ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

সৌদির সড়কে একসঙ্গে ঝরলো ৭ বাংলাদেশির প্রাণ


সৌদির সড়কে একসঙ্গে ঝরলো ৭ বাংলাদেশির প্রাণ

সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় একসঙ্গে ৭ বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুও অন্তর্ভুক্ত রয়েছে।

শনিবার (৭ নভেম্বর) তারা মদিনা থেকে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করছিলেন, তখন এই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, ওই বাংলাদেশিরা একটি গাড়িতে করে জেদ্দার দিকে রওনা দিয়েছিলেন। পথিমধ্যে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এই ঘটনায় ঘটনাস্থলেই নারী ও শিশুসহ ৭ জনের মৃত্যু ঘটে।

আরও পড়ুন: মেলান্দহে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪

নিহতদের নাম ও পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি। ঘটনার খবর পাওয়ার পর সৌদি আরবের স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে এবং স্থানীয় হাসপাতালের মর্গে পাঠায়।

জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কর্মকর্তারা দুর্ঘটনার বিষয়টি জানার পর বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন।

আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতদের মরদেহ দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনতে দূতাবাসের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে বলে কনস্যুলেট সূত্রে জানা গেছে। এদিকে, এই মর্মান্তিক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর সৌদি আরবে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং নিহতদের পরিবারের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী নয়াপল্টনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে যোগদান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রী নয়াপল্টনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে যোগদান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৯ পি.এম


প্রধানমন্ত্রী নয়াপল্টনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে যোগদান

রাজধানীর নয়াপল্টনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অনুষ্ঠিত পূর্ব সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত হয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টার কিছু আগে প্রধানমন্ত্রীর সমাবেশে আসার খবর পাওয়া যায়।

সমাবেশের পর প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি শোভাযাত্রা শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মনোহরগঞ্জে ৩৪ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১০ পি.এম


মনোহরগঞ্জে ৩৪ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠিত

কুমিল্লার মনোহরগঞ্জ ও লাকসাম উপজেলার বিভিন্ন কলেজ ও মাদরাসা থেকে ২০২৬ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের জন্য একটি বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। ‘মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম’-এর উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ৩৪ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট এবং নগদ ১০ হাজার টাকা করে আর্থিক প্রাইজমানি প্রদান করা হয়।

শনিবার (৭ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় সংগঠনটির মনোহরগঞ্জ উপজেলা কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত জাহান।

প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশে তাঁর বক্তব্যে বলেন, "আজকের এই সাফল্য তোমাদের দীর্ঘ কঠোর পরিশ্রমের সুফল। তবে এটি জীবনের কেবল একটি প্রাথমিক ধাপ। সামনে উচ্চশিক্ষা গ্রহণের মাধ্যমে জীবনের বড় বড় চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।"

তিনি আরও উল্লেখ করেন, গুণীজন ও মেধাবীদের সম্মান জানালে সমাজে নতুন গুণী মানুষের জন্ম হয়। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় মনোহরগঞ্জ ও লাকসাম উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৩৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে, যা অত্যন্ত আনন্দের বিষয়। এ সময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, এটি শিক্ষার্থীদের মাদকসহ অন্যান্য খারাপ আসক্তি থেকে দূরে রাখতে সাহায্য করবে।

মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন সিআইপির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মাদরাসা টিচার্স ইনস্টিটিউটের সাবেক অধ্যক্ষ মাওলানা অধ্যাপক ড.ম্মদ উল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ড. মো. আবদুল হান্নান, লাকসাম মডেল কলেজের সাবেক অধ্যক্ষ আবু তাহের, শাহপুর ইসলামিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আনোয়ার হোসাইন, মনোহরগঞ্জ দারুল উলুম কেরামতিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা জিন্নত আলী, মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের উপদেষ্টা অধ্যাপক আশরাফুজ্জামান মোল্লা ও আবদুল খালেক মোল্লা, সহসভাপতি এস এম মুনসুর ও সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান শামীম, সাংবাদিক নেতা মজিবুর রহমান দুলাল, নির্বাহী সদস্য শওকত হোসেন বিপ্লব, সাংবাদিক আবুল খায়ের এবং জাহাঙ্গীর আলম মিয়াজি।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পড়ালেখায় আরও বেশি উৎসাহিত করতে এবং তাদের অনন্য সাফল্যের স্বীকৃতি স্বরূপ প্রতিবছরের মতো এবারও এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে। আনন্দঘন এই আয়োজনে স্থানীয় শিক্ষাবিদ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক এবং মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেলান্দহে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১১ পি.এম


মেলান্দহে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪

জামালপুরের মেলান্দহে ট্রাকের চাপায় একই পরিবারের তিনজনসহ মোট ৪ জনের মৃত্যু হয়েছে।

নিহতদের মধ্যে স্বামী, স্ত্রী এবং তাঁদের আট মাস বয়সী শিশুকন্যা রয়েছে, এছাড়া একজন মোটরসাইকেল আরোহীও নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজন অটোরিকশার চালক এবং অপরজন যাত্রী।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের বুরুঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারী এলাকার মোরশেদ আলম (২৫), তাঁর স্ত্রী ইকরামা (২৩) এবং তাঁদের আট মাস বয়সী মেয়ে রিফা। অন্যদিকে, মেলান্দহ উপজেলার শাহাজাতপুর এলাকার বরকত আলী ভুঁয়ার ছেলে লিখন (৫৬)ও নিহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মেলান্দহের শিমুলতলী এলাকা থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে জামালপুরের দিকে যাচ্ছিল। একই সময়ে বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেল মেলান্দহের দিকে আসছিল। পেছন থেকে আসা একটি ট্রাক প্রথমে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এরপর ট্রাকটি অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে চাপা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা একই পরিবারের তিনজনসহ একজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন।

দুর্ঘটনায় মোরশেদ আলম ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় তাঁর স্ত্রী ও শিশুকন্যাকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়। মোটরসাইকেল আরোহী লিখন জামালপুর হাসপালে নেয়ার পথে মারা যান। এছাড়া আহত অটোরিকশার চালক ও আরেক যাত্রীকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে পালানোর চেষ্টা করেন চালক। তবে স্থানীয় লোকজন মেলান্দহের মালঞ্চ এলাকায় ট্রাকটি আটক করতে সক্ষম হন। পরে পুলিশ অভিযান চালিয়ে চালককেও আটক করে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, "একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। এমন মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। পাশাপাশি আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়া হবে।"

এ বিষয়ে মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঞা বলেন, সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও দুজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রণবীরের সিনেমা দেখে আবেগে কেঁদে ফেললেন মহেশ ভাট

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১২ পি.এম


রণবীরের সিনেমা দেখে আবেগে কেঁদে ফেললেন মহেশ ভাট

বলিউডের বড়পর্দায় রণবীর কাপুরের ‘রামায়ণ’ সিনেমা মুক্তির পর থেকেই ব্যাপক প্রশংসা পাচ্ছে। সিনেমাপ্রেমী দর্শকরা ‘রাম’ চরিত্রে রণবীরকে দেখে মুগ্ধ হচ্ছেন। তবে, এই সিনেমাটি দেখে কেঁদে ফেলেন রণবীর কাপুরের শ্বশুরমশাই, বর্ষীয়ান পরিচালক মহেশ ভাট।

সম্প্রতি ভ্যারাইটি ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে মহেশ ভাট বলেন, ‘বিরতির ঠিক আগে রামকে ১৪ বছরের জন্য নির্বাসনে পাঠানো হলো। আমার গলাটা যেন বন্ধ হয়ে আসছিল। আমি না কাঁদার জন্য আপ্রাণ চেষ্টা করছিলাম। কিন্তু আলো জ্বলে উঠলে আমি চোখের পানি লুকানোর চেষ্টা করলাম। কিন্তু পারলাম না।' তিনি আরও বলেন, 'বেশি কিছু বলতেও পারলাম না। অসাধারণ অভিজ্ঞতা মানুষকে নির্বাক করে দেয়।'

মহেশ ভাট সিনেমাটির রাম ও রাবণের সংবেদনশীল চিত্রায়ণের জন্য পরিচালক নীতেশ তিওয়ারির প্রশংসা করেছেন। তিনি রাবণ চরিত্রে যশের অভিনয়ের ভূয়সী প্রশংসা করেন। রাম চরিত্রে রণবীরের অভিনয় এমন একটি দিক তুলে ধরেছে, যা তার পূর্ববর্তী ছবিগুলোতে দেখা যায়নি।

তিনি বলেন, ‘রাবণ চরিত্রে যশ আমাকে মুগ্ধ করেছে। নীতেশ তিওয়ারি সেসব শক্তিকে সংযত করেছেন; এটি খুব সহজেই বাড়াবাড়ি হয়ে যেতে পারত। আমি তখনো এর মোহে আচ্ছন্ন ছিলাম— যখন রণবীর প্রবেশ করে এবং তার আগমনের সঙ্গে সঙ্গেই সিনেমাটি আমার কাছে ততটা আকর্ষণীয় হয়ে ওঠেনি। তারপর সে ক্যামেরার দিকে হেঁটে এসে হাত জোড় করল। আমি দেখলাম সে তার ভেতরের এমন কিছুকে স্পর্শ করছে, যা তার অন্য কোনো সিনেমায় তাকে করতে বলা হয়নি।

তিনি আরও বলেন, আমার মনে হলো সে তার ভেতরের ঈশ্বরকে স্পর্শ করেছে। যখন পরিবারটি রামকে ঘিরে জড়ো হলো, মহাকাব্যটি পূর্ণতা পেল। অরুণ গোভিলের অভিনয় হৃদয়বিদারকভাবে পরিপূর্ণ ছিল।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) অভিনেত্রী আলিয়া ভাট 'রামায়ণ' সিনেমার সেট থেকে তাদের মেয়ে রাহার ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে রণবীরের জন্য একটি আবেগঘন বার্তা লিখেছেন।

ছবিটির প্রতি রণবীরের নিষ্ঠার প্রশংসা করে আলিয়া ভাট লিখেছেন, ‘তুমি এই ছবিটির জন্য নিজের সবকিছু উজাড় করে দিয়েছ এবং তারপরও তার জন্য তোমার কাছে সবকিছু অবশিষ্ট ছিল। রণবীর, তোমার জন্য এবং সিনেমার এই অবিশ্বাস্য অভিজ্ঞতায় যারা তাদের হৃদয় ও আত্মা ঢেলে দিয়েছেন, তাদের প্রত্যেকের জন্য আমি অত্যন্ত গর্বিত। কিছু গল্প আমাদের সবার চেয়েও বড় হয় এবং রামায়ণ তাদের মধ্যে একটি।’

উল্লেখ্য, নীতেশ তিওয়ারি পরিচালিত 'রামায়ণ' সিনেমা হলো ভারতীয় মহাকাব্যের একটি দুই পর্বের চলচ্চিত্র রূপান্তর। এ সিনেমায় ভগবান রামের চরিত্রে রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী, রাবণের চরিত্রে যশ এবং লক্ষ্মণের চরিত্রে রবি দুবে অভিনয় করেছেন। এ তারকাখচিত দলে আরও রয়েছেন অরুণ গোভিল, লারা দত্ত, রাকুল প্রীত সিং, বিবেক ওবেরয়, কুনাল কাপুর ও কাজল আগরওয়াল। দ্বিতীয় পর্বে ভগবান হনুমানের ভূমিকায় অভিনয় করবেন সানি দেওল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%