ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

ঢাকাসহ ১৩ সিটি করপোরেশনে ই-রিকশার নিবন্ধন শুরু, ফি ৮-১০ হাজার টাকা


ঢাকাসহ ১৩ সিটি করপোরেশনে ই-রিকশার নিবন্ধন শুরু, ফি ৮-১০ হাজার টাকা

ঢাকাসহ দেশের ১৩টি সিটি করপোরেশন এলাকায় আজ সোমবার থেকে ব্যাটারিচালিত তিন চাকার রিকশার (ই-রিকশা) নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে। নিবন্ধনের জন্য ফি নির্ধারণ করা হয়েছে আট থেকে ১০ হাজার টাকা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন যে, বর্তমানে রাস্তায় চলাচলরত রিকশাগুলো এখনই বন্ধ হবে না।

গতকাল রোববার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে ‘সিটি করপোরেশন এলাকায় ই-রিকশা চলাচল বিধিমালা, ২০২৬’ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, আপাতত চালকদের ড্রাইভিং লাইসেন্স লাগবে না। ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ই-রিকশা চলাচল নিয়ন্ত্রণের জন্য আটটি জোন নির্ধারণ করা হবে। প্রতিটি জোনের জন্য আলাদা রঙ থাকবে, ফলে এক জোনের রিকশা অন্য জোনে চলতে পারবে না।

আরও পড়ুন: আলিম পাসের পরদিনই বাসচাপায় প্রাণ গেল সাকিবের

নতুন বিধিমালা প্রকাশের পর ই-রিকশার চালকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, নিবন্ধন পর্যায়ক্রমে দেওয়া হবে। বৈধ বা অবৈধ রিকশাগুলো আপাতত চলবে এবং অবৈধ রিকশা অপসারণের ব্যবস্থা নেওয়া হবে। এজন্য সংশ্লিষ্টদের কিছুটা সময় দিতে হবে।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, সিটি করপোরেশন এলাকায় ই-রিকশা চলাচলে বিধিমালা প্রণয়ন করেছে সরকার। একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে এক বা একাধিক সিটি থেকে পাঁচটি ই-রিকশার নিবন্ধন করা যাবে।

মীর শাহে আলম বলেন, জোনভিত্তিক রিকশার চলাচলের ব্যবস্থা করা হবে, যাতে এক এলাকার রিকশা অন্য এলাকায় যেতে না পারে। কোন জোনে কতগুলো রিকশা চললে যানজট তৈরি হবে না, তা ট্রাফিক বিভাগ ও সিটি করপোরেশন যৌথভাবে নির্ধারণ করবে।

বিধিমালা অনুযায়ী যেসব সড়কে বাস চলাচল করে, সেসব সড়কে ই-রিকশা চলাচল নিয়ন্ত্রণ করা হবে। তবে এ বিষয়ে বিস্তারিত বাস্তবায়ন পরিকল্পনা পর্যায়ক্রমে নেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী।

আরও পড়ুন: গ্যাস ও তেলের খনির সম্ভাবনা, আগুনের তীব্রতা কমলে রিলিফ কূপ খনন হবে

বিধিমালা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, দুই যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে আট হাজার টাকা। এক বছর পর ফিটনেস যাচাই করে নবায়নের জন্য দিতে হবে চার হাজার টাকা। অন্যদিকে চার যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার নিবন্ধন ফি ১০ হাজার টাকা। এক বছর পর ফিটনেস যাচাই করে নবায়নের জন্য ফি দিতে হবে পাঁচ হাজার টাকা। সর্বোচ্চ ১২ বছর পর্যন্ত এসব ই-রিকশা চলাচল করতে পারবে।

ই-রিকশার চলাচল নিয়ন্ত্রণে জোনভিত্তিক চলাচল, রুট নির্ধারণ এবং ই-রিকশার নির্দিষ্ট রঙ চূড়ান্ত করা হবে। ই-রিকশার নিবন্ধন নম্বর, মালিকের তথ্য, সংশ্লিষ্ট সিটি করপোরেশন এবং কোন জোনে রিকশাটি চলাচল করতে পারবে, তা কিউআর কোডে থাকবে। চালকদের পরিচয় নিশ্চিত করতে আপাতত পরিচয়পত্রের ব্যবস্থা রাখা হবে।

প্রতিমন্ত্রী বলেন, আপাতত চালকদের ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক করা হচ্ছে না। নিবন্ধন কার্যক্রম কিছুটা এগিয়ে গেলে এ বিষয়ে আলাদা প্রজ্ঞাপন জারি করা হবে। পর্যায়ক্রমে চালকদের ড্রাইভিং লাইসেন্সের আওতায় আনা হবে।

ই-রিকশা নিবন্ধনের আগে বিদ্যমান যানবাহনগুলোকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অনুমোদিত নকশা অনুযায়ী সংশোধন করতে হবে। এরপরই নিবন্ধন দেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী।

আরও পড়ুন: ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল, সদস্যসচিব জাহাঙ্গীর মনোনীত

তিনি বলেন, বর্তমানে চলাচলকারী ই-রিকশাগুলোকে অনুমোদিত নকশা অনুযায়ী পরিবর্তন করতে হবে। উৎপাদনকারীদেরও অনুমোদিত নকশা অনুসরণ করে যানবাহন তৈরি করতে হবে।

বিধিমালায় নির্দিষ্ট স্থানে এসব রিকশার জন্য চার্জিং স্টেশন স্থাপনের অনুমোদন দেওয়া হবে বলে জানানো হয়েছে। এছাড়া সৌরবিদ্যুতের মাধ্যমে চার্জের ব্যবস্থা করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেওয়া হবে।

ই-রিকশা নিবন্ধন কত দিনের মধ্যে শেষ হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময়সীমা জানাননি প্রতিমন্ত্রী। তিনি বলেন, নিবন্ধন কার্যক্রম শুরুর এক মাস পর সাংবাদিকদের সঙ্গে আবার বসে অগ্রগতি জানানো হবে। ওই সময়ে কতগুলো রিকশার নিবন্ধন দেওয়া হয়েছে এবং অবৈধ রিকশা নিয়ন্ত্রণে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা তুলে ধরা হবে।

ভাড়া নির্ধারণের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, মালিকপক্ষ, ট্রাফিক বিভাগ ও সিটি করপোরেশন যৌথভাবে আলোচনা করে কিলোমিটারপ্রতি ভাড়া নির্ধারণ করবে। তবে ভাড়া সাধারণ মানুষের সামর্থ্যের মধ্যে রাখার চেষ্টা করা হবে।

আরও পড়ুন: চলতি বছরে উচ্চশিক্ষায় ফাঁকা থাকবে সাড়ে আট লাখ আসন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল, সদস্যসচিব জাহাঙ্গীর মনোনীত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৩ এম


ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল, সদস্যসচিব জাহাঙ্গীর মনোনীত

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। এই নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন এবং সদস্যসচিব হিসেবে মনোনীত হয়েছেন সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।

রোববার (১ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস আজ, জেমসের কনসার্টসহ নানা আয়োজন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৩ এম


জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস আজ, জেমসের কনসার্টসহ নানা আয়োজন

আজ সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ উদযাপন করা হচ্ছে, যেখানে শোভাযাত্রা, চারুকলা প্রদর্শনী, আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কনসার্টের মতো বিভিন্ন আয়োজন থাকবে। দিনব্যাপী অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংগীত পরিবেশন করবেন নগরবাউল জেমস।

রবিবার (১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আনিসুর রহমানের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মসূচির তথ্য জানানো হয়। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন অনুষ্ঠান এবং নিরাপত্তাব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন।

এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘তারুণ্যে দীপ্তপ্রাণ-ঐক্যবদ্ধ জবিয়ান’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সভাপতিত্ব করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

সকাল ৯টায় শহীদ মিনার চত্বরে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীতের মাধ্যমে কর্মসূচির সূচনা হবে। সকাল ৯টা ১৫ মিনিটে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করবেন উপাচার্য। এরপর শোভাযাত্রা, শিল্পকর্ম ও চিত্রপ্রদর্শনী এবং কেন্দ্রীয় মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। বাদ জোহর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

বিকেল ৩টায় বিজ্ঞান ভবন প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। সন্ধ্যা সাড়ে ৬টায় মঞ্চে উঠবেন জেমস। কনসার্টটি রাত ৯টার মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।

দর্শকদের সুবিধার্থে শহীদ মিনার ও মূল মঞ্চের সামনে দুটি এলইডি পর্দা এবং বাহাদুর শাহ পার্কে জায়ান্ট স্ক্রিন স্থাপনের বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসন বিবেচনা করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৪ এম


নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের নবগঠিত কমিটি অনুমোদন পাওয়ার পর সংগঠনটির নেতাকর্মীরা আনন্দ শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করেন। এ সময় নেতারা সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার, সংগঠনকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করার এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে রাজপথে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

রোববার (১ নভেম্বর) বিকেলে সোনাইমুড়ী সরকারি কলেজ মাঠ থেকে উপজেলা ও পৌরসভা ছাত্রদলের উদ্যোগে আনন্দ শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সোনাইমুড়ী বাইপাস চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন রনি, সোনাইমুড়ী উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটির আহ্বায়ক ইমাম হোসেন রকি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম বাবু, সদস্য সচিব নুর হোসেন সবুজ এবং পৌরসভা ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য সচিব আলী হোসেন প্রমুখ।

বক্তারা উল্লেখ করেন, নবগঠিত কমিটির মাধ্যমে সোনাইমুড়ীতে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করার পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে হবে। বক্তারা বলেন, দলীয় আদর্শ ও শৃঙ্খলা মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ছাত্রদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তারা আরও বলেন, বটবাহিনী ও কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাস, দখলদারত্ব ও অতীতের অপকর্মের বিরুদ্ধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বক্তারা নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান যেন কোনো অপশক্তি শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ নষ্ট করতে না পারে।

এ সময় দলের দুঃসময়ে ত্যাগী কর্মীদের নবগঠিত কমিটিতে মূল্যায়ন করায় ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির এবং জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি বক্তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আনন্দ শোভাযাত্রায় অংশ নিতে দুপুর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সোনাইমুড়ী সরকারি কলেজ মাঠে জড়ো হন। পরে সহস্রাধিক নেতাকর্মীর অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্যাস ও তেলের খনির সম্ভাবনা, আগুনের তীব্রতা কমলে রিলিফ কূপ খনন হবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৪ এম


গ্যাস ও তেলের খনির সম্ভাবনা, আগুনের তীব্রতা কমলে রিলিফ কূপ খনন হবে

কক্সবাজারের উখিয়ার ইনানীতে গত পাঁচ দিন ধরে মাটির নিচ থেকে নির্গত গ্যাসের আগুন জ্বলছে। বিশেষজ্ঞরা প্রাথমিক পর্যবেক্ষণে গ্যাসের সঙ্গে তেল বা কনডেনসেট থাকার সম্ভাবনা দেখছেন। উৎস ও মজুত সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য বাপেক্স ও পেট্রোবাংলা ১৫ দিন পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছে। আগুনের তীব্রতা না কমলে বিকল্প বা ‘রিলিফ কূপ’ খনন করা হতে পারে। তবে সম্ভাবনার সঙ্গে দুর্ঘটনার শঙ্কাও বাড়ছে। জননিরাপত্তার জন্য ঘটনাস্থলের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

গত শুক্রবার সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করে রিলিফ কূপ খননের ঘোষণা দেন বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) এবং বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) উচ্চ পর্যায়ের একটি দল। পেট্রোবাংলার কর্মকর্তারা আগুনের উৎসকে একটি অগভীর গ্যাসের মজুত বা শ্যালো রিজার্ভার বলে ধারণা করছেন। তারা ইতোমধ্যে বিভিন্ন ধরনের নমুনা সংগ্রহ করেছেন এবং পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্টরা জানাচ্ছেন, ইনানীর ওই উৎস থেকে উৎপাদন ও ব্যবহারযোগ্য গ্যাস বা জ্বালানি তেল পাওয়া গেলে এটি হবে দেশের ৩১তম খনিজ কূপ।

গত শুক্রবার সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বাপেক্স ও পেট্রোবাংলার কর্মকর্তারা আগুনের প্রকৃতি এবং গ্যাস নির্গমন পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। বাপেক্সের ভূতাত্ত্বিক বিভাগের মহাব্যবস্থাপক শামসিয়া মুকতাদির বলেন, "এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় বাপেক্সের অভিজ্ঞতা ও সক্ষমতা রয়েছে। নিজস্ব ব্যবস্থাপনাতেই এ পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব।" তবে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিতে হচ্ছে, কারণ যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে পারে।

পেট্রোবাংলার পরিচালক (অপারেশন ও মাইনস) প্রকৌশলী শোয়েব জানান, বাপেক্স ও পেট্রোবাংলার কর্মকর্তাদের পাশাপাশি অবসরপ্রাপ্ত কয়েকজন মহাব্যবস্থাপককে নিয়ে বৃহস্পতিবার পেট্রোবাংলায় একটি সভা হয়েছে। সেখানে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে, নির্গত গ্যাসটি থার্মোজেনিক ও বায়োজেনিক প্রকৃতির হতে পারে। তবে আগুনের শিখার রঙ দেখে গ্যাসের সঙ্গে তেল বা কনডেনসেট থাকার বিষয়টিও অনুমান করা হচ্ছে।

তিনি আরও বলেন, প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে, আগুনের উৎস একটি অগভীর গ্যাসের মজুত বা শ্যালো রিজার্ভার। দেশে সাধারণত ভূগর্ভের দেড় থেকে পাঁচ কিলোমিটার গভীরে গ্যাসের মজুত পাওয়া যায়। তবে গ্যাসের উৎস ও প্রকৃত পরিমাণ সম্পর্কে নিশ্চিত হতে ১৫ দিন পর্যবেক্ষণ করা হবে। এ সময় আগুনের শিখার উচ্চতা ও গ্যাস নির্গমনের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।

পেট্রোবাংলার এই কর্মকর্তা জানান, ১৫ দিন পর্যবেক্ষণের পর যদি দেখা যায় আগুনের শিখার উচ্চতা বেড়েছে বা একই রকম রয়েছে, তাহলে আগুন বন্ধ করার জন্য প্রাথমিকভাবে একটি রিলিফ কূপ খননের পরিকল্পনা করা হবে। সাইড ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করে রিলিফ কূপ খননের মাধ্যমে গ্যাসের নির্গমন বন্ধ করার চেষ্টা করা হবে। তবে গ্যাসের প্রবাহ কমে গেলে বা বন্ধ হয়ে গেলে পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আশপাশেও গ্যাসের অস্তিত্ব

মো. শোয়েবের মতে, আশপাশের কয়েকটি ভূতাত্ত্বিক স্তর থেকেও গ্যাস জ্বলতে দেখা গেছে। ভূগঠনে কিছু পরিবর্তনের কারণে গ্যাস নির্গমন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরে বাপেক্স সেখানে ত্রিমাত্রিক (থ্রিডি) ভূকম্পন জরিপ পরিচালনা করবে। জরিপের তথ্য বিশ্লেষণ করে গ্যাস মজুতের সম্ভাবনা যাচাই করা হবে। সেখানে অর্থনৈতিকভাবে লাভজনক গ্যাসের মজুত পাওয়া গেলে নতুন কূপ খননের উদ্যোগ নেওয়া হবে।

জানা গেছে, গত ২৭ অক্টোবর সকালে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের ইনানী ছোট খাল ব্রিজসংলগ্ন একটি বাড়িতে নলকূপ স্থাপনের কাজ চলছিল। ওই সময় মাটির প্রায় এক হাজার ফুট গভীরে পাইপ ঢোকানোর পর গ্যাস বের হতে শুরু করে। এক পর্যায়ে সেই গ্যাসে আগুন ধরে যায়।

পরে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। ঘটনাস্থলে প্রাকৃতিক গ্যাসের মজুত থাকার সম্ভাবনা দেখা দেওয়ায় বাপেক্সের একটি কারিগরি দল স্থানটি পরিদর্শন করে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছে।

এ পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিতে গত বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় আগুনের উৎস ও আশপাশের এলাকাকে বিভিন্ন নিরাপত্তা অঞ্চলে ভাগ করে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

২০০ মিটারে ১৪৪ ধারা জারি

এরপর উখিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পান্না আক্তারের এক আদেশে ঘটনাস্থলের আশপাশের ২০০ মিটারের মধ্যে সাধারণ মানুষের প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এ ঘটনায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

আদেশে উল্লেখ করা হয়েছে, ঘটনাস্থল ও আশপাশে আগুন জ্বালানো, ধূমপান, দিয়াশলাই বা লাইটার ব্যবহারসহ স্ফুলিঙ্গ সৃষ্টি করতে পারে- এমন সব কার্যক্রম নিষিদ্ধ। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে নিষেধাজ্ঞা কার্যকরে এলাকায় মাইকিংয়ের পাশাপাশি বসানো হয়েছে কাঁটাতারের বেড়া ও লাল পতাকা। তবে এসব সতর্কতামূলক ব্যবস্থার পরও ঘটনাস্থলের আশপাশে মানুষের ভিড় পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ১৪৪ ধারা জারির পরও প্রতিদিনই বিকালে ঘটনাস্থলে মানুষের ভিড় বেড়ে যাচ্ছে। অনেকে ছবি ও ভিডিও ধারণ করছেন। ফলে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীকে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে।

বাসিন্দাদের মাঝে আতঙ্ক

এদিকে আগুনের এমন পরিস্থিতিতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দা ছৈয়দ আলম জানান, বাপেক্সের পক্ষ থেকে ৭২ ঘণ্টার সময়সীমা দেওয়ায় তারা আশা করেছিলেন এর মধ্যে আগুনের তীব্রতা কমে আসবে। কিন্তু দিন দিন তা আরো বাড়ছেই।

আরেক বাসিন্দা বেলাল উদ্দিন বলেন, আগুনের কারণে রাস্তার দুই পাশ দিয়ে চলাচলে বিঘ্ন ঘটছে। যানবাহন নিয়ে চলাচলেও ভোগান্তি পোহাতে হচ্ছে।

শহিদুল আলম নামের এক ব্যক্তি বলেন, ঘটনার তিন দিন পর প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। কিন্তু তা অমান্য করেই উৎসুক লোকজন ঘটনাস্থলের আশপাশে ভিড় করছেন। এভাবে চলতে থাকলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%