ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

লক্ষ্মীপুরে বাসদের সমাবেশ: মার্কিন বাণিজ্য চুক্তি ও বন্দর ইজারা বাতিলের দাবি


লক্ষ্মীপুরে বাসদের সমাবেশ: মার্কিন বাণিজ্য চুক্তি ও বন্দর ইজারা বাতিলের দাবি
 
বাংলাদেশের স্বার্থবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি ও বন্দর ইজারা বাতিলের দাবিতে লক্ষ্মীপুরে সমাবেশ ও লাল পতাকা মিছিল করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।
 
শনিবার (২৮ নভেম্বর) বাসদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং মহান রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৯তম বার্ষিকী উপলক্ষে বাসদ লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
এ উপলক্ষে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি লাল পতাকা মিছিল বের করা হয়।
 
সমাবেশে বক্তব্য দেন বাসদ লক্ষ্মীপুর জেলা কমিটির আহ্বায়ক এম এ মজিদ, সদস্য সচিব অ্যাডভোকেট মিলন মন্ডল, জেলা কমিটির সদস্য অ্যাডভোকেট আবু ওবায়েদ দিদার এবং কৃষক নেতা ইবরাহীম খলিল।
 
বক্তারা মার্কিন বাণিজ্য চুক্তি ও বন্দর ইজারা বাতিলের দাবি জানান। একই সঙ্গে দেশের অর্থনৈতিক ও জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে জনস্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ ৩০ নভেম্বর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:০১ পি.এম


কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ ৩০ নভেম্বর

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কিশোরগঞ্জ-৩ আসনে শূন্য হওয়া আসনের জন্য দলীয় প্রার্থী মনোনয়নের উদ্দেশ্যে ফরম বিতরণের তারিখ নির্ধারণ করেছে। আগামী ৩০ নভেম্বর, আগ্রহী প্রার্থীদের জন্য মনোনয়ন ফরম বিতরণ করা হবে। ফরম জমা দেওয়ার শেষ সময় ২ ডিসেম্বর নির্ধারিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী ৩০ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলা থেকে মনোনয়নপ্রত্যাশীরা ফরম সংগ্রহ করতে পারবেন।

এছাড়া, বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, ২ ডিসেম্বর (বুধবার) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একই স্থানে মনোনয়ন ফরম জমা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এখনো শঙ্কা কাটেনি, লাগছে ৫০ থেকে ৬০ শতাংশ অক্সিজেন সাপোর্ট

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:০২ পি.এম


এখনো শঙ্কা কাটেনি, লাগছে ৫০ থেকে ৬০ শতাংশ অক্সিজেন সাপোর্ট

বরেণ্য নাট্যকার, নির্দেশক ও অভিনেতা মামুনুর রশীদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি ঘটেছে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। তবে তিনি এখনো পুরোপুরি শঙ্কামুক্ত নন। বর্তমানে ৫০ থেকে ৬০ শতাংশ অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে তাকে। চিকিৎসকরা ধীরে ধীরে অক্সিজেনের মাত্রা কমানোর চেষ্টা করছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মামুনুর রশীদের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানায় তার নাট্যদল আরণ্যক নাট্যদল।

দলটির বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘আমাদের নাট্যগুরু মামুন ভাই (মামুনুর রশীদ) এখন আগের তুলনায় কিছুটা ভালো আছেন। তবে এখনো শঙ্কামুক্ত নন। তাকে এখনো ৫০ থেকে ৬০ শতাংশ অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে। চিকিৎসকেরা ধীরে ধীরে অক্সিজেনের মাত্রা কমিয়ে আনার চেষ্টা করছেন।’

নাট্যদলটি আরও জানায়, নিউমোনিয়া এবং ফুসফুসের বড় একটি অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় সুস্থ হতে মামুনুর রশীদের কিছুটা সময় লাগবে। এ সময় সবার ভালোবাসা, শুভকামনা ও প্রার্থনা কামনা করেছে আরণ্যক। তারা আশা প্রকাশ করেছে যে, দ্রুত সুস্থ হয়ে তিনি আবার সবার মাঝে ফিরে আসবেন।

এর আগে, গত ২৫ নভেম্বর দিবাগত রাতে শারীরিক অবস্থার অবনতি হলে মামুনুর রশীদকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল থেকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। তিনি টানা চার দিন ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, অভিনেতার শরীরে অক্সিজেনের মাত্রা ওঠানামা করছিল। মেডিকেল বোর্ডের বৈঠকের পর চিকিৎসকেরা তার শারীরিক অবস্থাকে সংকটাপন্ন বলে জানান। এরপরই হাসপাতাল পরিবর্তনের সিদ্ধান্ত নেয় পরিবার।

উল্লেখ্য, গত বছরের ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে উড়োজাহাজে অসুস্থ হয়ে পড়েন মামুনুর রশীদ। পরে পরীক্ষা-নিরীক্ষায় তার ফুসফুসের দুই পাশে নিউমোনিয়া ও রক্তে সংক্রমণ ধরা পড়ে। সে সময় ছয় দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থানের পর চলতি বছরের ১৪ জানুয়ারি দেশে ফেরেন এই অভিনেতা। দেশে ফিরে আবারও অভিনয়ে যুক্ত হন তিনি।

বাংলাদেশের মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে পাঁচ দশকের বেশি সময় ধরে কাজ করছেন মামুনুর রশীদ। অভিনয়ের পাশাপাশি নাট্যকার ও নির্দেশক হিসেবেও দেশের সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ জাতীয় ফ্রেঞ্চ টোস্ট খাওয়ার দিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৩ পি.এম


আজ জাতীয় ফ্রেঞ্চ টোস্ট খাওয়ার দিন

সকালের নাশতা কিংবা বিকেলের আড্ডার জন্য ফ্রেঞ্চ টোস্টের স্বাদ অনেকের কাছে প্রিয়। ডিম, দুধ এবং পাউরুটির সহজ সংমিশ্রণে তৈরি এই সুস্বাদু খাবারটি প্রতিবছর ২৮ নভেম্বর জাতীয় ফ্রেঞ্চ টোস্ট দিবস (National French Toast Day) হিসেবে উদ্‌যাপন করা হয়।

এই বিশেষ দিনটি উপলক্ষে, পছন্দের ফ্রেঞ্চ টোস্টটি ঘরেই প্রস্তুত করা সম্ভব। ফ্রেঞ্চ টোস্ট তৈরির জন্য প্রয়োজন ডিম, দুধ, পাউরুটি, কিছু চিনি এবং মাখন।

প্রথমে একটি পাত্রে ডিম এবং দুধ ভালোভাবে ফেটাতে হবে। স্বাদ বাড়ানোর জন্য চাইলে সামান্য চিনি, দারুচিনির গুঁড়া অথবা ভ্যানিলা এসেন্স যোগ করা যেতে পারে। এরপর পাউরুটির টুকরোগুলো মিশ্রণে ডুবিয়ে মাখন দেওয়া গরম প্যানে দুই পাশ সোনালি করে ভেজে নিতে হবে। এইভাবে প্রস্তুত হয়ে যাবে সুস্বাদু ফ্রেঞ্চ টোস্ট।

গরম গরম ফ্রেঞ্চ টোস্টের সঙ্গে মধু, ম্যাপল সিরাপ, ফল অথবা গুঁড়া চিনি পরিবেশন করা যেতে পারে। চাইলে মিষ্টির পরিবর্তে চিজ এবং সবজি দিয়েও নোনতা ফ্রেঞ্চ টোস্ট তৈরি করা সম্ভব।

ফ্রেঞ্চ টোস্টের ইতিহাস

ফ্রেঞ্চ টোস্টের ইতিহাস বেশ পুরোনো। বাসি বা শক্ত হয়ে যাওয়া পাউরুটি ফেলে না দিয়ে ডিম ও দুধের মিশ্রণে ভিজিয়ে রান্না করার প্রচলন থেকেই এই খাবারটির জনপ্রিয়তা বৃদ্ধি পায়। ফ্রান্সে এটি ‘পাঁ পেরদ্যু’ (Pain Perdu) নামে পরিচিত, যার অর্থ ‘হারানো রুটি’।

বিশ্বের বিভিন্ন দেশে ফ্রেঞ্চ টোস্ট তৈরির পদ্ধতি ও পরিবেশনে ভিন্নতা রয়েছে। তবে ডিম এবং পাউরুটির এই সহজ সমন্বয়ই খাবারটিকে দিয়েছে একটি আলাদা পরিচিতি।

সুতরাং, আজকের দিনটি হতে পারে নিজের পছন্দের ফ্রেঞ্চ টোস্ট তৈরি করে খাওয়ার একটি দারুণ উপলক্ষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহানবী (সা.)-এর স্নেহধন্য সাহাবি উম্মু খালিদ বিনতে খালিদ (রা.)

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৪ পি.এম


মহানবী (সা.)-এর স্নেহধন্য সাহাবি উম্মু খালিদ বিনতে খালিদ (রা.)

উম্মু খালিদ বিনতে খালিদ (রা.) ছিলেন বিশিষ্ট সাহাবি খালিদ ইবনে সাঈদ ইবনুল আস (রা.)-এর কন্যা। মক্কায় কুরাইশদের অত্যাচার ও নির্যাতনের কারণে মুসলমানদের একটি দল দ্বিতীয়বারের মতো আবিসিনিয়ায় হিজরত করেছিল, যেখানে খালিদ ইবনে সাঈদ (রা.) ছিলেন তাঁদের মধ্যে অন্যতম। হিজরতের সময় তিনি তাঁর স্ত্রীকেও সঙ্গে নিয়ে যান। আবিসিনিয়াতে তাঁদের ঘরে জন্মগ্রহণ করেন আমা বিনতে খালিদ, যিনি পরবর্তীতে উম্মু খালিদ নামে পরিচিতি লাভ করেন।

খায়বার বিজয়ের পর, আবিসিনিয়ায় হিজরতকারী মুসলমানরা মদিনায় ফিরে আসেন। তাঁদের সঙ্গে খালিদ ইবনে সাঈদ (রা.)-ও পরিবার নিয়ে মদিনায় আগমন করেন। ছোটবেলা থেকেই উম্মু খালিদ (রা.) মা-বাবার মুখে রাসুলুল্লাহ (সা.)-এর কথা শুনে আসছিলেন। এবার তাঁকে সরাসরি দেখার সুযোগ ঘটে। এভাবেই তিনি সাহাবি হওয়ার মর্যাদা লাভ করেন, তখন তাঁর বয়স ছিল আনুমানিক ছয় কিংবা সাত বছর।

শৈশবকাল থেকেই রাসুলুল্লাহ (সা.)-এর স্নেহ ও ভালোবাসার একটি অনন্য ঘটনা রয়েছে তাঁর জীবনে। একদিন রাসুলুল্লাহ (সা.)-এর কাছে কিছু পোশাক উপহার হিসেবে আনা হলো, যার মধ্যে একটি নকশা করা সুন্দর কালো চাদর ছিল। তিনি সাহাবিদের জিজ্ঞেস করলেন, ‘এই চাদরটি কাকে দেওয়া যায়?’ সাহাবিরা শিষ্টাচারবশত কোনো উত্তর দিলেন না। তখন তিনি বললেন, ‘উম্মু খালিদকে আমার কাছে নিয়ে এসো।’

রাসুলুল্লাহ (সা.)-এর নির্দেশে একজন সাহাবি ছোট্ট উম্মু খালিদকে তাঁর সামনে নিয়ে এলেন। তিনি অত্যন্ত স্নেহের সঙ্গে নিজের হাতে নকশাদার চাদরটি উম্মু খালিদকে পরিয়ে দিলেন। এরপর তাঁর জন্য দোয়া করলেন, ‘ইলবাসি ওয়া আখলিকি’—অর্থাৎ, ‘এটি পরিধান করো এবং দীর্ঘদিন ব্যবহার করো।’ আরবদের ভাষায় কাউকে এভাবে দোয়া করার অর্থ হলো, সে যেন দীর্ঘজীবী হয় এবং পোশাকটি দীর্ঘদিন ব্যবহার করার সুযোগ পায়।

চাদরটি পরানোর পর রাসুলুল্লাহ (সা.) স্নেহভরা দৃষ্টিতে উম্মু খালিদের দিকে তাকালেন। পোশাকের নকশা ও সৌন্দর্য দেখে তিনি আনন্দ প্রকাশ করে বললেন, ‘সানা, সানা ইয়া উম্মু খালিদ।’ অর্থাৎ ‘সুন্দর, সুন্দর! হে উম্মু খালিদ!’

এখানে একটি চমৎকার বিষয় লক্ষণীয়। সৌন্দর্য বোঝাতে রাসুলুল্লাহ (সা.) প্রচলিত আরবি শব্দ ব্যবহার না করে আবিসিনীয় ভাষার শব্দ ‘সানা’ ব্যবহার করেছিলেন। কারণ, উম্মু খালিদের জন্ম ও শৈশব কেটেছিল আবিসিনিয়ায়। ফলে তিনি সেখানকার ভাষার সঙ্গে পরিচিত ছিলেন। রাসুলুল্লাহ (সা.) তাঁর সঙ্গে সেই ভাষায় কথা বলে শিশুটির প্রতি আন্তরিক স্নেহ ও মমতার পরিচয় দিয়েছিলেন।

আবিসিনিয়া থেকে মুসলমানদের মদিনায় ফেরার সময় উম্মু খালিদ (রা.)-এর জীবনে একটি স্মরণীয় ঘটনা ঘটে। আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশি মুসলমানদের নৌকায় তুলে দেওয়ার আগে তাঁদের বলেছিলেন, ‘আপনারা আমার সালাম রাসুলুল্লাহ (সা.)-এর কাছে পৌঁছে দেবেন।’ মদিনায় পৌঁছে উম্মু খালিদ (রা.) সেই আমানত যথাযথভাবে পালন করেন এবং নাজ্জাশির সালাম রাসুলুল্লাহ (সা.)-এর কাছে পৌঁছে দেন।

পরবর্তী সময়ে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবি জুবাইর ইবনুল আওয়াম (রা.)-এর সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে ওমর ও খালিদ নামে দুই পুত্রসন্তান জন্মগ্রহণ করেন। ছোট ছেলে খালিদের নামানুসারেই আমা বিনতে খালিদ (রা.) ‘উম্মু খালিদ’ নামে অধিক পরিচিত হয়ে ওঠেন।

দীর্ঘ জীবন লাভ করেছিলেন এই সৌভাগ্যবতী সাহাবি। ৯১ হিজরিতে তিনি ইন্তেকাল করেন। তাঁকে নারী সাহাবিদের মধ্যে সর্বশেষ মৃত্যুবরণকারী সাহাবি হিসেবেও উল্লেখ করা হয়। (ইবনে হাজার, আল-ইসাবা, ৮/৩৮৫, সহিহ বুখারি, হাদিস : ৫৮৪৫; সুনানে আবু দাউদ, হাদিস : ৪০২৪; ইবনে হাজার, আল-ইসাবা, ৮/৩৮৫)

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%