প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেছেন যে, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সুশৃঙ্খল অবস্থায় ফিরে এসেছে এবং জনগণের আস্থা অর্জন করেছে। তিনি উল্লেখ করেন, পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী যেকোনো ধরনের অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করতে বদ্ধপরিকর।
শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর রাজারবাগস্থ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (সিপিএইচ) পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। সাম্প্রতিক নাশকতা ও সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী তাদের শয্যাপাশে যান, তাদের সঙ্গে কথা বলেন এবং শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
মন্ত্রী আহত সদস্যদের সর্বোচ্চ ও উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি আহতদের সাহস জোগান এবং তাদের দায়িত্ববোধের প্রশংসা করেন। মন্ত্রী ঘোষণা করেন যে, তাদের বীরত্বপূর্ণ ভূমিকার জন্য পুলিশ পদকসহ অন্যান্যভাবে পুরস্কৃত করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সাম্প্রতিক নাশকতায় পুলিশ, এসআরবি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং আনসার ব্যাটালিয়নের বেশ কয়েকজন সদস্য আহত ও গুরুতর আহত হয়েছেন।’ তিনি আরও জানান, ‘ইতোমধ্যেই অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন, তবে বেশ কিছু সদস্যকে দীর্ঘমেয়াদি ও বিশেষায়িত চিকিৎসা নিতে হবে।’
আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর পেশাদারি ও ধৈর্যের প্রশংসা করে মন্ত্রী বলেন, ‘চাকরিতে নিয়োগের সময় সদস্যরা প্রাণের বিনিময়ে হলেও জনগণের জানমালের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার শপথ নেন। সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের সময় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা গুরুতর আহত হওয়া সত্ত্বেও অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং কোনো শ্রমিকের গায়ে হাত তোলেননি। ফলে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি, যা দেশে ও বিদেশে সর্বত্র প্রশংসিত হয়েছে।’
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সর্বদা প্রস্তুত রয়েছে। শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে তিনি বলেন, সাধারণ শ্রমিক ভাই-বোনেরা মজুরি বোর্ডের ন্যূনতম মজুরি ঘোষণাকে স্বাগত জানিয়েছেন এবং অত্যন্ত সন্তুষ্ট ও সুশৃঙ্খল রয়েছেন। তবে কিছু শ্রমিক নামধারী ব্যক্তি ও সীমান্তের ওপার থেকে ঘোষণা দিয়ে জ্বালাও-পোড়াও করার অপচেষ্টাকারীরা দেশের দু-একটি ইউনিয়ন পর্যায়ে বিচ্ছিন্নভাবে মশাল মিছিল বা অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে, যা কখনোই সফল হবে না।
হাসপাতাল পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ অফিসারদের যথাযথ ক্যারিয়ার প্ল্যানিংয়ের নির্দেশ দেন। তিনি কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আধুনিকায়ন ও সেবার মান বৃদ্ধিতে গৃহীত প্রকল্পগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন। এ সময় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) মোহাম্মদ মুসলিম হাসপাতালের সার্বিক চিকিৎসা কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।
পরিদর্শনকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং আইজিপি মো. আলী হোসেন ফকির প্রমুখ উপস্থিত ছিলেন। সাম্প্রতিক সহিংসতায় আহত আট পুলিশ সদস্য বর্তমানে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ছয় জন গোপালগঞ্জ, একজন গাজীপুর সদর ও একজন শিল্পাঞ্চল পুলিশে কর্মরত।
তারা হলেন দেবব্রত কুমার বিশ্বাস, মো. রুহুল্লাহ, মো. হাসিব, ফরিদ আহমেদ, মঞ্জুরুল ইসলাম, হযরত বেলাল, মো. আবু আলম (ইন্সপেক্টর) ও মো. রাকিবুল ইসলাম।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন