ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

কেন বিয়ের বন্ধনে জড়াননি টাবু, অজয়কে নিয়ে অভিনেত্রীর বক্তব্য?


কেন বিয়ের বন্ধনে জড়াননি টাবু, অজয়কে নিয়ে অভিনেত্রীর বক্তব্য?

বলিউডে দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন অভিনেত্রী টাবু। অভিনয়ের দক্ষতা, ব্যতিক্রমী চরিত্র নির্বাচন ও পর্দায় শক্তিশালী উপস্থিতির কারণে তিনি একটি আলাদা অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন। তবে পর্দার সাফল্যের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও বরাবরই আলোচনা চলে এই অভিনেত্রীর। বিশেষ করে ৫৫ বছরে পা দিতে চলা টাবু কেন এখনো বিয়ের বন্ধনে জড়াননি, তা নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। তার জীবনে প্রেম এসেছে, সম্পর্কের গুঞ্জনও ছড়িয়েছে। কিন্তু বিয়ের সিদ্ধান্ত তিনি কখনোই নেননি।

টাবুর বিয়ে না করার প্রসঙ্গে সবচেয়ে বেশি আলোচনায় আসে বলিউড অভিনেতা অজয় দেবগনের নাম। দীর্ঘদিনের বন্ধু অজয়ের সঙ্গে তার সম্পর্কটি বেশ মজার ও খুনসুটিতে ভরা। গত বছর ‘অরোঁ মে কাহাঁ দাম থা’ সিনেমার প্রচারের সময় পুরোনো একটি সাক্ষাৎকারের ভিডিও নতুন করে আলোচনায় আসে। সেখানে টাবুর জন্য কেমন জীবনসঙ্গী প্রয়োজন, এমন প্রশ্নের জবাবে অজয় মজা করে বলেছিলেন, ‘টাবু কো ম্যায় চাহিয়ে, উসকো ও মিল নেহি সাকাতা।’ অর্থাৎ, টাবু তাকেই চান, কিন্তু তাকে পাওয়া সম্ভব নয়!

পরে অবশ্য নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়ে অজয় জানান, তিনি আসলে তার মতো একজন বন্ধুর কথা বলতে চেয়েছেন। তার মতো বন্ধু পৃথিবীতে আর নেই। অজয়ের কথায় হেসে ওঠেন টাবুও। মজা করে অভিনেত্রী বলেন, অজয়ের মতো মানুষই তাকে সহ্য করতে পারেন, অন্য কেউ হয়তো পারতেন না।

আরও পড়ুন: থাইল্যান্ডে স্বামীর সঙ্গে সুন্দর মুহূর্তের ছবি পোস্ট করলেন মিম

অজয়কে নিয়ে টাবুর এমন রসিকতা অবশ্য নতুন নয়। ২০১৭ সালে ‘গোলমাল এগেইন’ সিনেমার প্রচারের সময়ও অভিনেত্রী মজা করে বলেছিলেন, ছোটবেলায় অজয় ও তার কাজিন সামীর আরিয়া তাকে অনুসরণ করতেন। কোনো ছেলে তার সঙ্গে কথা বলতে এলে ভয় দেখাতেন। এ কারণে মজা করে নিজের বিয়ে না করার জন্য অজয়কেই দায়ী করেছিলেন টাবু। এমনকি তাকে একজন পাত্র খুঁজে দেওয়ার দায়িত্বও দিয়েছিলেন।

টাবুর ব্যক্তিজীবনে প্রেমের সম্পর্ক নিয়েও কম আলোচনা হয়নি। অভিনেতা সঞ্জয় কাপুরের সঙ্গে তার সম্পর্কের কথা একসময় প্রকাশ্যে এসেছিল। ১৯৯৫ সালে মুক্তি পাওয়া ‘প্রেম’ সিনেমায় একসঙ্গে কাজ করার সময় তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় বলে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন সঞ্জয়। তার ভাষ্য অনুযায়ী, সিনেমাটির শুটিংয়ের শুরুর দিকে দুজন সম্পর্কে ছিলেন। তবে ছবির কাজ শেষ হওয়ার আগেই তাদের মধ্যে যোগাযোগ বন্ধ হয়ে যায়।

প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গেও প্রেমের সম্পর্ক ছিল টাবুর। ১৯৯৭ সালে রেডিফকে দেওয়া এক সাক্ষাৎকারে সাজিদের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেছিলেন অভিনেত্রী। তখনই জানিয়েছিলেন, বিয়ের কোনো পরিকল্পনা নেই তার। পরবর্তী সময়ে তাদের সম্পর্কের ইতি ঘটলেও বন্ধুত্ব অটুট ছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

দক্ষিণী অভিনেতা নাগার্জুনের সঙ্গেও টাবুর ঘনিষ্ঠতা নিয়ে বহু বছর ধরে গুঞ্জন রয়েছে। দুজনের সম্পর্ক নিয়ে নানা আলোচনা হলেও কেউই প্রকাশ্যে প্রেমের সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেননি। টাবু নাগার্জুনের সঙ্গে নিজের সম্পর্ককে বিশেষ ও ঘনিষ্ঠ বলে উল্লেখ করেছেন। নাগার্জুনও তাকে কাছের বন্ধু হিসেবে বর্ণনা করেছেন।

আরও পড়ুন: শিল্পীদের ব্যক্তিগত সময়েও গোপন ক্যামেরা, সতর্ক করলেন রেশমা আহমেদ

বিয়ে না করার কারণ নিয়ে বিভিন্ন সময়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এই অভিনেত্রী। ২০১৬ সালে ‘ফিল্মফেয়ার’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিল, কেন এখনো একা রয়েছেন? জবাবে টাবু বলেছিলেন, বিষয়টি শুধু একজন মানুষের ওপর নির্ভর করে না। এর সঙ্গে অন্য ব্যক্তি, সময় এবং আরও অনেক বিষয় জড়িত। অবিবাহিত থাকার কারণে তার জীবনে কোনো অপূর্ণতা নেই বলেও জানিয়েছিলেন তিনি।

২০১৮ সালে জাগরণ চলচ্চিত্র উৎসবে বিয়ে না করার বিষয়ে প্রশ্ন করা হলে টাবু জানান, এ নিয়ে তার কোনো আফসোস নেই। বিয়ে করলে জীবন কেমন হতো, তা তিনি জানেন না। কারণ সেই অভিজ্ঞতা তাঁর হয়নি। তাই একাকী জীবন ভালো, নাকি দাম্পত্য জীবন—এমন তুলনায়ও যেতে চান না তিনি।

২০২৩ সালে ‘এইচটি ব্রাঞ্চ’-কে দেওয়া সাক্ষাৎকারে নিজের জীবনদর্শন আরও স্পষ্ট করেন অভিনেত্রী। তার মতে, মানুষের সুখ কেবল সম্পর্কের অবস্থার ওপর নির্ভর করে না। একা থাকলে নিজের নিঃসঙ্গতা সামলানো সম্ভব, কিন্তু ভুল মানুষের সঙ্গে সম্পর্কে থাকলে সেই অভিজ্ঞতা আরও কষ্টকর হতে পারে।

টাবুর বিশ্বাস, একটি আদর্শ সম্পর্কে দুজন মানুষ একে অপরের জীবনে থেকে আরও বিকশিত হবেন। সম্পর্কের কাজ মানুষকে স্বাধীনতা দেওয়া, আটকে রাখা নয়। নিজের কাজ, স্বাধীনতা এবং পৃথিবীকে জানার আগ্রহকেও জীবনের গুরুত্বপূর্ণ অংশ মনে করেন তিনি।

আরও পড়ুন: পরীমণির বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি

১৯৭১ সালের ৪ নভেম্বর ভারতের হায়দরাবাদে জন্ম টাবুর। তার পুরো নাম তাবাসসুম ফাতিমা হাশমি। ছোটবেলায় বাবা-মায়ের বিচ্ছেদের পর মা ও নানা-নানির কাছে বড় হয়েছেন তিনি। শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করে নব্বইয়ের দশকে বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেন।

‘মাচিস’, ‘বিরাসত’, ‘অস্তিত্ব’, ‘চাঁদনি বার’, ‘মকবুল’, ‘হায়দার’, ‘আন্ধাধুন’ ও ‘দৃশ্যম’-এর মতো সিনেমায় অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন। ‘মাচিস’ ও ‘চাঁদনি বার’ সিনেমার জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অভিনয়ে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১১ সালে ভারত সরকারের কাছ থেকে পেয়েছেন পদ্মশ্রী সম্মান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে মুক্তিযোদ্ধার সন্তানকে দোকান থেকে বের করে তালা! শশী বাজারে বিএনপির নাম ভাঙিয়ে রহমান হাজারীর দাপট

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ রিপোর্টার, বরিশাল

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৪ পি.এম


বরিশালে মুক্তিযোদ্ধার সন্তানকে দোকান থেকে বের করে তালা! শশী বাজারে বিএনপির নাম ভাঙিয়ে রহমান হাজারীর দাপট

৩৫ বছরের ব্যবসাপ্রতিষ্ঠান দখলের অভিযোগ, আতঙ্কে বাজারের ব্যবসায়ীরা; সাংবাদিকের প্রশ্নে রহমান হাজারীর জবাব—‘বের করেছি, আপনারা পারলে কিছু করেন’**


বরিশাল নগরীর লাকুটিয়া সড়কসংলগ্ন শশী বাজারে বিএনপির নাম ব্যবহার করে প্রভাব বিস্তার, ব্যবসায়ীদের ভয়ভীতি প্রদর্শন এবং ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে রহমান হাজারীর বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বিএনপির রাজনৈতিক পরিচয় ও ক্ষমতার দাপট দেখিয়ে তিনি পুরো বাজার নিজের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছেন। তাঁর প্রভাব ও আচরণে বাজারের ব্যবসায়ী এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও অসন্তোষ তৈরি হয়েছে।

সবচেয়ে উদ্বেগজনক ঘটনা ঘটেছে বীর মুক্তিযোদ্ধার সন্তান সেলিম চৌধুরীর সঙ্গে। প্রায় ৩৫ বছর ধরে শশী বাজারে রাস্তার পাশে সরকারি খাসজমিতে দোকান পরিচালনা করে জীবিকা নির্বাহ করে আসছিলেন তিনি। কিন্তু গত দুই-তিন দিন আগে দোকানে স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনার সময় রহমান হাজারী তাঁকে দোকান থেকে বের করে দেন এবং দোকানটি তালাবদ্ধ করে রাখেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী সেলিম চৌধুরী।

একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হয়েও আজ নিজের দীর্ঘদিনের জীবিকার জায়গায় প্রবেশ করতে পারছেন না—এমন অভিযোগ স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সেলিম চৌধুরী দীর্ঘ প্রায় ৩৫ বছর ধরে শশী বাজারে দোকান পরিচালনা করে জীবিকা নির্বাহ করছেন। তাঁর বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। সেলিম চৌধুরীর দাবি, তিনি কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। বাবার মুক্তিযোদ্ধা পরিচয় ব্যবহার করে কারও কাছে কোনো সুবিধাও চাননি।

তাঁর অভিযোগ, দোকানে ব্যবসা চলমান থাকা অবস্থায় রহমান হাজারী বিএনপির ক্ষমতার প্রভাব দেখিয়ে তাঁকে বের করে দেন। এরপর দোকানটি তালাবদ্ধ করে দেওয়া হয়। দীর্ঘদিনের জীবিকার একমাত্র অবলম্বন বন্ধ হয়ে যাওয়ায় তিনি এখন চরম অনিশ্চয়তায় পড়েছেন।

প্রশ্ন উঠেছে, রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে একজন সাধারণ ব্যবসায়ীর ৩৫ বছরের জীবিকার জায়গা কেড়ে নেওয়ার অধিকার রহমান হাজারীকে কে দিয়েছে?

তালাশ বিডির সিনিয়র স্টাফ রিপোর্টার মাছুদুর রহমান আসলাম ঘটনাস্থলে গিয়ে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং অভিযোগের বিষয়ে সরেজমিনে অনুসন্ধান করেন।

এ সময় স্থানীয়দের বক্তব্যে রহমান হাজারীর বিরুদ্ধে বাজারে প্রভাব বিস্তার, ব্যবসায়ীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠে আসে। ব্যবসায়ীদের অভিযোগ, বাজারে কখন কার সঙ্গে কী ধরনের আচরণ করা হবে, তা নিয়ে তাঁরা উদ্বেগের মধ্যে থাকেন। নিজেদের ব্যবসা পরিচালনা করতেও অনেকে অস্বস্তি ও নিরাপত্তাহীনতা অনুভব করছেন।

স্থানীয়দের প্রশ্ন, একটি বাজার কি কোনো ব্যক্তির ব্যক্তিগত নিয়ন্ত্রণে চলবে? রাজনৈতিক দলের নাম ব্যবহার করে সাধারণ ব্যবসায়ীদের ওপর প্রভাব বিস্তার করার অধিকার তাঁকে কে দিয়েছে?

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে তালাশ বিডির বরিশাল অফিস থেকে রহমান হাজারীর মুঠোফোনে যোগাযোগ করা হয়।

এ সময় তিনি বলেন, “১৬ বছর আমার কোনো হাটবাজারের দিকে চোখ তুলে তাকাইনি। এখন দল ক্ষমতায় এসেছে, হাটবাজার তো আমাদের নিয়ন্ত্রণে থাকবে।”

তখন তালাশ বিডির পক্ষ থেকে তাঁকে প্রশ্ন করা হয়, রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে বলে কি সেই ক্ষমতার অপব্যবহার করে একজন বীর মুক্তিযোদ্ধার সন্তানকে তাঁর ৩৫ বছরের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া যায়?

জবাবে রহমান হাজারী বলেন, “বের করেছি, আপনারা পারলে কিছু করেন।”

একজন সাংবাদিকের সরাসরি প্রশ্নের জবাবে তাঁর এমন বক্তব্য বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ওঠা অভিযোগকে আরও গুরুত্বের সঙ্গে তদন্ত করার প্রয়োজনীয়তা সামনে এনেছে। রাজনৈতিক দল ক্ষমতায় থাকা মানেই কি কোনো ব্যক্তি নিজের ইচ্ছামতো বাজার নিয়ন্ত্রণ করবেন? সাধারণ ব্যবসায়ীদের জীবিকা ও অধিকার নিয়ে এমন আচরণের আইনগত ভিত্তি কী?

দোকান থেকে বের করে তালাবদ্ধ করে দেওয়ার ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করে সেলিম চৌধুরী বলেন,

“আমি কখনো কোনো রাজনৈতিক দল করিনি। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, সেই পরিচয়ও কখনো কাউকে দিইনি। তাহলে আমার সঙ্গে এমন করা হলো কেন? আমার দোকানে স্বাভাবিকভাবে ব্যবসা চলছিল। রহমান হাজারী আমাকে দোকান থেকে বের করে দিয়ে তালাবদ্ধ করে দিয়েছেন। এখন আমি কীভাবে জীবিকা নির্বাহ করব?”

তিনি আরও বলেন, “আমি এই ঘটনার বিচার আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে দিলাম। আমি একজন সাধারণ মানুষ হিসেবে ন্যায়বিচার চাই। আমার দীর্ঘদিনের জীবিকার জায়গাটি ফিরে পেতে চাই।”


ঘটনাটি সম্পর্কে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে তালাশ বিডির কথা হয়।

তিনি জানান, ভুক্তভোগীকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ওসি বলেন, “আপনারা লিখিত অভিযোগ দিন। আইনের ঊর্ধ্বে কেউ নয়, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব অবশ্যই।”

 

শশী বাজারের এই ঘটনা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এনেছে। ৩৫ বছর ধরে একটি দোকান পরিচালনা করে জীবিকা নির্বাহ করা একজন ব্যবসায়ীকে কোন আইনগত প্রক্রিয়ায় দোকান থেকে বের করে দেওয়া হলো? দোকান তালাবদ্ধ করার অধিকার রহমান হাজারীকে কে দিয়েছে? সরকারি খাসজমি হলে সেটি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কি কোনো ব্যক্তির, নাকি সংশ্লিষ্ট ভূমি প্রশাসনের?

এসব প্রশ্নের নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি। সরকারি খাসজমিতে দোকান পরিচালনার বৈধতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইন অনুযায়ী নির্ধারণ করবে। কিন্তু কোনো ব্যক্তির রাজনৈতিক প্রভাব বা ব্যক্তিগত সিদ্ধান্তে কাউকে জোর করে উচ্ছেদ কিংবা ব্যবসা বন্ধ করে দেওয়ার অভিযোগ থাকলে সেটিও তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে হবে।

শশী বাজারের ব্যবসায়ীরা যেন নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারেন এবং সেলিম চৌধুরী যেন তাঁর অভিযোগের ন্যায়সংগত প্রতিকার পান, সে জন্য বরিশাল জেলা প্রশাসন, ভূমি প্রশাসন ও পুলিশ কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

রাজনৈতিক পরিচয় কখনো আইনের ঊর্ধ্বে নয়। বিএনপির নাম ব্যবহার করে কেউ যদি সাধারণ মানুষের ওপর প্রভাব বিস্তার কিংবা ক্ষমতার অপব্যবহার করে থাকেন, তাহলে তাঁর বিরুদ্ধে দলীয় পরিচয় বিবেচনা না করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়াই প্রত্যাশিত।

এখন দেখার বিষয়, শশী বাজারের ব্যবসায়ীদের আতঙ্ক ও সেলিম চৌধুরীর ৩৫ বছরের জীবিকার প্রশ্নে প্রশাসন কত দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।

তালাশ বিডি—সত্য ও ন্যায়ের পক্ষে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভুটান ম্যাচে জামালের পরিবর্তে বাংলাদেশের অধিনায়ক তপু

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৫ পি.এম


ভুটান ম্যাচে জামালের পরিবর্তে বাংলাদেশের অধিনায়ক তপু

বাংলাদেশের ফুটবলে সাধারণত অধিনায়ক হিসেবে জামাল ভূঁইয়ার নামই উঠে আসে। তবে সাফ চ্যাম্পিয়নশিপের আগে অধিনায়কত্ব নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। আগামীকাল (৫ নভেম্বর) ভুটানের বিরুদ্ধে ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন তপু বর্মণ। এই তথ্য নিশ্চিত করেছেন দলের মিডিয়া ম্যানেজার আমের খান।

টুর্নামেন্টের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বুধবার (৪ নভেম্বর) কোচ থমাস ডুলির সঙ্গে উপস্থিত ছিলেন তপু। সেখানে তাকে অধিনায়ক হিসেবে পরিচয় করিয়ে দেন সাফের মিডিয়া ম্যানেজার জিগমে দর্জি। তবে পুরো টুর্নামেন্টে তপু অধিনায়ক থাকবেন কিনা, সে বিষয়ে পরিষ্কার কোনো তথ্য দেননি কোচ।

ডুলি বলেন, ‘আমাদের দলে তিন জন রয়েছে অধিনায়ক হওয়ার মতো। তপু আগেও অধিনায়কত্ব করেছে। সে অধিনায়ক হতেই পারে।’ অধিনায়কত্ব নিয়ে বেশি আলোচনা প্রয়োজন নেই উল্লেখ করে ডুলি আরও বলেন, ‘এক ম্যাচে একজন, আরেক ম্যাচে আরেকজন হতে পারে। আমাদের দলে একাধিক অধিনায়ক রয়েছেন।’

২০১৮ সালের পর আবার ঢাকায় সাফ খেলতে পেরে উচ্ছ্বসিত তপু। তার আশা, ‘এবার আমাদের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা সেটা বাস্তবায়ন করতে চাই।’

ভুটান ম্যাচে হামজা চৌধুরীকে না পেলেও ভালো শুরুর প্রত্যাশা তপুর। তিনি বলেন, ‘আমরা অবশ্যই কাল হামজাকে মিস করব। ভুটানের বিপক্ষে ভালো শুরু করে আমরা হামজাকে সুন্দর ক্ষেত্র দিতে চাই।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোহলির ঝড়ো ইনিংসে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারালো ভারত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৬ পি.এম


কোহলির ঝড়ো ইনিংসে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারালো ভারত

বিরাট কোহলির ঝড়ো ব্যাটিংয়ের কারণে বৃষ্টির কারণে বিঘ্নিত প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে পরাজিত করেছে ভারত। অকল্যান্ডের ইডেন পার্কে ডিএলএস পদ্ধতি অনুসারে সফরকারী দলের জন্য ৩২ ওভারে ১৪৩ রানের লক্ষ্য নির্ধারণ করা হয়। শুভমান গিলের নেতৃত্বে ভারত সেই লক্ষ্য ৫৬ বল হাতে রেখেই অতিক্রম করে, পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়।

প্রথমে ব্যাটিং করতে নেমে ভারতীয় বোলারদের আক্রমণের মুখে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। এক পর্যায়ে তারা ১১৫ রানে সাত উইকেট হারিয়ে বড় সংগ্রহের আশা প্রায় হারিয়ে ফেলে। তবে শেষ দিকে ব্লেয়ার টিকনারের ২৩ বলে ৩৪ রানের ইনিংসে ৪০.২ ওভারে ১৮৫ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা।

ভারতের পক্ষে আর্শদীপ সিং ৭০ রান দিয়ে চার উইকেট দখল করেন। গুরনুর ব্রার তিন উইকেট শিকার করেন, আর আনশুল কাম্বোজ দুটি উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে ভারত প্রথম ওভারেই রোহিতকে হারায়। তবে এরপর শুভমান গিলের সঙ্গে ১১৩ রানের জুটি গড়ে তোলেন কোহলি। তিনি ৫১ বলে ৭৪ রান করেন, যেখানে ১৩টি চার ও একটি ছক্কা অন্তর্ভুক্ত ছিল। গিল ৩৭ রান করেন।

কোহলি ফিরে যাওয়ার পর ভারত দ্রুত দুই উইকেট হারালেও শেষ পর্যন্ত রাহুল ও নামান ধীরের ব্যাটিংয়ে সহজ জয় নিশ্চিত করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আফগান বংশোদ্ভূত আয়েশা ওয়াহাব কংগ্রেস নির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৭ পি.এম


আফগান বংশোদ্ভূত আয়েশা ওয়াহাব কংগ্রেস নির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ক্যালিফোর্নিয়ার ১৪তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী আয়েশা ওয়াহাব উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছেন। প্রাথমিক ফলাফলে তার প্রতিদ্বন্দ্বী মেলিসা হার্নান্দেজের চেয়ে তিনি উল্লেখযোগ্যভাবে এগিয়ে আছেন, ফলে পূর্ণ মেয়াদে কংগ্রেসের আসনটি ধরে রাখার সম্ভাবনা রয়েছে। ৩ নভেম্বরের নির্বাচনে ভোট গণনার প্রাথমিক পর্যায়ে ওয়াহাব ৫৮ দশমিক ৫ শতাংশ এবং হার্নান্দেজ ৪১ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছেন।

৩৯ বছর বয়সী আয়েশা ওয়াহাব আফগান বংশোদ্ভূত মার্কিন রাজনীতিক। তিনি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে নির্বাচিত প্রথম আফগান-আমেরিকান। এর আগে তিনি ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সিনেটে দায়িত্ব পালন করেছেন। ২০২৬ সালের আগস্টে বিশেষ নির্বাচনে জয়ী হয়ে সাবেক কংগ্রেস সদস্য এরিক সোয়ালওয়েলের ছেড়ে যাওয়া আসনের বাকি মেয়াদের দায়িত্ব নেন। ২ সেপ্টেম্বর তিনি প্রতিনিধি পরিষদের সদস্য হিসেবে শপথ নেন। বর্তমানে তিনি ২০২৭ সাল থেকে শুরু হতে যাওয়া পূর্ণ দুই বছরের মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শৈশব ও শিক্ষাজীবন

১৯৮৭ সালের ১১ জানুয়ারি নিউইয়র্কের কুইন্সে আয়েশা ওয়াহাবের জন্ম। তার শৈশবকাল ছিল বেশ কঠিন। জীবনী অনুযায়ী, বাবাকে হত্যার পর এবং মায়ের মৃত্যুর পর তিনি দত্তক হিসেবে ক্যালিফোর্নিয়ায় বেড়ে ওঠেন। ফ্রেমন্টের কেনেডি হাইস্কুল থেকে ২০০৫ সালে তিনি পড়াশোনা শেষ করেন।

পরে সান হোসে স্টেট ইউনিভার্সিটি থেকে ২০১০ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ২০১৩ সালে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি, ইস্ট বে থেকে এমবিএ সম্পন্ন করেন। এরপর ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে ২০২৪ সালে ডক্টর অব সোশ্যাল ওয়ার্ক (ডিএসডব্লিউ) ডিগ্রি নেন। রাজনীতিতে আসার আগে তিনি তথ্যপ্রযুক্তি খাতে কাজ করেছেন।

রাজনীতিতে উত্থান

আয়েশা ওয়াহাবের রাজনৈতিক ক্যারিয়ার স্থানীয় সরকার থেকে শুরু হয়। ২০১৮ সালে তিনি ক্যালিফোর্নিয়ার হেওয়ার্ড সিটি কাউন্সিলের সদস্য নির্বাচিত হন। এই মাধ্যমেই তিনি যুক্তরাষ্ট্রে সরকারি পদে নির্বাচিত প্রথম আফগান-আমেরিকান হিসেবে পরিচিতি পান। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত সিটি কাউন্সিলে দায়িত্ব পালনের পর ২০২২ সালে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সিনেটে নির্বাচিত হন। ২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত তিনি সিনেটের সহকারী সংখ্যাগরিষ্ঠ নেতা হিসেবেও দায়িত্ব পালন করেন।

ক্যালিফোর্নিয়া সিনেটে দায়িত্ব পালনকালে ওয়াহাব আবাসনসংকট, জীবনযাত্রার ব্যয়, ভোক্তা অধিকার ও সরকারি কার্যক্রমে স্বচ্ছতা প্রতিষ্ঠার বিষয়গুলোতে কাজ করেন। ২০২৩ সালে জাতপাতভিত্তিক বৈষম্য নিষিদ্ধ করতে একটি বিল উত্থাপন করে জাতীয় পর্যায়েও আলোচনায় আসেন। তবে গভর্নর গ্যাভিন নিউসম বিলটিতে ভেটো দেন। তার যুক্তি ছিল, বিদ্যমান নাগরিক অধিকার আইনেই এ ধরনের বৈষম্য নিষিদ্ধ করার বিধান রয়েছে।

নির্বাচনী অগ্রাধিকার ও রাজনৈতিক অবস্থান

আয়েশা ওয়াহাব এবারের নির্বাচনী প্রচারে স্বাস্থ্যসেবা সহজলভ্য করা এবং জীবনযাত্রার বাড়তি ব্যয় কমানোর ওপর গুরুত্ব দিয়েছেন। বিশেষ করে সাধারণ মানুষের চিকিৎসা ব্যয়, আবাসন ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণকে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে তুলে ধরেছেন তিনি।

সিনেটর থাকাকালে অযৌক্তিক অতিরিক্ত ফি আদায় বন্ধ, বাজারে মূল্য কারসাজি মোকাবিলা এবং ভাড়াটিয়াদের জন্য কর-সুবিধা বাড়ানোর মতো বিষয়েও কাজ করেছেন। প্রবীণদের আর্থিক নিরাপত্তা এবং বড় করপোরেশনের একচেটিয়া প্রভাব নিয়ন্ত্রণের কথাও বলেছেন তিনি।

যে আসনে লড়ছেন

ক্যালিফোর্নিয়ার ১৪তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের আওতায় রয়েছে হেওয়ার্ড, প্লেজ্যান্টন, লিভারমোর, ইউনিয়ন সিটি ও কাস্ত্রো ভ্যালিসহ ইস্ট বে অঞ্চলের বেশ কয়েকটি শহর। এ ছাড়া ফ্রেমন্ট ও ডাবলিনের কিছু এলাকাও এ আসনের অন্তর্ভুক্ত।

সাবেক কংগ্রেস সদস্য এরিক সোয়ালওয়েল পদত্যাগ করার পর আসনটি শূন্য হয়। ২০২৬ সালের আগস্টে বিশেষ নির্বাচনে মেলিসা হার্নান্দেজকে হারিয়ে ওয়াহাব ওই আসনের বাকি মেয়াদের জন্য নির্বাচিত হন। এবার একই প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে পূর্ণ মেয়াদের নির্বাচনে লড়ছেন তিনি।

প্রাথমিক ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে থাকায় ওয়াহাবের জয় অনেকটাই সম্ভাবনাময় হয়ে উঠেছে। তবে ভোট গণনা ও আনুষ্ঠানিক ফল ঘোষণা সম্পন্ন না হওয়া পর্যন্ত তাকে চূড়ান্ত বিজয়ী বলা যাচ্ছে না।

সূত্র: কিউইডি, সিবিএস নিউজ, এবিসি৭, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ইতিহাস ও আর্কাইভ এবং প্রতিনিধি পরিষদের সরকারি ওয়েবসাইট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%