০৭:৫৮ পি.এম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জলবায়ু সহনশীলতা (ক্লাইমেট রেজিলিয়েন্স) জোরদারে বিশেষ করে নারী ও শিশুদের প্রতি গুরুত্ব দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটিসমূহের ফেডারেশন (আইএফআরসি)'র মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে আইএফআরসির প্রতিনিধি দলের প্রধান আলবার্তো বোকানেগ্রা বিদায়ী সাক্ষাৎ করতে আসলে তিনি এ আহ্বান জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে বোকানেগ্রা বাংলাদেশে দায়িত্ব পালনকালে আইএফআরসির প্রধান মানবিক কার্যক্রম ও অর্জন সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন।
আরও পড়ুন: আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধরের অভিযোগ
তিনি দুর্যোগ প্রস্তুতি, জলবায়ু সহনশীলতা, স্বাস্থ্যসেবা এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠীর সহায়তায় আইএফআরসির কার্যক্রম তুলে ধরেন।
শামা ওবায়েদ ইসলাম বোকানেগ্রাকে সফলভাবে দায়িত্ব সম্পন্ন করায় অভিনন্দন জানান এবং বাংলাদেশে আইএফআরসির নেতৃত্বে তাঁর ভূমিকার প্রশংসা করেন।
তিনি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় থেকে আইএফআরসির সঙ্গে দেশের দীর্ঘদিনের অংশীদারত্ব স্মরণ করেন এবং জরুরি সাড়া প্রদান ও মানবিক সহায়তায় সংস্থাটির গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন।
প্রতিমন্ত্রী বিশেষভাবে বন্যা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন জলবায়ুজনিত দুর্যোগে আইএফআরসির ধারাবাহিক সহায়তার প্রশংসা করেন।
আরও পড়ুন: মতলবে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী র্যালি ও আলোচনা সভার মাধ্যমে পালিত
তিনি বাংলাদেশে রোহিঙ্গা মানবিক সংকট মোকাবিলায় সংস্থাটির সহায়তারও প্রশংসা করেন।
জলবায়ুজনিত দুর্যোগের প্রতি বাংলাদেশের ক্রমবর্ধমান ঝুঁকির প্রেক্ষাপটে শামা ওবায়েদ ইসলাম নারী ও শিশুদের চাহিদা ও ঝুঁকিকে অগ্রাধিকার দিয়ে জলবায়ু সহনশীলতা বৃদ্ধির উদ্যোগে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইএফআরসির মধ্যে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন