০৩:২৩ পি.এম
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আবারও পালটাপালটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত দুই দেশের বিভিন্ন স্থানে চালানো এসব হামলায় অন্তত ১৬ জন আহত হয়েছেন। এর মধ্যে রাশিয়ায় আহত হয়েছেন ১০ জন এবং ইউক্রেনে ছয়জন।
দুই দেশের কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন। খবর আনাদোলুর
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, রাতভর ইউক্রেনের ১ হাজার ২৪৬টি ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। অন্যদিকে, ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়া ১৬২টি হামলাকারী ড্রোন ছুড়েছে। এর মধ্যে ১৪১টি ড্রোন ভূপাতিত বা নিষ্ক্রিয় করা হয়েছে।
আরও পড়ুন: কুনার প্রদেশে স্কুলের পাশে বিস্ফোরণে ৬ শিক্ষার্থী নিহত
তবে চলমান যুদ্ধের কারণে দুই পক্ষের এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা কঠিন।
রাশিয়ার ব্রিয়ানস্ক অঞ্চলে একটি কোম্পানির কর্মীদের বহনকারী বাসে ইউক্রেনের ড্রোন আঘাত হানে। এতে নয়জন আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর ইয়েগর কোভালচুক।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি জানান, একই অঞ্চলের একটি শিল্পকারখানায়ও আরেকটি ড্রোন আঘাত হানে। এতে আহত হয়েছেন আরও একজন।
অন্যদিকে, ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের চারটি জেলায় ২০টির বেশি ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে এক শিশুসহ পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সান্দর গানজা।
আরও পড়ুন: ইয়েমেন উপকূলে পণ্যবাহী জাহাজ ছিনতাই, সশস্ত্র ব্যক্তিদের নিয়ন্ত্রণ
কিয়েভ অঞ্চলের বিলার তসেরকভা শহরেও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। আঞ্চলিক প্রশাসন জানিয়েছে, হামলায় ভাঙা কাচের আঘাতে এক নারী আহত হয়েছেন।
এ ছাড়া একটি গ্যারেজ কমপ্লেক্সে আগুন ধরে যায়। এতে ছয়টি গ্যারেজ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি দুটি বহুতল আবাসিক ভবনের জানালার কাচ ভেঙে গেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী ইউক্রেনের জ্বালানি, পরিবহণ অবকাঠামো এবং দেশটির সামরিক বাহিনীর ব্যবহৃত বিভিন্ন নৌযানে হামলা চালিয়েছে।
মন্ত্রণালয়ের দাবি, হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল বিলার তসেরকভা শহরের একটি বিদ্যুৎ উপকেন্দ্র, ওদেসা অঞ্চলের কিলিয়া শহরের একটি জ্বালানি ট্যাংক এবং দিনিপ্রোপেত্রোভস্ক, ঝিতোমির ও খারকিভ অঞ্চলের চারটি রেল ইঞ্জিন।
আরও পড়ুন: ইয়েমেনে পাল্টাপাল্টি হামলা, সৌদি আরবে নিরাপত্তা সতর্কতা জারি
এ ছাড়া ওদেসার দক্ষিণে কৃষ্ণসাগরে সামরিক সরঞ্জাম বহনকারী একটি পণ্যবাহী জাহাজেও হামলা চালানোর দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন