০৮:৪৫ পি.এম
নড়াইল কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষককে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের অফিস সহকারী রাকিব হোসেন অন্তরের বিরুদ্ধে।
রোববার (১৯ জুলাই) দুপুর ১টার দিকে শহরের আলাদাতপুর এলাকায় অবস্থিত বিদ্যালয় প্রাঙ্গণে এই ঘটনাটি ঘটেছে।
আহত প্রধান শিক্ষক মো. উজির আলী (৩৪) কে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি লোহাগড়া উপজেলার শালবরাত গ্রামের রতন মোল্যার ছেলে।
আরও পড়ুন: সুনামগঞ্জে নতুন কুঁড়ির ভার্চুয়াল উদ্বোধনে অংশ নিলেন নূরুল ইসলাম এমপি
বিদ্যালয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, রোববার দুপুরে কয়েকজন অভিভাবক তাদের সন্তানদের বেতন পরিশোধের জন্য স্কুলে যান। এ সময় অফিস সহকারী রাকিব হোসেন বেতন জমা না নিয়ে উল্টো অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন। বিষয়টি জানতে পেরে প্রধান শিক্ষক উজির আলী অফিস কক্ষে গিয়ে রাকিবের কাছে তার আচরণের কারণ জানতে চান।
এতে রাকিব ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে যখন প্রধান শিক্ষক কক্ষ থেকে বের হতে যান, তখন রাকিব আচমকা ছুরি নিয়ে তার ওপর হামলা করেন এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।
প্রধান শিক্ষকের চিৎকার শোনার পর সহকর্মীরা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। ঘটনার পরপরই অভিযুক্ত অফিস সহকারী রাকিব হোসেন অন্তর ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
নড়াইল জেলা হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক অলোক কুমার বাগচী জানান, আহত প্রধান শিক্ষক উজির আলীর হাত, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে। তাকে হাসপাতালে ভর্তি রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: খুলনার আইন-শৃঙ্খলা উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর
এ বিষয়ে nড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, ঘটনাটি জানার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা হাসপাতালে গিয়ে ভুক্তভোগী প্রধান শিক্ষকের খোঁজখবর নিয়েছি। এই ঘটনায় এখনও আনুষ্ঠানিক কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযুক্ত অফিসসহকারী রাকিব হোসেন অন্তরকে আটক করতে পুলিশের অভিযান চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন