ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

আন্তর্জাতিক ই-কমার্সে রিমার্কের শক্ত অবস্থান, বিশ্ববাজারে যাচ্ছে হাজারো পণ্য


আন্তর্জাতিক ই-কমার্সে রিমার্কের শক্ত অবস্থান, বিশ্ববাজারে যাচ্ছে হাজারো পণ্য

বিশ্বের অন্যতম বৃহৎ অনলাইন বাণিজ্য প্ল্যাটফর্ম আলিবাবা ডটকমের ভেরিফায়েড সাপ্লায়ার হিসেবে যুক্ত হয়েছে বাংলাদেশের শীর্ষস্থানীয় কসমেটিকস, স্কিনকেয়ার, পারসোনাল কেয়ার, হোমকেয়ার ও বেবিকেয়ার পণ্য উৎপাদন, বিপণন ও রপ্তানিকারক প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেড।

এই উপলক্ষে প্রতিষ্ঠানটি আলিবাবার বাংলাদেশি এজেন্ট স্কাইটেক বিয়ন্ড লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে। এর ফলে আন্তর্জাতিক ক্রেতারা আলিবাবা প্ল্যাটফর্মের মাধ্যমে রিমার্কের বিভিন্ন গ্লোবাল ব্র্যান্ডের পণ্য, প্যাকেজিং সামগ্রী এবং উৎপাদনসংশ্লিষ্ট সেবা সংগ্রহের সুযোগ পাবেন।

গত সোমবার (২ নভেম্বর) রাজধানীর গুলশানে রিমার্কের করপোরেট কার্যালয়ে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রিমার্কের পক্ষে ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিটের এডিশনাল অপারেটিভ ডিরেক্টর শুভ কুমার সাহা এবং স্কাইটেক বিয়ন্ডের চিফ অপারেটিং অফিসার রিদওয়ান আহমেদ চুক্তিতে সই করেন।

আরও পড়ুন: প্রযুক্তি জায়ান্টদের ইউক্রেনীয়দের রক্তের বিনিময়ে ব্যবসার অভিযোগ

এ সময় উপস্থিত ছিলেন রিমার্কের করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান আরিফুল ইসলাম, রিমার্ক সুপার প্যাক চ্যানেলের প্রধান জয়ন্ত সরকার এবং স্কাইটেক বিয়ন্ডের অপারেশন ম্যানেজার ফয়সাল মাহমুদ দোলন ও সিনিয়র এক্সিকিউটিভ সাকিব খানসহ আরও অনেকে।

চুক্তির আওতায় প্রাথমিক পর্যায়ে আলিবাবা প্ল্যাটফর্মে রিমার্কের লিলি, নিওর, সিওডিল, স্কিনমিন্ট, অরিক্স, সানবিট, একনল ও লিটল ওয়ানসহ বিভিন্ন ব্র্যান্ডের স্কিনকেয়ার, পারসোনাল কেয়ার, কালার কসমেটিকস, হেয়ার কেয়ার, হোমকেয়ার ও বেবি কেয়ারের এক হাজারের বেশি পণ্য তালিকাভুক্তির প্রক্রিয়া চলছে।

জানা যায়, পর্যায়ক্রমে এ সংখ্যা আরও বাড়ানো হবে। পাশাপাশি খুচরা ও পাইকারি অর্ডারের কাস্টমাইজড প্যাকেজিং, মোল্ড, বিভিন্ন ধরনের মেশিনারি এবং উৎপাদনসংশ্লিষ্ট সেবাও আন্তর্জাতিক ক্রেতাদের জন্য উন্মুক্ত থাকবে।

এ প্রসঙ্গে স্কাইটেক বিয়ন্ডের সিওও রিদওয়ান আহমেদ মন্তব্য করেন, "আলিবাবার সঙ্গে যুক্ত হওয়ার ফলে শুধু তৈরি পণ্য নয়, উৎপাদন ও প্যাকেজিং খাতের আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গেও রিমার্কের ব্যবসায়িক যোগাযোগ বাড়বে। বিশেষ করে নিজস্ব ব্র্যান্ডের জন্য কসমেটিকস, স্কিনকেয়ার ও পারসোনাল কেয়ার পণ্য উৎপাদন, কাস্টমাইজড প্যাকেজিং কিংবা সংশ্লিষ্ট শিল্পসেবা নিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলো আলিবাবার মাধ্যমে রিমার্কের সঙ্গে যোগাযোগ করতে পারবে।"

আরও পড়ুন: ভ্যান্সকে গালিবাফের খোঁচা: বসকে এসব বলছেন না কেন?

অপারেশন ম্যানেজার ফয়সাল মাহমুদ দোলন বলেন, "আলিবাবার মতো আন্তর্জাতিক বিটুবি প্ল্যাটফর্মে রিমার্কের পণ্য তালিকাভুক্তির মাধ্যমে বিশ্বব্যাপী ক্রেতাদের কাছে পণ্য উপস্থাপন ও ব্যবসায়িক যোগাযোগের নতুন সুযোগ তৈরি হবে। এ কার্যক্রমকে কার্যকর করতে প্রযুক্তিগত সমন্বয়, পণ্য ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক মান বজায় রাখার বিষয়গুলোতে আমরা গুরুত্ব দিচ্ছি।"

রিমার্কের করপোরেট অ্যাফেয়ার্স প্রধান আরিফুল ইসলাম জানান, "বিশ্বের অন্যতম বৃহৎ ই-কমার্স প্ল্যাটফর্ম আলিবাবাকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক বাজারে রিমার্কের উপস্থিতি আরও সুসংহত করতে চাই আমরা। বিশ্বের বিভিন্ন দেশের ভোক্তাদের কাছে আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য পৌঁছে দিতে এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে এ প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।"

এডিশনাল অপারেটিভ ডিরেক্টর শুভ কুমার সাহা বলেন, "আলিবাবার সঙ্গে এ সংযুক্তি রিমার্কের গ্লোবাল ব্র্যান্ডগুলোর আন্তর্জাতিক পরিচিতি বাড়ানোর নতুন সুযোগ তৈরি করবে। এর মাধ্যমে আন্তর্জাতিক ক্রেতাদের কাছে বাংলাদেশের উৎপাদন সক্ষমতা ও পণ্যের গুণগত মান তুলে ধরার পাশাপাশি নতুন বাজার সম্প্রসারণের পথ আরও সুগম হবে।"

প্রসঙ্গত, রিমার্কের রয়েছে নিজস্ব অত্যাধুনিক ফ্যাক্টরি। গবেষণা ও উন্নয়ন, উন্নত ফর্মুলেশন, আধুনিক উৎপাদন প্রযুক্তি এবং মান নিয়ন্ত্রণ ব্যবস্থার সমন্বয়ে প্রতিষ্ঠানটি কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্য উৎপাদন করছে। এসব পণ্য বর্তমানে থাইল্যান্ড, শ্রীলঙ্কা, নেপাল, ভারত, ওমান, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনসহ বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। উৎপাদন সক্ষমতা ও মান ব্যবস্থাপনার স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠানটি আইএসও ও সিজিএমপি সনদের পাশাপাশি বিএসটিআই ও হালাল সনদ এবং গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড অর্জন করেছে।

আরও পড়ুন: শিল্পী বব ডিলানের সঙ্গে পোপ লিও চতুর্দশের সাক্ষাৎ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে শুরু হলো নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৭ পি.এম


চাঁদপুরে শুরু হলো নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২

চাঁদপুরে উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ক্রীড়া আয়োজনের উদ্বোধন করেন চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল ছিদ্দিক, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দ্বীন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা এবং চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কয়েক শত শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে এই আয়োজনে অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনায় উদ্বোধনী অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, নতুন কুঁড়ি স্পোর্টসের এই আয়োজন শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি তাদের সুপ্ত ক্রীড়া প্রতিভার বিকাশ এবং ভবিষ্যতে দক্ষ খেলোয়াড় গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে, সারা দেশে একযোগে শুরু হওয়া এই ক্রীড়া আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণ পড়াশোনার পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন শিক্ষক ও অভিভাবকেরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রযুক্তি জায়ান্টদের ইউক্রেনীয়দের রক্তের বিনিময়ে ব্যবসার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৯ পি.এম


প্রযুক্তি জায়ান্টদের ইউক্রেনীয়দের রক্তের বিনিময়ে ব্যবসার অভিযোগ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রযুক্তি আধুনিক যুদ্ধের রূপ পরিবর্তন করছে। ইউক্রেন, রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে, মার্কিন প্রযুক্তি জায়ান্ট ‘পালান্টির’ (Palantir)-এর উন্নত সফটওয়্যার এবং যুদ্ধক্ষেত্রের বুদ্ধিমত্তা বা ব্যাটলফিল্ড ইন্টেলিজেন্স ব্যাপকভাবে ব্যবহার করে আসছে। তবে, এর পেছনে একটি কঠিন ও অস্বস্তিকর প্রশ্ন উঠেছে—ইউক্রেন কি তাদের চরম রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে এআই ও আধুনিক যুদ্ধের অমূল্য ডেটা বা উপাত্ত প্রদান করছে?

আল-জাজিরার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কেবল ধ্বংসযজ্ঞ সৃষ্টি করছে না, বরং এটি একবিংশ শতাব্দীর আধুনিক যুদ্ধের ওপর অত্যন্ত মূল্যবান এবং বিশাল পরিমাণ প্রায়োগিক তথ্য বা ডেটা তৈরি করছে। ড্রোন উড্ডয়ন, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, ক্ষেপণাস্ত্র ইন্টারসেপশন, রুশ গ্লাইড বোমা হামলা এবং রিকনেসান্স মিশনের কোটি কোটি পর্যবেক্ষণ একত্রিত হয়ে এআই মেশিনকে যুদ্ধ পরিচালনার নতুন পাঠ দিচ্ছে।

যুদ্ধের শুরু থেকেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং দেশটির ডিজিটাল রূপান্তর মন্ত্রণালয় পশ্চিমা প্রযুক্তি জায়ান্টদের সাথে নিবিড় সহযোগিতা করে আসছে। পালান্টিরের প্রধান নির্বাহী অ্যালেক্স কার্প কিয়েভ সফর করে ইউক্রেনকে ‘ডিজিটাল ফ্রন্টলাইনে’ সহায়তার হাত বাড়িয়ে দেন। পালান্টিরের ‘গথাম’ (Gotham) এবং অন্যান্য প্ল্যাটফর্মগুলো ইউক্রেনীয় সামরিক বাহিনীকে শত্রুসেনার গতিবিধি ট্র্যাক করতে, উপগ্রহ চিত্র ও ড্রোন ডেটা বিশ্লেষণ করতে এবং অপারেশন পরিকল্পনা করতে সহায়তা করছে।

বিশ্লেষকদের মতে, ইউক্রেনের এই সংকটকালীন পরিস্থিতিতে প্রযুক্তিগত সহায়তা অত্যন্ত জরুরি হলেও, দীর্ঘমেয়াদে এর বাণিজ্যিক ও কৌশলগত মূল্য কোথায় গিয়ে ঠেকছে তা নিয়ে প্রশ্ন সৃষ্টি হয়েছে। যুদ্ধের ভয়াবহ মানবিক মূল্য এবং ইউক্রেনীয়দের রক্তের বিনিময়ে অর্জিত এই কৌশলগত ডেটার সার্বভৌমত্ব শেষ পর্যন্ত কার হাতে থাকবে—এই প্রশ্নই এখন আন্তর্জাতিক প্রযুক্তি ও ভূ-রাজনীতির মহলে জোরালোভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সূত্র: আল-জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুয়াডাঙ্গায় দেয়ালে ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান লিখলেন নারী শিক্ষার্থীরা, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩০ পি.এম


চুয়াডাঙ্গায় দেয়ালে ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান লিখলেন নারী শিক্ষার্থীরা, ভিডিও ভাইরাল

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’সহ আওয়ামী লীগের বিভিন্ন স্লোগান লেখার ঘটনায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অভিযোগ রয়েছে, বিদ্যালয়ের কিছু ছাত্রী এই স্লোগানগুলো লিখেছেন। পুলিশ ইতোমধ্যে এ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে, দেয়াল লিখনের একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে স্থানীয় বাসিন্দারা কালো রঙের স্প্রে দিয়ে লেখা বিভিন্ন স্লোগান দেয়ালে দেখতে পান। স্লোগানগুলোর মধ্যে রয়েছে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’, ‘উই আর মুজিব সেনা’ এবং ‘ফিরছি আবার ডিসেম্বর’। পরে স্কুল কর্তৃপক্ষ দেয়ালের লেখাগুলো মুছে ফেলার কাজ শুরু করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিদ্যালয়ের ইউনিফর্ম পরা ছয় শিক্ষার্থী সামনের একটি গলিতে স্প্রে রং দিয়ে বিভিন্ন দেয়ালে স্লোগান লিখছেন। তাদের মধ্যে দুজন সরাসরি দেয়াল লিখনে অংশ নিচ্ছিলেন, অন্যরা পাশে দাঁড়িয়ে ছিলেন।

স্থানীয়দের দাবি, বুধবার দিনের বেলায় বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী এসব স্লোগান লেখেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যবসায়ী জানান, দিনের বেলায় স্কুলের শিক্ষার্থীরা দেয়ালে স্লোগান লিখেছেন। পরদিন বিষয়টি জানাজানি হলে পুলিশসহ বিভিন্ন লোকজন ঘটনাস্থলে আসেন।

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম বলেন, ‘শিক্ষার্থীরা এসব স্লোগান লিখেছেন। পরে জেলা প্রশাসকের নির্দেশে স্কুল কর্তৃপক্ষ দেয়ালের লেখাগুলো মুছে ফেলেছে। কারা এ ঘটনায় জড়িত, তা শনাক্ত করে তাদের অভিভাবকদের ডেকে বিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, খবর পেয়ে সদর থানা পুলিশ দেয়ালটি পরিদর্শন করেছে। সদর থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রানা জানান, ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে। শিক্ষার্থীরা কার নির্দেশে এসব স্লোগান লিখেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাত্র জমিয়তের ৫৬ দিনের দাওয়াতি ও সদস্য সংগ্রহ অভিযান শুক্রবার শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩১ পি.এম


ছাত্র জমিয়তের ৫৬ দিনের দাওয়াতি ও সদস্য সংগ্রহ অভিযান শুক্রবার শুরু

দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ ও নতুন সদস্য সংগ্রহের উদ্দেশ্যে ৫৬ দিনব্যাপী দাওয়াতি অভিযান শুরু করতে যাচ্ছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। আগামী শুক্রবার (৬ নভেম্বর) থেকে শুরু হয়ে এই অভিযান ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের চতুর্থ সাধারণ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাআদ বিন জাকিরের সঞ্চালনায় দুপুর আড়াইটায় সভার কার্যক্রম শুরু হয়। সভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়।

সভায় সভাপতি রিদওয়ান মাযহারী উল্লেখ করেন, ছাত্রসমাজের মধ্যে নৈতিকতা, আদর্শিক মূল্যবোধ ও দেশপ্রেম জাগ্রত করতে ছাত্র জমিয়ত কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সংগঠনের কার্যক্রম দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে এই দাওয়াতি ও সদস্য সংগ্রহ অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কর্মসূচির সফলতা নিশ্চিত করতে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সব পর্যায়ের দায়িত্বশীলদের সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির বলেন, সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করতে তৃণমূল পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণ অপরিহার্য। তিনি জানান, এই অভিযানের মাধ্যমে নতুন সদস্য অন্তর্ভুক্তির পাশাপাশি শিক্ষার্থীদের কাছে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরা হবে। নির্ধারিত সময়ের মধ্যে পরিকল্পিতভাবে কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সভায় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়। নেতারা তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে নতুন ইউনিট গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহসভাপতি মুহাম্মদ নুর হোসাইন, কাউসার আহমাদ (ঢাকা) ও কাওছার আহমদ (সিলেট), যুগ্ম সাধারণ সম্পাদক মুইনুল ইসলাম, সহসাধারণ সম্পাদক মারুফ বিল্লাহ, হাসান মাহমুদ, আবু সুফিয়ান মানসুর ও বায়জিদ আহমাদ সিরাজ, সাংগঠনিক সম্পাদক ইনআমুল হাসান নাইম, সহসাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (ঢাকা বিভাগ), ফোরকান আলী (চট্টগ্রাম বিভাগ) ও ফাহিম আহমদ (সিলেট বিভাগ)।

এছাড়া কেন্দ্রীয় অর্থ সম্পাদক হোসাইন আহমাদ, প্রচার সম্পাদক আহমাদ আল গাজি, দপ্তর সম্পাদক জুবায়ের হোসেন, প্রশিক্ষণ সম্পাদক কাজী শামসুল আরেফীন, সাহিত্য সম্পাদক উবাইদুল্লাহ খুরশিদ, বিশ্ববিদ্যালয়বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা সভায় অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%