১১:১০ এম
বাংলাদেশের সঙ্গে উন্নয়ন সহযোগিতা বৃদ্ধি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করার উদ্দেশ্যে তিন দিনের সফরে ঢাকায় আসছেন জার্মানির ভাইস মিনিস্টার ড. বারবেল কফলার।
রোববার (২৫ অক্টোবর) তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। গতকাল শনিবার (২৪ অক্টোবর) ঢাকার জার্মান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।
জানা গেছে, জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নবিষয়ক ফেডারেল মন্ত্রণালয়ের (বিএমজেড) একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বারবেল কফলার।
আরও পড়ুন: বোম্বে হাইকোর্ট ইমরান খানের ভারত ছাড়ার নোটিশ স্থগিত করেছে
বাংলাদেশ বর্তমানে অর্থনৈতিক পরিবর্তনের এক গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে এবং এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে। এই প্রেক্ষাপটে অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখা, পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেয়ার সক্ষমতা বৃদ্ধি করা এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার বিষয়গুলো আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে।
জার্মানি দীর্ঘদিন ধরে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে অংশীদার হিসেবে কাজ করে আসছে। এবারের সফরে দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও বিস্তৃত করার পাশাপাশি বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যৎ উন্নয়ন চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন সহযোগিতার সুযোগ খোঁজার বিষয়েও গুরুত্ব দেয়া হবে, এমনটি জানানো হয়েছে জার্মান দূতাবাসের বিজ্ঞপ্তিতে।
সফরের অংশ হিসেবে বারবেল কফলারের বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক সংলাপে বসার পরিকল্পনা রয়েছে। এছাড়া, চট্টগ্রামে চলমান কয়েকটি উন্নয়ন কার্যক্রমের অগ্রগতিও সরেজমিনে দেখার সুযোগ পাবেন তিনি।
ঢাকায় অবস্থানকালে জার্মান দূতাবাসের আয়োজনে ‘জার্মান রিইউনিফিকেশন ডে’ উপলক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন কফলার। এতে বাংলাদেশের ও জার্মানির জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, কূটনৈতিক প্রতিনিধি, নাগরিক সমাজের সদস্য এবং সংস্কৃতি ও সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে।
আরও পড়ুন: সুদানে স্বর্ণের খোঁজে শ্রমিকেরা জীবন ঝুঁকিতে, খনিতে প্রাণ হারাচ্ছেন
১৯৯০ সালে দীর্ঘদিন বিভক্ত থাকার পর পূর্ব ও পশ্চিম জার্মানি আবার এক রাষ্ট্রে পরিণত হয়। প্রতিবছর ‘জার্মান রিইউনিফিকেশন ডে’ পালন করে দেশটি ঐতিহাসিক পুনর্মিলনের স্মৃতি ধরে রাখতে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন