ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

নেশন্স লিগে স্পেন দলে যুক্ত হলো তিন নতুন খেলোয়াড়


নেশন্স লিগে স্পেন দলে যুক্ত হলো তিন নতুন খেলোয়াড়

ঢাকা, ৬ নভেম্বর, ২০২৬ : আসন্ন নেশন্স লিগের ম্যাচগুলোর জন্য ইংল্যান্ড ও চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে স্পেন দলে নতুন তিন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করেছেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।

চ্যাম্পিয়ন্স লিগে লেঁসের বিপক্ষে ৯-১ গোলের রেকর্ড জয়ের ম্যাচে অংশগ্রহণকারী জাকোবো রামোন এবং রিয়াল বেটিসের দুই খেলোয়াড় আলভারো ভায়েস ও মার্ক রোকা বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে অভিষেকের অপেক্ষায় রয়েছেন।

চোটের কারণে রদ্রি, এরিক গার্সিয়া ও দানি ওলমো এই দুই ম্যাচে দলে থাকছেন না। লা রোহা গ্রুপ এ৩-তে চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে।

আরও পড়ুন: ৬৪ টেস্টে ২২৯ উইকেট, সাদা জার্সিকে বিদায় জানালেন শামি

স্পেন আগামী ১২ নভেম্বর প্রাগে চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হবে। এর তিন দিন পর মাদ্রিদে ইংল্যান্ডকে আতিথ্য দেবে।

দল ঘোষণার জন্য প্রকাশিত এক ভিডিওতে দে লা ফুয়েন্তে গত মাসে স্পেনে ঘটে যাওয়া ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬৯ জনের প্রতি শ্রদ্ধা জানান। তিনি টেনেরিফের ফুটবলার হেসুস দে মিগেলের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন।

দে মিগেল স্পেনের দ্বিতীয় বিভাগের একটি ম্যাচে এফসি আন্দোরার গোলরক্ষকের সঙ্গে ভয়াবহ সংঘর্ষের শিকার হন। সেই আঘাতের কারণে মঙ্গলবার তিনি মারা যান।

স্কোয়াড :

আরও পড়ুন: ইংলিশ ক্রিকেটার ব্রায়ান ডিভাইন পন্টিংকে মাঠে আঙুল ফুটিয়ে দুই বছরের জন্য নিষিদ্ধ

গোলরক্ষক : উনাই সিমন, ডেভিড রায়া, হুয়ান গার্সিয়া, আলভারো ভায়েস

ডিফেন্ডার : পেদ্রো পোরো, মার্ক কুকুরেয়া, ডিন হুইসেন, আলেহান্দ্রো গ্রিমালদো, মার্ক পুবিল, পাও কুবারসি, অমারিক লাপোর্তে, জাকোবো রামোন

মিডফিল্ডার : মার্টিন জুবিমেন্দি, মিকেল মেরিনো, ফারমিন লোপেজ, পেদ্রি, আলেক্স বায়েনা, পাবলো বারিওস, ফাবিয়ান রুইজ, মার্ক রোকা

ফরোয়ার্ড : ইয়েরেমি পিনো, মিকেল ওয়ারসাবাল, লামিন ইয়ামাল, ফেররান তোরেস, রবার্তো ফের্নান্দেজ, নিকো উইলিয়ামস, আন্দের বারেনেতসিয়া।

আরও পড়ুন: ফ্রস্ট ব্লাস্ট টি-টোয়েন্টি ফাইনালে বসুন্ধরা স্ট্রাইকার্স, সুমন আহমেদ ম্যাচসেরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাচেল: ইংল্যান্ড দলে জুড ও জোব বেলিংহ্যামের ‘অবিশ্বাস্য’ গল্পের প্রশংসা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০০ পি.এম


টাচেল: ইংল্যান্ড দলে জুড ও জোব বেলিংহ্যামের ‘অবিশ্বাস্য’ গল্পের প্রশংসা

ঢাকা, ৬ নভেম্বর, ২০২৬ : কোচ টমাস টাচেল ইংল্যান্ড দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ছোট ভাই জোব বেলিংহ্যামকে, বড় ভাই জুডের সঙ্গে নেশন্স লিগে ক্রোয়েশিয়া ও স্পেনের বিপক্ষে ম্যাচের জন্য। তিনি এই পরিবারের ‘অবিশ্বাস্য গল্পের’ প্রশংসা করেছেন।

ফুলহ্যামের তরুণ ফুটবলার জশ কিংও ২৫ সদস্যের দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন। তবে চেলসির ফরোয়ার্ড কোল পালমার দলে স্থান পাননি।

জোব, ২১ বছর বয়সী মিডফিল্ডার, বররুসিয়া ডর্টমুন্ডে দ্বিতীয় মৌসুমের শুরুতে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য পুরস্কৃত হয়েছেন। বড় ভাই জুডও রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার আগে ডর্টমুন্ডে খেলেছেন।

টাচেল মন্তব্য করেন, ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে জোব ছিলেন নজরকাড়া খেলোয়াড়। চলতি মৌসুমে ক্লাবের হয়ে তিনি ‘খুব প্রভাবশালী’ হয়ে উঠেছেন।

শুক্রবার ওয়েম্বলিতে সংবাদ সম্মেলনে ইংল্যান্ডের কোচ বলেন, “সামগ্রিকভাবে এটি পরিবারটির জন্য অবিশ্বাস্য এক অর্জন। এটি নিজেই একটি অবিশ্বাস্য গল্প।”

তিনি আরও বলেন, “আমি আগেই বলেছি, তাকে দলে ডাকতে পেরে আমি খুব খুশি। ফোন করার পরপরই তার উচ্ছ্বাস ও হাসি দেখতে পেয়েছি। তার ব্যক্তিত্ব খুবই খোলামেলা ও শান্ত। তাই অবশ্যই এটি ছিল খুব সুন্দর একটি ফোনালাপ, কারণ খবরটি ছিল দারুণ।”

জোবের খেলার ধরন সম্পর্কে টাচেল বলেন, “আমরা তাকে সেন্ট্রল মিডফিল্ডে খেলতে দেখি। এখন এই পজিশনে আমাদের পাঁচজন খেলোয়াড় রয়েছে। সে তার ভাই জুডের তুলনায় বেশি রক্ষণাত্মক। বল পায়ে সে শক্তিশালী, শারীরিক গঠন ভালো, দেহের আকৃতি বড় এবং বেশ শারীরিক সক্ষমতাসম্পন্ন খেলোয়াড়। বলের দখল ধরে রাখতেও পারে।”

পালমার সম্পর্কে টাচেল আবারও মন্তব্য করেছেন, যিনি ইংল্যান্ডের আগের ক্যাম্প থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন। তাঁর মতে, পালমার ‘নিজের সামর্থ্য দেখানোর অনেক বেশি সুযোগ হাতছাড়া করছেন। এটি ব্যক্তিগত কোনো বিষয় নয়। অবশ্যই আমরা কখনোই ধরে নেব না যে কোল দেশের হয়ে খেলার মানসিকতায় নেই। তবে প্রতিযোগিতা চলছে।

ক্যাম্পে থাকা খেলোয়াড়রা অসাধারণ কাজ করেছে এবং নিজেদের জায়গা ধরে রেখেছে।”

চার ম্যাচে তিন জয় ও এক হারে গ্রুপ এ৩-তে দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। একমাত্র হারটি বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে, ওয়েম্বলিতে।

আগামী বৃহস্পতিবার ক্রোয়েশিয়াকে আতিথ্য দেবে ইংল্যান্ড। গত মাসে দলটিকে ৭-০ গোলে হারিয়েছিল থ্রি লায়ন্সরা। এরপর স্পেনের বিপক্ষে খেলতে যাবে তারা। নেশন্স লিগের মার্চে অনুষ্ঠিতব্য নকআউট পর্বে জায়গা নিশ্চিত করতে ইংল্যান্ডের প্রয়োজন আর মাত্র এক পয়েন্ট।

তবে গ্রুপের শীর্ষস্থান অর্জনই তাঁর লক্ষ্য বলে জানিয়েছেন টুখেল।

তিনি বলেন, “আমরা চাপের মধ্যে খেলতে চাই এবং বড় ম্যাচগুলোতে নিজেদের মেলে ধরতে চাই।”

“২০২৮ সালের ইউরোর জন্য সর্বোত্তম প্রস্তুতি নিতে আমরা ঠিক এ কারণেই নেশন্স লিগকে কাজে লাগাতে চাই।”

“আমার কাছে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচটি জয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে আগের ম্যাচের ফলের পর। আমরা প্রাপ্য জয় পেয়েছিলাম, তবে সেটি ছিল কিছুটা অস্বাভাবিক বড় ব্যবধানের জয়। সাধারণভাবে ক্রোয়েশিয়ার সামর্থ্যে প্রতিফলন ওই ফল নয়।”

সম্প্রতি ব্যালন ডি’অর জয়ী হ্যারি কেইন ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডে পিটার শিলটনের সঙ্গে ১২৫ ম্যাচে স্পর্শ করেছেন। গত অক্টোবরে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচে শিলটনের রেকর্ড স্পর্শ করেন তিনি। আসন্ন ম্যাচে মাঠে নামলে ১২৬ ম্যাচ নিয়ে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা ফুটবলার হবেন কেইন।

টাচেল বলেন, “সে ব্যালন ডি’অর জিতেছে, এবং যথার্থভাবেই জিতেছে। এরপর ইংল্যান্ডের হয়ে পরের ম্যাচেই ১২৬ ম্যাচ খেলে সর্বকালের রেকর্ড গড়বে।”

“এটি অবিশ্বাস্য এক অর্জন। তার পেশাদারত্ব, ব্যক্তিত্ব ও মানসিকতারই প্রমাণ দেয় এই কীর্তি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে নিষিদ্ধ আ.লীগের সভাপতি নাসিরসহ ৩০ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০০ পি.এম


চাঁদপুরে নিষিদ্ধ আ.লীগের সভাপতি নাসিরসহ ৩০ জন আটক

পুলিশ কর্তৃক আটক করা হয়েছে প্রায় ৩০ জন নেতাকর্মী, যাদের মধ্যে নিষিদ্ধ আওয়ামী লীগের চাঁদপুর জেলার সভাপতি নাসির উদ্দিন আহমেদও রয়েছেন।

শুক্রবার (৬ নভেম্বর) রাত ৯ টায় চাঁদপুর সদর মডেল থানা পুলিশ পৌর ৪নং ওয়ার্ডের শ্রীরামদী এলাকায় নাসির উদ্দিন আহমেদকে তার নিজ বাড়ি থেকে আটক করে। এছাড়াও, অন্যান্য নেতাকর্মীদের সদর উপজেলার ও শহরের বিভিন্ন স্থান থেকে আটক করা হয়েছে।

আটককৃতদের মধ্যে রয়েছেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান কাউসার, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হাসিবুল হাসান মুন্না, পৌর ছাত্রলীগের সম্পাদক আমজাদ হোসেন রনি, বাগাদী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন এবং যুবলীগ নেতা আরিফ হোসেন।

দুপুরে চাঁদপুরে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের স্মরণে নির্মিত ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সন্ধ্যায় চাঁদপুর শহরে জামায়াত ইসলাম, জেলা যুবদল, ছাত্রদল ও এনসিপি প্রতিবাদ মিছিল বের করে।

জানা গেছে, এর আগে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার সাবেক মেয়র নাছির উদ্দিন আহমেদ ২০২৫ সালের ২ জুন রাজধানীর শান্তিনগরে মেয়ের বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন।

এছাড়া জেলা ছাত্রলীগ নেতা হাসিবুল হাসান মুন্নাকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। আমজাদ হোসেন রনিকে শহরের ট্রাক রোড এলাকা থেকে এবং কামরুল হাসান কাউসারকে গুনরাজদী এলাকা থেকে আটক করা হয়েছে। বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বাগাদী ইউনিয়নের বাঘড়া বাজার এলাকা থেকে চাঁদপুর সদর মডেল থানার এসআই বিল্লাল হোসেন ও সঙ্গীয় সদস্যরা আক্তার হোসেন খান নামের ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকে আটক করতে গেলে স্থানীয় কিছু নেতা-কর্মীরা পুলিশের কার্যক্রমে বাধা দেন।

চাঁদপুর সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, আটককৃতদের যাচাই-বাছাই শেষে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীর আইসিসিবি হেরিটেজে রবীন্দ্রসংগীতের সাথে রাজকীয় খাবারের আয়োজন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০১ পি.এম


রাজধানীর আইসিসিবি হেরিটেজে রবীন্দ্রসংগীতের সাথে রাজকীয় খাবারের আয়োজন

খাদ্য ও সংগীতের মধ্যে সম্পর্ক দীর্ঘকালীন। মানুষের অনুভূতি, স্মৃতি ও সংস্কৃতির সঙ্গে এ দুটি বিষয় গভীরভাবে জড়িত। পছন্দের গান যেমন মনকে অন্য এক জগতে নিয়ে যায়, তেমনই বিশেষ খাবারের স্বাদ ফিরিয়ে আনে আপনজনের কথা, ইতিহাস ও ঐতিহ্যের স্মৃতি। প্রাচীনকাল থেকে নানা উৎসব ও পার্বণে খাবারের আয়োজনের সঙ্গে বসে গান গাওয়ার আসরও হয়ে আসছে। আধুনিক যুগে ইউরোপ ও আমেরিকায় বিভিন্ন মিউজিক্যাল ক্যাফে ও রেস্টুরেন্ট গড়ে উঠেছে। খাদ্য ও সংগীতের মিশ্রণে, ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে একটি অনন্য আয়োজন দেখা গেল রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) হেরিটেজ রেস্টুরেন্টে। এখানে অতিথিরা ঐতিহ্যবাহী খাবারের স্বাদ গ্রহণের সঙ্গে সংগীতের সুরও উপভোগ করেন।

আজ শুক্রবার রাত ৮টার দিকে রাজধানীর ৩০০ ফুট সড়কে যানবাহনের ব্যস্ততা, হর্নের শব্দ এবং মানুষের ছুটে চলার মধ্যে প্রবেশ করতেই বদলে গেল চারপাশের আবহ। মৃদু স্বরে রবীন্দ্রসংগীত ভেসে আসছিল। স্নিগ্ধ আলো, খাবারের সুবাস এবং সংগীতের মূর্ছনা মিলিয়ে তৈরি হয়েছিল এক ভিন্ন পরিবেশ। প্রতিটি টেবিলে সাজানো ছিল নানা পদের খাবার। পাশের মঞ্চে লাইভ মিউজিক পরিবেশনা চলছিল। অতিথিদের মধ্যে কেউ পরিবার নিয়ে এসেছেন, কেউ বন্ধুদের সঙ্গে, আবার কেউ একা। তারা ব্যস্ত নগরজীবনের কোলাহল থেকে খানিকটা দূরে বসে খাবার ও গানের আনন্দ উপভোগ করতে এখানে এসেছেন। খাবারের স্বাদ নেওয়ার ফাঁকে তারা শুনছিলেন চমৎকার সব পরিবেশনা।

আজ হেরিটেজ রেস্টুরেন্টে আয়োজিত হয়েছিল ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’। এই অনুষ্ঠান রাত ৮টায় শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলেছিল। এবারের সংগীত পর্বটি রবীন্দ্রসংগীত দিয়ে সাজানো হয়েছিল। একদিকে কবিগুরুর গানের আবেশ, অন্যদিকে মোগল রন্ধনশৈলীতে তৈরি নানা পদের খাবার—দুইয়ে মিলে অতিথিদের জন্য তৈরি হয়েছিল এক ভিন্ন অভিজ্ঞতা।

রাত ৮টায় মঞ্চে ওঠেন রবীন্দ্রসংগীত শিল্পী ছন্দা রায়। তিনি সংগীতশিল্পী ও আবৃত্তিশিল্পী উভয়ই। মৃদু আলোয় তিনি শুরুতেই পরিবেশন করেন রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গান ‘আগুনের পরশমণি’। আত্মশুদ্ধি ও অন্তরের জাগরণের আকাঙ্ক্ষায় ভরা এ গান যেন মুহূর্তেই পরিবেশে ছড়িয়ে দেয় এক গভীর আবেশ। এরপর তার কণ্ঠে শোনা যায় ‘তুমি রবে নীরবে’। প্রেম ও নিবিড় ভালোবাসার অনুভূতিতে পূর্ণ গানটি শ্রোতাদের নিয়ে যায় একান্ত আবেগের জগতে। এরপর ছন্দা রায় পরিবেশন করেন ‘পুরানো সেই দিনের কথা’। পুরনো বন্ধুত্ব, স্মৃতি এবং হারানো দিনের মায়া জড়ানো এ গান অনেকের মনে ফিরিয়ে আনে ফেলে আসা দিনের কথা। একে একে তিনি শোনান ‘মাঝে মাঝে তব দেখা পাই’ এবং ‘দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে’। পরিচিত গানগুলোর সুর অতিথিরা কখনো মগ্ন হয়ে শোনেন, আবার কখনো গানের সঙ্গে গুনগুনিয়ে গেয়ে ওঠেন।

বাঙালির জীবনে রবীন্দ্রসংগীতের আবেদন বহুমাত্রিক। কখনো প্রকৃতির স্নিগ্ধতা, কখনো প্রেম-বিরহ, কখনো গভীর উপলব্ধি—জীবনের নানা অনুভূতি মূর্ত হয়ে ওঠে কবিগুরুর গানে। গানের আবহে খাবার উপভোগের অভিজ্ঞতাও পায় বাড়তি মাত্রা। সংগীতের সুর এবং খাবারের স্বাদ মিলেমিশে তৈরি করে উপভোগের এক ভিন্ন জগৎ।

হেরিটেজ রেস্টুরেন্টের আরেকটি আকর্ষণ হলো মোগল খাবার। ঐতিহ্যবাহী রেসিপি ও রন্ধনশৈলীতে তৈরি এসব খাবারের স্বাদে রয়েছে ইতিহাসের ছোঁয়া। খাবার পরিবেশনেও বিশেষত্ব রাখা হয়েছে। মোগল পোশাকে পরিবেশনকর্মীরা অতিথিদের সামনে তুলে ধরছেন নানা পদ। ফলে শুধু খাবারের স্বাদ নয়, পরিবেশনার মধ্য দিয়েও ফুটে উঠছে ঐতিহাসিক আবহ। রেস্টুরেন্টের সাজসজ্জা ও পরিবেশ—সব মিলিয়ে অতিথিদের সামনে তুলে ধরে রাজকীয় ভোজের এক অনুষঙ্গ।

আয়োজকদের ভাষ্য, মোগল খাবারের সঙ্গে আমাদের অঞ্চলের খাদ্য সংস্কৃতির রয়েছে ঐতিহাসিক সম্পর্ক। সময়ের পরিবর্তনে রন্ধনপ্রণালী ও স্বাদে নানা সংযোজন-বিয়োজন ঘটলেও মোগল রন্ধনশৈলীর প্রভাব এখনো খাবারে দৃশ্যমান। খাদ্য সংস্কৃতির ঐতিহ্য নতুন প্রজন্মের সামনে তুলে ধরার পাশাপাশি খাবারের অভিজ্ঞতার সঙ্গে সংগীতকে যুক্ত করাই তাদের আয়োজনের অন্যতম উদ্দেশ্য। ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’-এর বিশেষত্ব এখানেই।

প্রতি শুক্রবার থাকছে একেক ধারার সংগীত আয়োজন। অর্থাৎ প্রতিটি পর্বে সংগীতের ভিন্ন ভিন্ন ধারা থাকবে। ফলে একই জায়গায় বারবার এসেও অতিথিরা নতুন অভিজ্ঞতা পেতে পারেন। রবীন্দ্রসংগীতের স্নিগ্ধতা থেকে হিন্দি গানের নস্টালজিয়া, নজরুলগীতির উদ্দীপনা কিংবা লোকসংগীতের মাটির ঘ্রাণ—প্রতিটি পরিবেশনার সঙ্গে বদলে যাবে সন্ধ্যার আবহ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে এ আয়োজন। পরবর্তী পর্ব অনুষ্ঠিত হবে ১৩ নভেম্বর। সেদিন পরিবেশিত হবে নব্বইয়ের দশকের জনপ্রিয় হিন্দি গান। এরপর ২০ নভেম্বর নজরুলগীতি, ২৭ নভেম্বর কালজয়ী বাংলা গান, ৪ ডিসেম্বর পিয়ানো ও কণ্ঠসংগীত, ১১ ডিসেম্বর শাস্ত্রীয় যন্ত্রসংগীত এবং ১৮ ডিসেম্বর লোকসংগীত পরিবেশন করবেন শিল্পীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ বাঘারপাড়া ছাত্রলীগের সম্পাদক শাহাজালাল গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০৩ পি.এম


সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ বাঘারপাড়া ছাত্রলীগের সম্পাদক শাহাজালাল গ্রেফতার

পুলিশ নিষিদ্ধ ছাত্রলীগের বাঘারপাড়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শাহাজালাল (৩৫) কে গ্রেফতার করেছে। সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী তার গ্রেফতার করা হয়। শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের উত্তর চাঁদপুর এলাকায় বৃহস্পতিবার রাত ১০টার সময় পুলিশ তাকে গ্রেফতার করে। শাহাজালাল উত্তর চাঁদপুর গ্রামের রকিবুদ্দিন বিশ্বাসের পুত্র।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ত্রাসবিরোধী আইনে তাকে গ্রেফতার করা হয়েছে এবং শুক্রবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%