শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং
০৯:২১ এম
দুর্গাপূজার বিসর্জনের সময় শুধুমাত্র ‘সনাতন ধর্মে’ বিশ্বাসী ব্যক্তিরা প্রতিমা স্পর্শ করার অনুমতি পাবেন। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই নির্দেশের ফলে রাজ্যজুড়ে রাজনৈতিক এবং সামাজিক বিতর্ক শুরু হয়েছে। বিরোধীরা অভিযোগ করেছে যে, এর মাধ্যমে রাজ্যে অস্পৃশ্যতা বা ছোঁয়াছুঁয়ির প্রথা পুনরায় চালু করার চেষ্টা করা হচ্ছে।
টাইমস অফ ইন্ডিয়া সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার হুগলি নদীর তীরে বাবুঘাট পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী এই নির্দেশনা প্রদান করেন। তিনি দাবি করেছেন যে, এই নির্দেশের পেছনে কোনো সাম্প্রদায়িক উদ্দেশ্য নেই এবং বিসর্জনের আচার-অনুষ্ঠানের পবিত্রতা রক্ষা করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বুধবার কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে, প্রতিমা বিসর্জনের সঙ্গে জড়িত ব্যক্তিদের একটি রেকর্ড রাখা হবে। তিনি বলেন, ‘যারা সনাতন ধর্মে বিশ্বাস করেন, কেবল তারাই প্রতিমা স্পর্শ করবেন। আমি সিপি-কে বলেছি যারা এখানে আসছেন, তাদের নাম রেকর্ড করতে হবে। তাদের পরিচয়ও নিশ্চিত করতে হবে।’
মুখ্যমন্ত্রী আরো বলেন, ‘পবিত্রতা রক্ষায় আমাদের হাজার হাজার বছর ধরে চলে আসা ঐতিহ্য, শাস্ত্র ও নিয়ম মেনে চলতে হবে।’ এই মন্তব্যের ফলে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। বিরোধী দলের নেতারা তার বিরুদ্ধে ধর্মীয় বিভাজন তৈরি এবং সাংবিধানিক নীতি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন।
সিপিএমের সাবেক সংসদ সদস্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রশ্ন তুলেছেন, ‘তার (অধিকারী) কাছে কি কোনো তালিকা আছে কে সনাতনী আর কে নন? তিনি কি ব্যাখ্যা করতে পারবেন কীভাবে কেউ সনাতনী হয়ে ওঠেন? তার কাছে কোনো উত্তর নেই।’ তিনি আরো অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী সরাসরি আরএসএসের এজেন্ডা বাস্তবায়নের পথে হাঁটছেন।
পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা সুমন রায় চৌধুরী মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের নিন্দা জানিয়ে বলেন, এটি ভারতের বহুত্ববাদের সাংবিধানিক প্রতিশ্রুতির পরিপন্থী। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ মন্তব্য করেছেন, ‘এতটা সংকীর্ণ কিন্তু হিন্দুধর্ম নয়, হিন্দুধর্ম উদার। আপনি কি ধর্ম দেখে দেখে, জাতপাত দেখে দেখে, দেখতে যাবেন, এ ছোঁবে, এ ছোঁবে না। শ্রীরামকৃষ্ণ এ কথা বলে যাননি। স্বামী বিবেকানন্দ এই হিন্দুত্ব দেখিয়ে যাননি। শ্রী চৈতন্য দেব এই হিন্দুত্ব দেখিয়ে যাননি।’
এর আগে ঐতিহ্য বজায় রাখার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে বিসর্জনে ক্রেন ব্যবহার করা হবে না, পরিবর্তে ট্রলি ব্যবহার করা হবে এবং ডিজে গান সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
তবে এই নির্দেশনা কলকাতার দুর্গাপূজার মণ্ডপ ও বিসর্জন ঘাটগুলোতে দীর্ঘদিন ধরে বজায় থাকা সাম্প্রদায়িক সম্প্রীতি এবং দরিদ্র দিনমজুরদের জীবিকার ওপর বড় আঘাত হয়ে আসতে পারে। প্রতিবছর প্রতিমা তৈরি, মণ্ডপ নির্মাণ থেকে শুরু করে বিশেষ করে ভারী প্রতিমা বহন এবং গঙ্গায় বিসর্জনের কাজে যুক্ত থাকেন হাজার হাজার দিনমজুর। বিসর্জন ঘাটগুলোতে এই ভারী প্রতিমা কাঁধে নেওয়া ও নদীতে নামানোর কাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া বহু মুসলিম ধর্মাবলম্বী দিনমজুরের পাশাপাশি আদিবাসী ও তফসিলি উপজাতিভুক্ত অ-সনাতনী শ্রমিকেরা কাজ করে থাকেন। পারিশ্রমিকের বিনিময়ে বংশপরম্পরায় এই শ্রম দিয়ে পরিবার চালান তারা।
কলকাতা পৌর করপোরেশনের (কেএমসি) তথ্য অনুযায়ী, শহরের বিভিন্ন বিসর্জন ঘাটে এই শ্রমিকেরাই প্রতিবছর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পূজা আয়োজক কমিটিগুলো যদি মুখ্যমন্ত্রীর এই সামাজিক নির্দেশ মেনে চলে, তবে এই শ্রমিকদের একটি বিশাল অংশ বিসর্জনের কাজে অংশ নিতে পারবে না। ফলে উৎসবের মৌসুমে তাদের নিশ্চিত উপার্জনের পথ বন্ধ হয়ে যাবে।
ইতোমধ্যেই বিষয়টি নিয়ে কলকাতা পৌর করপোরেশন ও স্থানীয় প্রশাসনের অন্দরে তৈরি হয়েছে ধোঁয়াশা। অ-সনাতনী এই দিনমজুরেরা যদি কাজ হারান, তবে বিসর্জনের ঘাটে তাদের বিকল্প হিসেবে কাদের নিয়োগ দেওয়া হবে কিংবা ক্ষতিগ্রস্ত শ্রমিকদের জীবিকার বিষয়ে সরকারের নীতি কী হবে সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো স্পষ্ট কোনো দিকনির্দেশনা দেওয়া হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সৌদি আরবের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে গত ১০ অক্টোবর হামলার কারণে ক্ষতিগ্রস্ত সৌদি এয়ারলাইনসের যাত্রীদের মধ্যে যারা এখনো তাদের লাগেজ পায়নি, তাদের জন্য অনলাইনে হারানো লাগেজের অভিযোগ দাখিলের জন্য অনুরোধ জানানো হয়েছে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট যাত্রীরা সৌদি এয়ারলাইন্সের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে প্রবেশ করে হারানো লাগেজের অভিযোগ দাখিল করতে পারবেন।
যাত্রীদের জন্য নির্দেশনা রয়েছে যে, তারা https://mybag.aero/baggage/#/pax/saudia/en-gb/main-menu লিংকে প্রবেশ করে ‘লস্ট ব্যাগেজ ক্লেম’ বা হারানো লাগেজের অভিযোগ জমা দিতে হবে।
বাংলাদেশ দূতাবাস জানায়, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অন্যান্য এয়ারলাইন্সের যাত্রীদের লাগেজ সংক্রান্ত তথ্য পাওয়া গেলে তা যথাসময়ে জানানো হবে।
এদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করেছে। দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে আগামী ২৩, ২৪ ও ২৫ অক্টোবর ঢাকা–দাম্মাম রুটের ফ্লাইট বাতিল করা হয়েছে।
সেই সাথে চলমান হামলার পরিস্থিতি বিবেচনায় ঢাকা–রিয়াদ রুটের সব ফ্লাইট আগামী ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সটি।
বৃহস্পতিবার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২১ অক্টোবর রাতে সৌদি আরবের দাম্মাম শহরের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনার পর যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দাম্মামগামী ফ্লাইটগুলো স্থগিত করা হয়েছে। একই কারণে রিয়াদগামী ফ্লাইটও ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্থগিত ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও সংশোধিত সময়সূচি যথাসময়ে জানানো হবে। তবে, ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দা ও মদিনাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে।
জরুরি প্রয়োজনে দাম্মাম ও রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যেতে পারবেন। একইভাবে এসব বিমানবন্দর দিয়ে দেশে ফিরতেও পারবেন তারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আজ (২৩ অক্টোবর) অনুষ্ঠিত হচ্ছে অষ্টমবারের মতো ‘সুপার সেল কার বাজারের’ আয়োজন। টানা সাত সপ্তাহের সাফল্যের পর, এটি এখন অষ্টম সপ্তাহে প্রবেশ করছে, যেখানে গাড়ি কেনা-বেচার এই বিশেষ আয়োজন অনুষ্ঠিত হচ্ছে।
ক্রেতারা এখানে তাদের পছন্দের গাড়িটি কেনার সুযোগ পাচ্ছেন। একইসঙ্গে, তারা নিজের ব্যবহৃত গাড়িটিও উপযুক্ত দামে বিক্রি করতে পারবেন।
গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই গাড়ি কেনা-বেচার আসর নিয়মিতভাবে প্রতি শুক্রবার অনুষ্ঠিত হবে। ক্রেতারা এখানে কোনো ঝক্কিঝামেলা ছাড়াই তাদের পছন্দের বাইক কিংবা গাড়ি কিনতে সক্ষম হচ্ছেন।
এছাড়া, প্রয়োজনে তারা নিজের ব্যবহৃত বাইক বা চার চাকার গাড়িও বিক্রি করতে পারবেন। ‘সুপার সেল কার বাজার’ উদ্বোধনী দিনেই অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে। অনেক ক্রেতা মনে করছেন, এই শহরের ব্যস্ততার মাঝে এমন আয়োজন সত্যিই স্বস্তিদায়ক। তাই ক্রেতাদের নিয়মিত স্বস্তি দিতে আজ শুক্রবার সকাল ১০টায় পূর্বঘোষণা অনুযায়ী ‘সুপার সেল কার বাজার’ শুরু হবে।
নতুন, পুরাতন ও রিকন্ডিশন্ড গাড়ি, মোটরবাইক এবং ইউটিলিটি ভেহিকেলের বিশাল সমাহার থাকবে এই কার বাজারে।
উদ্যোক্তারা জানিয়েছেন, বাংলাদেশের অটোমোবাইল বাজারে ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে তাল মিলিয়ে একটি নিয়মিত ও আধুনিক মার্কেটপ্লেসের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। ‘সুপার সেল কার বাজার’ সেই চাহিদা পূরণে একটি সময়োপযোগী উদ্যোগ হিসেবে কাজ করছে। এর মাধ্যমে ক্রেতারা এক জায়গায় বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের যানবাহন সম্পর্কে জানার এবং তুলনা করার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি বিক্রেতারাও সরাসরি সম্ভাব্য ক্রেতাদের কাছে পৌঁছাতে পারছেন।
‘সুপার সেল কার বাজার’ আয়োজন করছে উইজার্ড শোবিজ এবং ভেন্যু পার্টনার হিসেবে রয়েছে আইসিসিবি। এই আয়োজনে বিভিন্ন ব্র্যান্ড, ডিলারশিপ, আর্থিক প্রতিষ্ঠান ও অটোমোবাইল-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। পাশাপাশি ব্যক্তি মালিকানাধীন নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি এবং মোটরসাইকেল বিশেষ ছাড়ে কেনাবেচার সুযোগও রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আর্জেন্টিনা জাতীয় দলের সফলতম কোচ লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের আলোচনা বর্তমানে চূড়ান্ত পর্যায়ে অবস্থান করছে। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলে, তাহলে ২০৩০ সালের বিশ্বকাপ পর্যন্ত সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের ডাগআউটে এই মাস্টারমাইন্ডকে দেখা যাবে।
আর্জেন্টিনার জনপ্রিয় ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ জানিয়েছে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এবং স্কালোনির মধ্যে আলোচনা খুবই ইতিবাচকভাবে এগোচ্ছে।
আগামী নভেম্বরে ফিফা আন্তর্জাতিক বিরতির সময় চুক্তি নবায়নের বিষয়ে আনুষ্ঠানিক সমঝোতা চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক ওই বিরতিতে আর্জেন্টিনা ঘরের মাঠে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলবে; যেখানে তারা বুয়েনস এইরেসের ঐতিহাসিক লা বোম্বোনেরা স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী উরুগুয়ের মুখোমুখি হবে এবং কোর্দোবায় কোস্টারিকার বিরুদ্ধে লড়াই করবে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, নতুন চুক্তির প্রাথমিক মেয়াদ হতে পারে দুই বছর (২০২৮ সাল পর্যন্ত)। এরপর ২০২৮ সালের কোপা আমেরিকার পারফরম্যান্স এবং দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে চুক্তিটি আরও দুই বছর, অর্থাৎ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত বাড়ানোর স্বয়ংক্রিয় সুযোগ রাখা হবে।
২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের পর হোর্হে সাম্পাওলির বিদায়ের প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে তুলনামূলক কম পরিচিত লিওনেল স্কালোনি ডাগআউটের দায়িত্ব গ্রহণ করেছিলেন। এরপর থেকে তার নেতৃত্বে আলবিসেলেস্তেরা রূপকথার জন্ম দিয়েছে। কাতার বিশ্বকাপ জয়ের পাশাপাশি তার অধীনে ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা এবং ফিনালিসিমার শিরোপা জিতেছে আর্জেন্টিনা। এছাড়া ২০২৬ বিশ্বকাপেও দলটি রানার্সআপ হয়েছে। এই অভাবনীয় সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে এএফএ স্কালোনির পুরো কোচিং স্টাফকে বহাল রাখার পরিকল্পনা করছে।
তবে কোচিং স্টাফের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ও সহকারী কোচ ওয়াল্টার স্যামুয়েলের অবস্থান নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাকে দায়িত্ব চালিয়ে যাওয়ার জন্য জোর চেষ্টা চলছে। স্যামুয়েলকে নিজের ‘বন্ধু ও অত্যন্ত গুরুত্বপূর্ণ সহযোগী’ হিসেবে উল্লেখ করে স্কালোনি বলেছেন, তার ব্যক্তিগত সিদ্ধান্তকে সবসময় সম্মান জানাবেন তিনি।
নতুন এই চুক্তি চূড়ান্ত হলে ২০২৮ সালের কোপা আমেরিকার পর আর্জেন্টিনার প্রধান কোচ হিসেবে স্কালোনির বর্ণাঢ্য কোচিং ক্যারিয়ার এক দশকে (১০ বছর) পৌঁছাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের ওপেনার অভিষেক শর্মা ব্যাট হাতে মাঠে নামলেই যেন নতুন রেকর্ড গড়ার অভ্যাস তৈরি করে ফেলেছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে অনুষ্ঠিত টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ইনিংসের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে তিনি এককভাবে নতুন একটি বিশ্বরেকর্ড নিজের নামে করেছেন।
ক্রাইস্টচার্চে কিউইদের দেওয়া ২২৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে অভিষেক ম্যাচের শুরুতেই ঝোড়ো সূচনার বার্তা দেন। নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরির প্রথম বলটিকে কভার অঞ্চলের ওপর দিয়ে বাউন্ডারির বাইরে পাঠান তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ইনিংসের একদম প্রথম বলেই এটি তার সপ্তম ছক্কা। এই মাধ্যমে আফগানিস্তানের শফিকুল্লাহ শিনওয়ারিকে ছাড়িয়ে এককভাবে শীর্ষস্থানে উঠে এলেন ভারতীয় ওপেনার। শফিকুল্লাহর ঝুলিতে রয়েছে ৬টি এবং ভারতের সূর্যকুমার যাদবের রয়েছে ৫টি এমন ছক্কা।
তবে রেকর্ড গড়ার পর ইনিংসটিকে আর খুব বেশি বড় করতে পারেননি অভিষেক। ১২ বলে ২৯ রানের ঝোড়ো ইনিংস খেলে মাইকেল ব্রেসওয়েলের বলে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। তার এই ক্যামিও ইনিংসে দুটি চার ও তিনটি ছক্কার মার ছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ