০১:৫২ এম
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমের পুনর্বহালের দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেছেন চুয়েটের শিক্ষার্থীরা। এই স্মারকলিপিটি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর কাছে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১টার দিকে চট্টগ্রাম ক্লাবের অতিথিশালায় রুহুল কবির রিজভীর সঙ্গে সাক্ষাৎ করে শিক্ষার্থীরা এই স্মারকলিপিটি তুলে ধরেন। এ সময় শিক্ষার্থীরা চুয়েটে চলমান আন্দোলনের বিভিন্ন দিক ও প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করেন।
রুহুল কবির রিজভী শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের প্রশংসা করেন। তিনি ঢাকায় ফিরে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের আশ্বাসও দেন।
আরও পড়ুন: ৭৮ পুলিশ পরিদর্শক পদোন্নতি পেয়ে সহকারী পুলিশ সুপার হলেন
পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাফিস হাসান নাফি বলেন, 'দুপুরে আমরা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের নিকট উপাচার্য পুনর্বহালের দাবি নিয়ে স্মারকলিপি প্রদান করেছি। আমরা আশা করি উনার মাধ্যমে সরকার শিক্ষার্থীদের দাবির আলোকে সিদ্ধান্ত নিবেন এবং চুয়েটের সকল স্বাভাবিক কার্যক্রম খুব দ্রুত ফিরিয়ে আনবেন।'
এদিকে, সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা গত ২২ সেপ্টেম্বর থেকে ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন শুরু করেন। পরে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মবিরতি দিয়ে আন্দোলনে যোগ দেন। ৩৬ দিন পর গত বুধবার আংশিকভাবে ক্লাস কার্যক্রম শুরু হয়। তবে দাবি পূরণ না হওয়ায় শিক্ষার্থীরা শিক্ষা কার্যক্রমের পাশাপাশি আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। প্রশাসনিক ভবন এখনো তালাবদ্ধ রয়েছে যদিও শিক্ষা কার্যক্রম স্বাভাবিক হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন