০৩:১১ এম
ক্রিকেটের মাঠে প্রতিপক্ষ ব্যাটারকে আউট করার জন্য ব্যাটে বল লাগার শব্দ নকল করার অভিযোগে কঠোর শাস্তির মুখে পড়েছেন ইংল্যান্ডের অপেশাদার ক্রিকেটার ব্রায়ান ডিভাইন পন্টিং। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে। একই সঙ্গে তার ক্লাব সল্টবার্নও শাস্তির আওতায় এসেছে।
এটি ঘটে গত জুলাইয়ে ইংল্যান্ডের নর্থ ইয়র্কশায়ার অ্যান্ড সাউথ ডারহাম ক্রিকেট লিগের দ্বিতীয় বিভাগের একটি ম্যাচে। সল্টবার্নের দ্বিতীয় একাদশের হয়ে স্লিপে ফিল্ডিং করছিলেন পন্টিং। এ সময় নর্টনের ব্যাটার নোমান শাবিরের ব্যাটের পাশ দিয়ে বল যাওয়ার সময় পন্টিং আঙুল ফুটিয়ে ব্যাটে বল লাগার মতো শব্দ তৈরি করেন।
শব্দটি শুনে উইকেটকিপার বলটি ধরেন। এরপর সল্টবার্নের খেলোয়াড়রা আউটের আবেদন করলে আম্পায়ার নোমান শাবিরকে আউট ঘোষণা করেন। পুরো ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।
আরও পড়ুন: ৬৪ টেস্টে ২২৯ উইকেট, সাদা জার্সিকে বিদায় জানালেন শামি
ভিডিওটি প্রকাশিত হওয়ার পর লিগ কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে। তদন্তের ফলস্বরূপ পন্টিং এবং তার ক্লাবের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীনে ২০২৮ সালের ২৯ সেপ্টেম্বর পর্যন্ত পন্টিং ক্রিকেটের সব ধরনের কার্যক্রমে অংশ নিতে পারবেন না। নিষেধাজ্ঞার সময় তিনি খেলোয়াড়, কোচ, আম্পায়ার কিংবা জুনিয়র দলের ম্যানেজার হিসেবে কাজ করতে পারবেন না।
এ ঘটনায় সল্টবার্ন ক্লাবকেও বড় ধরনের শাস্তি দেওয়া হয়েছে। তাদের দ্বিতীয় বিভাগ থেকে অবনমন ঘটিয়ে ২০২৭ মৌসুমে তৃতীয় বিভাগে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে লিগ কর্তৃপক্ষ। নতুন মৌসুমে তাদের ৬০ পয়েন্ট হারিয়ে শুরু করতে হবে। এছাড়া ক্লাবটিকে ৩০০ পাউন্ড জরিমানাও করা হয়েছে।
লিগ কর্তৃপক্ষের মতে, তদন্তের সময় সল্টবার্নের একাধিক ম্যাচে পন্টিংসহ দলের অন্য সদস্যদের আচরণ নিয়ে অভিযোগ পাওয়া গেছে। যদিও নিষেধাজ্ঞা কেবল পন্টিংকে দেওয়া হয়েছে, তবে বিতর্কিত ঘটনায় দলের অন্যদের সম্পৃক্ততার বিষয়টিও তদন্তে উঠে এসেছে।
আরও পড়ুন: ফ্রস্ট ব্লাস্ট টি-টোয়েন্টি ফাইনালে বসুন্ধরা স্ট্রাইকার্স, সুমন আহমেদ ম্যাচসেরা
একটি ম্যাচে প্রতারণার মাধ্যমে আউটের ঘটনা শেষ পর্যন্ত ব্যক্তিগত নিষেধাজ্ঞার পাশাপাশি পুরো ক্লাবের অবনমনের কারণ হয়ে দাঁড়াল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন