প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ময়মনসিংহ, ২৫ নভেম্বর, ২০২৬ : বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স মন্তব্য করেছেন, "আমাদের জাতীয় গৌরব, আত্মমর্যাদা ও স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিজয়ের প্রতীক ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশ বিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না।"
আজ ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কৈচাপুর উচ্চ বিদ্যালয় মাঠে কৈচাপুর ইউনিয়ন বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স আরও বলেন, "পশ্চিমবঙ্গের একজন মন্ত্রী বাংলাদেশ দখলের হুমকি দিয়েছেন। অন্যদিকে শেখ হাসিনার কথিত মুখপাত্র জানিয়েছেন, শেখ হাসিনা একই দিনে দিল্লি থেকে ঢাকায় ফিরতে চান।" তিনি উল্লেখ করেন, "পশ্চিমবঙ্গের মন্ত্রীর বাংলাদেশ দখলের হুমকি, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা এবং এই সময়কে ঘিরে আওয়ামী লীগের নাশকতার অপচেষ্টাকে বিচ্ছিন্নভাবে দেখার কোনো সুযোগ নেই। তাহলে কি শেখ হাসিনার মাধ্যমে তারা বাংলাদেশ দখল করতে চায়?"
তিনি আরও বলেন, "সবার মনে রাখা উচিত, ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের দিন, কোনো বিদেশি শক্তি ও তার দোসরদের আধিপত্য বিস্তারের দিন নয়। বিজয় দিবসের মর্যাদা ক্ষুণ্ন করার সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়া হবে।"
পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি ভারত সরকারের কাছে এর সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেন। তিনি বলেন, "প্রতিবেশীদের সঙ্গে আমরা শত্রুতা নয়, বন্ধুত্ব চাই। তবে সেই বন্ধুত্ব হতে হবে সমতা, পারস্পরিক মর্যাদা এবং স্বাধীনতা ও সার্বভৌমত্বের ও জনগণের আকাক্সক্ষার প্রতি শ্রদ্ধার ভিত্তিতে।"
নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে প্রিন্স বলেন, "অতীত থেকে শিক্ষা নিন। যে স্বার্থবাদী ও ক্ষমতালোভী নেতৃত্ব আপনাদের বিপদের মুখে ফেলে বিদেশে পালিয়ে গেছে, তাদের নির্দেশে আবারও আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে নিজেদের ও পরিবারের ভবিষ্যৎ বিপন্ন করবেন না।"
তিনি উল্লেখ করেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ সুরক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।"
এসময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলকে ক্ষুদ্র স্বার্থ ভুলে বৃহত্তর স্বার্থে জাতীয় ঐক্য জোরদার ও দৃশ্যমান করার আহ্বান জানান।
তিনি মহান বিজয় দিবসকে ঘিরে যেকোনো ধরনের সন্ত্রাস, নাশকতা ও অন্তর্ঘাতের অপচেষ্টা মোকাবিলায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকারও আহ্বান জানান।
কৈচাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী প্রমুখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন