ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বিপদ কখনো মুমিনের জীবনে কল্যাণ বয়ে আনে


বিপদ কখনো মুমিনের জীবনে কল্যাণ বয়ে আনে

বিপদ সব সময় মানুষের ধ্বংসের উদ্দেশ্যে আসে না। কখনো কখনো বিপদ এমন সফলতার পথ উন্মোচন করে যা মানুষের জীবনে পরিবর্তন নিয়ে আসে। যেমন—ইউসুফ (আ.)-এর বিপদগুলো তাঁকে সময়ের ব্যবধানে রাজত্বের অধিকারী বানিয়েছিল। আমাদের নবীজি (সা.)-এর জন্য কুরাইশদের দ্বারা রাখা বিপদ মক্কা বিজয়ের দ্বার উন্মোচন করে দিয়েছিল। বিপদ-আপদ মূলত মহান আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হিসেবে আসে।

কখনো কখনো বিপদ-আপদ মানুষের জন্য কল্যাণ বয়ে আনে, বিশেষ করে যারা বিপদে ধৈর্য ধারণ করে। মহান আল্লাহ তাদের জন্য উত্তম প্রতিদান প্রদান করেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং জান-মাল ও ফল-ফলাদির স্বল্পতার মাধ্যমে। আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও।’ (সুরা : বাকারাহ, আয়াত : ১৫৫)

এই আয়াত থেকে বোঝা যায়, দুনিয়া দুঃখ-কষ্ট সহ্য করার জায়গা। কখনো রাত, কখনো দিন, কখনো কান্না, কখনো হাসি নিয়েই দুনিয়ার জীবন। সুতরাং বিপদে পড়লে তাকে অপ্রত্যাশিত কিছু মনে না করলেই ধৈর্য ধারণ করা সহজ হয়ে যায়।

আরও পড়ুন: মহানবী (সা.)-এর স্নেহধন্য সাহাবি উম্মু খালিদ বিনতে খালিদ (রা.)

বিপদে ধৈর্য ধারণ করা বিপদকে নিয়ামতে পরিণত করে। তখন বিপদই বান্দার জন্য কল্যাণকর হয়ে যায়। তবে বিপদে আল্লাহর ওপর ভরসা হারালে তা নিছক বিপদই থাকে বা আরো বড় বিপদের দিকে নিয়ে যেতে পারে। সুহাইব (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘মুমিনের অবস্থা বিস্ময়কর। সব কাজই তার জন্য কল্যাণকর। মুমিন ছাড়া অন্য কেউ এ বৈশিষ্ট্য লাভ করতে পারে না। তারা সুখ-শান্তি লাভ করলে শোকরগুজার করে আর অসচ্ছলতা বা দুঃখ-মুসিবতে আক্রান্ত হলে ধৈর্য ধরে, প্রতিটিই তার জন্য কল্যাণকর।’ (মুসলিম, হাদিস : ৭৩৯০)

সব ক্ষেত্রে বিপদে পড়ার মানে এই নয় যে বিপদগ্রস্ত ব্যক্তিটি আল্লাহর অপ্রিয়। আল্লাহ তাঁর প্রিয় বান্দাদের আরো বেশি পরীক্ষা করেন। তাদের পুরস্কার যেমন বড়, বিপদও তেমন বড়। নবীজি (সা.)-এরই বাণী। আবু সাঈদ আল-খুদরি (রা.) বলেন, আমি নবী (সা.)-এর কাছে গেলাম, তখন তিনি ভীষণ জ্বরে আক্রান্ত ছিলেন।

আমি যখন তাঁর ওপর হাত রাখলাম, তখন তাঁর গায়ের চাদরের ওপর থেকেই তাঁর দেহের প্রচণ্ড তাপ অনুভব করলাম। আমি বললাম, হে আল্লাহর রাসুল! কত তীব্র জ্বর আপনার। তিনি বলেন, ‘আমাদের (নবী-রাসুলদের) অবস্থা এমনই হয়ে থাকে। আমাদের ওপর দ্বিগুণ বিপদ আসে এবং দ্বিগুণ পুরস্কারও দেওয়া হয়।’ আমি বললাম, হে আল্লাহর রাসুল! কার ওপর সর্বাধিক কঠিন বিপদ আসে? তিনি বলেন, ‘নবীদের ওপর। আমি বললাম, হে আল্লাহর রাসুল! তারপর কার ওপর? তিনি বলেন, তারপর নেককার বান্দাদের ওপর। তাদের কেউ এতটা দারিদ্র্য পীড়িত হয় যে শেষ পর্যন্ত তাঁর কাছে তাঁর পরিধানের কম্বলটি ছাড়া কিছুই থাকে। তাদের কেউ বিপদে এত শান্ত ও উত্ফুল্ল থাকে, যেমন—তোমাদের কেউ ধন-সম্পদ প্রাপ্তিতে আনন্দিত হয়ে থাকে।’ (ইবনে মাজাহ, হাদিস : ৪০২৪)

বিপদ কখনো কখনো মানুষের গুনাহ মাফেও সহযোগী হয়। বান্দার ওপর বিপদ এলে সে যদি আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে ধৈর্য ধরে, তখন তা তার গুনাহ মাফে কার্যকর ভূমিকা রাখে। ছোট থেকে ছোট বিপদও মুমিনের গুনাহ মাফে সহায়ক হয়। আবু সাঈদ খুদরি (রা.) ও আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, মহানবী (সা.) বলেছেন, ‘মুসলিম ব্যক্তির ওপর যে কষ্ট-ক্লেশ, রোগব্যাধি, উদ্বেগ-উত্কণ্ঠা, দুশ্চিন্তা, কষ্ট ও পেরেশানি আসে, এমনকি যে কাঁটা তার দেহে ফুটে, এসবের মাধ্যমে আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দেন।’ (বুখারি, হাদিস : ৫৬৪২)

আরও পড়ুন: পবিত্র ওমরাহ পালনে সময় লাগছে মাত্র ১২৪ মিনিট

অনেক সময় বিপদ-আপদগুলো শত্রুদের প্রপাগান্ডার কারণে তৈরি হওয়ায় মেনে নিতে কষ্ট হয়। আমাদের উচিত তখনো এই বিষয়গুলো আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। নিজেকে সত্যের ওপর অবিচল রাখা। কারণ হাদিস শরিফে ইরশাদ হয়েছে, আবু সিরমা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি অন্য কারো ক্ষতি সাধন করে, আল্লাহ তাআলা তা দিয়েই তার ক্ষতি সাধন করেন। যে ব্যক্তি অন্যকে কষ্ট দেয়, আল্লাহ তাআলা তাকে কষ্টের মধ্যে ফেলেন।’ (তিরমিজি, হাদিস : ১৯৪০)

তাহলে আমাদের উচিত বিপদের দিনে ভেঙে না পড়ে মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখা। আল্লাহর সাহায্য চাওয়া, ইনশাআল্লাহ মহান আল্লাহ দুশ্চিন্তাকে আনন্দে পরিণত করবেন। উত্তম থেকে উত্তম প্রতিদান দেবেন। শত্রুকে তার পাতানো ফাঁদেই সমাধিস্থ করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইজতেমার আখেরি মোনাজাত শেষে বাড়ি ফেরা হলো না অভির

আন্তর্জাতিক ডেস্ক

বেরোবি প্রতিনিধি

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৮ পি.এম


ইজতেমার আখেরি মোনাজাত শেষে বাড়ি ফেরা হলো না অভির

রংপুরে সড়ক দুর্ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আফিক হাসান অভি নিহত হয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে নগরীর দর্শনা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অভি বিশ্ববিদ্যালয়ের ১৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি রংপুরের পীরগাছা উপজেলায়। ইজতেমার আখেরি মোনাজাত শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দর্শনা মোড়ে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের বাড়ির সামনে দুটি ট্রাকের মাঝখানে পড়ে দুর্ঘটনার শিকার হন অভি। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসমাঈল হোসেন বলেন, ‘আমি এখন হাসপাতালের জরুরি বিভাগে আছি। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মরদেহ নেওয়ার ব্যবস্থা করছি। একটি ট্রাক আটক করা হয়েছে, সেটি থানায় রয়েছে।’

তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘আমরা ইতিমধ্যে ট্রাকটি আটক করে থানায় নিয়ে এসেছি। চালককে আটক করতে কাজ চলছে।’

অভির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সহপাঠী, বন্ধু ও পরিচিতজনেরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেন।

ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সানোয়ার হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘বিভাগ আলাদা হলেও বন্ধুত্বের বন্ধন ছিল অটুট। আজ বাইক দুর্ঘটনায় তোর আকস্মিক বিদায় মেনে নেওয়া কঠিন। স্মৃতিতে অমলিন থাকবে বন্ধু।’

পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইব্রাহিম রহমান ইভান লেখেন, ‘বিশ্ববিদ্যালয়ের এক কাছের ছোট ভাই কিছুক্ষণ আগে বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

এ ছাড়া শিক্ষার্থী কামরুল হাসান মুন্নাও অভির মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জকিগঞ্জে বিধবা নারীর সাহায্যে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৮ পি.এম


জকিগঞ্জে বিধবা নারীর সাহায্যে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগ

বিধবা নাজমা বেগম (৫৯) এক টুকরো ভিটেমাটি ছাড়া কিছুই নেই। মাথা গুজার জন্য একটি স্থান থাকলেও, দুঃখ ও দুর্দশার মধ্যে দিন কাটাতে হচ্ছে তাকে। স্বামী এবং সন্তান না থাকার কারণে তিনি একাকী একটি ছোট কুঁড়েঘরে বসবাস করছেন। স্থানীয়দের সহযোগিতায় তিনি একটি ঘর পেয়েছেন। তবে, তার মানবেতর জীবনযাপন সম্পর্কে জানতে পেরে, বসুন্ধরা শুভসংঘের জকিগঞ্জ উপজেলা শাখা তার পাশে দাঁড়িয়েছে।

নাজমা বেগম দীর্ঘদিন ধরে সিলেটের জকিগঞ্জ উপজেলার লামারগ্রামে বসবাস করছেন। তার স্বামীর রোজগারের মাধ্যমে সংসার চলতো। কিন্তু স্বামীর মৃত্যুর পর থেকে তিনি এলাকার মানুষের সাহায্যে কোনোরকমে জীবনযাপন করছেন। এই অবস্থায়, তার দুঃখ কিছুটা লাঘব করতে শনিবার (২৮ নভেম্বর) বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে নাজমা বেগমকে চাল, ডাল, তেল, পিঁয়াজ, আলু, লবণ, মরিচ, হলুদসহ বিভিন্ন খাদ্যসামগ্রী প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা বসুন্ধরা শুভসংঘের সহসভাপতি সারওয়ার হোসেন জীবন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস শহীদ সাকির, অর্থ সম্পাদক সাইফুর রহমান এবং শুভাকাঙ্ক্ষী আতাউর রহমান নাফিজ।

নাজমা বেগম বলেন, “আমি বসুন্ধরা শুভসংঘের কাছে কৃতজ্ঞ, তারা আমাকে খুঁজে বের করে আমার বাড়িতে খাদ্যসামগ্রী এনে দিয়েছে। বসুন্ধরা শুভসংঘ আরো প্রসারিত হোক এবং মানবকল্যাণে আরো বেশি ভূমিকা রাখুক।”

বসুন্ধরা শুভসংঘের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস শহিদ শাকির বলেন, “নাজমা বেগমের ছেলে-মেয়ে কেউ নেই এবং তিনি বিধবা। এরকম মানুষের পাশে আমাদের বসুন্ধরা শুভসংঘ দাঁড়িয়েছে এবং এর অংশ হতে পেরে খুবই আনন্দ লাগছে। জকিগঞ্জ উপজেলার কিছু মানুষ একদম নিম্ন আয়ের। এলাকার এসব মানুষের আয়-রোজগার অত্যন্ত কম। অধিকাংশ পরিবারের নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। এসব হতদরিদ্র মানুষকে দীর্ঘদিন ধরে আমাদের বসুন্ধরা শুভসংঘ সহযোগিতা দিয়ে আসছে। এর আগে এই এলাকার শিক্ষার্থীদের নিয়ে নানা ক্যাম্পেইন পরিচালনা করেছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃষক ও ব্যবসায়ীরা পেনশন স্কিমে যুক্ত হবেন: সমাজকল্যাণমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৯ পি.এম


কৃষক ও ব্যবসায়ীরা পেনশন স্কিমে যুক্ত হবেন: সমাজকল্যাণমন্ত্রী

বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের জন্য একটি সর্বজনীন পেনশন স্কিম চালু হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন। তিনি উল্লেখ করেন, এই স্কিমের আওতায় কৃষক, শ্রমিক, ক্ষুদ্র, মাঝারি ও বড় ব্যবসায়ীসহ বেসরকারি খাতে কর্মরত এবং প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধার বাইরে থাকা যে কেউ অংশগ্রহণ করতে পারবেন। ১৮ থেকে ৫০ বছর বয়সী নাগরিকরা এই স্কিমে যুক্ত হতে পারবেন। ৬০ বছর বয়স থেকে তাঁরা নির্ধারিত হারে পেনশন গ্রহণ করবেন।

শনিবার (২৮ নভেম্বর) দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে আয়োজিত সর্বজনীন পেনশন মেলায় এসব কথা বলেন তিনি।

সমাজকল্যাণমন্ত্রী আরও বলেন, সরকারের এই উদ্যোগ দিনাজপুরের প্রতিটি এলাকায় ছড়িয়ে দিতে চান। এই লক্ষ্যে সরকারি ও বেসরকারি পর্যায়ের প্রায় ৪৫টি ব্যাংকের সঙ্গে পেনশন কর্তৃপক্ষের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। সর্বজনীন পেনশন স্কিমের উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ জীবনের শেষ সময় আর্থিক সচ্ছলতা ও নিরাপত্তা লাভ করবেন। এর মাধ্যমে একটি মানবিক বাংলাদেশ গড়ার বর্তমান সরকারের উদ্যোগ বাস্তবায়ন আরো এক ধাপ এগিয়ে যাবে।

বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ে মন্ত্রী বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষক প্রয়োজন। দক্ষ শিক্ষক তৈরি করতে মানসম্মত বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রয়োজন রয়েছে। বর্তমানে মিরপুরে এ ধরনের মাত্র একটি কলেজ বিদ্যমান। সরকার এখন দেশের চারটি বিভাগে চারটি কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে।

তিনি আরও বলেন, এসব কলেজের মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষাদানে দক্ষ শিক্ষক তৈরি করা হবে। পাশাপাশি দেশের প্রতিটি জেলা ও উপজেলা শহরে মানসম্মত বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। নির্ধারিত মান বজায় রেখে এসব প্রতিষ্ঠান গড়ে তোলা হবে।

দিনাজপুর স্থানীয় সরকারের উপপরিচালক শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শরীফ নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মো. মোফাজ্জল হোসেন দুলাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম হাবিবুল হাসান প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইন-শৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১২ পি.এম


আইন-শৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেছেন যে, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সুশৃঙ্খল অবস্থায় ফিরে এসেছে এবং জনগণের আস্থা অর্জন করেছে। তিনি উল্লেখ করেন, পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী যেকোনো ধরনের অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করতে বদ্ধপরিকর।

শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর রাজারবাগস্থ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (সিপিএইচ) পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। সাম্প্রতিক নাশকতা ও সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী তাদের শয্যাপাশে যান, তাদের সঙ্গে কথা বলেন এবং শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

মন্ত্রী আহত সদস্যদের সর্বোচ্চ ও উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি আহতদের সাহস জোগান এবং তাদের দায়িত্ববোধের প্রশংসা করেন। মন্ত্রী ঘোষণা করেন যে, তাদের বীরত্বপূর্ণ ভূমিকার জন্য পুলিশ পদকসহ অন্যান্যভাবে পুরস্কৃত করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সাম্প্রতিক নাশকতায় পুলিশ, এসআরবি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং আনসার ব্যাটালিয়নের বেশ কয়েকজন সদস্য আহত ও গুরুতর আহত হয়েছেন।’ তিনি আরও জানান, ‘ইতোমধ্যেই অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন, তবে বেশ কিছু সদস্যকে দীর্ঘমেয়াদি ও বিশেষায়িত চিকিৎসা নিতে হবে।’

আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর পেশাদারি ও ধৈর্যের প্রশংসা করে মন্ত্রী বলেন, ‘চাকরিতে নিয়োগের সময় সদস্যরা প্রাণের বিনিময়ে হলেও জনগণের জানমালের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার শপথ নেন। সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের সময় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা গুরুতর আহত হওয়া সত্ত্বেও অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং কোনো শ্রমিকের গায়ে হাত তোলেননি। ফলে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি, যা দেশে ও বিদেশে সর্বত্র প্রশংসিত হয়েছে।’

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সর্বদা প্রস্তুত রয়েছে। শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে তিনি বলেন, সাধারণ শ্রমিক ভাই-বোনেরা মজুরি বোর্ডের ন্যূনতম মজুরি ঘোষণাকে স্বাগত জানিয়েছেন এবং অত্যন্ত সন্তুষ্ট ও সুশৃঙ্খল রয়েছেন। তবে কিছু শ্রমিক নামধারী ব্যক্তি ও সীমান্তের ওপার থেকে ঘোষণা দিয়ে জ্বালাও-পোড়াও করার অপচেষ্টাকারীরা দেশের দু-একটি ইউনিয়ন পর্যায়ে বিচ্ছিন্নভাবে মশাল মিছিল বা অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে, যা কখনোই সফল হবে না।

হাসপাতাল পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ অফিসারদের যথাযথ ক্যারিয়ার প্ল্যানিংয়ের নির্দেশ দেন। তিনি কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আধুনিকায়ন ও সেবার মান বৃদ্ধিতে গৃহীত প্রকল্পগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন। এ সময় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) মোহাম্মদ মুসলিম হাসপাতালের সার্বিক চিকিৎসা কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।

পরিদর্শনকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং আইজিপি মো. আলী হোসেন ফকির প্রমুখ উপস্থিত ছিলেন। সাম্প্রতিক সহিংসতায় আহত আট পুলিশ সদস্য বর্তমানে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ছয় জন গোপালগঞ্জ, একজন গাজীপুর সদর ও একজন শিল্পাঞ্চল পুলিশে কর্মরত।

তারা হলেন দেবব্রত কুমার বিশ্বাস, মো. রুহুল্লাহ, মো. হাসিব, ফরিদ আহমেদ, মঞ্জুরুল ইসলাম, হযরত বেলাল, মো. আবু আলম (ইন্সপেক্টর) ও মো. রাকিবুল ইসলাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%