ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

অক্টোবর মাসে সিলেটের সড়কে প্রাণ গেল ২৭ জনের


অক্টোবর মাসে সিলেটের সড়কে প্রাণ গেল ২৭ জনের

অক্টোবর মাসে সিলেট বিভাগের সড়ক দুর্ঘটনায় ২৭ জনের প্রাণহানি ঘটেছে। এই মাসে সিলেট বিভাগে ২৭টি সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত এবং ৪৮ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৯ জন মোটরসাইকেল চালক ও আরোহী ছিলেন। সিলেট জেলায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে, যেখানে সুনামগঞ্জ জেলায় দুর্ঘটনা কম ঘটেছে। নিরাপদ সড়ক চাঁই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি বুধবার (৪ নভেম্বর) এই প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অক্টোবর মাসের সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, নিয়ম না মেনে বেপরোয়া ওভারটেকিং, মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করা, পথচারীদের মধ্যে সচেতনতার অভাব এবং সড়কে নির্মাণ ত্রুটি চিহ্নিত করা হয়েছে।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, অক্টোবর মাসে সিলেট জেলায় ১৫টি সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ২টি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় ৪টি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন এবং হবিগঞ্জ জেলায় ৬টি সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: ফুলবাড়ী কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবি জানাল ৫০০ জনের মানববন্ধন

নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার সভাপতি জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানিয়েছেন, পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা এবং নিসচা সিলেটের শাঁখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এই প্রতিবেদন তৈরি করেছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, সেপ্টেম্বর মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ৯টি সড়ক দুর্ঘটনায় ৯ জন মোটরসাইকেল চালক ও আরোহী, ৫টি সড়ক দুর্ঘটনায় ৫ জন সিএনজি ও টমটম চালক ও আরোহী, ৬টি সড়ক দুর্ঘটনায় ৬ জন চালক এবং ৪টি সড়ক দুর্ঘটনায় ৪ জন পথচারী নিহত হয়েছেন। এছাড়া, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৫টি দুর্ঘটনায় ৫ জন, মুখোমুখি সংঘর্ষে ৯টি দুর্ঘটনায় ১০ জন এবং গাছ ও বৈদ্যুতিক খুঁটির সাথে আঘাতে ২টি দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। প্রতিবেদন অনুযায়ী, অক্টোবর মাসে নিহত ২৭ জনের মধ্যে ১৮ জন পুরুষ, ৩ জন নারী এবং ৬ জন শিশু রয়েছেন। উল্লেখ্য, সেপ্টেম্বর মাসে সিলেট বিভাগে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত এবং ৫১ জন আহত হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুলাউড়ায় পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ৪ গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৫ এম


কুলাউড়ায় পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ৪ গ্রেফতার

মৌলভীবাজারের কুলাউড়ায় পৃথক অভিযান পরিচালনা করে মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িত দুই আসামি এবং চোর চক্রের আরও দুই সদস্যসহ মোট চারজনকে গ্রেফতার করেছে কুলাউড়া থানা পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া প্রায় এক লাখ টাকা মূল্যের একটি মোটরসাইকেল।

বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন কুলাউড়া উপজেলার দক্ষিণ রাউৎগাঁও গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে নান্নু মিয়া (৩৭), মৌলভীবাজার সদর উপজেলার মাইজপাড়া (সরকারি আশ্রয়কেন্দ্র) এলাকার শাহবুদ্দিনের ছেলে ইকবাল আহমদ (৩৫), কুলাউড়া উপজেলার চাতলগাঁও গ্রামের মতিউর রহমানের ছেলে তুফায়েল আহমদ (৩০) এবং রাজনগর উপজেলার দক্ষিণ খলাগাঁও গ্রামের মৃত আনোয়ার মিয়ার ছেলে লাকী মিয়া প্রকাশ মুন্না (৩৫)।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানিয়েছেন, ৬ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুলাউড়া উপজেলার বরমচাল চা বাগান এলাকায় নিজ বাড়ির সামনে থেকে চন্দন কুর্মী নামে এক ব্যক্তির হিরো গ্ল্যামার ১৫০ সিসি মোটরসাইকেল চুরি হয়। অভিযোগের ভিত্তিতে ওসির নির্দেশনায় এসআই আল আমিন অভিযান পরিচালনা করে মৌলভীবাজার সদর এলাকা থেকে নান্নু মিয়া ও ইকবাল আহমদকে গ্রেফতার করেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

অন্যদিকে, কুলাউড়া রেলওয়ে স্টেশনের সামনে থেকে সিএনজিচালিত অটোরিকশা চুরির ঘটনায় দায়ের করা কুলাউড়া থানার মামলা নং-২৯ (তারিখ: ২৪/১০/২০২৬) তদন্তকালে অভিযান চালিয়ে তুফায়েল আহমদ ও লাকী মিয়া প্রকাশ মুন্নাকে গ্রেফতার করা হয়। এ মামলায় পেনাল কোডের ৩৭৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১০ এম


বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী হঠাৎ করে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করার পর সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এই তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মন্ত্রীর ঘনিষ্ঠ সহযোগী জুরেজ আবদুল্লাহ গুলজার।

জুরেজ আবদুল্লাহ জানান, আজ সকালে মন্ত্রী তার নির্বাচনী এলাকা সিলেট-৪ আসনের কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও কর্মসূচিতে অংশগ্রহণ করেন। দুপুর পৌনে ১২টার দিকে তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করেন। এরপর তাকে দ্রুত সিলেট নগরে নিয়ে আসা হয়। এই সময় মন্ত্রীকে নগরের আখালিয়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

জুরেজ আবদুল্লাহ আরও বলেন, চিকিৎসকেরা জানিয়েছেন, বর্তমানে মন্ত্রী আশঙ্কামুক্ত। তবে তিনি হাসপাতালেই পূর্ণ বিশ্রামে রয়েছেন।

এদিকে, সূত্রের খবর অনুযায়ী, দুপুর সাড়ে ১২টার দিকে মন্ত্রী ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে যান। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত সিলেট নগরে নিয়ে আসা হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মন্ত্রী ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বর্তমানে তিনি সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জুরেজ আবদুল্লাহ আরও উল্লেখ করেন, চিকিৎসকেরা জানিয়েছেন, বর্তমানে মন্ত্রী আশঙ্কামুক্ত। তবে তিনি হাসপাতালেই বিশ্রাম নিচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ড. ইউনূসের রবেন আইল্যান্ড পরিদর্শন, নেলসন ম্যান্ডেলাকে বন্দি রাখা ছিল সেখানে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৭ এম


ড. ইউনূসের রবেন আইল্যান্ড পরিদর্শন, নেলসন ম্যান্ডেলাকে বন্দি রাখা ছিল সেখানে

শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা ও সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলাকে দীর্ঘকাল বন্দি রাখা ঐতিহাসিক রবেন আইল্যান্ড কারাগার পরিদর্শন করেছেন।

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা শুক্রবার (৬ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অবস্থিত ঐতিহাসিক এ দ্বীপটি পরিদর্শন করেন। প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে এ পরিদর্শনের আয়োজন করা হয়।

রবেন আইল্যান্ড দক্ষিণ আফ্রিকার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ স্মৃতিবিজড়িত স্থান হিসেবে পরিচিত। বর্ণবাদী শাসনামলে এখানে রাজনৈতিক বন্দিদের আটক রাখা হতো। নেলসন ম্যান্ডেলা তার জীবনের ১৮ বছর এ দ্বীপের কারাগারে কাটিয়েছেন। বর্তমানে এটি বর্ণবাদবিরোধী সংগ্রাম ও স্বাধীনতার ইতিহাসের স্মারক হিসেবে পরিচিত।

ড. ইউনূসের এই পরিদর্শন দক্ষিণ আফ্রিকার ইতিহাস, স্বাধীনতাসংগ্রাম এবং মানবাধিকারের জন্য আত্মত্যাগের স্মৃতির সঙ্গে তার সফরকে যুক্ত করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গভর্নর নিউসমের ক্ষমতা ছাড়ার আগে ৫৪৮ বন্দির মৃত্যুদণ্ড বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩০ এম


গভর্নর নিউসমের ক্ষমতা ছাড়ার আগে ৫৪৮ বন্দির মৃত্যুদণ্ড বাতিল

ক্ষমতা ছাড়ার মাত্র দুই মাস আগে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়, গভর্নর গ্যাভিন নিউসম ৫৪৮ বন্দির মৃত্যুদণ্ড পরিবর্তন করে আমৃত্যু কারাদণ্ডের ঘোষণা দিয়েছেন। আধুনিক মার্কিন ইতিহাসে একসঙ্গে এতসংখ্যক মৃত্যুদণ্ড পরিবর্তনের নজিরবিহীন উদ্যোগ এটিই প্রথম। যদি এই সিদ্ধান্ত পুরোপুরি কার্যকর হয়, তবে মৃত্যুদণ্ড কার্যকরের অপেক্ষায় থাকা বন্দির সংখ্যা দেশে প্রায় ৩০ শতাংশ কমে যাবে।

কারাগারের চার দেয়ালে মৃত্যুর প্রহর গোনা শত শত বন্দির জীবনে যেন হঠাৎই নতুন করে বেঁচে থাকার আশার আলো জ্বলে উঠেছে। মৃত্যুদণ্ডে লেখা জীবনের শেষ পরিণতি এবার নতুন করে বাঁচার স্বপ্নে রূপান্তরিত হয়েছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার উদ্যোগ নিয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার, গভর্নর গ্যাভিন নিউসম ক্যালিফোর্নিয়ার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫৪৮ বন্দির সাজা পরিবর্তন করে আমৃত্যু কারাদণ্ডে রূপান্তরের ঘোষণা দেন। তবে এই পরিবর্তনের ফলে বন্দিদের মুক্তির কোনো সুযোগ সৃষ্টি হচ্ছে না। তাদের বাকি জীবন কারাগারের চার দেয়ালেই কাটাতে হবে।

মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস ও ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে ৫২৯ জন পুরুষ এবং ১৯ জন নারী রয়েছেন। তবে ৩৮২ বন্দির সাজা পরিবর্তনের জন্য ক্যালিফোর্নিয়া সুপ্রিম কোর্টের অনুমোদন প্রয়োজন।

নিউসমের আট বছরের গভর্নর মেয়াদ আগামী ৪ জানুয়ারি শেষ হচ্ছে। বিদায়ের আগে, তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মার্কিন নাগরিক অধিকার সংগঠন এসিএলইউ। অন্যদিকে, হত্যাকাণ্ডে স্বজন হারানো পরিবারের একাংশ ক্ষোভ প্রকাশ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%