০৩:১৫ পি.এম
যুক্তরাজ্যের সাফোকে অবস্থিত যুক্তরাষ্ট্রের আরএএফ লেকেনহিথ বিমানঘাঁটির নিকটবর্তী এলাকায় একসঙ্গে ছয়টি ড্রোনের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। মার্কিন বাহিনী পরে সেগুলোকে প্রতিহত করার জন্য কাউন্টার-ড্রোন প্রযুক্তি ব্যবহার করে।
১৩ নভেম্বরের এই ঘটনার পর মার্কিন সেনা সদস্যদের নিরাপদ স্থানে অবস্থান নেওয়ার নির্দেশনা দেওয়া হয় এবং ঘাঁটিতে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়। শনিবার ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ঘটনার সঙ্গে পরিচিত ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে, ব্রিটিশ ও মার্কিন বাহিনী কোনো ড্রোন উদ্ধার করতে সক্ষম হয়নি। ড্রোনগুলোতে অস্ত্র, নজরদারির সরঞ্জাম বা অন্য কোনো প্রযুক্তি ছিল কি না, তা নিশ্চিত হতে পারেনি দুই দেশের কর্তৃপক্ষ।
আরও পড়ুন: কুনার প্রদেশে স্কুলের পাশে বিস্ফোরণে ৬ শিক্ষার্থী নিহত
তবে সংবাদমাধ্যমটির সূত্রগুলো ইঙ্গিত করছে যে, ড্রোনগুলোর সঙ্গে ইরানের সংশ্লিষ্টতা থাকতে পারে। যদিও এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট প্রমাণ প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
লেকেনহিথ বিমানঘাঁটি মার্কিন বিমানবাহিনীর ৪৮তম ফাইটার উইংয়ের প্রধান ঘাঁটি হিসেবে পরিচিত। ইউরোপে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় যুদ্ধবিমান ঘাঁটি হিসেবে এখানে প্রায় সাত হাজার সামরিক ও বেসামরিক কর্মী অবস্থান করেন।
গত সেপ্টেম্বরে ঘাঁটি কর্তৃপক্ষ জানিয়েছিল যে, সেখানে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের দ্বিতীয় সর্বোচ্চ হুমকির সতর্কতা স্তর ‘চার্লি অ্যালার্ট’ জারি রয়েছে।
তবে ১৩ নভেম্বরের ঘটনার পর মার্কিন বিমানবাহিনী বিস্তারিত কিছু জানায়নি। তারা কেবল বলেছে, ‘অনুমোদনহীন ড্রোনের সন্দেহজনক তৎপরতার’ জবাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে কোনো কর্মী, উড়োজাহাজ বা অবকাঠামোর ক্ষতি হয়নি।
আরও পড়ুন: ইয়েমেন উপকূলে পণ্যবাহী জাহাজ ছিনতাই, সশস্ত্র ব্যক্তিদের নিয়ন্ত্রণ
এদিকে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় তাদের পুলিশ বাহিনী, সাফোক পুলিশ এবং মার্কিন বিমানবাহিনীর নিরাপত্তা বাহিনী যৌথভাবে কাজ করেছে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
চলতি বছর যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী ব্যবহার করে এমন ব্রিটিশ সামরিক ঘাঁটিগুলোতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে গ্লুচেস্টারশায়ারের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিকে লক্ষ্য করে সন্ত্রাসী হামলার একটি কথিত পরিকল্পনার বিষয়টিও রয়েছে। তবে এসব ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ তেহরান স্পষ্ট ভাষায় অস্বীকার করেছে।
এদিকে সাফোকের আরেকটি মার্কিন বিমানঘাঁটি আরএএফ মিলডেনহল নিয়েও নতুন উদ্বেগ প্রকাশ করেছেন ওয়েস্ট সাফোকের কনজারভেটিভ পার্টির আইনপ্রণেতা ও ছায়া মন্ত্রিসভার সদস্য নিক টিমোথি। শুক্রবার তিনি বলেন, ঘাঁটি থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে নির্মাণাধীন সানিকা সৌরবিদ্যুৎ ও ব্যাটারি প্রকল্পে হামলা হলে তা ঘাঁটির জন্যও হুমকি হয়ে উঠতে পারে।
ফাইন্যান্সিয়াল টাইমসকে টিমোথি জানান, প্রকল্পটির পরিকল্পনা পর্যালোচনার সময় প্রতিরক্ষা মন্ত্রণালয় স্বীকার করেছে, নাশকতা বা অগ্নিসংযোগের সম্ভাবনা বিবেচনায় নেওয়া হয়নি। অথচ শত্রুভাবাপন্ন রাষ্ট্রগুলো গুরুত্বপূর্ণ অবকাঠামোতে এ ধরনের হামলা চালাতে পারে বলে এমআই৫সহ বিভিন্ন নিরাপত্তা সংস্থা বহু বছর ধরে সতর্ক করে আসছে।
আরও পড়ুন: ইয়েমেনে পাল্টাপাল্টি হামলা, সৌদি আরবে নিরাপত্তা সতর্কতা জারি
তবে যুক্তরাজ্য সরকারের এক মুখপাত্র বলেছেন, প্রতিটি প্রকল্পের পরিকল্পনা অনুমোদনের আগে পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করা হয় এবং এ প্রক্রিয়ায় নিরাপত্তার বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন