০২:২৪ এম
এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটে-বলে দাপট প্রদর্শন করে এবিজি ইউনিভার্সিটি কাপের গ্রুপ পর্বে সোনারগাঁও ইউনিভার্সিটি একটি বড় জয় অর্জন করেছে। মোশারফ মুলার এবং তানভীর হোসেনের ঝোড়ো ব্যাটিংয়ের পর বোলারদের সম্মিলিত নৈপুণ্যে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে (ইউআইইউ) ১০২ রানে পরাজিত করেছে তারা।
প্রথমে ব্যাট করতে নেমে সোনারগাঁও ইউনিভার্সিটি ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৬৮ রানের বিশাল সংগ্রহ গড়ে। উদ্বোধনী জুটিতে মোশারফ মুলার এবং আলাউদ্দিন মনা ৯৯ রান যোগ করেন। আলাউদ্দিন ২৩ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৪৫ রান করে আউট হন। অন্যদিকে, মোশারফ ঝড় তুলতে থাকেন। তিনি মাত্র ৪০ বলে ৪ চার ও ১০ ছক্কায় ৯২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন।
এরপর চার নম্বরে নেমে তানভীর হোসেন ব্যাট হাতে তাণ্ডব চালান। তিনি ৩২ বলে ৪ চার ও ৮ ছক্কায় ৮১ রান করেন। শেষদিকে সাইফুল ইসলামের ১১ বলে ২৬ রানের অপরাজিত ইনিংসের মাধ্যমে সোনারগাঁওয়ের সংগ্রহ ২৫০ ছাড়িয়ে যায়। ইউআইইউর হয়ে আসাদুল্লাহ সাঈদ ৩১ রান খরচায় ৩ উইকেট নেন। এছাড়া সাব্বির এবং মাহমুদুল একটি করে উইকেট শিকার করেন।
আরও পড়ুন: ইব্রাহিমের গোলে ভুটানকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করলো বাংলাদেশ
ইউআইইউ ২৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু পায়। দুই ওপেনার রেজওয়ান ইকবাল এবং মাহমুদুল আলমের ব্যাটে উদ্বোধনী জুটিতে ৭৯ রান আসে। যদিও বড় জুটি হলেও ইউআইইউ কঠিন লক্ষ্যে যে স্ট্রাইক রেটে খেলার প্রয়োজন ছিল সেটি করতে পারেনি। রেজওয়ান ৩৬ বলে ৪ চার ও ৫ ছক্কায় ৫৬ রান করে আউট হলে দলের ছন্দপতন ঘটে। মাহমুদুল ৩২ বলে ২৭ রান করেন। শেষদিকে এহসানুল হকের ১৬ বলে ৩০ রান কেবল পরাজয়ের ব্যবধান কমিয়েছে। নির্ধারিত ২০ ওভারে ইউআইইউ ৮ উইকেট হারিয়ে ১৬৬ রানে থামে।
সোনারগাঁওয়ের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন আসিফ হাসান। তিনি ৪ ওভারে একটি মেডেনসহ মাত্র ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন। অলরাউন্ড পারফরম্যান্স দেখান তানভীর। তিনি ৪ ওভারে মাত্র ১৪ রান খরচায় ২ উইকেট নেন। এছাড়া মোশারফ, জীবন এবং সাইফুল একটি করে উইকেট শিকার করেন। ৮১ রানের ঝড়ো ইনিংসের পাশাপাশি বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন সোনারগাঁওয়ের অলরাউন্ডার তানভীর হোসেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন