ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

জুনের ২৯ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৬৮ কোটি ডলার


জুনের ২৯ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৬৮ কোটি ডলার

চলতি মাসের প্রথম ২৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৬৮ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। এই হিসাব অনুযায়ী, প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ২৬ লাখ ডলার রেমিট্যান্স।

মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, চলতি জুন মাসের প্রথম ২৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৬৮ কোটি ৬০ লাখ ডলার। তবে গত বছরের একই সময়ে এসেছিল ২৭০ কোটি ৭০ লাখ ডলার। অর্থাৎ, বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ কমেছে।

আরও পড়ুন: এবার বিআরটি ভাঙতে ব্যয় হবে ৪৫ কোটি টাকা

চলতি অর্থবছরের জুলাই থেকে ২৯ জুন পর্যন্ত দেশে এসেছে ৩ হাজার ৫৪৪ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স। বছরের তুলনায় যা বেড়েছে ১৭ দশমিক ৩০ শতাংশ।

এর আগে, গত মে মাসে দেশে এসেছে মোট ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে কোনো এক মাসের দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় হিসেবে বিবেচিত।

গত এপ্রিলে দেশে এসেছিল ৩১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার। আর গত মার্চে দেশে এসেছিল ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে যে কোনো এক মাসের সর্বোচ্চ রেকর্ড।

গত ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে যথাক্রমে দেশে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ও ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। গত ডিসেম্বরে দেশে রেমিট্যান্স এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার; নভেম্বরে এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স।

আরও পড়ুন: স্পিকার: আওয়ামী লীগের নেতারা মদ খায়, কর্মীরাও খায়, সব বাটপারের কারখানা

এছাড়া, গত অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে এসেছিল যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলারের রেমিট্যান্স।

এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বুধবার সব ব্যাংক লেনদেন বন্ধের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৫:১২ পি.এম


বুধবার সব ব্যাংক লেনদেন বন্ধের ঘোষণা

ব্যাংকের সব রকমের লেনদেন বুধবার (১ জুলাই) বন্ধ থাকতে যাচ্ছে। এটি ব্যাংক হলিডে উপলক্ষে হবে এবং সেদিনে লেনদেন বন্ধ থাকবে। একই সঙ্গে, বুধবার শেয়ারবাজারের লেনদেনও বন্ধ থাকবে। তবে বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য সব তফসিলি ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখাগুলো খোলা থাকবে।

প্রতিবছর ১ জুলাই দেশের ব্যাংক খাতে ‘অর্ধবার্ষিক সমাপনী’ হিসাবে গণ্য করা হয়। এই সময় ব্যাংকগুলো ছয় মাসের হিসাব-নিকাশ মিলিয়ে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন তৈরি করে থাকে। এই কাজের সুবিধার্থে সেই দিনটি ব্যাংক হলিডে হিসেবে পালন করা হয়।

একই দিনে বাংলাদেশের দুই স্টক এক্সচেঞ্জ- ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এ লেনদেন হবে না। কারণ শেয়ারবাজারের প্রায় সব লেনদেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পন্ন হয়। তাই ব্যাংক বন্ধ থাকলে, স্বাভাবিকভাবেই পুঁজিবাজারের কার্যক্রমও বন্ধ রাখতে হয়।

প্রতিবছর ৩১ ডিসেম্বর ব্যাংকগুলো পঞ্জিকা বছরের হিসাব গুছিয়ে বার্ষিক আর্থিক প্রতিবেদন তৈরি করে। সুতরাং, ওই দিনটিও ‘ব্যাংক হলিডে’ হিসেবে পালন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দোহায় মার্কিন প্রতিনিধিদল, ইরানি কর্মকর্তাদের সঙ্গে সরাসরি বৈঠক নয়: কাতার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৫:১৩ পি.এম


দোহায় মার্কিন প্রতিনিধিদল, ইরানি কর্মকর্তাদের সঙ্গে সরাসরি বৈঠক নয়: কাতার

কাতারের রাজধানী দোহায় অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের দুজন শীর্ষ দূত, জ্যারেড কুশনার এবং স্টিভ উইটকফ। কিন্তু, তারা ইরানি কর্মকর্তাদের সঙ্গে সরাসরি কোনো বৈঠকে অংশ নিতে পারবেন না, এই তথ্যটি জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্য অনুযায়ী, মার্কিন প্রতিনিধিরা দোহায় মধ্যস্থতাকারীদের সাথে বৈঠক করবেন এবং চলমান আলোচনার অগ্রগতি সংক্রান্ত বিষয়ে আলোচনা করবেন। তবে, ইরানের কর্মকর্তাদের সঙ্গে তাদের সরাসরি যোগাযোগ বা বৈঠকের কোনো পরিকল্পনা নেই।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমন এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতা বিষয়ে কাতারের মধ্যস্থতায় যে কূটনৈতিক প্রচেষ্টা চলছে, তার অংশ হিসেবে মার্কিন প্রতিনিধিদের এই সফরটিকে দেখা হচ্ছে।

কাতার দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে আসছে। দুই দেশের মধ্যে সরাসরি সম্পর্ক সীমিত থাকায়, বিভিন্ন সময়ে দোহা পরোক্ষ আলোচনার জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা হয়েছে।

কাতারের মুখপাত্র আরও উল্লেখ করেছেন, ইরানের জন্য নির্ধারিত ৬ বিলিয়ন মার্কিন ডলারের জব্দ সম্পদ এখনও তেহরানে হস্তান্তর করা হয়নি। এই অর্থ ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা, জব্দ করা সম্পদ এবং সম্ভাব্য সমঝোতার অংশ হিসেবে আলোচনায় থাকা কিছু গুরুত্বপূর্ণ বিষয়। তবে অর্থ ছাড়ার প্রক্রিয়া রিপোর্ট লেখার সময় পর্যন্ত সম্পন্ন হয়নি বলে জানানো হয়েছে কাতারের পক্ষ থেকে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই মুখপাত্র জানান, ইরানের জব্দ থাকা অর্থ ছাড়ার বিষয়টি আলাদা কোনো প্রক্রিয়া নয় বরং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনার অগ্রগতির ভিত্তিতে বিষয়টি নির্ভর করছে। তিনি বলেন, দুই দেশের মধ্যে আলোচনা পরিস্থিতি ও পারস্পরিক সমঝোতার অগ্রগতির উপর ভিত্তি করে এই অর্থের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যেকোনো সমঝোতায় অর্থনৈতিক নিষেধাজ্ঞা, জব্দ সম্পদ এবং পারমাণবিক কর্মসূচি-সংক্রান্ত বিষয়গুলো সবচেয়ে সংবেদনশীল হিসেবে বিবেচনা করা হচ্ছে।

দোহায় চলমান এই কূটনৈতিক তৎপরতা এমন এক সময়ে হচ্ছে, যখন ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে দীর্ঘস্থায়ী উত্তেজনা কমানোর চেষ্টা চলছে। তবে সরাসরি বৈঠকের অনুপস্থিতি ইঙ্গিত দেয় যে, আলোচনার পথ এখনও মধ্যস্থতাকারীদের ওপর নির্ভরশীল।

কাতার আশা করছে, পরোক্ষ আলোচনা মাধ্যমে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য কমিয়ে একটি গ্রহণযোগ্য সমাধানের পথ তৈরি করা সম্ভব হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চিরচেনা রূপ বদলাতে মেয়র শাহাদাতের ১২ হাজার কোটি টাকার মেগা প্রকল্প

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৫:১৪ পি.এম


চিরচেনা রূপ বদলাতে মেয়র শাহাদাতের ১২ হাজার কোটি টাকার মেগা প্রকল্প

মেগাসিটির অবয়ব পরিবর্তন এবং নাগরিক সুযোগ-সুবিধা আধুনিকায়নের লক্ষ্যে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) প্রায় ১২ হাজার কোটি টাকা ব্যয়ে ১২টি বড় উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে। সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন চসিকের ২০২৫-২৬ অর্থবছরের বাজেট পেশের সময় আনুষ্ঠানিকভাবে এই মেগা পরিকল্পনার কথা উল্লেখ করেন।

সংশ্লিষ্টদের অভিমত হচ্ছে, এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে পুরো চট্টগ্রামের অবকাঠামোগত চেহারা বদলে যাবে এবং নগরবাসী আধুনিক, টেকসই ও নিরাপদ নগরীর সুবিধা ভোগ করবেন। সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন জানান, প্রকল্পগুলোর মধ্যে চট্টগ্রামের চিরচেনা যানজট ও জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর মধ্যে তিনটি বড় প্রকল্প রয়েছে, যার ব্যয় যথাক্রমে ২২০০ কোটি টাকা, ৩৫০০ কোটি টাকা এবং ২৮০০ কোটি টাকা, যা নগরের প্রধান সমস্যাগুলো সমাধানে ধন্বন্তরি হিসেবে কাজ করবে।

এছাড়া সড়ক সম্প্রসারণ, ফুটপাত আধুনিকায়ন এবং ডিজিটাল ট্রাফিক ব্যবস্থা গড়ে তুলতে পৃথকভাবে ৪০০ কোটি, ৪৫০ কোটি এবং ১০০০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। পরিবেশ সুরক্ষায় ৩০০ কোটি টাকা ও ২০৩ কোটি টাকার প্রকল্পের মাধ্যমে মেয়র পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

চসিকের তথ্যানুসারে, বন্দরনগরীতে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনে প্রাথমিক সড়কসমূহের উন্নয়ন প্রকল্পের জন্য আনুমানিক ব্যয় ধরা হয়েছে ২,২০০ কোটি টাকা। এটি ছাড়া, জলাবদ্ধতা দূরীকরণের জন্য নেওয়া হয়েছে দুটি বিশাল প্রকল্প। ৩৫শ কোটি টাকার প্রথম প্রকল্পে ২১টি প্রধান খালসহ অন্যান্য খালের খনন করা হবে। অন্যদিকে সিডিএ কর্তৃক বাস্তবায়িত ৩৬টি খালের রক্ষণাবেক্ষণ ও পরিচালনে ব্যয় হচ্ছে ২৮শ কোটি টাকা।

নগরীকে নিরাপদ ও আধুনিক প্রযুক্তিগত কাঠামোর আওতায় আনতে ৪০০ কোটি টাকা ব্যয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক সিসিটিভি সার্ভেইল্যান্স সিস্টেম এবং সৌর ও সাধারণ শক্তির সমন্বয়ে 'স্মার্ট লাইটিং' প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

এছাড়া নগরীর ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে ৪৫০ কোটি টাকা ব্যয়ে 'স্মার্ট ট্রাফিক সিস্টেম' চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশ উন্নয়ন ও বর্জ্য ব্যবস্থাপনায় বিশেষ জোর দিয়ে কোরিয়ান সরকারের অর্থায়নে আধুনিক ল্যান্ডফিল নির্মাণ প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে।

এছাড়া বর্জ্য ব্যবস্থাপনার আধুনিক যান ও যন্ত্রপাতি সংগ্রহের জন্য ২৯৮ কোটি টাকার একটি প্রকল্প চলমান রয়েছে। নগরবাসীকে স্বস্তি দিতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় চসিকের উন্মুক্ত স্থানসমূহের উন্নয়ন ও সবুজায়নের প্রকল্প নেওয়া হয়েছে, যার বাজেট ৪৫০ কোটি টাকা।

যোগাযোগের অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে রেল ক্রসিংয়ের ওপর ওভারপাস নির্মাণে ১,০০০ কোটি টাকা এবং নগরীর দেওয়ানহাট ব্রিজ নির্মাণে ৩০০ কোটি টাকা বরাদ্দ। এছাড়া, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে ৫০ কোটি টাকা ব্যয়ে একটি 'কিচেন মার্কেট কাম বাণিজ্যিক ভবন' নির্মাণ করছে কর্পোরেশন। চসিকের প্রশাসনিক সক্ষমতা বাড়ানোর জন্য ২০৩ কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক 'নগর ভবন' নির্মাণ করা হচ্ছে। বর্তমানে সংস্থাটির নিজস্ব অর্থায়নে ২৭ কোটি টাকার ওপর নির্মাণ কাজ পুরোদমে চলমান রয়েছে।

সংশ্লিষ্টদের দাবি, এই নতুন মাস্টারপ্ল্যান বা মহাপরিকল্পনা দীর্ঘমেয়াদি ও পরিকল্পিত টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে সাজানো হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, এই প্রকল্পগুলোর আওতায় চট্টগ্রামের অবকাঠামোগত উন্নয়ন, যানজট নিরসন, জলাবদ্ধতা দূরীকরণ এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত হবে। ১২টি প্রকল্পের মধ্যে ১১টির সুনির্দিষ্ট প্রাক্কলিত ব্যয় ১১ হাজার ৬৫১ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। বাকি প্রকল্পের পূর্ণাঙ্গ নকশা ও ব্যয় চূড়ান্তকরণের কাজ চলছে, যা যুক্ত হলে মোট ব্যয় ১২ হাজার কোটি টাকার বেশি হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উত্তরায় ট্রেন দুর্ঘটনায় নারী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৫:১৭ পি.এম


উত্তরায় ট্রেন দুর্ঘটনায় নারী নিহত

রাজধানীর উত্তরার আজমপুরে ট্রেনের ধাক্কায় ৫৫ বছর বয়সী এক দিনমজুর নারী নিহত হয়েছেন, যিনি শাহনাজ নামে পরিচিত।

সোমবার রাত আনুমানিক ৮টার সময় ঘটনার সূত্রপাত ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান রেলওয়ে থানার পুলিশ কনস্টেবল সুন্দর আলী। এরপর তাকে ঢাকা মেডিকেল (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টায় তার মৃত্যু ঘটে।

শাহনাজ বেগম জামালপুর মাদারগঞ্জ উপজেলার মৃত মিলন মিয়ার স্ত্রী ছিলেন। বর্তমানে টঙ্গী রেলগেট এলাকায় বসবাস করতেন।

নিহতের ছেলে সুজন সংবাদ পেয়ে হাসপাতালে এসে তার মায়ের মরদেহ পেয়েছেন।

তিনি জানান, তার মা শাহনাজ বেগম দিনমজুরের কাজ করতেন। উত্তরা আজমপুরে ডালাইয়ের কাজ শেষে তিনি বাসায় ফিরছিলেন। ফেরার পথে রেললাইন পার হওয়ার সময় তিনি দু'দিক থেকে আসা দুটি ট্রেনের মাঝে পড়ে যান। এ সময় তিনি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। পরে হাসপাতালে তাঁর মৃত্যু ঘটে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%