০২:০৪ এম
হাসান মাহমুদের সময় কাটছে দারুণ। অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের পর এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে তিনি ফাইফারের দেখা পেলেন। গত ৩ মাসে এটি হাসানের তৃতীয় ফাইফার। তবে বাকি ফাইফারগুলোর তুলনায় এই ফাইফারের গুরুত্ব হাসানের কাছে একটু বেশি। সংবাদ সম্মেলনে হাসান নিজেই জানিয়েছেন এর কারণ, "ঘরের মাঠে ৫ উইকেট পাওয়াটা আমার জন্য খুবই স্পেশাল। যেহেতু নিজেদের মাঠে ভালো একটা সুযোগ ছিল, এটা অনেক আনন্দের।"
হাসান, যিনি সাধারণত মিতভাষী, নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আরও বলেন, "টেস্ট ক্রিকেটে ৫ উইকেট পাওয়া সবগুলোই স্পেশাল। তবে অবশ্যই সব জায়গায় চেষ্টা করি, নিজের সেরাটা দেওয়ার এবং দলের জন্য অবদান রাখার চেষ্টা করি। এখানে যে কন্ডিশন ছিল, ফাস্ট বোলারদের জন্য শুরুর ১-২ ঘণ্টা হেল্প ছিল। সিম মুভমেন্ট ছিল, বলের সুইং ছিল। কিন্তু দেখা যায়, ২ ঘণ্টা পরে ফ্ল্যাট হয়ে যায়, ব্যাটিং ফ্রেন্ডলি হয়ে যায়। তারপরও আমরা যোগাযোগ করি যে আমাদের পরিকল্পনা এবং প্রক্রিয়া কী থাকবে। প্রত্যেকটা বোলারই তাদের সেরাটা দিয়ে দলের জন্য অবদান রাখার চেষ্টা করেছে।"
কাউন্টি ক্রিকেটে এই মৌসুমে কেন্টের হয়ে খেলেছেন হাসান। কাউন্টিতে খেলার পর টেস্টে তিনি অনেকটা বদলে গেছেন। কেন্টের অবদান কতটা, সেটি ব্যাখ্যা করতে গিয়ে হাসান বলেন, "কেন্টের কন্ডিশন এবং অস্ট্রেলিয়ার কন্ডিশন প্রায় একই ধরনের ছিল। আমার জন্য একটু সহজ হয়েছে। ইংল্যান্ডের কন্ডিশনের সাথে মানিয়ে আবার অস্ট্রেলিয়াতে বোলিং করেছি। ওইটা একটা হেল্প হয়েছে আমার জন্য। বাট অবশ্যই ওটা ডিফারেন্ট ক্রিকেট, এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট। দুইটা আলাদা।"
আরও পড়ুন: ৬৪ টেস্টে ২২৯ উইকেট, সাদা জার্সিকে বিদায় জানালেন শামি
হাসান দুর্দান্ত বোলিংয়ের ক্ষেত্রে স্কিলের পাশাপাশি মাথাও খাটান। সেই রহস্য নিয়ে তিনি বলেন, "৬টা বলের মধ্যে চেষ্টা করি ২-৩টা বল করে ব্যাটারকে চিন্তা করাতে যে এই বলটাই আসবে। যেটা উইকেট টেকিং বল সেটা একটু ডিফারেন্ট প্ল্যানে বোলিং করা হয়। হয়তো ব্যাটার চিন্তা করে, এই বলটা আসবে না বা একটু ফুলার লেংথে বল আসবে, খেলতে যাবে...। ব্যাটাররা মাঝে মাঝে আউট অফ দ্য বক্স চিন্তা করে না। যদি এক্সিকিউশন ভালো হয়, ভালো জায়গায় বল করতে পারি, তখন উইকেটটা পাওয়া যায়।"
হাসানের দুর্দান্ত বোলিংয়ের পরেও দিন শেষে কিছুটা অস্বস্তিতে বাংলাদেশ। তবে হাসানের বিশ্বাস, প্রথম ইনিংসে লিড নেবে বাংলাদেশ। তিনি বলেন, "যদি মুশফিক ভাই এবং হৃদয় কন্টিনিউ করতে পারে আমার মনে হয় আমরা ওদের লিড দিতে পারব। আশা করি, আমরা ওদের লিড রানটা কমপ্লিট করতে পারব। উইকেট এখন পর্যন্ত ভালো। স্পিন কিংবা ফাস্ট বোলিংয়েও খুব বেশি কিছু হচ্ছে না। শুরুর দিকে নতুন বলে খেলা হয়েছে, কিন্তু এখন আমার মনে হয় ব্যাটাররা যদি ভালোভাবে খেলতে পারে, তাহলে আমরা ভালোভাবে শেষ করতে পারব।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন