০৪:১১ পি.এম
জামালপুরের মেলান্দহে ট্রাকের চাপায় একই পরিবারের তিনজনসহ মোট ৪ জনের মৃত্যু হয়েছে।
নিহতদের মধ্যে স্বামী, স্ত্রী এবং তাঁদের আট মাস বয়সী শিশুকন্যা রয়েছে, এছাড়া একজন মোটরসাইকেল আরোহীও নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজন অটোরিকশার চালক এবং অপরজন যাত্রী।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের বুরুঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী নয়াপল্টনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে যোগদান
নিহতদের মধ্যে রয়েছেন ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারী এলাকার মোরশেদ আলম (২৫), তাঁর স্ত্রী ইকরামা (২৩) এবং তাঁদের আট মাস বয়সী মেয়ে রিফা। অন্যদিকে, মেলান্দহ উপজেলার শাহাজাতপুর এলাকার বরকত আলী ভুঁয়ার ছেলে লিখন (৫৬)ও নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মেলান্দহের শিমুলতলী এলাকা থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে জামালপুরের দিকে যাচ্ছিল। একই সময়ে বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেল মেলান্দহের দিকে আসছিল। পেছন থেকে আসা একটি ট্রাক প্রথমে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এরপর ট্রাকটি অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে চাপা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা একই পরিবারের তিনজনসহ একজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন।
দুর্ঘটনায় মোরশেদ আলম ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় তাঁর স্ত্রী ও শিশুকন্যাকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়। মোটরসাইকেল আরোহী লিখন জামালপুর হাসপালে নেয়ার পথে মারা যান। এছাড়া আহত অটোরিকশার চালক ও আরেক যাত্রীকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
এদিকে দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে পালানোর চেষ্টা করেন চালক। তবে স্থানীয় লোকজন মেলান্দহের মালঞ্চ এলাকায় ট্রাকটি আটক করতে সক্ষম হন। পরে পুলিশ অভিযান চালিয়ে চালককেও আটক করে।
আরও পড়ুন: সৌদির সড়কে একসঙ্গে ঝরলো ৭ বাংলাদেশির প্রাণ
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, "একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। এমন মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। পাশাপাশি আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়া হবে।"
এ বিষয়ে মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঞা বলেন, সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও দুজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমএইচ
আরও পড়ুন: ডায়ালাইসিস সেবা বন্ধের আশঙ্কায় ৫০০ রোগী ঝুঁকিতে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন