মোঃ উজ্জ্বল মিয়া, নেত্রকোনা জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং
০৭:৫২ পি.এম
নেত্রকোনার মদনে সড়কে দৌড়ে আসা একটি বাছুরকে বাঁচাতে গিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে অটোরিকশা থেকে ছিটকে পড়ে আনোয়ারা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে মদন পৌরসভার সিলেট বাসস্ট্যান্ড সংলগ্ন ভূঁইয়া বাড়ির সামনে মদন-নেত্রকোনা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ারা বেগম উপজেলার জাওলা গ্রামের প্রয়াত বুলবুল মিয়ার স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে অটোরিকশায় করে গন্তব্যে যাচ্ছিলেন আনোয়ারা বেগম। পথে ভূঁইয়া বাড়ির সামনে পৌঁছালে হঠাৎ একটি গরুর বাছুর দৌড়ে সড়কের মাঝখানে চলে আসে। এ সময় বাছুরটিকে বাঁচাতে অটোরিকশার চালক ব্রেক করে মোড় নেওয়ার চেষ্টা করলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
এতে অটোরিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন আনোয়ারা বেগম। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ জানিয়েছেন যে, দেশে সারের কোনো সংকট নেই এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি আরও জানান, ভবিষ্যতে সারের সংকট হওয়ার সম্ভাবনা নেই।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেনডাঙ্গা এলাকায় কৃষি উদ্যোক্তা আতিক উদ্দিনের গ্রীষ্মকালীন টমেটো ক্ষেত এবং বিলবৈটা এলাকার উদ্যোক্তা মোহাম্মদ আলীর বাগান পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী মাঠপর্যায়ের ফসলি জমির বর্তমান চিত্র তুলে ধরে বলেন, বর্তমানে জমিতে ফসলের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। এখন প্রায় সব জমিতে ধান রয়েছে। ধান কাটার পর আরেকটি ফসলের জন্য সারের প্রয়োজন হবে, যা আগামী ২৫ দিন বা এক মাস পরের বিষয়। তাই এই মুহূর্তে সারের সংকট হওয়ার কোনো কারণ তিনি দেখছেন না।
মন্ত্রী কৃষিবান্ধব নীতির কথা উল্লেখ করে বলেন, এই সরকার জনগণের সরকার এবং কৃষকের সরকার। সরকারের মূল উদ্দেশ্য হলো কৃষিকে স্বাবলম্বী করা, উৎপাদন বৃদ্ধি করা এবং কৃষিপণ্যকে রপ্তানিমুখী করা। তাই চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সব সার সরবরাহ করা হবে।
সারের ডিলার নিয়োগ প্রসঙ্গে মন্ত্রী জানান, ডিলার নিয়োগের জন্য সরকারের সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে। নীতিমালা অনুযায়ী শর্ত পূরণ সাপেক্ষে বিভিন্ন ইউনিয়ন থেকে একাধিক ব্যক্তি জেলা প্রশাসকের কাছে আবেদন করেছিলেন। আবেদনগুলো তদন্তের দায়িত্ব উপজেলা কর্মকর্তাদের ওপর ছিল। তাদের পাঠানো তিনজনের নামের তালিকার শীর্ষে থাকা ব্যক্তিকে ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মন্ত্রী উল্লেখ করেন, ডিলার নিয়োগের পুরো প্রক্রিয়াটি জেলা প্রশাসকের (ডিসি) নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ কমিটির মাধ্যমে সম্পন্ন হয়েছে। তিনি জানান, কোনো একক ব্যক্তির সিদ্ধান্তে এই নিয়োগ হয়নি। তবে যদি নীতিমালার বাইরে গিয়ে কোথাও কোনো নিয়োগ দেওয়া হয়ে থাকে, তাহলে সরকার সে বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নেবে।
পরিদর্শনকালে জেলা প্রশাসক আবু ছালেহ মুসা জঙ্গি, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আতিকুল ইসলামসহ প্রশাসন ও কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ