০২:৩৪ পি.এম
মাগুরায় নানা আয়োজনের মাধ্যমে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) এই দিবস উপলক্ষে সকালে মাগুরা জেলা বিএনপি’র কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বেলা ১১ টার সময় স্থানীয় নোমানী ময়দানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহবায়ক আলী আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আক্তার হোসেন, আহসান হাবিব কিশোর, খান হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন, ফারুকুজ্জামান ফারুক, সদস্য কুতুব উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল।
সমাবেশে বক্তারা উল্লেখ করেন, ১৯৭৫ সালের ৭ই নভেম্বর যে ঐতিহাসিক সিপাহী-জনতার অভ্যুত্থান ঘটে, তার চেতনা দেশপ্রেমিক মানুষকে বারবার দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। বক্তারা বলেন, জাতীয় ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে ৭ই নভেম্বরের কোন বিকল্প নেই। বর্তমানে বাংলাদেশকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। সকলকে ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। বক্তারা আরও বলেন, দেশপ্রেমিক মানুষ যদি ঐক্যবদ্ধ থাকে, তবে কোন পরাজিত শক্তি দেশের অগ্রযাত্রা রুখতে সক্ষম হবে না।
আরও পড়ুন: বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
সংক্ষিপ্ত সমাবেশ শেষে দুপুর ১২ টায় স্থানীয় নোমানী ময়দান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে অংশ নেয় মাগুরা জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদলসহ মহিলা দলও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। জেলার শ্রীপুর, মহম্মদপুর ও শালিখা উপজেলায় পৃথকভাবে দিবসটি পালন উপলক্ষে কর্মসূচি গ্রহণ করা হয়। সরকারি ভাবে দিবসটি পালন উপলক্ষে নির্ধারিত কর্মসূচি গ্রহণ করে জেলা প্রশাসন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন