ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

প্রযুক্তি জায়ান্টদের ইউক্রেনীয়দের রক্তের বিনিময়ে ব্যবসার অভিযোগ


প্রযুক্তি জায়ান্টদের ইউক্রেনীয়দের রক্তের বিনিময়ে ব্যবসার অভিযোগ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রযুক্তি আধুনিক যুদ্ধের রূপ পরিবর্তন করছে। ইউক্রেন, রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে, মার্কিন প্রযুক্তি জায়ান্ট ‘পালান্টির’ (Palantir)-এর উন্নত সফটওয়্যার এবং যুদ্ধক্ষেত্রের বুদ্ধিমত্তা বা ব্যাটলফিল্ড ইন্টেলিজেন্স ব্যাপকভাবে ব্যবহার করে আসছে। তবে, এর পেছনে একটি কঠিন ও অস্বস্তিকর প্রশ্ন উঠেছে—ইউক্রেন কি তাদের চরম রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে এআই ও আধুনিক যুদ্ধের অমূল্য ডেটা বা উপাত্ত প্রদান করছে?

আল-জাজিরার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কেবল ধ্বংসযজ্ঞ সৃষ্টি করছে না, বরং এটি একবিংশ শতাব্দীর আধুনিক যুদ্ধের ওপর অত্যন্ত মূল্যবান এবং বিশাল পরিমাণ প্রায়োগিক তথ্য বা ডেটা তৈরি করছে। ড্রোন উড্ডয়ন, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, ক্ষেপণাস্ত্র ইন্টারসেপশন, রুশ গ্লাইড বোমা হামলা এবং রিকনেসান্স মিশনের কোটি কোটি পর্যবেক্ষণ একত্রিত হয়ে এআই মেশিনকে যুদ্ধ পরিচালনার নতুন পাঠ দিচ্ছে।

যুদ্ধের শুরু থেকেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং দেশটির ডিজিটাল রূপান্তর মন্ত্রণালয় পশ্চিমা প্রযুক্তি জায়ান্টদের সাথে নিবিড় সহযোগিতা করে আসছে। পালান্টিরের প্রধান নির্বাহী অ্যালেক্স কার্প কিয়েভ সফর করে ইউক্রেনকে ‘ডিজিটাল ফ্রন্টলাইনে’ সহায়তার হাত বাড়িয়ে দেন। পালান্টিরের ‘গথাম’ (Gotham) এবং অন্যান্য প্ল্যাটফর্মগুলো ইউক্রেনীয় সামরিক বাহিনীকে শত্রুসেনার গতিবিধি ট্র্যাক করতে, উপগ্রহ চিত্র ও ড্রোন ডেটা বিশ্লেষণ করতে এবং অপারেশন পরিকল্পনা করতে সহায়তা করছে।

আরও পড়ুন: আন্তর্জাতিক ই-কমার্সে রিমার্কের শক্ত অবস্থান, বিশ্ববাজারে যাচ্ছে হাজারো পণ্য

বিশ্লেষকদের মতে, ইউক্রেনের এই সংকটকালীন পরিস্থিতিতে প্রযুক্তিগত সহায়তা অত্যন্ত জরুরি হলেও, দীর্ঘমেয়াদে এর বাণিজ্যিক ও কৌশলগত মূল্য কোথায় গিয়ে ঠেকছে তা নিয়ে প্রশ্ন সৃষ্টি হয়েছে। যুদ্ধের ভয়াবহ মানবিক মূল্য এবং ইউক্রেনীয়দের রক্তের বিনিময়ে অর্জিত এই কৌশলগত ডেটার সার্বভৌমত্ব শেষ পর্যন্ত কার হাতে থাকবে—এই প্রশ্নই এখন আন্তর্জাতিক প্রযুক্তি ও ভূ-রাজনীতির মহলে জোরালোভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সূত্র: আল-জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুয়াডাঙ্গায় দেয়ালে ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান লিখলেন নারী শিক্ষার্থীরা, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩০ পি.এম


চুয়াডাঙ্গায় দেয়ালে ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান লিখলেন নারী শিক্ষার্থীরা, ভিডিও ভাইরাল

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’সহ আওয়ামী লীগের বিভিন্ন স্লোগান লেখার ঘটনায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অভিযোগ রয়েছে, বিদ্যালয়ের কিছু ছাত্রী এই স্লোগানগুলো লিখেছেন। পুলিশ ইতোমধ্যে এ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে, দেয়াল লিখনের একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে স্থানীয় বাসিন্দারা কালো রঙের স্প্রে দিয়ে লেখা বিভিন্ন স্লোগান দেয়ালে দেখতে পান। স্লোগানগুলোর মধ্যে রয়েছে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’, ‘উই আর মুজিব সেনা’ এবং ‘ফিরছি আবার ডিসেম্বর’। পরে স্কুল কর্তৃপক্ষ দেয়ালের লেখাগুলো মুছে ফেলার কাজ শুরু করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিদ্যালয়ের ইউনিফর্ম পরা ছয় শিক্ষার্থী সামনের একটি গলিতে স্প্রে রং দিয়ে বিভিন্ন দেয়ালে স্লোগান লিখছেন। তাদের মধ্যে দুজন সরাসরি দেয়াল লিখনে অংশ নিচ্ছিলেন, অন্যরা পাশে দাঁড়িয়ে ছিলেন।

স্থানীয়দের দাবি, বুধবার দিনের বেলায় বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী এসব স্লোগান লেখেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যবসায়ী জানান, দিনের বেলায় স্কুলের শিক্ষার্থীরা দেয়ালে স্লোগান লিখেছেন। পরদিন বিষয়টি জানাজানি হলে পুলিশসহ বিভিন্ন লোকজন ঘটনাস্থলে আসেন।

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম বলেন, ‘শিক্ষার্থীরা এসব স্লোগান লিখেছেন। পরে জেলা প্রশাসকের নির্দেশে স্কুল কর্তৃপক্ষ দেয়ালের লেখাগুলো মুছে ফেলেছে। কারা এ ঘটনায় জড়িত, তা শনাক্ত করে তাদের অভিভাবকদের ডেকে বিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, খবর পেয়ে সদর থানা পুলিশ দেয়ালটি পরিদর্শন করেছে। সদর থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রানা জানান, ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে। শিক্ষার্থীরা কার নির্দেশে এসব স্লোগান লিখেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাত্র জমিয়তের ৫৬ দিনের দাওয়াতি ও সদস্য সংগ্রহ অভিযান শুক্রবার শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩১ পি.এম


ছাত্র জমিয়তের ৫৬ দিনের দাওয়াতি ও সদস্য সংগ্রহ অভিযান শুক্রবার শুরু

দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ ও নতুন সদস্য সংগ্রহের উদ্দেশ্যে ৫৬ দিনব্যাপী দাওয়াতি অভিযান শুরু করতে যাচ্ছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। আগামী শুক্রবার (৬ নভেম্বর) থেকে শুরু হয়ে এই অভিযান ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের চতুর্থ সাধারণ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাআদ বিন জাকিরের সঞ্চালনায় দুপুর আড়াইটায় সভার কার্যক্রম শুরু হয়। সভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়।

সভায় সভাপতি রিদওয়ান মাযহারী উল্লেখ করেন, ছাত্রসমাজের মধ্যে নৈতিকতা, আদর্শিক মূল্যবোধ ও দেশপ্রেম জাগ্রত করতে ছাত্র জমিয়ত কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সংগঠনের কার্যক্রম দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে এই দাওয়াতি ও সদস্য সংগ্রহ অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কর্মসূচির সফলতা নিশ্চিত করতে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সব পর্যায়ের দায়িত্বশীলদের সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির বলেন, সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করতে তৃণমূল পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণ অপরিহার্য। তিনি জানান, এই অভিযানের মাধ্যমে নতুন সদস্য অন্তর্ভুক্তির পাশাপাশি শিক্ষার্থীদের কাছে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরা হবে। নির্ধারিত সময়ের মধ্যে পরিকল্পিতভাবে কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সভায় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়। নেতারা তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে নতুন ইউনিট গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহসভাপতি মুহাম্মদ নুর হোসাইন, কাউসার আহমাদ (ঢাকা) ও কাওছার আহমদ (সিলেট), যুগ্ম সাধারণ সম্পাদক মুইনুল ইসলাম, সহসাধারণ সম্পাদক মারুফ বিল্লাহ, হাসান মাহমুদ, আবু সুফিয়ান মানসুর ও বায়জিদ আহমাদ সিরাজ, সাংগঠনিক সম্পাদক ইনআমুল হাসান নাইম, সহসাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (ঢাকা বিভাগ), ফোরকান আলী (চট্টগ্রাম বিভাগ) ও ফাহিম আহমদ (সিলেট বিভাগ)।

এছাড়া কেন্দ্রীয় অর্থ সম্পাদক হোসাইন আহমাদ, প্রচার সম্পাদক আহমাদ আল গাজি, দপ্তর সম্পাদক জুবায়ের হোসেন, প্রশিক্ষণ সম্পাদক কাজী শামসুল আরেফীন, সাহিত্য সম্পাদক উবাইদুল্লাহ খুরশিদ, বিশ্ববিদ্যালয়বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা সভায় অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেষ মুহূর্তে তপুর চোট, জামাল ভূঁইয়া দলের নতুন অধিনায়ক

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩১ পি.এম


শেষ মুহূর্তে তপুর চোট, জামাল ভূঁইয়া দলের নতুন অধিনায়ক

শেষ মুহূর্তে সিদ্ধান্তে পরিবর্তন এসেছে। বাংলাদেশের অধিনায়ক হিসেবে জামাল ভূঁইয়াই দায়িত্ব পালন করবেন। সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে তপু বর্মণের অধীনে খেলার পরিকল্পনা ছিল বাংলাদেশের।

কিন্তু মাঠে নামার পূর্বে টিম ম্যানেজমেন্ট তপুকে একাদশের বাইরে রাখার সিদ্ধান্ত নেয়। চূড়ান্ত অনুশীলনের সময় এই ডিফেন্ডার চোট পেয়ে গেছেন। তার পরিবর্তে সৈয়দ কাজেম শাহকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ঘরের মাঠে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিরুদ্ধে আজ চমক হিসেবে বিশ্বনাথ ঘোষ মাঠে নামবেন। তাকে স্ট্রাইকারের ভূমিকায় খেলাচ্ছেন টমাস ডুলি।

অন্যদিকে গোলবারের ‘চীনের প্রচীর’ হিসেবে মেহেদী হাসান শ্রাবণ আজও থাকবেন। রক্ষণভাগে জিদান ইফসুফ, সাদ উদ্দিন, তারিক কাজী ও জায়ান আহমেদ অবস্থান করবেন। আক্রমণে রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিমরা থাকবেন। জামালের সঙ্গে মাঝমাঠে জুটি গড়বেন শমিত সোম।

বাংলাদেশ একাদশ:

মেহেদী হাসান শ্রাবণ (গোলরক্ষক), জিদান ইফসুফ, সৈয়দ কাজেম শাহ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, জামাল ভূঁইয়া, জায়ান আহমেদ, তারিক কাজী, শমিত সোম, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ ময়মনসিংহে শুরু

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩২ পি.এম


জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ ময়মনসিংহে শুরু

ঢাকা, ৫ নভেম্বর, ২০২৬ : সরকারের ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচির আওতায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’-এর ময়মনসিংহ বিভাগীয় পর্ব।

আজ বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের মুক্তাগাছা সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এ প্রতিযোগিতার।

তিন দিনব্যাপী চলমান এই প্রতিযোগিতায় ময়মনসিংহ বিভাগের চার জেলার ১৫টি কলেজের ৫১৯ জন ক্রীড়াবিদ অংশগ্রহণ করছেন। শিক্ষার্থীরা মোট ৫৭টি ইভেন্টে নিজেদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করবেন।

আগামী ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যা বিভাগীয় পর্বের সমাপ্তি নির্দেশ করবে এবং বিজয়ীরা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ উল্লেখ করেন, খেলাধুলা একজন শিক্ষার্থীর শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্ব, শৃঙ্খলা, সহমর্মিতা ও দলগত মানসিকতা গড়ে তোলে।

তিনি আরও জানান, খেলাধুলার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য উজ্জ্বল ও স্মরণীয় অর্জন বয়ে আনা সম্ভব এবং প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলার প্রতি অত্যন্ত আগ্রহী, যা এ খাতকে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন বাবলু।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ নিরীক্ষা দপ্তরের পরিচালক মো. জসিম উদ্দিন, মুক্তাগাছার শহীদ স্মৃতি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ছফির উদ্দিন, ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম শামসুজ্জামান, মুক্তাগাছার উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণচন্দ্র, মুক্তাগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হাবিবুর রহমান খান।

এছাড়া অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%