০২:২২ এম
দেশের শিক্ষার্থীরা বঙ্গভবনের ইতিহাস, ঐতিহ্য ও রাষ্ট্রীয় গুরুত্ব সম্পর্কে জানার সুযোগ পাবে। রাষ্ট্রপতির কার্যালয় তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য বঙ্গভবন পরিদর্শনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই উদ্দেশ্যে ‘শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বঙ্গভবন ভ্রমণ সংক্রান্ত নীতিমালা, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) রাষ্ট্রপতির কার্যালয়ের প্রণীত এই নীতিমালার কথা উল্লেখ করে দেশের মাদরাসাগুলোকে নির্দেশনা প্রদান করেছে মাদরাসা শিক্ষা বোর্ড। বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামানের সই করা নির্দেশনায় মাদরাসার অধ্যক্ষ ও সুপারদের বিষয়টি জানানো হয়েছে। একই সঙ্গে বঙ্গভবন পরিদর্শনের ক্ষেত্রে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণের অনুরোধ জানানো হয়েছে।
নীতিমালা অনুযায়ী, শিক্ষার্থীরা ১ ঘণ্টা ৩০ মিনিট সময় ধরে বঙ্গভবন পরিদর্শনের সুযোগ পাবে। এই সময়ের মধ্যে বঙ্গভবনের ইতিহাস ও কার্যক্রম নিয়ে ভিডিও প্রদর্শনী, তোশাখানা জাদুঘর, বঙ্গভবনের মূল ভবনের সামনে ফটোসেশন, এয়ার রেইড শেল্টার এবং হরিণ পার্ক ঘুরে দেখার সুযোগ থাকবে।
আরও পড়ুন: অধ্যক্ষকে অবরুদ্ধ করে মধ্যরাতে ছাত্রীদের বিক্ষোভ, পদত্যাগের দাবি
নির্ধারিত সূচি অনুযায়ী, শিক্ষার্থীদের সকাল ১০টায় বঙ্গভবনে প্রবেশ করতে হবে।
নীতিমালায় আরো উল্লেখ করা হয়েছে, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সর্বনিম্ন ৩০ জন এবং সর্বোচ্চ ৪০ জন শিক্ষার্থী পরিদর্শনে অংশ নিতে পারবেন। তাঁদের সঙ্গে তিন থেকে চারজন শিক্ষক প্রতিনিধি উপস্থিত থাকবেন।
বঙ্গভবন পরিদর্শনে অংশ নেওয়া শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত ইউনিফর্ম পরিধান করে আসতে হবে।
রাষ্ট্রপতির কার্যালয়ের এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা দেশের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বঙ্গভবনের ইতিহাস, সাংবিধানিক ভূমিকা ও কার্যক্রম সম্পর্কে সরাসরি জানার সুযোগ পাবে।
আরও পড়ুন: উপাচার্য পুর্নবহালের দাবিতে বিএনপি মহাসচিবের কাছে চুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন