০৩:৩১ পি.এম
ফরিদপুর-৪ (ভাঙ্গা–সদরপুর–চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল, যিনি জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, তার উদ্যোগে ভাঙ্গা পৌরসদরে অবস্থিত ভাঙ্গা মহিলা কলেজের সরকারিকরণের প্রক্রিয়া চলমান রয়েছে।
গত ২২ আগস্ট, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেনের স্বাক্ষরিত একটি চিঠিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয় যে, ১৩ আগস্ট ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল ভাঙ্গা উপজেলার পৌরসদরে অবস্থিত ‘ভাঙ্গা মহিলা কলেজ’ সরকারিকরণের জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন। এর পরিপ্রেক্ষিতে কলেজটির সরকারিকরণের সম্ভাব্যতা যাচাই করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
আরও পড়ুন: যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত
ভাঙ্গা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সফি উদ্দীন মোল্লা বলেন, “ভাঙ্গা মহিলা কলেজ সরকারিকরণের উদ্যোগ নেওয়ায় ফরিদপুর-৪ আসনের এমপি মো. শহিদুল ইসলাম বাবুলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।”
তিনি জানান, ১৯৯৭ সালে স্থানীয় জনগণের উদ্যোগে কলেজটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পাঁচ বছর পরেও কলেজটি এমপিওভুক্ত ও স্বীকৃতি পায়নি। পরে ২০০২ সালের ৪ মে ভাঙ্গায় বিএনপি আয়োজিত এক জনসভায় তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ভাঙ্গা মহিলা কলেজকে স্বীকৃতিসহ এমপিওভুক্ত করার ঘোষণা দেন। এরপর এক সপ্তাহের মধ্যে কলেজটি স্বীকৃতিসহ এমপিওভুক্ত হয়।
২০০৪ সালে কলেজটি ডিগ্রি পর্যায়ে উন্নীত হয়। প্রতিষ্ঠার পর থেকে কলেজটির ফলাফলও সন্তোষজনক বলে জানান অধ্যক্ষ। ২০২৫ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় কলেজটির পাসের হার ছিল প্রায় ৮৩ শতাংশ।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সম্প্রতি এক অনুষ্ঠানে সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল ভাঙ্গা মহিলা কলেজ সরকারিকরণের উদ্যোগের কথা জানান।
আরও পড়ুন: রহমতপুরে চেয়ারম্যান প্রার্থী হতে চান নিজাম উদ্দিন, উঠান বৈঠকে জনসম্পৃক্ততার ওপর গুরুত্ব
শুক্রবার, নিজের ফেসবুক স্ট্যাটাসেও বিষয়টি উল্লেখ করেন সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। তিনি লেখেন, ভাঙ্গা পৌরসভায় অবস্থিত মহিলা কলেজটি সরকারিকরণের কাজ এগিয়ে চলছে। কলেজটি বিএনপির ২০০১–২০০৬ মেয়াদের সরকারের সময় এমপিওভুক্ত করা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। এ উদ্যোগের মাধ্যমে কলেজটি সরকারিকরণের স্বপ্ন শিগগিরই বাস্তবে রূপ নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন