ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রাতে অপরিষ্কার থালাবাসন রেখে ঘুমালে বরকত কমে যায়?


রাতে অপরিষ্কার থালাবাসন রেখে ঘুমালে বরকত কমে যায়?

দিনের ব্যস্ততার পর রাতে ক্লান্ত হয়ে অনেকেই হাঁড়ি-পাতিল অপরিষ্কার অবস্থায় রেখে ঘুমিয়ে পড়েন। তবে সমাজে প্রচলিত একটি ধারণা রয়েছে যে, রাতে খাবারের পাত্র অপরিষ্কার রেখে ঘুমালে ঘরের বরকত কমে যায়, রিজিকের সংকট দেখা দেয় এবং ঘরে অশুভ কিছু প্রভাব ফেলে। কিছু মানুষ এই কথাগুলো ধর্মীয় বিশ্বাস হিসেবেও মেনে চলেন।

ফুকাহায়ে কেরাম এই বিষয়ে মন্তব্য করেছেন, রাতে অপরিষ্কার থালাবাসন রেখে দিলে ঘরের বরকত কমে যায়—এমন কোনো নির্দিষ্ট সহিহ হাদিস পাওয়া যায় না। কিন্তু ইসলামে খাবারের পাত্র ঢেকে রাখা এবং ঘরবাড়ি পরিচ্ছন্ন রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।

রসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা পাত্রগুলো ঢেকে রাখো, পানির পাত্রের মুখ বেঁধে রাখো। কেননা বছরে এমন একটি রাত রয়েছে, যাতে মহামারি অবতীর্ণ হয়। যে পাত্র খোলা থাকে, তাতে তা প্রবেশ করতে পারে।’ (মুসলিম, হাদিস: ২০১৪)

আরও পড়ুন: পবিত্র ওমরাহ পালনে সময় লাগছে মাত্র ১২৪ মিনিট

এই হাদিস থেকে বোঝা যায় যে, খাবার ও পানীয় সংরক্ষণে সতর্ক থাকা সুন্নতসম্মত। তাই রাতে খাবারের উচ্ছিষ্ট পরিষ্কার করে রাখা, পাত্র ঢেকে রাখা এবং রান্নাঘর পরিচ্ছন্ন রাখা উচিত। এতে পোকামাকড়, জীবাণু ও দুর্গন্ধের ঝুঁকি কমে যায়।

তবে যদি কেউ কোনো কারণে রাতে থালাবাসন পরিষ্কার করতে না পারেন, তাহলে তার ঘরের বরকত কমে যাবে—এমন বিশ্বাস করা সঠিক নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে এসেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০২:১১ পি.এম


২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে এসেছে

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সম্প্রতি সম্পন্ন হয়েছে। তবে ইতিমধ্যেই ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আলোচনা ও প্রস্তুতি শুরু হয়ে গেছে। সম্ভাব্য প্রার্থীরা নিজেদের অবস্থান তৈরি করতে ব্যস্ত রয়েছেন। নির্বাচনী প্রচারের জন্য গুরুত্বপূর্ণ সহযোগীদের নিয়োগ দিচ্ছেন। রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে—কারা শেষ পর্যন্ত প্রার্থী হবেন এবং দলগুলোর নেতৃত্বে কারা আসবেন।

ছুটির মৌসুমের শুরুতে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এ নিয়ে তৎপরতা বৃদ্ধি পেয়েছে। উচ্চাভিলাষী রাজনীতিকদের জন্য এই সময়টি দীর্ঘদিন ধরেই প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি নেওয়ার সুযোগ হিসেবে বিবেচিত হয়ে আসছে। দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রাথমিক নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। ডেমোক্র্যাটরা নতুন নেতৃত্ব খুঁজছে, অন্যদিকে রিপাবলিকানরা ভাবছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর দলের নেতৃত্ব কে দেবেন।

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে বর্তমানে পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে।

জেডি ভ্যান্স ও মার্কো রুবিও কী করবেন?

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও—দুজনকেই ট্রাম্পের রাজনৈতিক আন্দোলনের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে। তবে রিপাবলিকান রাজনীতির ভবিষ্যৎ নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি আলাদা।

ট্রাম্প দীর্ঘদিন ধরে তার ঘনিষ্ঠ সহযোগীদের কাছে জানতে চান, প্রেসিডেন্ট পদে কে বেশি ভালো প্রার্থী হবে—ওহাইওর সাবেক সিনেটর ভ্যান্স, নাকি ফ্লোরিডার সাবেক সিনেটর রুবিও। ভ্যান্সের রাজনীতিতে জনতুষ্টিবাদী অবস্থান রয়েছে। অন্যদিকে রুবিও পররাষ্ট্রনীতিতে কঠোর অবস্থানের জন্য পরিচিত। ট্রাম্পের দ্বিতীয় প্রশাসনে তিনি একাধিক গুরুত্বপূর্ণ পদও পেয়েছেন।

তবে তাদের কেউই যে নির্বাচনে প্রার্থী হবেন, তা এখনো নিশ্চিত নয়। তাদের একজন বা দুজনই প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালে অন্য রিপাবলিকান নেতাদের প্রার্থী হওয়ার সুযোগ তৈরি হতে পারে।

মধ্যবর্তী নির্বাচনের পর ভ্যান্স একটি ঝুঁকিপূর্ণ অবস্থান নিয়েছেন। তিনি প্রকাশ্যে বলেছেন, ইরানে ট্রাম্পের যুদ্ধের কারণেই নির্বাচনে রিপাবলিকানরা বড় ধরনের পরাজয়ের মুখে পড়েছেন। তার এই সমালোচনায় ট্রাম্প অসন্তুষ্ট হয়েছেন। এতে রিপাবলিকান রাজনীতিতে রুবিওর অবস্থান শক্তিশালী হয়েছে বলে মনে করছেন কেউ কেউ। কারণ, রুবিও ইরানের বিরুদ্ধে যুদ্ধকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য প্রয়োজনীয় বলে বর্ণনা করেছেন।

তবে ভ্যান্সের এই অবস্থান তার জন্য অন্য সুযোগও তৈরি করতে পারে। ট্রাম্পের অজনপ্রিয় কিছু পররাষ্ট্রনীতির বিরোধিতা করতে পারেন—এমন রিপাবলিকান নেতা হিসেবে তিনি ২০২৮ সালের নির্বাচনে নিজেকে তুলে ধরতে পারবেন।

ভ্যান্স বলেছেন, আগামী বছর তিনি নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। অন্যদিকে ২০১৬ সালেও প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করা রুবিও বলেছেন, ভ্যান্স একজন শক্তিশালী প্রার্থী হতে পারেন। তবে ২০২৮ সালের নির্বাচন নিয়ে প্রশ্ন এড়িয়ে চলছেন তিনি।

চলতি মাসে নিউ ইয়র্ক টাইমসকে রুবিও বলেন, ‘আমি সত্যিই আর ২০২৮ সাল নিয়ে কথা বলব না। একেবারেই বলব না।’

কমলা হ্যারিস ও আলেক্সান্দ্রিয়া ওকাসিও-করতেজ কি প্রার্থী হবেন?

যুক্তরাষ্ট্রের দুই উপকূলের দুই সম্ভাব্য ডেমোক্র্যাট প্রার্থীর সিদ্ধান্ত দলটির প্রাথমিক নির্বাচনের গতিপথ বদলে দিতে পারে।

পশ্চিম উপকূলের সম্ভাব্য প্রার্থী সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। গত বছরের শেষ দিকে নিজের স্মৃতিকথা প্রকাশ করেন তিনি। চলতি বছরের বসন্তে প্রেসিডেন্ট নির্বাচনে আবারও প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে তিনি বলেছিলেন, ‘হতে পারে।’

এ বিষয়ে সর্বশেষ মন্তব্যে চলতি মাসে সুইজারল্যান্ডের সংবাদপত্র টাগেস-আনজাইগারকে দেওয়া এক সাক্ষাৎকারে হ্যারিস বলেছেন, তার সিদ্ধান্তের ক্ষেত্রে পরিবারের বিষয়টিই প্রধান বিবেচ্য হবে।

হ্যারিস নির্বাচনে অংশ নিলে আফ্রিকান-আমেরিকান ভোটারদের ওপর নির্ভরশীল অন্য ডেমোক্র্যাট প্রার্থীদের নির্বাচনি প্রচার নিরুৎসাহিত হতে পারে। তবে কৃষ্ণাঙ্গ ভোটারদের মধ্যে শেষ পর্যন্ত কোন সম্ভাব্য প্রার্থী এগিয়ে থাকবেন, তা এখনই বলা কঠিন।

সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজমও রয়েছেন। হ্যারিস প্রার্থী হলে তিনি নির্বাচনে অংশ নেবেন না বলে আগে জানিয়েছিলেন। তবে সম্প্রতি তিনি বলেছেন, আগামী জানুয়ারিতে নিজের প্রার্থিতার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

পূর্ব উপকূলে রয়েছেন নিউইয়র্কের কংগ্রেস সদস্য আলেক্সান্দ্রিয়া ওকাসিও-করতেজ। যুক্তরাষ্ট্রের প্রগতিশীল রাজনীতির অন্যতম পরিচিত মুখ তিনি। তবে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার আগে রাজনীতিকেরা সাধারণত যেসব প্রস্তুতি নেন, সেগুলোর কয়েকটি থেকে দূরে রয়েছেন তিনি। এখন পর্যন্ত তার কোনো বই প্রকাশের পরিকল্পনাও নেই।

তবে ডেমোক্র্যাটদের বামপন্থি অংশে নেতৃত্বের জায়গাটি অনেকটাই ফাঁকা। ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্সের রাজনৈতিক উত্তরাধিকার ধরে রাখার জন্য বামপন্থি ডেমোক্র্যাটরা ৩৭ বছর বয়সি ওকাসিও-করতেজকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন। ৮৫ বছর বয়সি স্যান্ডার্স আবারও প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন না বলেই প্রায় নিশ্চিত।

গত সেপ্টেম্বরে নিউ ইয়র্ক টাইমসকে ওকাসিও-করতেজ বলেছিলেন, তার সামনে রাজনৈতিকভাবে ‘খুবই অনন্য একটি সুযোগ’ তৈরি হতে পারে। এমন সুযোগ তিনি জীবনে ‘একবারই পেতে পারেন’ বলেও মন্তব্য করেন।

তবে প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি ২০২৮ সালে নিউ ইয়র্কের সিনেটর চাক শুমারের আসনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টিও বিবেচনা করছেন তিনি। সিনেটে দলের নেতৃত্বের পদ ধরে রাখতে লড়াই করছেন ৭৬ বছর বয়সি শুমার। ২০২৮ সালে তিনি আবারও নির্বাচনে অংশ নেবেন কি না, তা স্পষ্ট নয়।

ওকাসিও-করতেজ প্রেসিডেন্ট নির্বাচনে অংশ না নিলে প্রগতিশীল ডেমোক্র্যাটদের মধ্যে নতুন নেতৃত্ব খোঁজার প্রতিযোগিতা শুরু হতে পারে।

এ ছাড়া জর্জিয়ার দুই সিনেটর জন অসফ ও রাফায়েল ওয়ার্নকের ভূমিকাও গুরুত্বপূর্ণ হতে পারে। দুজনকেই সম্ভাবনাময় প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে দলের অন্য সম্ভাব্য প্রার্থীদের মতো তারা এখনো নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ স্পষ্ট করেননি।

রিপাবলিকান প্রাথমিক নির্বাচনে ট্রাম্পের ভূমিকা কী হবে?

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করা মার্কিন প্রেসিডেন্টরা কখনো কখনো নিজেদের দলের পরবর্তী প্রেসিডেন্ট প্রার্থী বাছাইয়ের প্রতিযোগিতা থেকে দূরে থাকেন।

২০০৮ সালে তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এমনটাই করেছিলেন। অর্থনৈতিক মন্দা এবং মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের যুদ্ধের কারণে তখন তিনি ব্যাপক অজনপ্রিয় ছিলেন। ওই বছর রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনেও তিনি সরাসরি উপস্থিত হননি। উপসাগরীয় উপকূলের দিকে ধেয়ে আসা একটি ঘূর্ণিঝড়ের পরিস্থিতি পর্যবেক্ষণের প্রয়োজনের কথা জানিয়ে তিনি ভিডিও বার্তার মাধ্যমে সম্মেলনে বক্তব্য দেন।

তবে রিপাবলিকান কৌশলবিদদের ধারণা, ট্রাম্পের পক্ষে একই পথ অনুসরণ করার সম্ভাবনা কম। প্রচারের কেন্দ্রবিন্দুতে থাকার আগ্রহ তার দীর্ঘদিনের। এরই মধ্যে ভ্যান্স ও রুবিওকে পরস্পরের প্রতিদ্বন্দ্বী হিসেবে তুলে ধরার চেষ্টাও করেছেন তিনি।

ট্রাম্প যদি প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চান, তাহলে তা রিপাবলিকান প্রার্থীদের জন্য কঠিন পরিস্থিতি তৈরি করতে পারে। বিশেষ করে তার জনপ্রিয়তা কম থাকলে সমস্যা আরো বাড়বে। ট্রাম্পের অজনপ্রিয় নীতিগুলো থেকে নিজেদের দূরে সরিয়ে রাখার চেষ্টা করলে দলটির দীর্ঘদিনের নেতার প্রকাশ্য সমালোচনার মুখে পড়তে পারেন সম্ভাব্য প্রার্থীরা।

গত সপ্তাহে ট্রাম্প, রুবিও ও ভ্যান্সের অংশগ্রহণে হোয়াইট হাউসে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এমন পরিস্থিতির আভাস পাওয়া গেছে। সংবাদ সম্মেলনটি অনেকের কাছে ট্রাম্পের সম্ভাব্য দুই উত্তরসূরির মধ্যে একধরনের প্রতিযোগিতার মঞ্চ বলে মনে হয়েছে।

সংবাদ সম্মেলনের শেষ দিকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলার ট্রাম্পের ভূয়সী প্রশংসা করেন। তখন হাসতে হাসতে ট্রাম্প বলেন, ভ্যান্স বা রুবিওর পরিবর্তে মিলারই হয়তো প্রেসিডেন্ট পদের জন্য ভালো প্রার্থী হতে পারেন।

ভোটাররা কি সমঝোতাপন্থি, নাকি সংঘাতপ্রবণ নেতাদের বেছে নেবেন?

মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রাথমিক বাছাইপর্বে আক্রমণাত্মক রাজনীতিকদের প্রতি ভোটারদের আগ্রহ দেখা গেছে।

মিশিগানে মধ্যপন্থি প্রার্থীকে হারিয়ে সিনেট নির্বাচনে দলের মনোনয়ন পান প্রগতিশীল নেতা আবদুল আল-সাইয়েদ। মেইন অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে দলের প্রার্থী হন জনতুষ্টিবাদী নেতা গ্রাহাম প্ল্যাটনার। তবে ধর্ষণের অভিযোগ ওঠার পর তার নির্বাচনি প্রচার ভেঙে পড়ে। তিনি অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। এ ছাড়া প্রতিনিধি পরিষদের কয়েকটি প্রাথমিক নির্বাচনেও প্রকাশ্যে সোচ্চার গণতান্ত্রিক সমাজতন্ত্রী নেতারা জয়ী হন।

কিন্তু ৩ নভেম্বরের সাধারণ নির্বাচনে ভিন্ন চিত্র দেখা যায়। আল-সাইয়েদসহ বামপন্থি নেতারা জয় পেলেও ডেমোক্র্যাটদের জন্য সবচেয়ে অপ্রত্যাশিত কিছু সাফল্য এনে দেন মধ্যপন্থি ও ঐক্যের পক্ষে থাকা প্রার্থীরা।

পাদরি ও মধ্যপন্থি নেতা অ্যাডাম হ্যামিল্টন প্রায় এক শতাব্দীর মধ্যে প্রথম ডেমোক্র্যাট হিসেবে কানসাস থেকে সিনেট সদস্য নির্বাচিত হন। অন্যদিকে উত্তর ক্যারোলাইনার সাবেক গভর্নর রয় কুপার নিজের অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে প্রায় ২০ শতাংশ ব্যবধানে জয়ী হন। তিনি মধ্যপন্থি এবং প্রচারের ক্ষেত্রে তুলনামূলকভাবে কম সরব নেতা হিসেবে পরিচিত।

২০২৮ সালের নির্বাচন যত এগিয়ে আসবে, ডেমোক্র্যাট ভোটারদের মনোভাব কোন দিকে যায়, তা এখনো স্পষ্ট নয়। তারা কি নিউজম ও ওকাসিও-করতেজের মতো বেশি আক্রমণাত্মক নেতাদের বেছে নেবেন? নাকি ঐক্যের পক্ষে থাকা কেনটাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার এবং সাবেক পরিবহনমন্ত্রী পিট বুটিজেজের মতো নেতাদের প্রতি আগ্রহ দেখাবেন?

রিপাবলিকান ভোটারদের সামনেও একই ধরনের সিদ্ধান্তের প্রশ্ন রয়েছে। এক দশকের বেশি সময় ধরে তারা ট্রাম্পের বিভাজনমূলক নেতৃত্বের প্রতি সমর্থন জানিয়ে আসছেন। তবে ২০২৮ সালে তাঁরা ট্রাম্পের মতো কাউকে বেছে নেবেন, নাকি দলের জন্য ভিন্ন পথ খুঁজবেন, সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

কৃত্রিম বুদ্ধিমত্তা কতটা প্রভাব ফেলবে নির্বাচনে?

মধ্যবর্তী নির্বাচনে অর্থনীতি ও নিত্যপণ্যের উচ্চমূল্য সবচেয়ে বড় ইস্যু ছিল—এ বিষয়ে দুই দলই একমত। তবে রাজনৈতিক কৌশলবিদদের ধারণা, ২০২৮ সালের নির্বাচনে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সেটি হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই।

প্রযুক্তিটি ব্যাপকভাবে ব্যবহৃত হলেও এর প্রতি মানুষের অসন্তোষ রয়েছে। একই সঙ্গে এটি বাজার, কর্মসংস্থান ও অবকাঠামোয় ক্রমবর্ধমান প্রভাব ফেলছে। ফলে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে এআই নিয়ে দুই দলের অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

গত সেপ্টেম্বরে মধ্যবর্তী নির্বাচনের আলোচনায় এআই বড় ইস্যু হয়ে ওঠে। ওই সময় গবেষকেরা সতর্ক করে বলেন, এই প্রযুক্তি মানবসভ্যতার অস্তিত্বের জন্য হুমকি হয়ে উঠতে পারে। এআই পরিচালনায় ব্যবহৃত ডেটা সেন্টারগুলোও কয়েকটি নির্বাচনি এলাকায় গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে ওঠে। এসব কেন্দ্রের কারণে বিদ্যুতের দাম বাড়ছে।

তবে এআই নিয়ে কী ধরনের নীতি গ্রহণ করা উচিত, সে বিষয়ে এখনো কোনো দলই একক অবস্থানে পৌঁছাতে পারেনি।

ট্রাম্প এ প্রযুক্তির ক্ষেত্রে সরকারের হস্তক্ষেপ কম রাখার পক্ষে। এ নিয়ে তার সঙ্গে রিপাবলিকান দলের কয়েকজন নেতার মতবিরোধ রয়েছে। ২০২৮ সালের সম্ভাব্য রিপাবলিকান প্রার্থীদের মধ্যে ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস এবং মিসৌরির সিনেটর জশ হাওলি এআই শিল্পের কঠোর সমালোচক হিসেবে পরিচিত।

গত কয়েক দিনে রিপাবলিকানদের মধ্যে এ নিয়ে সম্ভাব্য বিরোধের আভাস পাওয়া গেছে। এআই খাতের বড় প্রতিষ্ঠান এনভিডিয়া তাদের বিতর্কিত প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে আবারও দায়িত্বে বহাল করে। ট্রাম্প ও ভ্যান্সের আহ্বানে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এর বিরুদ্ধে কয়েকজন রিপাবলিকান তীব্র প্রতিক্রিয়া জানান। এ সময় বিশ্ব পুঁজিবাজারেও ব্যাপক ওঠানামা দেখা যায়।

ডেমোক্র্যাটদের মধ্যেও এআই নিয়ে মতভেদ রয়েছে। ওকাসিও-করতেজের মতো কয়েকজন নেতা এ প্রযুক্তির উন্নয়ন পুরোপুরি স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন। তবে অনেক ডেমোক্র্যাটই এমন কঠোর পদক্ষেপের বিরোধী। আবার সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থীদের কেউ কেউ এআই নিয়ে নিজেদের নীতিগত অবস্থান স্পষ্ট করতেও আগ্রহী নন।

বিভিন্ন কারণে ২০২৮ সালের নির্বাচনে এআই একটি অনিশ্চিত বিষয় হয়ে উঠতে পারে। এটি কি শেয়ারবাজারে ধস নামানোর মতো একটি বুদ্‌বুদ? জাতীয় নিরাপত্তার জন্য কি এটি বড় হুমকি? এর কারণে কি ব্যাপক কর্মসংস্থান কমে যাবে? নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া এআই এজেন্টগুলো কি আগামী দুই বছরে এমন কোনো পরিস্থিতি তৈরি করবে, যা যুক্তরাষ্ট্রের রাজনৈতিক চিত্র বদলে দেবে?

এসব প্রশ্নের উত্তর ডেমোক্র্যাট, রিপাবলিকান কিংবা প্রযুক্তি খাতের উদ্যোক্তা—কারো কাছেই এখন স্পষ্ট নয়। জরিপেও দেখা যাচ্ছে, এসব চ্যালেঞ্জ মোকাবিলায় কোন দল বেশি সক্ষম, তা নিয়ে মার্কিন জনগণ বিভক্ত।

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে তাই প্রার্থী বাছাই, ট্রাম্পের প্রভাব, ভোটারদের রাজনৈতিক পছন্দ এবং এআই নিয়ে দুই দলের অবস্থান—সবকিছুই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিংগাইরে বিএনপি নেতার ওপর হামলার পর ছাত্রলীগ নেতার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০২:১১ পি.এম


সিংগাইরে বিএনপি নেতার ওপর হামলার পর ছাত্রলীগ নেতার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

সিংগাইরের মানিকগঞ্জে বিএনপি নেতার ওপর হামলার পর ছাত্রলীগ নেতার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টার সময় উপজেলার সায়েস্তা ইউনিয়নের কানাইনগর (নীলটেক) এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার কারণে সায়েস্তা ইউনিয়নের কানাইনগর গ্রামের ছাত্রলীগ নেতা শহিদুল একই গ্রামের বাসিন্দা এবং উপজেলা বিএনপির সাবেক ক্ষুদ্র ও কুটির শিল্পবিষয়ক সম্পাদক গাজী ইউনুস আলীর ওপর হামলা করেন। হামলার ফলে ইউনুস আলী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনার পর বিকেল ৪টার দিকে ক্ষুব্ধ বিএনপি নেতা গাজী ইউনুস আলীর সমর্থকেরা ছাত্রলীগ নেতা শহিদুলের বাড়িতে হামলা চালান, ভাঙচুর করেন এবং অগ্নিসংযোগ করেন। এই ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য ভিক্টোরিয়ায় রক্ষণশীলদের নির্বাচনে জয়ের আশা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০২:১২ পি.এম


অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য ভিক্টোরিয়ায় রক্ষণশীলদের নির্বাচনে জয়ের আশা

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্নের অবস্থান ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে। শনিবার অঙ্গরাজ্যটির নির্বাচনে ভোটগ্রহণ শুরু হওয়ার পর দেশটির রক্ষণশীল রাজনৈতিক জোট ক্ষমতাসীন লেবার পার্টিকে বড় ব্যবধানে পরাজিত করার প্রত্যাশা করছে।

লেবার পার্টির পরাজয় হলে এটি দেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের জন্য একটি বড় রাজনৈতিক ধাক্কা হতে পারে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

‘দ্য গার্ডেন স্টেট’ নামে পরিচিত ভিক্টোরিয়া রাজ্যটি গত ১২ বছর ধরে মধ্য-বামপন্থী লেবার পার্টির শাসনাধীন রয়েছে।

তবে চলতি সপ্তাহে প্রকাশিত জনমত জরিপগুলো নির্দেশ করছে, এবার লেবার পার্টি ক্ষমতা হারাতে পারে। লিবারেল পার্টির নেতা জেস উইলসন দলটিকে পরাজিত করে ক্ষমতায় আসার সম্ভাবনা রাখছেন। ৩৬ বছর বয়সী এই রাজনীতিক প্রথমবারের মতো আইনপ্রণেতা নির্বাচিত হয়েছেন। তিনি ঋণগ্রস্ত অঙ্গরাজ্যটির আর্থিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন।

বৃহস্পতিবার প্রকাশিত নিউজপোলের জরিপে লিবারেল-ন্যাশনাল রক্ষণশীল জোটের বড় ব্যবধানে জয়ের আভাস দেওয়া হয়েছে।

বর্তমান লেবার সরকারের নেতা বেন ক্যারলকে পরাজিত করতে পারলে জেস উইলসন ভিক্টোরিয়ার ইতিহাসে প্রথম নারী লিবারেল দলীয় মুখ্যমন্ত্রী হবেন। দেশটির ব্যবসাবিষয়ক দৈনিক ‘ফিন্যান্সিয়াল রিভিউ’ ভিক্টোরিয়ার মুখ্যমন্ত্রীর দায়িত্বকে ‘অস্ট্রেলিয়ার সবচেয়ে কঠিন কাজ’ হিসেবে বর্ণনা করেছে।

অঙ্গরাজ্যটির দেশের মধ্যে সর্বোচ্চ ঋণের বোঝা কমাতে ২০ বিলিয়ন অস্ট্রেলীয় ডলারের (১৩ বিলিয়ন মার্কিন ডলার) বিভিন্ন পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন উইলসন। এসব পরিকল্পনার মধ্যে পয়োনিষ্কাশন ব্যবস্থা বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার একটি বিতর্কিত প্রস্তাবও রয়েছে।

তবে জয়ের বিষয়ে নিশ্চিত নন বলে জানিয়েছেন তিনি।

চ্যানেল সেভেনকে উইলসন বলেন, ‘আমি জানি, অনেক জনমত জরিপ হচ্ছে, অনেক শিরোনাম প্রকাশিত হচ্ছে। কিন্তু এই নির্বাচন মানুষ যতটা ভাবছে, তার চেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’

অস্ট্রেলিয়ার রাজনীতিতে গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত ভিক্টোরিয়ায় লেবার পার্টি হেরে গেলে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের ওপর রাজনৈতিক চাপ আরও বাড়তে পারে। তিনি বর্তমানে তার দ্বিতীয় মেয়াদের মাঝামাঝি সময়ে রয়েছেন।

জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় ব্যাপক অসন্তোষের মধ্যে আলবানিজের জনপ্রিয়তা রেকর্ড পরিমাণ কমেছে।

এদিকে চলতি মাসে দেশটির কেন্দ্রীয় ব্যাংক আবারও সুদের হার বাড়িয়ে গত ১৮ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে। মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী যুদ্ধ এবং অব্যাহত মূল্যস্ফীতির চাপকে এর কারণ হিসেবে উল্লেখ করেছে ব্যাংকটি।

- লেবার পার্টির বিদায় নিশ্চিত -

শনিবার স্থানীয় সময় সকাল ৮টায় ভোটকেন্দ্রগুলো খুলে দেওয়া হয়। সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ শেষ হওয়ার কথা। তবে আগাম ভোটের মাধ্যমে ইতোমধ্যে লাখ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

জনমত জরিপে আরও ইঙ্গিত পাওয়া গেছে, অভিবাসনবিরোধী রাজনৈতিক দল ওয়ান নেশন এবার প্রথমবারের মতো ভিক্টোরিয়ার পার্লামেন্টে আসন পেতে পারে।

জাতীয় পর্যায়ে কট্টর ডানপন্থী রাজনীতিক পলিন হ্যানসনের নেতৃত্বাধীন ওয়ান নেশন দলটি দীর্ঘদিন ধরে প্রান্তিক রাজনৈতিক শক্তি হিসেবে পরিচিত ছিল। তবে প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার প্রতি মানুষের ব্যাপক অসন্তোষকে পুঁজি করে দলটি এখন অস্ট্রেলিয়ার অন্যতম জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছে।

হ্যানসন ইঙ্গিত দিয়েছেন, ভিক্টোরিয়ার পরবর্তী সরকার গঠনে তার দল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এমনকি লেবার পার্টির সম্ভাব্য পরাজয়ের কৃতিত্বও আগেভাগে দাবি করেছেন তিনি।

শনিবার ভিক্টোরিয়ায় ওয়ান নেশনের নেতা ওয়ারেন পিকারিংয়ের সঙ্গে গণমাধ্যমের মুখোমুখি হয়ে হ্যানসন বলেন, ‘আমরা জানি, অঙ্গরাজ্যে লেবার পার্টির বিদায় নিশ্চিত। তাদের রাজনৈতিক অধ্যায় শেষ।’

তিনি আরও বলেন, ‘তারা আর সরকারে থাকবে না। আর এটি নিশ্চিত করতে ওয়ান নেশন বড় ভূমিকা রেখেছে।’

হ্যানসনের দাবি, ‘লিবারেল পার্টি একা এই নির্বাচনে জিততে পারত না। কোনোভাবেই না।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পবিত্র ওমরাহ পালনে সময় লাগছে মাত্র ১২৪ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০২:১৩ পি.এম


পবিত্র ওমরাহ পালনে সময় লাগছে মাত্র ১২৪ মিনিট

পবিত্র মক্কা নগরীর মসজিদুল হারামে ওমরাহ পালনের সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে গড়ে সময় লাগছে ১২৪ মিনিট, যা ২ ঘণ্টা ৪ মিনিটের সমান। এই সময়ের মধ্যে তাওয়াফ, সায়ি এবং এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতসহ ওমরাহর বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হচ্ছে। সম্প্রতি সৌদি আরবের মসজিদুল হারাম ও মসজিদে নববির জেনারেল অথরিটি প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ১৪৪৮ হিজরির জমাদিউল আউয়াল মাসে ওমরাহ পালনকারীদের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে গড়ে ১২৪ মিনিট সময় লাগছে। এর মধ্যে পবিত্র কাবা শরিফের তাওয়াফ করতে গড়ে ৫২ মিনিট এবং সাফা-মারওয়া পাহাড়ের মধ্যবর্তী স্থানে সায়ি সম্পন্ন করতে ৫০ মিনিট সময় ব্যয় হচ্ছে।

প্রতিবেদনটি উল্লেখ করে যে, মসজিদুল হারামের বাইরের চত্বর থেকে তাওয়াফের স্থান মাতাফে পৌঁছাতে গড়ে ১২ মিনিট এবং তাওয়াফ শেষে মাতাফ থেকে সায়ির স্থানে যেতে আরও ১০ মিনিট সময় প্রয়োজন হচ্ছে। অর্থাৎ, তাওয়াফ ও সায়ি সম্পন্ন করতে মোট ১০২ মিনিট ব্যয় হচ্ছে। বাকি ২২ মিনিট লাগছে যাতায়াতে।

ওমরাহ পালনকারীদের চলাচলের স্থান নির্বাচনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে প্রতিবেদনে। এতে দেখা যাচ্ছে, ৭৩ শতাংশ ওমরাহ পালনকারী কাবা শরিফের চারপাশের মূল তাওয়াফ প্রাঙ্গণ বা মাতাফে তাওয়াফ করেছেন। অন্যদিকে, সায়ি সম্পন্নকারীদের ৬০ শতাংশ দ্বিতীয় তলা ব্যবহার করেছেন।

সৌদি কর্তৃপক্ষের মতে, মসজিদুল হারামে বিভিন্ন প্রবেশপথ, চলাচলের পথ এবং একাধিক তলা ব্যবহারের সুযোগ থাকায় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতেও চলাচল স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে। পাশাপাশি, জনসমাগম নিয়ন্ত্রণ এবং সেবার মান উন্নয়নে মানবসম্পদ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এসব পরিসংখ্যান মূলত মসজিদুল হারামে ওমরাহ পালনকারীদের চলাচলের গতি, বিভিন্ন স্থানে অবস্থানের সময় এবং সেবাব্যবস্থার কার্যকারিতা মূল্যায়নে সহায়তা করছে। ক্রমবর্ধমান ওমরাহযাত্রীর চাপ সামাল দেওয়ার পাশাপাশি বয়স্ক, অসুস্থ ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্যও নিরাপদ ও নির্বিঘ্নে ইবাদতের পরিবেশ নিশ্চিত করা তাদের অন্যতম লক্ষ্য।

তবে ১২৪ মিনিটের এই হিসাব একটি মাসের গড় সময়। ভিড়, প্রবেশপথ, চলাচলের গতি এবং ব্যক্তির শারীরিক সক্ষমতার ওপর নির্ভর করে বাস্তবে ওমরাহ পালনে কারও কম বা বেশি সময় লাগতে পারে। সূত্র: সৌদি আরবের মসজিদুল হারাম ও মসজিদে নববির জেনারেল অথরিটি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%