ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ভারতীয় নির্বাচন কমিশনে ভোটার তালিকা নিয়ে নজিরবিহীন মতবিরোধের তথ্য ফাঁস


ভারতীয় নির্বাচন কমিশনে ভোটার তালিকা নিয়ে নজিরবিহীন মতবিরোধের তথ্য ফাঁস

ভারতের নির্বাচন কমিশনের (ইসিআই) অভ্যন্তরে ভোটার তালিকা সংশোধনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে নজিরবিহীন মতবিরোধের তথ্য প্রকাশ্যে এসেছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, গত ১০ মাসে নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশী অন্তত ১৪ বার আনুষ্ঠানিকভাবে আপত্তি জানিয়েছেন। এর মধ্যে একদিনে তারা চারবার আপত্তি জানান।

প্রতিবেদন অনুযায়ী, আপত্তিগুলো মূলত নতুন ভোটার নিবন্ধন, ভোটারদের নাম বাদ দেওয়া ও পুনর্বহাল, ভোটার তালিকা-সংক্রান্ত আপিল এবং পুরো ভোটার তালিকার ডিজিটাল ব্যবস্থাপনা নিয়ে। দুই কমিশনার অভিযোগ করেছেন যে, তাদের অবগত না করেই কমিশনের নামে কিছু সিদ্ধান্ত ও নির্দেশ জারি করা হয়েছে। এসব আপত্তির অনুলিপি প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকেও প্রদান করা হয়েছিল।

বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর কার্যক্রমকে ঘিরেই এসব মতবিরোধের বড় অংশ সামনে এসেছে। ২০২৫ সালের জুনে বিহার থেকে শুরু হওয়া এই কার্যক্রম পরে ৩০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিস্তৃত হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, খসড়া ভোটার তালিকা থেকে ১৩ কোটির বেশি নাম বাদ পড়েছে।

আরও পড়ুন: ঋণ গ্রহণের ব্যয় বৃদ্ধিতে সীমিত পরিসরের বাজেটের পথে যুক্তরাজ্য

ফর্ম-৬ পরিবর্তন নিয়েও আপত্তি

নতুন ভোটার হিসেবে নিবন্ধনের জন্য ব্যবহৃত ফর্ম-৬-এ চলতি বছরের জুলাইয়ে নতুন একটি প্রশ্ন যুক্ত করা হয়—আবেদনকারী বা তাঁর বাবা-মা/দাদা-দাদি আগের এসআইআর-এর ভোটার তালিকায় ছিলেন কি না। কমিশনার বিবেক যোশী মে মাসেই নথিতে জানিয়েছিলেন, সরকারের বিধি সংশোধন ছাড়া এভাবে ফর্ম পরিবর্তন করা যায় না। সান্ধুও তাঁর সঙ্গে একমত হন। পরে পরিবর্তনটি কার্যকর হলে সান্ধু ১৩ আগস্ট একে ‘অননুমোদিত ও বেআইনি’ বলে উল্লেখ করে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।

ভোটার তালিকার সফটওয়্যার নিয়েও প্রশ্ন

দুই কমিশনার ভোটার তালিকার ডিজিটাল ব্যবস্থাপনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, স্থানীয় পর্যায়ের কর্মকর্তাদের ভোটার তালিকায় নাম সংযোজন ও বাদ দেওয়ার কাজে ব্যবহৃত সফটওয়্যারে প্রবেশাধিকার সীমিত করা হচ্ছে এবং ব্যবস্থাপনা দিল্লিকেন্দ্রিক হয়ে পড়ছে। তারা এ বিষয়ে অডিটের দাবিও তুলেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: স্পেনে দ্রুতগামী দুই ট্রেনের সংঘর্ষে ১০ জন নিহত

গোয়ার একটি ঘটনায় ৯৭ জন ভোটারের নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা যায়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের যোগ্য বলে সিদ্ধান্ত দিলেও সফটওয়্যারে আগের বাদ দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের সুযোগ না থাকায় নামগুলো তালিকায় ফেরানো সম্ভব হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

ক্যাবিনেট সচিবকে চিঠি

জুলাইয়ের শেষ দিকে নির্বাচন কমিশনের প্রশাসনিক দায়িত্ব ও আইটি ব্যবস্থাপনা নিয়ে একটি নতুন নির্দেশ জারির পর সান্ধু ও যোশী পৃথকভাবে ক্যাবিনেট সচিব টি ভি সোমনাথনকে চিঠি দেন। তাদের অভিযোগ ছিল, কাজের বণ্টনে এমন পরিবর্তন আনা হয়েছে, যা ভোটার তালিকার আইটি অবকাঠামোর ওপর নজরদারি কমিয়ে দিতে পারে এবং বিষয়টি তাদের না জানিয়েই করা হয়েছে। পরদিন দুই কমিশনার যৌথভাবে ওই পরিবর্তন বাতিল করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, নির্বাচন কমিশনের কর্মকর্তারা বুধবার দাবি করেছেন, কমিশনাররা বিভিন্ন বিষয়ে উদ্বেগ ও প্রশ্ন তুললেও এসআইআর-সংক্রান্ত সিদ্ধান্তগুলো কমিশনে সর্বসম্মতভাবেই নেওয়া হয়েছে।

আরও পড়ুন: শিক্ষার্থী বিনিময় থেকে মহাকাশ: ইউরোপীয় ইউনিয়ন ও কানাডার নতুন অংশীদারিত্ব

ভারতের সংবিধানের ৩২৪ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা এবং প্রধান নির্বাচন কমিশনার ও দুই নির্বাচন কমিশনার নিয়ে গঠিত। সাম্প্রতিক প্রকাশিত নথিগুলোতে উঠে আসা মতবিরোধ তাই দেশটির ভোটার তালিকা ব্যবস্থাপনা ও নির্বাচন পরিচালনার প্রক্রিয়া নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করেছে।

সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শামিত সোমের প্রশংসায় পঞ্চমুখ ইন্দোনেশিয়ার কোচ জন হার্ডম্যান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:১১ পি.এম


শামিত সোমের প্রশংসায় পঞ্চমুখ ইন্দোনেশিয়ার কোচ জন হার্ডম্যান

বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে ইন্দোনেশিয়ার কোচ জন হার্ডম্যান শমিত শোমকে নিয়ে নিজের পরিচয়ের বিষয়টি তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন, কানাডিয়ান এই মিডফিল্ডারকে তিনি দীর্ঘ সময় ধরে চেনেন এবং তাঁর সামর্থ্যের প্রশংসাও করেছেন হার্ডম্যান।

ফিফা আসিয়ান কাপ ২০২৬-এ বাংলাদেশ-ইন্দোনেশিয়া ম্যাচের প্রেক্ষিতে সংবাদ সম্মেলনে শোমকে নিয়ে মন্তব্য করেন হার্ডম্যান। তাঁর সঙ্গে শোমের পরিচয় নতুন নয়, কারণ কানাডা জাতীয় দলের বিভিন্ন ক্যাম্পে শোমকে তিনি পেয়েছেন।

হার্ডম্যান বলেন, “আমি তাকে খুব ভালোভাবে চিনি। খুব ভালোভাবেই। আমি তাকে বেশ কয়েকটি ট্রেনিং ক্যাম্পে এনেছি। দিদিয়ের দ্রগবার সময় এমএলএসে খুব সফল মন্ট্রিয়ল ইমপ্যাক্ট দলের অংশ ছিল সে। তাই সে একজন শীর্ষ মানের খেলোয়াড়।”

মেজর লিগ সকারে (এমএলএস) দ্রগবার মতো তারকার সঙ্গে খেলার অভিজ্ঞতা শোমের ক্যারিয়ারের অন্যতম উল্লেখযোগ্য অধ্যায়। হার্ডম্যানের মতে, এই অভিজ্ঞতা তাঁর পেশাদার মানের একটি বড় প্রমাণ।

শোমকে আরও কাছ থেকে চেনার একটি কারণ রয়েছে হার্ডম্যানের। কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব ক্যালগারি এফসিতে তাঁর ছেলে জে হার্ডম্যানের সতীর্থ ছিলেন শোম। ফলে জাতীয় দলের পাশাপাশি ক্লাব ফুটবলেও শোমকে কাছ থেকে দেখার সুযোগ হয়েছে হার্ডম্যানের।

হার্ডম্যান যোগ করেন, “সে ক্যালগারিতে আমার ছেলের সঙ্গেও খেলেছে।”

বাংলাদেশের বিপক্ষে ম্যাচে শোমের অভিজ্ঞতা ও মান ইন্দোনেশিয়ার জন্য বাড়তি নজরের বিষয় হতে পারে। হার্ডম্যানের বক্তব্যে স্পষ্ট, বাংলাদেশের এই মিডফিল্ডারকে তিনি শুধুমাত্র প্রতিপক্ষ হিসেবে দেখছেন না, বরং দীর্ঘদিনের পরিচিত একজন ফুটবলার হিসেবে তাঁর সামর্থ্য সম্পর্কে একটি ভালো ধারণা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্প প্রশাসন ওবামাকেয়ার থেকে ৭ লাখ ৫০ হাজার ব্যক্তিকে বাদ দিল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:১১ পি.এম


ট্রাম্প প্রশাসন ওবামাকেয়ার থেকে ৭ লাখ ৫০ হাজার ব্যক্তিকে বাদ দিল

ট্রাম্প প্রশাসন অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের (ওবামাকেয়ার) স্বাস্থ্যবিমা বাজার থেকে ৭ লাখ ৫০ হাজারের বেশি নিবন্ধিত ব্যক্তিকে বাদ দেওয়ার কথা জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এই ঘোষণা তিনি গত মঙ্গলবার প্রদান করেন। ভ্যান্সের দাবি, বাদ পড়া ব্যক্তিদের মধ্যে অনেকেই এমন প্রিমিয়াম ভর্তুকি গ্রহণ করছিলেন, যা পাওয়ার জন্য তারা আসলে যোগ্য ছিলেন না। এমনকি তাদের মধ্যে কিছু ব্যক্তি বাস্তবে অস্তিত্বহীন বলেও অভিযোগ করা হয়েছে।

ভ্যান্স সংবাদ সম্মেলনে বলেন, যারা ওবামাকেয়ারের ভর্তুকি পাচ্ছেন, তাদের প্রকৃতপক্ষে সেই সুবিধা পাওয়ার যোগ্যতা যাচাই করা হচ্ছে। তিনি স্বাস্থ্যবিমা আইনটির প্রচলিত আরেক নাম উল্লেখ করে এ কথা বলেন। ভ্যান্সের হিসাব অনুযায়ী, লক্ষ্যবস্তু করা এসব নিবন্ধন বাতিলের ফলে সরকারের প্রায় ২২০ কোটি ডলার সাশ্রয় হবে।

এটি ট্রাম্প প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বাধীন জালিয়াতি দমন টাস্কফোর্সের সর্বশেষ উদ্যোগ। সাম্প্রতিক সময়ে এই টাস্কফোর্সের কার্যক্রমের একটি বড় অংশ কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যসেবা কর্মসূচির ওপর কেন্দ্রিত হয়েছে।

গত কয়েক মাসে টাস্কফোর্সটি মিনেসোটা ও ক্যালিফোর্নিয়াকে দেওয়া কয়েক বিলিয়ন ডলারের মেডিকেইড তহবিল আটকে রাখার ক্ষেত্রেও ভূমিকা রেখেছে। তাদের দাবি, এসব অঙ্গরাজ্য স্বাস্থ্যসেবা কর্মসূচিতে জালিয়াতি প্রতিরোধে যথেষ্ট কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি।

এদিকে, স্বাস্থ্যবিমা পরিকল্পনার ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে চলতি বছর ওবামাকেয়ারে নতুন নিবন্ধনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। মধ্যবর্তী নির্বাচনের আগে বিষয়টি রিপাবলিকানদের জন্য রাজনৈতিক ঝুঁকি তৈরি করতে পারে। কারণ আসন্ন নির্বাচনে ভোটারদের মধ্যে জীবনযাত্রার ব্যয় ও স্বাস্থ্যসেবার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন পণ্যের ক্রমবর্ধমান মূল্য নিয়ে উদ্বেগ রয়েছে।

মঙ্গলবার ট্রাম্প প্রশাসনের এই ঘোষণার তীব্র সমালোচনা করেছে কংগ্রেসের ডেমোক্র্যাটরা। তাদের অভিযোগ, এটি অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট—যা ওবামাকেয়ার নামে পরিচিত—ধীরে ধীরে ভেঙে দেওয়ার একটি অযৌক্তিক পদক্ষেপ।

ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট প্রতিনিধি ন্যান্সি পেলোসি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, “জালিয়াতি দমনের মিথ্যা অজুহাত দেখিয়ে আমেরিকানদের স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত করা যেমন নিষ্ঠুর, তেমনি নিন্দনীয়।” সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান: হুমকি মোকাবেলায় সংলাপই সবচেয়ে কার্যকর অস্ত্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:১৬ পি.এম


ইরান: হুমকি মোকাবেলায় সংলাপই সবচেয়ে কার্যকর অস্ত্র

হুমকি মোকাবেলায় সংলাপ ও শান্তির বিকল্প কোনো অস্ত্র নেই, এই মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি।

এই তথ্যটি ইরানের বার্তা সংস্থা আইএসএনএ’র মাধ্যমে সংবাদমাধ্যম আলজাজিরা জানায়।

তিনি উল্লেখ করেন, ‘শান্তি’ কেবল যুদ্ধের অনুপস্থিতিকে বোঝায় না; বরং এর সঙ্গে মানুষের নিরাপত্তা, স্বস্তি ও সমৃদ্ধিও জড়িত।

বাঘায়ি আরও বলেন, প্রতিপক্ষের আক্রমণাত্মক কর্মকাণ্ডকে অকার্যকর করে দেওয়ার ক্ষেত্রে সংলাপ ও শান্তির মতো কার্যকর কোনো অস্ত্র নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যাসিস্টরা দেশকে অশান্তির চেষ্টা করছে, এতে বাতাস দিচ্ছে গুপ্ত-সুপ্তরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:১৬ পি.এম


ফ্যাসিস্টরা দেশকে অশান্তির চেষ্টা করছে, এতে বাতাস দিচ্ছে গুপ্ত-সুপ্তরা

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী মন্তব্য করেছেন যে, পলাতক ফ্যাসিস্টরা দেশের বাইরে থেকে অশান্তির চেষ্টা চালাচ্ছে, এবং এ ক্ষেত্রে সহযোগিতা করছে দেশের ভেতরে অবস্থানরত গুপ্ত ও সুপ্তরা।

তিনি বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশে এই কথা বলেন।

রিজভী আরো জানান, জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ার অভিযোগ তুলে একটি পক্ষ সড়কে নেমেছে। তবে তিনি উল্লেখ করেন, পৃথিবীর বিভিন্ন দেশে সংকট চলছে। বিরোধী দলের নেতাদের বড় বড় কথা বলার আগে সংবাদপত্র পড়া উচিত।

জামায়াতের এক হাজার গাড়ি নিয়ে লং মার্চের কথা উল্লেখ করে তিনি বলেন, যদি এত জ্বালানি অপচয় না করা হতো, তাহলে রাষ্ট্রের সাশ্রয় হতো। জনগণ এসব বিষয় বুঝতে পারছে। সংকট সত্ত্বেও সরকার জনগণকে সর্বোচ্চ সেবা প্রদান করছে। তারেক রহমানের সরকার অর্থনীতির উন্নতির পথে রয়েছে।

রিজভী আরও বলেন, বর্তমান সরকার সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার চেষ্টা করছে। বিরোধী দল এখন যেভাবে নির্বিঘ্নে কথা বলছে, তা ১৭ বছর আগে সম্ভব হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%