০৮:৪৫ পি.এম
ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : শিল্পাঞ্চলে নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধের উদ্দেশ্যে ৫৭ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। দেশের ৯টি জেলায় শ্রমিক এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখতে তাদের এই মোতায়েন করা হয়েছে।
গাজীপুরে ১৭ প্লাটুন এবং নারায়ণগঞ্জে চার প্লাটুন সদস্য এই দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় মোতায়েন করা সদস্যরা শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্ট, মহাসড়ক, আঞ্চলিক সড়ক এবং শিল্পকারখানার আশপাশে সতর্ক অবস্থান নিয়ে নিয়মিত টহল দিচ্ছেন। বিশেষ স্ট্রাইকিং টিমও যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে প্রস্তুত রয়েছে।
আরও পড়ুন: এমপিকে ছাড়া কোনো রাস্তা বা ভবন উদ্বোধন করা যাবে না: রায়হান সিরাজী
গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ সড়কের পাশাপাশি নারায়ণগঞ্জের কাঠেরপুল ও জালকুড়িসহ বিভিন্ন এলাকায় নিরাপত্তামূলক কার্যক্রম চলমান রয়েছে।
শ্রমিক অসন্তোষের কারণে কোনো মহল যাতে নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, শ্রমিকদের কর্মস্থলে ফিরে আসার অনুকূল পরিবেশ তৈরি করা, মহাসড়কে যান চলাচল সচল রাখা এবং উৎপাদন ও অর্থনৈতিক কর্মকাণ্ডের ধারাবাহিকতা রক্ষায় আনসার ব্যাটালিয়নের এই তৎপরতা অব্যাহত থাকবে।
আরও পড়ুন: বাংলাদেশের সার্বভৌমত্বের মর্যাদা বুঝতে হবে: খেলাফত মজলিস
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন