ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

‘গালি দেওয়ার অধিকার কি পুরুষের একার?’ তসলিমা নাসরিনের মন্তব্য


‘গালি দেওয়ার অধিকার কি পুরুষের একার?’ তসলিমা নাসরিনের মন্তব্য

চিত্রনায়িকা পরীমনির গালিগালাজ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও সমালোচনার এক তীব্র ঝড় সৃষ্টি হয়েছে। তবে, বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন পরিমনির পক্ষে দাঁড়িয়েছেন।

শুক্রবার (৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে তসলিমা নাসরিন মন্তব্য করেন, ‘পরীমণি গালি দিয়েছে বলে দেশ তোলপাড়। পুরুষের মুখে যে গালি শুনতে শুনতে কারও ভ্রু কুঁচকায় না, নারীর মুখে সেই গালি শুনলেই আঁতকে ওঠে সবাই। ‘মেয়ে হয়েও এমন নোংরা কথা!’ মেয়ে হলে কী করতে হবে? অপমান গিলে মুখে মধু মেখে বসে থাকতে হবে? গালি দেওয়ার অধিকারও কি পুরুষের একার?’

তিনি আরও লেখেন, ‘পুরুষ শাসক বর্বর হতে পারে, নারী শাসকও পারে। এর প্রমাণ আমরা পেয়েছি। পুরুষ নৃশংস হতে পারে, হত্যা করতে পারে, নারীও পারে। পুরুষ ষড়যন্ত্র করতে পারে, নারীও পারে। পুরুষ পরকীয়া করতে পারে, প্রতারণা করতে পারে, নারীও পারে। মানুষের ভালো গুণগুলোর মতো খারাপ গুণগুলোও কোনও একটি লিঙ্গের একচেটিয়া সম্পত্তি নয়। নারী মানেই মমতাময়ী, সহনশীলা, পবিত্র, নিষ্পাপ —এই ছাঁচটিও পুরুষতন্ত্রের তৈরি-- নারীর রাগ থাকবে না, ঘৃণা থাকবে না, মুখে কটু কথা থাকবে না-- পুরুষ যা-ই করুক, নারীকে দেবী হয়ে থাকতে হবে।’

আরও পড়ুন: ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে দোষী রাসেল ব্র্যান্ড

তসলিমা নাসরিন বলেন, ‘নারীকে সমান অধিকার পেতে হলে পুরুষের চেয়ে ভালো মানুষ হওয়ার পরীক্ষা দিতে হবে কেন? কোনও নারী অসভ্য হলে তার অসভ্যতার সমালোচনা করো। ‘মেয়ে হয়েও’ অসভ্য কেন, সেই প্রশ্ন তুলো না। নৃশংসতার বিচার করো নৃশংসতা হিসেবে, প্রতারণার বিচার করো প্রতারণা হিসেবে। নারী করেছে বলে বাড়তি অপরাধ, পুরুষ করেছে বলে সাত খুন মাফ —এই দ্বিচারিতা বন্ধ হোক।’

তিনি লেখেন, ‘প্রজননে নারী ও পুরুষের কিছু জৈবিক পার্থক্য আছে। সেই পার্থক্য কাউকে প্রভু, কাউকে দাসী বানানোর যুক্তি হতে পারে না। নারী আর পুরুষ সমান মর্যাদার মানুষ। অথচ রাষ্ট্র, সমাজ আর পরিবারের কত আইন, কত প্রথা এখনও পুরুষকে নারীর মাথার ওপর বসিয়ে রাখছে! যোগ্যতা নেই, সততা নেই, মানবিকতা নেই —তবু শুধু পুরুষ বলে বাড়তি ক্ষমতা, বাড়তি স্বাধীনতা, বাড়তি ছাড়। পুরুষাঙ্গ থাকার সুবিধে ছাড়া এ আর কী? ইয়াক!

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপি ২৬ ইউপিতে চেয়ারম্যান প্রার্থী খুঁজছে, সময় ১৫ দিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২২ এম


বিএনপি ২৬ ইউপিতে চেয়ারম্যান প্রার্থী খুঁজছে, সময় ১৫ দিন

ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনের ২৬টি ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে বিএনপি একটি ‘সার্চ কমিটি’ গঠন করেছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, জনপ্রিয় এবং গ্রহণযোগ্য প্রার্থী খুঁজে বের করার উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সার্চ কমিটি গঠনের খবর প্রকাশের পর স্থানীয় রাজনীতিতে তৎপরতা বেড়েছে এবং মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে দৌড়ঝাঁপ শুরু হয়েছে।

দলীয় সূত্র জানায়, গঠিত সার্চ কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে তাদের দায়িত্ব শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি ইউনিয়নে দলীয় সমর্থনপ্রত্যাশীদের জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা মাঠপর্যায়ে সমীক্ষার মাধ্যমে যাচাই করা হবে, যা এই কমিটির মূল কাজ। যাচাই-বাছাই শেষে প্রতিটি ইউনিয়ন থেকে সর্বোচ্চ ৩ জন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীর তালিকা তৈরি করে ভোলা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এবং দলের দায়িত্বপ্রাপ্ত শীর্ষ নেতৃত্বের কাছে সুপারিশ আকারে জমা দেওয়া হবে।

ভোলা-৪ আসনের অধীন ৫টি থানা ও উপজেলার জ্যেষ্ঠ দলীয় নেতাদের সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়েছে, যাতে প্রার্থী বাছাইয়ে স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিশ্চিত করা যায়।

কমিটির সদস্য বিন্যাস অনুযায়ী

চরফ্যাশন সদর থানা: মো. মোতাহের হোসেন আলমগীর মালতিয়া, মো. মমিনুল ইসলাম ভুঁটু, সিকদার হুমায়ুন কবির, মো. আহসান উল্লাহ বাহার, মো. সাখাওয়াত হোসেন জোটন, অধ্যক্ষ মহিউদ্দীন বাচ্চু, সাজ্জাদ হোসেন ও আশরাফুর রহমান দীপু।

দুলারহাট থানা: কায়সার আহমেদ কমল, মো. খায়রুল ইসলাম সোহেল, অধ্যাপক মো. রেজাউল করিম, অধ্যাপক গোলাম আকতার মঈন, প্রভাষক মো. নজরুল ইসলাম ও এম কামরুজ্জামান শাহীন।

শশীভূষণ থানা: গোফরান মহাজন, মীর সাহাদাত হোসেন ছায়েদ, মো. শহিদুল ইসলাম প্রিন্স ও হাজী জাহিদুল ইসলাম রাসেল।

দক্ষিণ আইচা থানা: হেলাল উদ্দিন টিপু, কাজী মঞ্জুর হোসেন, আবুল কালাম আজাদ, আশরাফুল ইসলাম ও মো. মোসলে উদ্দিন শিমুল।

মনপুরা উপজেলা: সামস উদ্দিন চৌধুরী, ড. মো. কামাল উদ্দিন ও আব্দুল খালেক সেলিম মোল্লা।

সার্চ কমিটির কার্যক্রমের বিষয়ে চরফ্যাশন সদর অংশের দায়িত্বপ্রাপ্ত নেতা এবং সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া জানান, প্রতিটি ইউনিয়নে সততা, কর্মীবান্ধব ভাবমূর্তি, মাদকমুক্ত পরিচয় এবং বিগত ১৭ বছরে দলের প্রতি নিবেদিত থাকার বিষয়টিকে যোগ্যতার মাপকাঠি হিসেবে বিবেচনা করা হবে। সার্চ কমিটি তিনজনের তালিকা স্থানীয় সংসদ সদস্যের কাছে জমা দেবে এবং তিনি উপজেলা পর্যায়ের নেতাদের সঙ্গে পরামর্শ করে চূড়ান্ত সিদ্ধান্তের সুপারিশ করবেন।

দক্ষিণ আইচা থানা অংশের দায়িত্বপ্রাপ্ত নেতা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং সাবেক সহসভাপতি হেলাল উদ্দিন টিপু বলেন, বিগত দিনে আন্দোলন-সংগ্রামে নিবেদিতদের মধ্য থেকেই ৩ জনের তালিকা তৈরি করে জমা দেওয়া হবে।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা সার্চ কমিটি গঠনের এই প্রক্রিয়াকে সতর্কতার সঙ্গে দেখছেন। তাদের মতে, তৃণমূলের মূল্যায়নের ভিত্তিতে প্রার্থী বাছাই করা গেলে তা অভ্যন্তরীণ সমন্বয় বজায় রাখতে সহায়ক হতে পারে, তবে চূড়ান্ত মনোনয়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা কতটুকু ধরে রাখা সম্ভব হয় তা নির্ভর করবে কমিটির সার্বিক মূল্যায়নের ওপর। নির্ধারিত ১৫ দিনের মধ্যে সার্চ কমিটি কাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করে, সেটির দিকেই নজর স্থানীয় নেতাকর্মীদের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষার্থীদের জন্য খুলছে বঙ্গভবনের দরজা, ঘুরে দেখার সুযোগ দেড় ঘণ্টা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২২ এম


শিক্ষার্থীদের জন্য খুলছে বঙ্গভবনের দরজা, ঘুরে দেখার সুযোগ দেড় ঘণ্টা

দেশের শিক্ষার্থীরা বঙ্গভবনের ইতিহাস, ঐতিহ্য ও রাষ্ট্রীয় গুরুত্ব সম্পর্কে জানার সুযোগ পাবে। রাষ্ট্রপতির কার্যালয় তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য বঙ্গভবন পরিদর্শনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই উদ্দেশ্যে ‘শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বঙ্গভবন ভ্রমণ সংক্রান্ত নীতিমালা, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) রাষ্ট্রপতির কার্যালয়ের প্রণীত এই নীতিমালার কথা উল্লেখ করে দেশের মাদরাসাগুলোকে নির্দেশনা প্রদান করেছে মাদরাসা শিক্ষা বোর্ড। বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামানের সই করা নির্দেশনায় মাদরাসার অধ্যক্ষ ও সুপারদের বিষয়টি জানানো হয়েছে। একই সঙ্গে বঙ্গভবন পরিদর্শনের ক্ষেত্রে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণের অনুরোধ জানানো হয়েছে।

নীতিমালা অনুযায়ী, শিক্ষার্থীরা ১ ঘণ্টা ৩০ মিনিট সময় ধরে বঙ্গভবন পরিদর্শনের সুযোগ পাবে। এই সময়ের মধ্যে বঙ্গভবনের ইতিহাস ও কার্যক্রম নিয়ে ভিডিও প্রদর্শনী, তোশাখানা জাদুঘর, বঙ্গভবনের মূল ভবনের সামনে ফটোসেশন, এয়ার রেইড শেল্টার এবং হরিণ পার্ক ঘুরে দেখার সুযোগ থাকবে।

নির্ধারিত সূচি অনুযায়ী, শিক্ষার্থীদের সকাল ১০টায় বঙ্গভবনে প্রবেশ করতে হবে।

নীতিমালায় আরো উল্লেখ করা হয়েছে, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সর্বনিম্ন ৩০ জন এবং সর্বোচ্চ ৪০ জন শিক্ষার্থী পরিদর্শনে অংশ নিতে পারবেন। তাঁদের সঙ্গে তিন থেকে চারজন শিক্ষক প্রতিনিধি উপস্থিত থাকবেন।

বঙ্গভবন পরিদর্শনে অংশ নেওয়া শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত ইউনিফর্ম পরিধান করে আসতে হবে।

রাষ্ট্রপতির কার্যালয়ের এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা দেশের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বঙ্গভবনের ইতিহাস, সাংবিধানিক ভূমিকা ও কার্যক্রম সম্পর্কে সরাসরি জানার সুযোগ পাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অধ্যক্ষকে অবরুদ্ধ করে মধ্যরাতে ছাত্রীদের বিক্ষোভ, পদত্যাগের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২৩ এম


অধ্যক্ষকে অবরুদ্ধ করে মধ্যরাতে ছাত্রীদের বিক্ষোভ, পদত্যাগের দাবি

রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) অধ্যক্ষ অধ্যাপক মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা মধ্যরাতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে অধ্যক্ষকে তাঁর নিজ কার্যালয়ে অবরুদ্ধ করে রেখে বিক্ষোভ চলছিল।

রাত সাড়ে ১১টার দিকে পুলিশ এসে অধ্যক্ষকে উদ্ধার করে নিয়ে যায়। এরপর ছাত্রীরা কলেজের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় শতাধিক ছাত্রী সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন এবং অধ্যক্ষের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে তাঁর পদত্যাগ দাবি করছেন।

এর আগে সকালে কলেজের প্রশাসনিক ভবনে অধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন ছাত্রীরা। এ সময় তাঁরা ‘দফা এক দাবি এক, প্রিন্সিপালের পদত্যাগ’ এবং ‘প্রিন্সিপালের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’সহ বিভিন্ন স্লোগান দেন।

আন্দোলনরত শিক্ষার্থী ও কলেজ প্রশাসন সূত্রে জানা যায়, পূজার ছুটির আগে কলেজ অডিটোরিয়ামে তিনটি আবাসিক হলের পাঁচ বিভাগের স্নাতকোত্তর শেষ বর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি প্রথমে রাত ১০টার মধ্যে শেষ করার নির্দেশনা দেওয়া হয়। পরে শিক্ষার্থীদের অনুরোধে সময় বাড়িয়ে রাত ১২টা পর্যন্ত করা হয়। তবে অনুষ্ঠান শেষ হতে ভোর ৫টা বেজে যায়।

নির্ধারিত সময়ের পরও অডিটোরিয়াম ব্যবহার করায় অধ্যক্ষ অধ্যাপক মেহেরুন্নেছা অনুষ্ঠানের সমন্বয়কারী দুই শিক্ষার্থীর আবাসিক হলের আসন বাতিলের সিদ্ধান্ত নেন। পরে ওই শিক্ষার্থীরা ক্ষমা চাইতে গেলে আসন ফিরিয়ে দেওয়ার শর্ত হিসেবে তাঁদের কাছ থেকে এক রাতের অডিটোরিয়ামের এসি ও বিদ্যুৎ বিল বাবদ ১২ হাজার ৬০০ টাকা জরিমানা দাবি করা হয় বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।

কলেজের স্নাতকোত্তরের প্রথম পর্বের শিক্ষার্থী তাবাসসুম সাংবাদিকদের বলেন, ‘দুইটা স্টুডেন্টের সিট অযৌক্তিকভাবে বাতিল করার কারণেই এই আন্দোলন। আমরা ম্যাডামের কাছে হাত-পা জোর করে ক্ষমা চাইলে ম্যাডাম বলেন, আমাদের স্যরি অ্যাকসেপ্ট করেছেন এবং শাস্তিস্বরূপ এক রাতের অডিটোরিয়ামের বিল বাবদ ১২ হাজার ৬০০ টাকা দিতে হবে। আমাদের স্টুডেন্টদের পক্ষে এই টাকা দেওয়া সম্ভব না।’

এ বিষয়ে অধ্যক্ষ মেহেরুন্নেছা সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, ‘শিক্ষার্থীরা যা বলছে, তা টোটালি ঘটনার বিপরীত। আমি ওদের একটা অনুষ্ঠান করার অনুমতি দিয়েছিলাম রাত ১২টা পর্যন্ত। ওরা ৫টা পর্যন্ত অনুষ্ঠান করেছে। অনুষ্ঠান করার প্রেক্ষিতে আমি একটু রেগে গিয়ে ওদের দুইজনের আসন বাতিল করে দিয়েছি। পরবর্তীতে ওরা আমার কাছে মাফ চেয়েছে। আমি একটু নমনীয় হয়ে বলেছি, যেহেতু কোনো ডিসিপ্লিন মেইনটেইন করে নাই, ভবিষ্যতে শৃঙ্খলা বজায় রাখার জন্য শাস্তির আওতায় আসতে হবে। ওরা লং টাইম বিদ্যুৎ অপচয় করছে, এই বিলটা ওদের কাছ থেকে আমি নিব। এই জরিমানার নোটিশ আমি দিয়েছি, এটাই আমার অপরাধ।’

অধ্যক্ষ বলেন, ‘তারা সাদা কাগজে আমাকে পদত্যাগের স্বাক্ষর করতে বলছে। আমি কেন তাদের কাছে পদত্যাগ করব?’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোশারফ-তানভীরের ঝড়ে ২৬৮ রান, সোনারগাঁওয়ের ইউআইইউর বিরুদ্ধে বড় জয়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২৪ এম


মোশারফ-তানভীরের ঝড়ে ২৬৮ রান, সোনারগাঁওয়ের ইউআইইউর বিরুদ্ধে বড় জয়

এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটে-বলে দাপট প্রদর্শন করে এবিজি ইউনিভার্সিটি কাপের গ্রুপ পর্বে সোনারগাঁও ইউনিভার্সিটি একটি বড় জয় অর্জন করেছে। মোশারফ মুলার এবং তানভীর হোসেনের ঝোড়ো ব্যাটিংয়ের পর বোলারদের সম্মিলিত নৈপুণ্যে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে (ইউআইইউ) ১০২ রানে পরাজিত করেছে তারা।

প্রথমে ব্যাট করতে নেমে সোনারগাঁও ইউনিভার্সিটি ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৬৮ রানের বিশাল সংগ্রহ গড়ে। উদ্বোধনী জুটিতে মোশারফ মুলার এবং আলাউদ্দিন মনা ৯৯ রান যোগ করেন। আলাউদ্দিন ২৩ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৪৫ রান করে আউট হন। অন্যদিকে, মোশারফ ঝড় তুলতে থাকেন। তিনি মাত্র ৪০ বলে ৪ চার ও ১০ ছক্কায় ৯২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন।

এরপর চার নম্বরে নেমে তানভীর হোসেন ব্যাট হাতে তাণ্ডব চালান। তিনি ৩২ বলে ৪ চার ও ৮ ছক্কায় ৮১ রান করেন। শেষদিকে সাইফুল ইসলামের ১১ বলে ২৬ রানের অপরাজিত ইনিংসের মাধ্যমে সোনারগাঁওয়ের সংগ্রহ ২৫০ ছাড়িয়ে যায়। ইউআইইউর হয়ে আসাদুল্লাহ সাঈদ ৩১ রান খরচায় ৩ উইকেট নেন। এছাড়া সাব্বির এবং মাহমুদুল একটি করে উইকেট শিকার করেন।

ইউআইইউ ২৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু পায়। দুই ওপেনার রেজওয়ান ইকবাল এবং মাহমুদুল আলমের ব্যাটে উদ্বোধনী জুটিতে ৭৯ রান আসে। যদিও বড় জুটি হলেও ইউআইইউ কঠিন লক্ষ্যে যে স্ট্রাইক রেটে খেলার প্রয়োজন ছিল সেটি করতে পারেনি। রেজওয়ান ৩৬ বলে ৪ চার ও ৫ ছক্কায় ৫৬ রান করে আউট হলে দলের ছন্দপতন ঘটে। মাহমুদুল ৩২ বলে ২৭ রান করেন। শেষদিকে এহসানুল হকের ১৬ বলে ৩০ রান কেবল পরাজয়ের ব্যবধান কমিয়েছে। নির্ধারিত ২০ ওভারে ইউআইইউ ৮ উইকেট হারিয়ে ১৬৬ রানে থামে।

সোনারগাঁওয়ের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন আসিফ হাসান। তিনি ৪ ওভারে একটি মেডেনসহ মাত্র ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন। অলরাউন্ড পারফরম্যান্স দেখান তানভীর। তিনি ৪ ওভারে মাত্র ১৪ রান খরচায় ২ উইকেট নেন। এছাড়া মোশারফ, জীবন এবং সাইফুল একটি করে উইকেট শিকার করেন। ৮১ রানের ঝড়ো ইনিংসের পাশাপাশি বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন সোনারগাঁওয়ের অলরাউন্ডার তানভীর হোসেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%