০৯:২৮ পি.এম
পাবনার বেড়া মডেল থানার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনার পর চার দিন পর পুলিশ মামলা দায়ের করেছে। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে কারাগারে পাঠানো হয়েছে। বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত আটটার দিকে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, থানার উপ-পরিদর্শক (এসআই) ইমদাদ আলী বাদি হয়ে সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে মামলাটি দায়ের করেন। মামলায় ২০ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে। ওসির দাবি, আসামিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থক। গোলাম মোস্তফা বলেন, মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে বেআইনি জনতায় দলবদ্ধ হয়ে থানাকে ঘেরাও করে বিক্ষোভ, ভাঙচুর, বিশৃঙ্খলা ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।
তিনি আরও জানান, মামলার পর সোমবার রাতেই অভিযান চালিয়ে সাইফুল ইসলাম (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত সাইফুল উপজেলার সম্ভুপুর এলাকার মৃত আব্দুল হান্নানের ছেলে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হয়েছে। তবে বুধবার (২৫ নভেম্বর দুপুর ২টা) রিপোর্ট লেখা পর্যন্ত অন্য কোন আসামি গ্রেপ্তার হয়নি বলে জানান ওসি।
আরও পড়ুন: ফকিরহাটে জ্বরে আক্রান্ত ১০ বছরের শিক্ষার্থীর মৃত্যু
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বৃশালিখা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি নিয়ে তারা বেড়া মডেল থানার সামনে গিয়ে ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেন। এ সময় থানার একটি গেট ভাঙচুর করা হয়। খবর পেয়ে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা ধাওয়া দিলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায় এবং সংঘর্ষ হয়। কিছুক্ষণ পর বৃশালিখা মহল্লায় সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে থাকা খড়ের পালায় আগুন দেওয়া হয়। তবে কে বা কারা আগুন দেয়, তা নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনার পর ১৯ নভেম্বর রাত থেকে তিন দিন ধরে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে বেড়া পৌর সদরের বিভিন্ন এলাকায়। সেই সংঘর্ষের ঘটনায় কেউ থানায় অভিযোগ দেয়নি বলে জানান থানার ওসি গোলাম মোস্তফা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন