ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

খেলোয়াড়দের ভবিষ্যৎ সুরক্ষায় অবসর ভাতা চালুর পরিকল্পনা: হুইপ দুলু


খেলোয়াড়দের ভবিষ্যৎ সুরক্ষায় অবসর ভাতা চালুর পরিকল্পনা: হুইপ দুলু

সরকার খেলোয়াড়দের ভবিষ্যৎ সুরক্ষায় অবসরকালীন ভাতা চালুর পরিকল্পনা গ্রহণ করেছে। একই সঙ্গে দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নির্মাণ এবং স্টেডিয়াম তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি।

ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট উচ্চ বিদ্যালয় মাঠে ‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল—মাদক ছেড়ে মাঠে চল’ স্লোগানে আয়োজিত কাজল আহমেদ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য তুলে ধরেন।

হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, খেলোয়াড়দের অবসরকালীন ভাতার পরিকল্পনা সরকারের রয়েছে। বিএনপি সরকার খেলাধুলাকে উৎসাহিত করছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সারা দেশে খেলাধুলার আয়োজন করা হচ্ছে। বিভিন্ন ইভেন্টের খেলোয়াড়দের জীবনসায়াহ্নে অবসরকালীন ভাতা দেওয়ার পরিকল্পনাও সরকারের রয়েছে।

আরও পড়ুন: পেশাদার গলফে মিডিয়া পার্টনার হল ‘গলফ মিডিয়া’

তিনি আরো বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে গ্রামগঞ্জে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করা সম্ভব হবে। যুবসমাজকে ক্রীড়াঙ্গনের সঙ্গে যুক্ত রাখতে পারলে মাদক ও মোবাইল আসক্তি থেকে তাদের দূরে রাখা সম্ভব হবে।

দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে হুইপ আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এসব মাঠে স্টেডিয়াম নির্মাণ করে নিয়মিত খেলাধুলার চর্চা নিশ্চিত করার সুব্যবস্থা করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. আফজাল হোসেন খান পলাশ, ফরিদপুর-১ আসনের সাবেক দলীয় সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম, ফরিদপুর জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন, পর্তুগাল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজল আহমেদসহ মধুখালী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তবে খেলার সময় মাঠের চারপাশ দর্শকরা কানায় কানায় পূর্ণ হয়ে উঠে।

টুর্নামেন্টে দেশের আটটি জেলা থেকে আটটি দল অংশগ্রহণ করে। ফাইনালে গোপালগঞ্জ একাদশ ৩-১ গোলে নড়াইল একাদশকে পরাজিত করে শিরোপা অর্জন করে। খেলার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান।

আরও পড়ুন: মাওকে নিয়ে মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমবাপ্পে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার ড. বারবেল কফলার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

১১:১০ এম


ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার ড. বারবেল কফলার

বাংলাদেশের সঙ্গে উন্নয়ন সহযোগিতা বৃদ্ধি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করার উদ্দেশ্যে তিন দিনের সফরে ঢাকায় আসছেন জার্মানির ভাইস মিনিস্টার ড. বারবেল কফলার।

রোববার (২৫ অক্টোবর) তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। গতকাল শনিবার (২৪ অক্টোবর) ঢাকার জার্মান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।

জানা গেছে, জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নবিষয়ক ফেডারেল মন্ত্রণালয়ের (বিএমজেড) একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বারবেল কফলার।

বাংলাদেশ বর্তমানে অর্থনৈতিক পরিবর্তনের এক গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে এবং এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে। এই প্রেক্ষাপটে অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখা, পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেয়ার সক্ষমতা বৃদ্ধি করা এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার বিষয়গুলো আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে।

জার্মানি দীর্ঘদিন ধরে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে অংশীদার হিসেবে কাজ করে আসছে। এবারের সফরে দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও বিস্তৃত করার পাশাপাশি বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যৎ উন্নয়ন চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন সহযোগিতার সুযোগ খোঁজার বিষয়েও গুরুত্ব দেয়া হবে, এমনটি জানানো হয়েছে জার্মান দূতাবাসের বিজ্ঞপ্তিতে।

সফরের অংশ হিসেবে বারবেল কফলারের বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক সংলাপে বসার পরিকল্পনা রয়েছে। এছাড়া, চট্টগ্রামে চলমান কয়েকটি উন্নয়ন কার্যক্রমের অগ্রগতিও সরেজমিনে দেখার সুযোগ পাবেন তিনি।

ঢাকায় অবস্থানকালে জার্মান দূতাবাসের আয়োজনে ‘জার্মান রিইউনিফিকেশন ডে’ উপলক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন কফলার। এতে বাংলাদেশের ও জার্মানির জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, কূটনৈতিক প্রতিনিধি, নাগরিক সমাজের সদস্য এবং সংস্কৃতি ও সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে।

১৯৯০ সালে দীর্ঘদিন বিভক্ত থাকার পর পূর্ব ও পশ্চিম জার্মানি আবার এক রাষ্ট্রে পরিণত হয়। প্রতিবছর ‘জার্মান রিইউনিফিকেশন ডে’ পালন করে দেশটি ঐতিহাসিক পুনর্মিলনের স্মৃতি ধরে রাখতে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গুলিকাণ্ডের পর আসিফ আকবরের বক্তব্য, পুলিশ তদন্ত করছে

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

১১:১০ এম


গুলিকাণ্ডের পর আসিফ আকবরের বক্তব্য, পুলিশ তদন্ত করছে

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ির দিকে শনিবার (২৪ অক্টোবর) ভোরে দুর্বৃত্তরা গুলি ছুড়েছে, এ বিষয়ে এবার তিনি মুখ খুললেন। রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের সামনে এই ঘটনা ঘটেছে।

আসিফ জানান, তিনি তখন মগবাজারে নিজের অফিসে অবস্থান করছিলেন। তার গাড়িটি নিচে পার্ক করা ছিল এবং সেই গাড়ির দিকে আচমকা গুলি চালানো হয়। তবে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন বলে নিশ্চিত করেছেন।

গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আসিফ বলেন, “বিকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমার বাসায় এসেছিলেন। তারা বিষয়টি নিয়ে আলোচনা করেছেন এবং তদন্ত করছেন।”

এই সংগীতশিল্পী জানান, ঘটনার সময় তিনি অফিসে বসে ছিলেন এবং বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে ছেলের সঙ্গে কথা বলার কারণে কিছুটা দেরি হয়ে যায়। ঠিক সেই সময়ে গুলির ঘটনা ঘটে।

আসিফ বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, সে সম্পর্কে তার কোনো ধারণা নেই। তিনি বলেন, “আমি তো কাউকে সন্দেহ করতে পারছি না। বলতে পারছি না কারা এই কাজটা করেছে। যে বা যারা ঘটনাটা ঘটিয়েছে, তারা খুব ভালো করেই জানে আমি অফিসে কখন যাই এবং কখন অফিস থেকে বের হই।”

নিজের দৈনন্দিন রুটিন সম্পর্কে আসিফ জানান, “রাত ৮টা কিংবা সাড়ে ৮টায় আমি অফিসে ঢুকি এবং ফজরের নামাজের আগে কিংবা পরে অফিস থেকে বের হয়ে বাসায় যাই। তারা ওই সময়টাই টার্গেট করেছে, কিন্তু তাদের টার্গেটটা মিস হয়ে গেছে। আমি আর কিছুক্ষণ আগেই নিচে নামতাম। ছেলের সঙ্গে কথা বলছিলাম বলে অফিসে আরও কিছুক্ষণ ছিলাম।”

পুলিশের তথ্য অনুযায়ী, হাতিরঝিল থানাধীন মগবাজার থেকে ওয়্যারলেসগামী সড়কের পাশে বিশাল সেন্টার মার্কেটের সামনে ফুটপাতের পার্কিংয়ে ছিল আসিফের গাড়ি। ভোরের দিকে একটি সিএনজিচালিত অটোরিকশায় এসে গাড়িটির দিকে একটি গুলি ছোড়ে এক ব্যক্তি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ির ভেতর থেকে গুলির কার্তুজ উদ্ধার করেছে।

এদিকে, এ ঘটনায় শোবিজের শিল্পী-কলাকুশলীরা উদ্বেগ প্রকাশ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাঈদীর মামলার বাদী মানিক পশারীর দাফন পুলিশ প্রহরায় সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

১১:১১ এম


সাঈদীর মামলার বাদী মানিক পশারীর দাফন পুলিশ প্রহরায় সম্পন্ন

পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন শনিবার দিবাগত রাত ১টার দিকে পুলিশ প্রহরায় সম্পন্ন হয়েছে। প্রশাসনের সহযোগিতায় এই দাফন সম্পন্ন হয়, যা দিনভর নানা উত্তেজনার পর হয়। এর আগে শনিবার গার্ড অব অনার দিতে এবং দাফনে বাধা দেন জামায়াতের নেতা-কর্মীরা। একপর্যায়ে স্থানীয় বিক্ষুব্ধ জনতা তাঁর জন্য খোঁড়া কবর মাটি দিয়ে ভরাট করে ফেলে। পরে কবর খুঁড়তে কোনো পুরুষ লোক না পাওয়ায় তাঁর বোন ও দুই মেয়ে কবর খনন করেন। দাফন সম্পন্ন হলেও তাঁর নিজ এলাকায় কোনো জানাজা হয়নি বলে জানা গেছে।

গার্ড অব অনার দেওয়া এবং লাশ দাফন করতে বাধার বিষয়ে জামায়াত নেতাদের অভিযোগ, মানিক পশারী একজন ভুয়া মুক্তিযোদ্ধা; তাই তাঁকে গার্ড অব অনার দেওয়া হবে না। শনিবার দুপুরে গার্ড অব অনার দেওয়ার কথা থাকলেও জামায়াতের বাধায় তা সম্ভব হয়নি। পাঁচ ঘণ্টা পর গোপনে পিরোজপুর পুলিশ লাইনে গার্ড অব অনার দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এদিকে মানিক পশারীর লাশ নিজ এলাকা পিরোজপুর সদর উপজেলার চিথলিয়া গ্রামে দাফন করতে দেওয়া হবে না বলে স্থানীয় জনগণ বিক্ষোভ করে। বিক্ষুব্ধ জনতা তাঁর জন্য খোঁড়া কবরও ভরাট করে ফেলে। শনিবার রাত সাড়ে ৯টায় পাড়েরহাট বন্দরে দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে নাসিম সাঈদীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মানিক পশারী শনিবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মেয়ের জামাইয়ের বাড়িতে মারা যান। শনিবার দুপুরে তাঁর লাশ গার্ড অব অনারের জন্য পিরোজপুর সদর উপজেলা পরিষদ চত্বরে নেওয়া হলে জামায়াতের নেতা-কর্মীরা তাতে বাধা দেন। পরে লাশ পুলিশ প্রহরায় পিরোজপুর পুলিশ লাইনে নিয়ে গার্ড অব অনার দেওয়া হয়। ওই সময় পুলিশ লাইনের সামনে ও আশপাশে বিপুল সংখ্যক জামায়াত নেতা-কর্মী জড়ো হন।

মানিক পশারীর পরিবার জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি পলাতক ছিলেন। তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মেয়ের জামাইয়ের কাছে আশ্রয় নিয়েছিলেন। গত দুই মাস ধরে অসুস্থতায় ভুগে শনিবার সকালে তিনি মারা যান।

পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখারুল ইসলাম শামীম জানান, মুক্তিযোদ্ধা মরহুম মানিক পশারীকে পুলিশ লাইনে গার্ড অব অনার দেওয়া হয়। পরে শনিবার দিবাগত রাত ১টার দিকে তাঁর উপস্থিতিতে পুলিশ প্রহরায় মানিক পশারীকে তাঁর বাড়িতে কবরস্থ করা হয়।

মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন ও মির্জা জহুরুল হক বলেন, মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী রাজাকার ছিলেন না, মানিক পশারীও মুক্তিযোদ্ধা ছিলেন না। তাঁদের দাবি, মাওলানা সাঈদীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করার পর মানিক পশারীকে মুক্তিযোদ্ধা বানানো হয়েছে।

পিরোজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক জানান, মানিক পশারী একজন ভুয়া মুক্তিযোদ্ধা, তাঁকে কোনোভাবেই গার্ড অব অনার দিতে দেওয়া হবে না। পিরোজপুরের মাটিতে মানিক পশারীর লাশ দাফন করতে দেওয়া হবে না।

দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে ও পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী বলেন, মানিক পশারী একজন মিথ্যাবাদী, তিনি তাঁর বাবার বিরুদ্ধে মামলা দিয়ে মিথ্যাচার করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি সাক্ষ্যে স্পষ্ট বলেছেন, তিনি মুক্তিযুদ্ধ করেননি। তাঁর দাবি, আত্মগোপনে থাকা পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি তৎকালীন এমপি থাকাবস্থায় সাঈদীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের পর মানিক পশারীকে ডিউ লেটার দিয়ে গেজেটে মুক্তিযোদ্ধা হিসেবে নাম লিখিয়েছেন।

মাসুদ সাঈদী আরও বলেন, গেজেটে যেহেতু মুক্তিযোদ্ধা হিসেবে মানিক পশারীর নাম আছে, সেহেতু সরকার তাঁকে গার্ড অব অনার দিয়েছে। এতে তাঁর কোনো আপত্তি নেই, কারণ সরকার তার দায়িত্ব পালন করেছে। তবে তিনি শুনেছেন, চিথলিয়া গ্রামের বিক্ষুব্ধ জনতা মানিক পশারীকে ওই এলাকায় দাফন করতে দেবে না। জনতা তাঁর জন্য খোঁড়া কবর ভরাট করে দিয়েছে।

মানিক পশারীর মেয়ের জামাই ফারুক হোসেন জানান, সকাল ১০টায় তিনি মারা যান। দুপুর ১২টায় তাঁরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গেলে তিনি গার্ড অব অনারের কথা বলে বিকেল ৫টা পর্যন্ত তাঁদের দাঁড় করিয়ে রাখেন। একটি সাধারণ অ্যাম্বুলেন্সে কোনো বরফ বা চা-পাতা ছাড়াই পাঁচ ঘণ্টা পর গোপনে কোনোমতে গার্ড অব অনার দেওয়া হয়েছে।

এমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৯ দিন পর বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

১১:১১ এম


৯ দিন পর বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

দুর্গাপূজা, সাপ্তাহিক ছুটির কারণে টানা ৯ দিন পর আজ রবিবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য পুনরায় শুরু হয়েছে।

বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত ১৬ অক্টোবর শুক্রবার থেকে সরকারি ছুটি এবং সাপ্তাহিক ছুটির কারণে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। আজ রবিবার থেকে আবারও এই কার্যক্রম শুরু হয়েছে।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন মন্তব্য করেছেন, দুর্গাপূজার ছুটির পর বন্দরের কার্যক্রম আবার শুরু হয়েছে। তিনি উল্লেখ করেন, টানা কয়েক দিনের ক্ষতি পুষিয়ে নিতে রাত-দিন কাজ চলতে থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%