সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১১:০৮ এম
বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করে মাদকসহ বিভিন্ন মামলায় মোট ১৫ জনকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।
গত ৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ২৪ ঘণ্টাব্যাপী অভিযানে বিএমপির চারটি থানা ও গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক আভিযানিক দল নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
বিএমপি মিডিয়া সেল সূত্রে জানা যায়, অভিযানে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১৯ গ্রাম ভাঙা/গুঁড়া ইয়াবা ট্যাবলেট এবং ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানায় চারজন, নিয়মিত ও পূর্বের মামলাসহ তিনজন, অন্যান্য আইনে একজন এবং বরিশাল মহানগর অধ্যাদেশে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে সর্বমোট ১৫ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিএমপি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিশেষ অভিযান চালিয়ে এক মাদককারবারির পরিত্যক্ত বাড়ি থেকে ৬০ বোতল নিষিদ্ধ ইস্কাফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ। তবে অভিযানের সময় ওই বাড়িতে কোনো ব্যক্তিকে পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, রামখানা ইউনিয়নের সিঙ্গিরভিটা গ্রামের মাদককারবারি মতিয়ার রহমান ওরফে মতুর পরিত্যক্ত বাড়িতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য মজুত রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নাগেশ্বরী থানা-পুলিশ।
রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নাগেশ্বরী থানা-পুলিশের একটি বিশেষ দল ওই পরিত্যক্ত বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির ভেতরে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৬০ বোতল নিষিদ্ধ ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক প্রধান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় পরিত্যক্ত অবস্থায় ৬০ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকদ্রব্যের বিস্তার রোধে নাগেশ্বরী থানা-পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
পুলিশের এ অভিযানে স্থানীয়দের মধ্যে মাদকবিরোধী কার্যক্রম নিয়ে আশাবাদ তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা প্রয়োজন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
০৬-০৯-২০২৬ তারিখ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর একটা টীম নওগাঁ সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা কালে অভিযানিক টীম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পয়না বাজারে একজন ব্যাক্তি তার নিজের মল্লিক ডিজিটাল স্টুডিও ল্যাব প্রিন্ট এন্ড ফটোকপি টেলিকমের দোকানে কম্পিউটার এর মাধ্যমে জাল টাকা তৈরি করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে অভিযানিক টীম বেলা ০৩.১৫ ঘটিকায় পয়না বাজারর আসামি তারিকুল ইসলাম মল্লিক ( ৩৮) পিতা আশরাফ আলী সাং পয়না বাজার থানা জেলা নওগাঁ এর মল্লিক ডিজিটাল স্টুডিও ল্যাব প্রিন্ট এন্ড ফটোকপি টেলিকম এর দোকানে অভিযান পরিচালনা করে। বাজারে উপস্থিত লোকজনের সামনে তার দেহ তল্লাশী করা হয়। তল্লাশী কালে আসামি তারিকুল ইসলাম মল্লিক এর হেফাজত হতে এক হাজার টাকার নোটের সাতচল্লিশ টা জাল (৪৭ হাজার জাল নোট) টাকার নোট উদ্ধার করা হয়।
এ সময় তার কম্পিউটারের মনিটর একটা দুই টা সিপিইউ, একটা কালার প্রিন্টার, একটা স্ক্যানার জব্দ করা হয়। তার কম্পিউটারের মধ্যে জাল নোট তৈরির তথ্য পাওয়া যায়। এবিষয়ে আসামির বিরুদ্ধে নওগাঁ সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পিরোজপুরের নেছারাবাদে ছয়টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি এবং আস্থা ঋণদান ও সমবায় সমিতি লিমিটেডের স্বত্বাধিকারী বিশ্বজিৎ হালদার খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি আস্থা সমবায় সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল বিমানবন্দর থানা এলাকার কলারটিমা-কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (৭ সেপ্টেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হবে জানিয়েছেন নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান।
গ্রেপ্তার বিশ্বজিৎ হালদার খোকন নেছারাবাদ উপজেলার গণপতিকাঠি গ্রামের বিমল চন্দ্র হালদারের ছেলে। তিনি আস্থা ঋণদান ও সমবায় সমিতি লিমিটেড নামে একটি সমিতির মালিক বলে জানা গেছে। সমিতিটিতে প্রায় দুই হাজার সদস্যের প্রায় ৩০ কোটি টাকা আমানত হিসেবে জমা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পুলিশ জানায়, বিশ্বজিৎ হালদার খোকনের বিরুদ্ধে সিআর মামলাসহ মোট ছয়টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে পাঁচটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত এবং একটি মামলায় সাধারণ গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারি পরোয়ানা জারির পর দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন খোকন। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে নেছারাবাদ থানা পুলিশের একটি দল বরিশাল বিমানবন্দর থানা এলাকায় অভিযান চালায়। এএসআই মো. রিয়াদ হাসান ও এএসআই মো. শাওনের নেতৃত্বে পুলিশ সদস্যদের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী হাসান বলেন, বিশ্বজিৎ হালদার খোকনের বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। পরোয়ানা জারির পর তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, আইনগত প্রক্রিয়া শেষে সোমবার সকালে (৭ সেপ্টেম্বর) তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর যৌথ নৌ মহড়া শুরু হওয়ার প্রেক্ষাপটে, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন তাঁর দেশের নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রসজ্জিত বাহিনীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন। সোমবার রাষ্ট্রীয় গণমাধ্যমে এই তথ্য প্রকাশিত হয়।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
জাপান, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের অংশগ্রহণে চলতি সপ্তাহে অনুষ্ঠিত এই নৌ মহড়া ২০২৩ সালে শুরু হয়। কর্মকর্তারা তখন উল্লেখ করেছিলেন যে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক হুমকি মোকাবেলা এবং দেশটিকে নিবৃত্ত করার উদ্দেশ্যে এই মহড়ার আয়োজন করা হয়েছে।
রোববার, বন্দরনগরী ওয়ানসানে ‘ক্যাং কন’ নামক একটি যুদ্ধজাহাজের আনুষ্ঠানিক নৌবহরে অন্তর্ভুক্তির অনুষ্ঠানে বক্তব্য রাখেন কিম। ২০২৫ সালের মে মাসে পানিতে নামানোর সময় জাহাজটি আংশিকভাবে কাত হয়ে পড়েছিল। উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এই তথ্য নিশ্চিত করেছে।
কিম বলেন, “আমাদের নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রসজ্জিত বাহিনীতে পরিণত করার মাধ্যমে পারমাণবিক যুদ্ধব্যবস্থাগুলোর বৈচিত্র্যময় ও কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হবে, যাতে প্রকৃত যুদ্ধের পরিস্থিতিতে এগুলো পরিচালনা করা যায়।”
তিনি আরও উল্লেখ করেন, “যেকোনো সময় নির্দেশ পেলেই নতুন প্রজন্মের এই ডেস্ট্রয়ার শত্রুর বিরুদ্ধে প্রাণঘাতী পাল্টা আঘাত হানবে। কারণ, এটি রাষ্ট্রের পারমাণবিক পাল্টা আঘাত ব্যবস্থার একটি অংশ।”
প্রকাশিত ছবিতে কিম জং উনকে তাঁর মেয়ে জু আয়ের সঙ্গে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, বাবার পর উত্তর কোরিয়ার নেতৃত্বের দায়িত্ব তাঁর হাতেই যেতে পারে।
গত জুলাইয়ে কিম ‘কাং কন’-এর একটি পরীক্ষামূলক কার্যক্রম তদারক করেন। গত বছর পানিতে নামানো ৫ হাজার টন শ্রেণির দুটি যুদ্ধজাহাজের একটি হলো ‘কাং কন’। জাহাজটি পানিতে নামানোর সময় ক্ষতিগ্রস্ত হওয়ার এক বছরের কিছু বেশি সময় পর এর পরীক্ষা করা হয়।
দক্ষিণ কোরিয়ার কিয়ংনাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিম উল-চুল মন্তব্য করেন, কিমের ‘পারমাণবিক অস্ত্রসজ্জিত নৌবাহিনী’ গড়ার বক্তব্য থেকে ধারণা পাওয়া যায় যে, এসব যুদ্ধজাহাজ কৌশলগত পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হতে পারে।
কিম আরও জানান, উত্তর কোরিয়া নৌবাহিনীকে শক্তিশালী করার জন্য একটি ‘গুরুত্বপূর্ণ পরিকল্পনা’ বাস্তবায়ন করছে, যার ফলাফল আগামী আট মাসের মধ্যে বিশ্ববাসীর সামনে উপস্থাপন করা হবে।
অধ্যাপক লিমের মতে, এর মাধ্যমে উত্তর কোরিয়া সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (এসএলবিএম) বহনে সক্ষম নতুন কোনো সাবমেরিনের মতো বড় ধরনের কৌশলগত অস্ত্র বা সামরিক সক্ষমতা প্রকাশের প্রস্তুতি নিচ্ছে— এমন ইঙ্গিত পাওয়া যেতে পারে।
লিম আরও বলেন, ‘কাং কন’কে পূর্ব সাগরে মোতায়েনের মাধ্যমে পিয়ংইয়ং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের যৌথ নৌ মহড়া এবং পারমাণবিক অস্ত্রবাহী সামরিক সম্পদের সরাসরি আঘাতের আওতায় রাখার চেষ্টা করছে।
এদিকে, যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার এবারের যৌথ নৌ মহড়ার নাম ‘ফ্রিডম এজ’। দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপের পূর্ব ও দক্ষিণে আন্তর্জাতিক জলসীমায় চলা এই মহড়া শুক্রবার পর্যন্ত চলবে।
উত্তর কোরিয়াকে ঘিরে উত্তেজনার মধ্যে এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে। তবে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আবারও কূটনৈতিক আলোচনা শুরুর চেষ্টা করছেন। এর অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ার সঙ্গে আরেকটি সামরিক মহড়ার পরিসর কমিয়ে দিয়েছেন তিনি।
তবে ট্রাম্পের কূটনৈতিক উদ্যোগে উত্তর কোরিয়ার পক্ষ থেকে এখনও তেমন সাড়া মেলেনি। বরং পিয়ংইয়ং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রেখেছে এবং যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার কমিয়ে আনা সামরিক মহড়ার সমালোচনা করেছে।
এছাড়া, দক্ষিণ কোরিয়ার কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির অনুমোদন এবং উত্তর কোরিয়ায় মানবাধিকার লঙ্ঘনের তথ্য নথিভুক্ত করার কর্মসূচিতে অর্থায়নের পরিকল্পনারও নিন্দা জানিয়েছে পিয়ংইয়ং।
তালাশ বিডি/মিডিয়া লিঃ