প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মেহেরপুরের গাংনীতে দুর্বৃত্তরা পাশাপাশি দুটি বাড়িতে ককটেল নিক্ষেপ করেছে। ককটেলগুলো বিষ্ফোরিত হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার সাহারবাটী ইউনিয়নের জোড়পুকুরিয়া গ্রামে এই ঘটনার অবতারণা হয়।
ঘটনার খবর পেয়ে গাংনী থানার পুলিশ একটি দল ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরিত ককটেলের আলামত উদ্ধার করে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে জোড়পুকুরিয়া গ্রামের মৃত মোক্তার আলীর ছেলে মঈনাল হকের বাড়ির গেটে একটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। একই সময়ে প্রতিবেশী সাজ্জাদ হোসেনের বাড়ির গেটে আরেকটি ককটেল নিক্ষেপ করা হয়।
মঈনাল হকের ছেলে ইউসুফ আলী অভিযোগ করেন, ‘কিছুদিন আগে রাতের আঁধারে প্রতিবেশী আব্দুল্লাহর বাড়িতে কে বা কারা ইট নিক্ষেপ করে। এ সময় ওই পরিবারের লোকজনের চিৎকারে আমি ও সাজ্জাদ আলীর ছেলে শুভ এগিয়ে যাই। ততোক্ষণে ইট নিক্ষেপকারীরা পালিয়ে যায়। আব্দুল্লাহর পরিবারের সদস্যরা আমাদের দুজনকে সামনে পেয়ে সন্দেহ করে।’
তিনি আরও বলেন, ‘শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ নিয়ে সালিশ ডাকেন আব্দুল্লাহ। সালিশ চলাকালে জনসম্মুখে আমাকে ও প্রতিবেশী মিঠুন ও সুমীকে হুমকি দেন দুলাল হোসেনের স্ত্রী রোজিনা খাতুন। সালিশের আনুমানিক ৫ ঘণ্টার পরই ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। হুমকির সঙ্গে ককটেল নিক্ষেপের ঘটনার যোগসূত্র থাকতে পারে। তাই আমরা এ ঘটনায় গাংনী থানায় অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছি।’
সালিশের আনুমানিক ৫ ঘণ্টা পর ইউসুফের বাবা মঈনাল হক ও প্রতিবেশী সাজ্জাদের বাড়ির গেটে দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এই ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
রোজিনা খাতুনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে বাড়িতে পাওয়া যায়নি।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন