বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৬:৩৩ পি.এম
খুলনার আজিজুল হক ফেসবুকে বেবি বাইক কেনার বিজ্ঞাপন দেখে যোগাযোগ করেন। অর্ডার নিশ্চিত করার জন্য প্রথমে তার কাছে ৩১০ টাকা চাওয়া হয়।
এরপর ‘ডেলিভারি ম্যান’ পরিচয়ে ফোন করে নানা কৌশলে তার কাছ থেকে নেওয়া হয় আরো ৪৮ হাজার ৮৩০ টাকা।
অবশেষে পণ্য তিনি পাননি, বরং তার মোট ৪৯ হাজার ১৪০ টাকা খোয়াতে হয়েছে। এ ঘটনায় প্রতারণার অভিযোগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), খুলনা দুই যুবককে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে খুলনার খানজাহান আলী থানার শিরোমনি এলাকার জুয়েল সরদার (২৫) ও মো. সাইফুল ইসলাম (৩০) অন্তর্ভুক্ত রয়েছে।
গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে শিরোমনি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের একজন সাইফুলের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত মুঠোফোন ও সিম কার্ড জব্দ করা হয়েছে। গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর) তাদের আদালতে হাজির করা হলে দুজনই ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
মামলার এজাহার ও পিবিআই সূত্রে জানা যায়, খুলনার লবণচরা থানার টুটপাড়া বড়খালপাড় এলাকার বাসিন্দা আজিজুল হক ফেসবুকের ‘Online Sale Bazar’ নামের একটি পেইজে বেবি বাইকের বিজ্ঞাপন দেখেন।
এরপর তারা যে নম্বরে যোগাযোগ করতে বলেন, সেখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করেন।
অর্ডার নিশ্চিত করার জন্য আজিজুলকে প্রথমে ৩১০ টাকা অগ্রিম পাঠাতে বলা হয়। ২৭ আগস্ট তিনি টাকা পাঠানোর পর তাকে একটি ইনভয়েস প্রদান করা হয়। দুই দিন পর ২৯ আগস্ট বিকেলে অন্য একটি নম্বর থেকে ‘ডেলিভারি ম্যান’ পরিচয়ে ফোন আসে। এরপর নানা অজুহাতে তার কাছ থেকে একাধিক দফায় টাকা নেওয়া হয়।
প্রথমে তিন হাজার ২০০; এরপর তিন হাজার ৩০৭ ও তিন হাজার ২৫৯ টাকা নেওয়ার পর টাকা ফেরতের কথা বলে নেওয়া হয় ৯ হাজার ৭৬৬ টাকা। পরে আরো তিন দফায় ২৯ হাজার ২৯৮ টাকা নেওয়া হয়।
একপর্যায়ে টাকা ফেরত না পেয়ে আজিজুল প্রতারণার বিষয়টি বুঝতে পারেন। ৬ সেপ্টেম্বর তিনি লবণচরা থানায় মামলা করেন।
পিবিআই জানায়, জুয়েল ও সাইফুল একই কৌশলে আরো অনেকের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
পিবিআই খুলনার পুলিশ সুপার রেশমা শারমিন এ তথ্য নিশ্চিত করে বলেন, অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে অপরিচিত পেজ ও ব্যক্তিকে যাচাই না করে অগ্রিম টাকা দেওয়া থেকে বিরত থাকতে হবে। প্রতারণার শিকার হলে দ্রুত আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে জানানোর পরামর্শ দেন তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ির অভয়ারণ্যে মাছ ধরার নিষেধাজ্ঞা থাকা ছাপড়াখালি খালে বুধবার দিবাগত রাতে মাছ ধরার সময় বনরক্ষীদের হাতে দুই জেলে আটক হয়েছেন। এ সময় বনরক্ষীরা মাছ ধরার জাল সহ দুটি নৌকা জব্দ করেছেন।
বন বিভাগ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তার (ডিএফও) নির্দেশে বুধবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে আটটায় শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা ছাপড়াখালি খালে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় মাছ ধরারত জেলেদের দেখতে পেয়ে বনরক্ষীরা তাদের দিকে এগিয়ে যান।
বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে দুই জেলে নৌকা থেকে লাফিয়ে পড়ে সুন্দরবনের গভীরে পালানোর চেষ্টা করেন। তবে বনরক্ষীরা দুই জেলেকে দুটি নৌকা ও জালসহ হাতেনাতে আটক করতে সক্ষম হন। আটক জেলেদের মধ্যে রয়েছেন শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের সরোয়ার হোসেন (৩০) এবং আইয়ুব আলী (২৮)।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করিম চৌধুরী জানিয়েছেন, ছাপড়াখালিতে আটক জেলেরা বন আইন লঙ্ঘন করে অভয়ারণ্যের নিষিদ্ধ খালে মাছ ধরছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর তিস্তা সেতুতে ২৪ ঘণ্টার স্থায়ী পুলিশ চেকপোস্ট স্থাপনের দাবি স্থানীয় সচেতন নাগরিকদের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে। তারা মনে করেন, সেতুটিতে সার্বক্ষণিক পুলিশি নজরদারি নিশ্চিত হলে মাদক ব্যবসায়ী ও পাচারকারীদের চলাচল নিয়ন্ত্রণ করা সম্ভব হবে, যা মাদকের বিস্তার রোধে কার্যকর ভূমিকা পালন করবে।
গঙ্গাচড়া উপজেলা ৯টি ইউনিয়ন নিয়ে গঠিত। সচেতন নাগরিকরা উপজেলায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে তরুণ ও শিক্ষার্থীদের মধ্যে মাদকের প্রভাব নিয়ে অভিভাবক ও সচেতন মহলে উদ্বেগের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। অল্প বয়সী শিক্ষার্থীদের মধ্যে মাদকের প্রভাবের খবর স্থানীয়দের মধ্যে শঙ্কা তৈরি করেছে।
স্থানীয়দের বিশ্বাস, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান একমাত্র যথেষ্ট নয়। তারা মনে করেন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক এবং সাধারণ মানুষকে নিয়ে মাদকের বিরুদ্ধে সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদকের বিস্তার রোধ করা না গেলে ভবিষ্যৎ প্রজন্ম ও দেশের মেধাশক্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার ‘এ’ সার্কেল শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান জানিয়েছেন, মহিপুর তিস্তা সেতুতে পুলিশের টহল ব্যবস্থা বিদ্যমান রয়েছে। প্রশাসনের মাদকবিরোধী অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। স্থানীয়দের মতে, সেতুটিতে ২৪ ঘণ্টার স্থায়ী পুলিশ চেকপোস্ট স্থাপন করা গেলে মাদক পাচার ও ব্যবসা নিয়ন্ত্রণে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল আখের মিঞা মন্তব্য করেছেন, “মাদকে না বলুন। চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা নিতে হবে। তা না হলে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে।”
গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর সবুর জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অনুযায়ী অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় মেসার্স মন্ডল ট্রেডার্সের বিরুদ্ধে বিসিআইসি সার পাচারের সময় জনগণের হাতে ১৫ বস্তা সারসহ চালক ও ক্রেতাকে আটক করা হয়েছে। এ ঘটনায় সন্ত্রাসী কায়দায় ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৭ টার দিকে উপজেলার উজানচর ইউনিয়নের আনন্দ বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় কৃষকদের বক্তব্য অনুযায়ী, তারা উজান চর ইউনিয়নের বাসিন্দা এবং কৃষক। সারের জন্য গেলে তাদের জানানো হয় যে, সার নেই। অনেক সময় তারা অধিক দামে সার বিক্রি করেন। টাকা বেশি দিয়েও সার পাওয়া যায় না। তবে প্রায়ই শামসু মন্ডলের বাজারে অবস্থিত মন্ডল ট্রেডার্স থেকে জেলার বাইরে বিভিন্ন স্থানে সার বিক্রি করা হয়। এই বেড়িবাঁধের রাস্তা দিয়ে অন্য জেলায় সার পাঠানো হচ্ছে। এ কারণে আজকে চোখের সামনে সারের গাড়ি আটক করা হয়েছে।
কৃষকরা অভিযোগ করেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নে কৃষি কর্মকর্তাদের সহযোগিতায় ডিলাররা নিয়মিত সরকারি সার পাচার করছে এবং অতিরিক্ত দামে বিক্রি করছে। ডিলারদের দোকানে সরকারি দামে সার না পাওয়ায় তারা বাধ্য হয়ে খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে বেশি দামে সার কিনতে হচ্ছে, ফলে উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে এবং সারের সংকট দেখা দিচ্ছে।
এ সময় বিভিন্নভাবে সার ছাড়ানোর চেষ্টা করেন সেই ডিলারের লোকজন। বিষয়টি স্থানীয় সাংবাদিক, উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়। উপজেলা কৃষি কর্মকর্তা বিষয়টি সময়ক্ষেপণ করেন। তাদের লোকজন ঘটনাস্থলে যাচ্ছে, আপনি অপেক্ষা করুন। এক সময় ডিলারের পক্ষ থেকে সেখানে দেশীয় অস্ত্রসহ হাজির হন নাজমুল নামে একজন ব্যক্তি।
তিনি তখন যারা সার ধরেছে তাদেরকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকেন। ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকের উপর চড়াও হন। এ সময় তার কোমর থেকে দেশীয় অস্ত্র মাটিতে পড়ে যায় এবং তার কোমরে থাকা রিভলভার দৃশ্যমান হয়ে যায়। এরপর তিনি সন্ত্রাসী কায়দায় সারের গাড়িটি নিয়ে চলে যান।
পরে স্থানীয় লোকজন জানান, নাজমুল উপজেলা জামতলা এলাকার বকারটিলার চান মিয়ার ছেলে। তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং একসময় ব্যাপক সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ছিলেন। বেশ কয়েক বছর তিনি বিদেশে কাটিয়েছেন। এ ঘটনায় স্থানীয় জনগণ আতঙ্কিত হয়ে পড়েছে। সামান্য সারের জন্য অস্ত্র দেখিয়ে গাড়ি নিয়ে যাওয়ার বিষয়টি এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। এছাড়া মন্ডল ট্রেডার্সের মালিক মাসুদ মন্ডল আওয়ামী যুবলীগের রাজনীতির সাথে জড়িত।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার বলেন, তিনি সেখানে পরিদর্শনে গিয়েছিলেন। সার মাসুদ মন্ডলের দোকানের কি না, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তাছাড়া উপজেলার বিভিন্ন সারের ডিলাররা চুরি করে সার বিক্রি করছে, বিষয়টি তিনি গুরুত্বের সাথে দেখবেন বলে জানান। চোরাই সারের ক্রেতাদের বক্তব্য রয়েছে এবং যে অটোতে নিয়ে যাওয়া হচ্ছিল তার ভিডিও বক্তব্যও রয়েছে। এ বিষয়ে বক্তব্য দেওয়ার কথা থাকলেও তিনি আর অফিসে আসেননি।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। একেতো সার চুরি করে জেলার বাইরে বিক্রি করা অপরাধ, আবার সেই সার ছাড়ানোর জন্য সাংবাদিককে হুমকি দেওয়া বড় ধরনের অপরাধ। বিষয়টি গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে গুরুত্বের সাথে দেখার জন্য বলা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রামের হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনের সময় ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনায় নিহত সেনাসদস্য তাসনিম রিফাতের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বাদ জোহর রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের বিন্দারামপুর গ্রামে তাকে পূর্ণ সামরিক ও সামাজিক মর্যাদায় পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়।
এর আগে, বেলা ১১টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারের মাধ্যমে রিফাতের মরদেহ রাজশাহী সেনানিবাসে নিয়ে আসা হয়। সেখানে তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। এরপর সড়কপথে মরদেহ তার জন্মস্থান বিন্দারামপুর গ্রামে পৌঁছালে স্বজন ও গ্রামবাসীদের মধ্যে শোকের মাতম শুরু হয়। তরুণ এই সেনাসদস্যকে হারিয়ে পুরো এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।
বাদ জোহর পরিবারের সদস্য এবং হাজারো গ্রামবাসীর অংশগ্রহণে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সেনাবাহিনীর তত্ত্বাবধানে পূর্ণ মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, বুধবার (৯ সেপ্টেম্বর) আনুমানিক দুপুর ১২টার দিকে চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনাবশত ট্যাংকের ভেতরে একটি গোলা বিস্ফোরিত হয়। এই মর্মান্তিক ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর আর্মড কোরের ১৫ স্বতন্ত্র সাঁজোয়া স্কোয়াড্রনের সদস্য সৈনিক তাসনিম রিফাতসহ ঘটনাস্থলেই দুই সেনাসদস্য প্রাণ হারান।
মাত্র তিন বছর আগে ক্যানসারে আক্রান্ত হয়ে মাকে হারান রিফাত। এবার মাত্র ২৮ বছর বয়সী কর্মক্ষম ছেলেকে হারিয়ে নির্বাক হয়ে পড়েছেন বাবা আসাদুল ইসলাম। মৃত্যুকালে এই সেনাসদস্য স্ত্রী এবং প্রায় আঢ়াই বছর বয়সী এক কন্যাসন্তান রেখে গেছেন।
এ সময় সেনা সদস্যের জানাজার নামাজে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ