ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

ভারতে ‘এনার্জি ড্রিংক’ নাম ব্যবহার বন্ধের নির্দেশ


ভারতে ‘এনার্জি ড্রিংক’ নাম ব্যবহার বন্ধের নির্দেশ

ভারতে ক্যাফেইন যুক্ত পানীয় এবং ‘এনার্জি ড্রিংক’ নামে বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। দেশটির খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা বিভিন্ন কোম্পানিকে এই নাম ব্যবহার বন্ধ করার নির্দেশ দিয়েছে।

সরকারের দাবি, ভারতে ‘এনার্জি ড্রিংক’ নামে কোনো নির্ধারিত খাদ্যমান বা সরকারি সংজ্ঞা নেই। এ কারণে, এই নাম ব্যবহার করলে ভোক্তারা বিভ্রান্ত হতে পারেন।

এদিকে, বিশ্বের দ্রুত বাড়তে থাকা এনার্জি ড্রিংকের বাজারগুলোর মধ্যে ভারত অন্যতম। গবেষণা প্রতিষ্ঠান ইউরোমনিটরের তথ্য অনুযায়ী, ২০২৮ সালের মধ্যে দেশটির এনার্জি ড্রিংকের বাজার ১৬০ কোটি ডলারে পৌঁছাতে পারে।

আরও পড়ুন: বিএনপি নেতার প্রাণনাশের হুমকির অভিযোগে পিবিআই তদন্ত

এমন সময় সরকারের এই সিদ্ধান্তে বড় ধরনের চাপে পড়েছে পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো। জুলাইয়ের শুরুতে ভারতের খাদ্য নিরাপত্তা ও মান সংস্থা (এফএসএসএআই) সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, তারা বিভিন্ন কোম্পানিকে নোটিশ পাঠিয়েছে। সংস্থাটি জানায়, বর্তমানে ভারতে ‘এনার্জি ড্রিংক’ নামে কোনো স্বীকৃত মান নেই। এ কারণে কোনো পানীয়কে ‘শরীর ও মনকে চাঙা করে’ বা ‘সাধারণ দুর্বলতা দূর করে’—এভাবে প্রচার করা বিভ্রান্তিকর।

তবে রয়টার্সের হাতে আসা গোপন নথি এবং সংশ্লিষ্টসূত্রের তথ্য অনুযায়ী, কম্পানিগুলোকে ব্যক্তিগতভাবে পাঠানো নির্দেশ আরো কঠোর ছিল। ওই নির্দেশে পেপসি, রেড বুল, মনস্টার বেভারেজ, মুকেশ আম্বানির রিলায়েন্স এবং হেল এনার্জিকে তাদের পণ্যের গায় ‘এনার্জি ড্রিংক’ বা এ ধরনের অন্য কোনো নাম ব্যবহার বন্ধ করতে বলা হয়েছে।

সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো। তাদের দাবি, বহু বছর ধরে ‘এনার্জি ড্রিংক’ নামেই এসব পণ্যের বাজার তৈরি হয়েছে। হঠাৎ এই নাম সরিয়ে ফেললে ব্র্যান্ডের পরিচিতি ক্ষতিগ্রস্ত হতে পারে।

এতে বিক্রিও কমে যেতে পারে। এ নিয়ে শুক্রবার শিল্প খাতের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ভারতের খাদ্য নিরাপত্তা ও মান সংস্থার একটি রুদ্ধদ্বার বৈঠক হয়। বৈঠকে উপস্থিত দুই ব্যক্তির তথ্য অনুযায়ী, সংস্থাটির প্রধান নির্বাহী রাজিত পুনহানি ব্যবসায়িক ক্ষতির যুক্তি গ্রহণ করেননি। তিনি বলেন, কম্পানিগুলো চাইলে এই সিদ্ধান্ত আদালতে গিয়ে চ্যালেঞ্জ করতে পারে। তবে এফএসএসএআই, রাজিত পুনহানি কিংবা সংশ্লিষ্ট বেশিরভাগ কোম্পানি এ বিষয়ে রয়টার্সের প্রশ্নের কোনো জবাব দেয়নি। শুধু পেপসি মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। ভারতের সরকারের একটি সূত্র জানিয়েছে, বৈঠকের পর শিল্প খাত শেষ পর্যন্ত নতুন নিয়ম মেনে নিতে সম্মত হয়েছে। নতুন লেবেল ব্যবহার করতে কম্পানিগুলোকে ৯০ দিনের সময় দিয়েছে খাদ্য নিরাপত্তা ও মান সংস্থা। অর্থাৎ এই সময়ের মধ্যে তাদের পণ্যের মোড়ক থেকে ‘এনার্জি ড্রিংক’ নাম সরিয়ে নতুনভাবে বাজারজাত করতে হবে।

আরও পড়ুন: মিসিসিপির সিনেট নির্বাচনে উত্তেজনা এখনও বাকি

বিশ্বের বিভিন্ন দেশেই এনার্জি ড্রিংক নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞ ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর উদ্বেগ রয়েছে। তাদের মতে, এসব পানীয়তে সাধারণত অতিরিক্ত ক্যাফেইন, চিনি এবং টরিন নামে একটি অ্যামিনো অ্যাসিড থাকে। বেশি পরিমাণে এসব উপাদান শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। এ কারণে আগামী বছরের এপ্রিল থেকে ইংল্যান্ডে ১৬ বছরের কম বয়সীদের কাছে বেশি ক্যাফেইনযুক্ত এনার্জি ড্রিংক বিক্রি নিষিদ্ধ করা হবে। অন্যদিকে পাকিস্তানের কিছু অঞ্চলে এসব পানীয়কে ‘উত্তেজক পানীয়’ নামে উল্লেখ করা বাধ্যতামূলক করা হয়েছে। এনার্জি ড্রিংকের ব্যবসা মূলত তাৎক্ষণিক শক্তি পাওয়ার ধারণার ওপর গড়ে উঠেছে। বিশ্বজুড়ে রেড বুলের পরিচিত স্লোগান হলো, ‘রেড বুল আপনাকে ডানা দেয়।’ ভারতে আবার পেপসির স্টিং পানীয়র বিজ্ঞাপনে দেখা যায়, এটি শরীরজুড়ে বিদ্যুতের মতো শক্তি ছড়িয়ে দেয় এবং ‘বিদ্যুতের মতো শক্তি’ দেয়। এ কারণেই শিল্প খাতের আশঙ্কা, ‘এনার্জি ড্রিংক’ নাম বাদ দিলে এসব ব্র্যান্ডের বাজারে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

ভারতের বড় পানীয় কম্পানিগুলোর সংগঠন ইন্ডিয়ান বেভারেজ অ্যাসোসিয়েশন জানিয়েছে, তারা সব নিয়ম মেনে চলতে এবং বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে নীতি তৈরিতে সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত। তবে ৬ জুলাই খাদ্য নিরাপত্তা সংস্থাকে পাঠানো একটি গোপন চিঠিতে সংগঠনটি জানায়, নোটিশ প্রকাশ্যে আনলে কম্পানিগুলোর সুনাম ক্ষতিগ্রস্ত হতে পারে। তাদের মতে, এতে ব্যবসায়িক কার্যক্রমে সমস্যা হবে এবং ভোক্তারাও বিভ্রান্ত হবেন। সংগঠনটি আরো বলছে, বড় ধরনের নীতিগত পরিবর্তনের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নিয়মিত আলোচনা করা উচিত। এতে নিয়ম বাস্তবায়ন সহজ হবে এবং আদালতে মামলাও কম হবে। তারা আরো দাবি করেছে, ব্যবসার জন্য পূর্বানুমানযোগ্য, স্বচ্ছ ও পরামর্শভিত্তিক নিয়ন্ত্রক ব্যবস্থা প্রয়োজন।

২০১৭ সালে পেপসি স্টিং বাজারে আনার পর থেকেই ভারতে এনার্জি ড্রিংকের বাজার দ্রুত বাড়তে শুরু করে। ইউরোমনিটরের তথ্য অনুযায়ী, মাত্র ২০ রুপির প্লাস্টিক বোতলে বিক্রি হওয়া স্টিং বিশেষ করে ১৫ থেকে ১৯ বছর বয়সী তরুণ এবং গ্রামীণ এলাকার মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। পরে এটি বাজারের শীর্ষ অবস্থানে পৌঁছে যায়। প্রতিষ্ঠানটির পূর্বাভাস অনুযায়ী, ২০২৮ সালের মধ্যে ভারতের এনার্জি ড্রিংকের বাজারের খুচরা বিক্রি ১৬০ কোটি ডলারে পৌঁছাবে। প্রতি বছর গড়ে ১২ দশমিক ৬ শতাংশ হারে এই বাজার বাড়বে, যা যুক্তরাষ্ট্র ও চীনের তুলনায়ও বেশি। এছাড়া ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে এ ধরনের পানীয়র বিক্রি বছরে প্রায় ১০০ শতাংশ হারে বেড়েছে।

উত্তর প্রদেশের ২৪ বছর বয়সী মোটরসাইকেল মেকানিক সানি রাজবংশী নিয়মিত স্টিং ও রিলায়েন্সের ক্যাম্পা এনার্জি পান করেন। তিনি বলেন, ক্ষুধা লাগলে বা ধূমপান করতে বাইরে গেলে তিনি একটি বোতল কিনে পান করেন। তার ভাষায়, 'এতে আমার পেট ভরে যায়। কাজ করার শক্তিও পাই।' তিনি আরো বলেন, 'আমার মনে হয় আমি এগুলোর প্রতি আসক্ত হয়ে পড়েছি।'

আরও পড়ুন: অধ্যক্ষকে অবরুদ্ধ করে মধ্যরাতে ছাত্রীদের বিক্ষোভ, পদত্যাগের দাবি

সরকারের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে দেখা গেছে, চলতি মাসে রাজস্থান রাজ্যে অভিযান চালিয়ে স্টিং, ক্যাম্পা এনার্জি ও রেড বুলের হাজার হাজার বোতল জব্দ করা গেছে। এছাড়া ৮ জুলাই রাজ্য সরকার অ্যামাজন, ওয়ালমার্টের ফ্লিপকার্ট, ব্লিংকিট এবং সুইগির ইনস্টামার্টসহ বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানের কাছে চিঠি পাঠায়। চিঠিতে স্পষ্টভাবে বলা হয়, কোনো পণ্য যেন অনলাইন প্ল্যাটফর্মে ‘এনার্জি ড্রিংক’ নামে প্রচার বা বিক্রি করা না হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাতে চার দিন এক টিউবে চলবে কর্ণফুলী টানেলের যান চলাচল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

১০:৪৭ এম


রাতে চার দিন এক টিউবে চলবে কর্ণফুলী টানেলের যান চলাচল

রুটিন রক্ষণাবেক্ষণ কাজের কারণে কর্ণফুলী টানেলে আগামী চার রাত নিয়ন্ত্রিতভাবে যান চলাচল করবে। এই সময়ে টানেলের দুই টিউবের মধ্যে একটি টিউবে যান চলাচল চালু থাকবে। তাই, যদি প্রয়োজন পড়ে, উভয় প্রান্তে যানবাহনকে ৫ থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

মঙ্গলবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক (জনসংযোগ) মো. মাসুদ রানা শিকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রদান করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, ২৮ থেকে ৩১ জুলাই পর্যন্ত প্রতিদিন রাত ১১টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত কর্ণফুলী টানেলে রুটিন রক্ষণাবেক্ষণ কাজ চলবে।

এ সময় ‘পতেঙ্গা-আনোয়ারা’ অথবা ‘আনোয়ারা-পতেঙ্গা’—দুই টিউবের যেকোনো একটি টিউবে ট্রাফিক ডাইভারশনের মাধ্যমে নিয়ন্ত্রিতভাবে যান চলাচল অব্যাহত রাখা হবে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, যানবাহনের চাপের উপর নির্ভর করে, টানেলের উভয় প্রান্তে চালক ও যাত্রীদের ৫ থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

রক্ষণাবেক্ষণ কাজ নির্বিঘ্ন ও নিরাপদভাবে সম্পন্ন করতে সড়ক ব্যবহারকারীদের সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে মধ্যরাতে কলেজশিক্ষার্থী গুলিবিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

১০:৫০ এম


রাজধানীতে মধ্যরাতে কলেজশিক্ষার্থী গুলিবিদ্ধ

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মানিকদি আমতলা এলাকায় দুর্বৃত্তের গুলিতে এক কলেজ শিক্ষার্থী আহত হয়েছেন। আহত ছাত্রটির নাম মো. করিম (১৮)৷

তিনি মিরপুর বাঙলা কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের শিক্ষার্থী বলে জানা যায়।

এই ঘটনা ঘটেছিল সোমবার (২৭ জুলাই) রাত সোয়া ১২টার দিকে। গুরুতর অবস্থায় আহত করিমকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আহত শিক্ষার্থীর বাবা রফিকুল ইসলাম জানান, তারা মানিকদির আমতলাতেই বসবাস করেন। রাতে নিজেই ছেলেকে মশার কয়েল কিনতে পাঠান।

করিম গলির দোকান থেকে কয়েল কিনে তুহিন নামে এক বন্ধুর সঙ্গে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর একাই বাসায় ফিরছিল। তখন আমতলা ‘৩২ মালিকের বিল্ডিং’ নামে পরিচিত একটি বাড়ির সামনে আসার সময় অন্ধকার থেকে এলোপাতাড়ি গুলি করা হয়। গুলিতে করিম দুই পায়ে গুলিবিদ্ধ হন।

ঘটনার পর স্থানীয় লোকজন বাসায় খবর দিয়ে তাকে উদ্ধার করে কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে সেখান থেকে ঢাকা মেডিক্যালে প্রেরণ করা হয়েছে। রাতেই চিকিৎসকরা অস্ত্রোপচার করে তাঁর ডান পা থেকে একটি গুলি বের করেন। বাম পায়ের গুলিটি ঘটনার সময়ই বের হয়ে যায়।

রফিকুল ইসলাম অবিলম্বে জানান, রাতেই চিকিৎসা শেষে করিমকে বাসায় পাঠানো হয়েছে। তিনি বলেন, এ ঘটনা কারা ঘটিয়েছে, সেটি জানা নেই। করিমের সঙ্গে এলাকার কারও কোনো দ্বন্দ্ব নেই।

মঙ্গলবার (২৮ জুলাই) চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, ঘটনাটি ক্যান্টনমেন্ট থানা পুলিশকে জানানো হয়েছে এবং তারা বিষয়টি তদন্ত করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেকনাফে এক লাখ ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

১০:৫১ এম


টেকনাফে এক লাখ ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক

টেকনাফে ইয়াবা পাচারের সময় হোয়াইক্যং চেকপোস্টে বিজিবি কর্তৃক এক প্রাইভেটকার চালককে আটক করা হয়েছে। এসময় তার সাথে পাওয়া যায় এক লাখ ছয় হাজার পিস ইয়াবা। মঙ্গলবার সকালে উখিয়া ৬৪ বিজিবি’র অধিনায়ক লে কর্নেল জহিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃত আসামি হলেন কক্সবাজার সদর উপজেলার পিএম খালি ইউনিয়নের পরানিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ ইসমাইলের ছেলে মো. সাইফুল ইসলাম খোকন, যার বয়স ৩৬ বছর।

বিজিবি অধিনায়ক জানান, গত ২৭ জুলাই রাত ১০টায় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার হোয়াইক্যং চেকপোস্টের নিকট আসার পর কর্তব্যরত বিজিবি সদস্যগণ সেখানে তল্লাশি কার্যক্রম শুরু করেন।

তল্লাশির সময় প্রাইভেটকারের সামনের বাম্পারের ভিতরে অভিনব কায়দায় লুকানো কালো রংয়ের পলিথিন দ্বারা প্যাঁচানো ১৬টি কাট, যা মোট এক লাখ ছয় হাজার পিস ইয়াবা, উদ্ধার করা হয় এবং আটক করা হয় প্রাইভেটকারের চালক মো. সাইফুল ইসলাম খোকনকে। এছাড়াও মাদক পাচারের কাজে ব্যবহৃত প্রাইভেটকার ও মোবাইল ফোনও জব্দ করা হয়।

উখিয়া বিজিবি’র অধিনায়ক আরও জানান, আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেন যে ইয়াবাগুলো তিনি টেকনাফ থেকে সংগ্রহ করেছেন এবং কক্সবাজারে বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারিদের শনাক্ত করতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ সন্ধ্যায় কোর্ট পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বিশেষ ব্রিফিং এবং মতবিনিময় করেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

১০:৫৩ এম


নওগাঁ সন্ধ্যায় কোর্ট পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বিশেষ ব্রিফিং এবং মতবিনিময় করেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম

এ সময় তিনি কোর্ট পুলিশে কর্মরত জিআরও এবং সিএসআই দের সমস্যা শুনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তিনি কোর্টে কর্মরত সকল পুলিশ সদস্যদের কে বিচারপ্রার্থী সাধারণ মানুষকে সততা এবং নিষ্ঠার সাথে সেবা প্রদানের জন্য নির্দেশনা দেন। সেই সাথে কোথাও কোন অনিয়ম হলে এ বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করার হুঁশিয়ারি দেন।

পুলিশ সুপার বলেন কোর্ট পুলিশ পুলিশের অন্যতম গুরুত্বপূর্ণ শাখা। কোট পুলিশগণ আদালতের সাথে বিচারপ্রার্থী এবং এডভোকেটদের সমন্বয় সাধন করে থাকেন। কোট পুলিশ আদালতের সাথে বিভিন্ন পুলিশ স্টেশনের সমন্বয় সাধন করে থাকেন। পুলিশ সুপার থানার আলামত নিষ্পত্তি, আসামী পরিবহন, আসামি আদালতে তোলা সহ বিভিন্ন কাজে নিরাপত্তায় বিষয়টি যথাযথভাবে অনুসরণ করা নির্দেশনা দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%