বিনিয়োগ পরামর্শক ছিলেন না। তিনি আরো বলেন, হরিশ সম্প্রতি ভারতের মিউচুয়াল ফান্ড অ্যাসোসিয়েশন (এএমএফআই) থেকে নিবন্ধন নম্বর পেয়েছিলেন।

এক্সে দেওয়া পোস্টে স্যামুয়েল লেখেন, ‘যা ঘটেছে, তাতে আমি গভীরভাবে দুঃখিত। আমি শোকাহত, হতবাক এবং বাক্‌রুদ্ধ। একজন মানুষের মৃত্যুতে আমি শোক প্রকাশ করছি। আমি তাকে অনলাইনে হয়রানি করিনি। শুধু তার লাইসেন্স ও অনুমোদন না থাকার বিষয়টি তুলে ধরেছি।’

তিনি আরো দাবি করেন, হরিশ তার কাজের জন্য প্রয়োজনীয় সেবি নিবন্ধন ছাড়াই বিনিয়োগ পরামর্শ দিতেন এবং নিজের অনুমোদন থাকার বিষয়টি ভুলভাবে উপস্থাপন করেছিলেন। স্যামুয়েল বলেন, হরিশের এএমএফআই নিবন্ধন থাকার দাবি নিয়েও তিনি প্রশ্ন তুলেছিলেন। তার ভাষ্য, হরিশ সম্প্রতি নিবন্ধন নম্বর পেয়েছিলেন।

স্যামুয়েল আরো লেখেন, ‘ভিডিওতে আমি তাকে স্পষ্টভাবে বলেছিলাম, যথাযথ সেবি লাইসেন্স নিয়ে ফিরে এসে কাজ করতে। এমন ভয়াবহ পরিণতি ঘটবে, তা আমি কখনো চাইনি বা আশাও করিনি। তার মৃত্যুতে আমি শোকাহত।’

এই মৃত্যুর ঘটনায় পুলিশ এখনও কোনো মামলা দায়ের করেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনীতে মাদক কারবারিদের হামলায় আহত দিনমজুর মোহাম্মদ হানিফের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

১০:২৪ এম


ফেনীতে মাদক কারবারিদের হামলায় আহত দিনমজুর মোহাম্মদ হানিফের মৃত্যু

ফেনীর সোনাগাজী এলাকায় মাদক কারবারিদের হামলায় আহত দিনমজুর মোহাম্মদ হানিফ (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর ৫টার দিকে তার মৃত্যু ঘটে। এ ঘটনায় পুলিশ রিয়াদ (২৫) নামে এক যুবককে আটক করেছে।

নিহত হানিফ সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের চরচান্দিয়া গ্রামের আবদুল আহাদের পুত্র ছিলেন।

পুলিশের সূত্র মতে, মেয়ের বিয়ের খরচের জন্য হানিফ ঘরের আলমারিতে ২০ হাজার টাকা রেখেছিলেন। তার ছেলে মেহেরাজ স্থানীয় কয়েকজন মাদক কারবারির সঙ্গে মিলে ওই টাকা চুরি করে খরচ করে ফেলেন। এই ঘটনায় ছেলেকে শাসন করার পাশাপাশি মাদক কারবারিদের সঙ্গে মিশতে নিষেধ করেছিলেন হানিফ। এতে তারা ক্ষুব্ধ হয়ে ওঠে। পরে গত ৯ অক্টোবর শুক্রবার জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন হানিফ।

পরিবারের অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবে বেলায়েত হোসেন মামুন, তার সহযোগী শুভ ও রিয়াদসহ ৪-৫ জন দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তার মৃত্যু ঘটে। আজ বুধবার (২১ অক্টোবর) ময়নাতদন্ত শেষে তার লাশ দাফনের কথা রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম বলেন, নিহতের স্ত্রী জেসমিন আক্তার বাদী হয়ে ৫ জনকে আসামি করে থানায় এজাহার দায়ের করেছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে একজনকে আটক করেছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাচসাস নির্বাচনের তারিখ ২০ নভেম্বর প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

১০:২৬ এম


বাচসাস নির্বাচনের তারিখ ২০ নভেম্বর প্রকাশ

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২০ নভেম্বর, জাতীয় প্রেস ক্লাবে। নির্বাচন পরিচালনা কমিটির সভায় ৮ অক্টোবর তারিখটি নির্ধারণ করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন বাচসাসের প্রধান নির্বাচন কমিশনার এরফানুল হক নাহিদ। তিনি জানান, নির্বাচনের তারিখ চূড়ান্ত করার জন্য ৮ অক্টোবর নির্বাচন পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৮ অক্টোবর) অনুষ্ঠিত দ্বিতীয় দফার যৌথসভায় নির্বাচন কমিশনের কাছে চূড়ান্ত ভোটার তালিকা হস্তান্তর করা হয়েছে। এ সময় নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

এরফানুল হক নাহিদ, প্রধান নির্বাচন কমিশনার, বলেন, ‘বর্তমান কার্যনির্বাহী কমিটি যথাসময়ে আমাদের দায়িত্ব স্থানান্তর করেছে। এ জন্য কমিটিকে ধন্যবাদ। আমরা এই কমিটির সহযোগিতায় একটি সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর নির্বাচন উপহার দেওয়ার চেষ্টা করব।’

বাচসাসের ২০২৪-২০২৬ মেয়াদের সভাপতি কামরুল হাসান দর্পণ ও সাধারণ সম্পাদক রাহাত সাইফুল এবারের নির্বাচন নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।

তারা যৌথ বিবৃতিতে বলেন, ‘নির্বাচন নিয়ে অনেকেই আগ্রহভরে অপেক্ষা করছেন। আমরা আশা করছি, সবার অংশগ্রহণে এবারও উৎসবমুখর একটি নির্বাচন হবে।’

যৌথসভায় উপস্থিত ছিলেন বাচসাসের বর্তমান কার্যনির্বাহী পরিষদের সহসাধারণ সম্পাদক আবু সুফিয়ান রতন, অর্থ সম্পাদক রুহুল সাখাওয়াত, দপ্তর সম্পাদক রুহুল আমিন ভূঁইয়া ও নির্বাহী সদস্য সাজু আহমেদসহ অন্যান্য সদস্যরা।

এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন এরফানুল হক নাহিদ। নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরা হলেন জ্যেষ্ঠ সাংবাদিক ইমরুল শাহেদ, আমিনুল ইসলাম রাজু, হাফিজুর রহমান সুরুজ ও আবুল হোসেন মজুমদার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%