ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য ভিক্টোরিয়ায় রক্ষণশীলদের নির্বাচনে জয়ের আশা


অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য ভিক্টোরিয়ায় রক্ষণশীলদের নির্বাচনে জয়ের আশা

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্নের অবস্থান ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে। শনিবার অঙ্গরাজ্যটির নির্বাচনে ভোটগ্রহণ শুরু হওয়ার পর দেশটির রক্ষণশীল রাজনৈতিক জোট ক্ষমতাসীন লেবার পার্টিকে বড় ব্যবধানে পরাজিত করার প্রত্যাশা করছে।

লেবার পার্টির পরাজয় হলে এটি দেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের জন্য একটি বড় রাজনৈতিক ধাক্কা হতে পারে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

আরও পড়ুন: সাবেক মন্ত্রী হাছান মাহমুদের চাচাতো ভাই সাজ্জাদ তালুকদার আটক

‘দ্য গার্ডেন স্টেট’ নামে পরিচিত ভিক্টোরিয়া রাজ্যটি গত ১২ বছর ধরে মধ্য-বামপন্থী লেবার পার্টির শাসনাধীন রয়েছে।

তবে চলতি সপ্তাহে প্রকাশিত জনমত জরিপগুলো নির্দেশ করছে, এবার লেবার পার্টি ক্ষমতা হারাতে পারে। লিবারেল পার্টির নেতা জেস উইলসন দলটিকে পরাজিত করে ক্ষমতায় আসার সম্ভাবনা রাখছেন। ৩৬ বছর বয়সী এই রাজনীতিক প্রথমবারের মতো আইনপ্রণেতা নির্বাচিত হয়েছেন। তিনি ঋণগ্রস্ত অঙ্গরাজ্যটির আর্থিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন।

বৃহস্পতিবার প্রকাশিত নিউজপোলের জরিপে লিবারেল-ন্যাশনাল রক্ষণশীল জোটের বড় ব্যবধানে জয়ের আভাস দেওয়া হয়েছে।

বর্তমান লেবার সরকারের নেতা বেন ক্যারলকে পরাজিত করতে পারলে জেস উইলসন ভিক্টোরিয়ার ইতিহাসে প্রথম নারী লিবারেল দলীয় মুখ্যমন্ত্রী হবেন। দেশটির ব্যবসাবিষয়ক দৈনিক ‘ফিন্যান্সিয়াল রিভিউ’ ভিক্টোরিয়ার মুখ্যমন্ত্রীর দায়িত্বকে ‘অস্ট্রেলিয়ার সবচেয়ে কঠিন কাজ’ হিসেবে বর্ণনা করেছে।

আরও পড়ুন: লুটের টাকায় নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্রের অভিযোগ তুললেন হুইপ দুলু

অঙ্গরাজ্যটির দেশের মধ্যে সর্বোচ্চ ঋণের বোঝা কমাতে ২০ বিলিয়ন অস্ট্রেলীয় ডলারের (১৩ বিলিয়ন মার্কিন ডলার) বিভিন্ন পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন উইলসন। এসব পরিকল্পনার মধ্যে পয়োনিষ্কাশন ব্যবস্থা বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার একটি বিতর্কিত প্রস্তাবও রয়েছে।

তবে জয়ের বিষয়ে নিশ্চিত নন বলে জানিয়েছেন তিনি।

চ্যানেল সেভেনকে উইলসন বলেন, ‘আমি জানি, অনেক জনমত জরিপ হচ্ছে, অনেক শিরোনাম প্রকাশিত হচ্ছে। কিন্তু এই নির্বাচন মানুষ যতটা ভাবছে, তার চেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’

অস্ট্রেলিয়ার রাজনীতিতে গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত ভিক্টোরিয়ায় লেবার পার্টি হেরে গেলে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের ওপর রাজনৈতিক চাপ আরও বাড়তে পারে। তিনি বর্তমানে তার দ্বিতীয় মেয়াদের মাঝামাঝি সময়ে রয়েছেন।

আরও পড়ুন: ফ্লোরিডায় থ্যাংকসগিভিংয়ের পার্টিতে গুলিতে নিহত ১, আহত ৬

জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় ব্যাপক অসন্তোষের মধ্যে আলবানিজের জনপ্রিয়তা রেকর্ড পরিমাণ কমেছে।

এদিকে চলতি মাসে দেশটির কেন্দ্রীয় ব্যাংক আবারও সুদের হার বাড়িয়ে গত ১৮ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে। মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী যুদ্ধ এবং অব্যাহত মূল্যস্ফীতির চাপকে এর কারণ হিসেবে উল্লেখ করেছে ব্যাংকটি।

- লেবার পার্টির বিদায় নিশ্চিত -

শনিবার স্থানীয় সময় সকাল ৮টায় ভোটকেন্দ্রগুলো খুলে দেওয়া হয়। সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ শেষ হওয়ার কথা। তবে আগাম ভোটের মাধ্যমে ইতোমধ্যে লাখ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

আরও পড়ুন: মোবাইল ফোনের বিকিরণ থেকে সুরক্ষা দেবে গোবর: ইন্দ্রেশ উপাধ্যায়ের পরামর্শ

জনমত জরিপে আরও ইঙ্গিত পাওয়া গেছে, অভিবাসনবিরোধী রাজনৈতিক দল ওয়ান নেশন এবার প্রথমবারের মতো ভিক্টোরিয়ার পার্লামেন্টে আসন পেতে পারে।

জাতীয় পর্যায়ে কট্টর ডানপন্থী রাজনীতিক পলিন হ্যানসনের নেতৃত্বাধীন ওয়ান নেশন দলটি দীর্ঘদিন ধরে প্রান্তিক রাজনৈতিক শক্তি হিসেবে পরিচিত ছিল। তবে প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার প্রতি মানুষের ব্যাপক অসন্তোষকে পুঁজি করে দলটি এখন অস্ট্রেলিয়ার অন্যতম জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছে।

হ্যানসন ইঙ্গিত দিয়েছেন, ভিক্টোরিয়ার পরবর্তী সরকার গঠনে তার দল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এমনকি লেবার পার্টির সম্ভাব্য পরাজয়ের কৃতিত্বও আগেভাগে দাবি করেছেন তিনি।

শনিবার ভিক্টোরিয়ায় ওয়ান নেশনের নেতা ওয়ারেন পিকারিংয়ের সঙ্গে গণমাধ্যমের মুখোমুখি হয়ে হ্যানসন বলেন, ‘আমরা জানি, অঙ্গরাজ্যে লেবার পার্টির বিদায় নিশ্চিত। তাদের রাজনৈতিক অধ্যায় শেষ।’

আরও পড়ুন: রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত

তিনি আরও বলেন, ‘তারা আর সরকারে থাকবে না। আর এটি নিশ্চিত করতে ওয়ান নেশন বড় ভূমিকা রেখেছে।’

হ্যানসনের দাবি, ‘লিবারেল পার্টি একা এই নির্বাচনে জিততে পারত না। কোনোভাবেই না।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পবিত্র ওমরাহ পালনে সময় লাগছে মাত্র ১২৪ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০২:১৩ পি.এম


পবিত্র ওমরাহ পালনে সময় লাগছে মাত্র ১২৪ মিনিট

পবিত্র মক্কা নগরীর মসজিদুল হারামে ওমরাহ পালনের সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে গড়ে সময় লাগছে ১২৪ মিনিট, যা ২ ঘণ্টা ৪ মিনিটের সমান। এই সময়ের মধ্যে তাওয়াফ, সায়ি এবং এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতসহ ওমরাহর বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হচ্ছে। সম্প্রতি সৌদি আরবের মসজিদুল হারাম ও মসজিদে নববির জেনারেল অথরিটি প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ১৪৪৮ হিজরির জমাদিউল আউয়াল মাসে ওমরাহ পালনকারীদের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে গড়ে ১২৪ মিনিট সময় লাগছে। এর মধ্যে পবিত্র কাবা শরিফের তাওয়াফ করতে গড়ে ৫২ মিনিট এবং সাফা-মারওয়া পাহাড়ের মধ্যবর্তী স্থানে সায়ি সম্পন্ন করতে ৫০ মিনিট সময় ব্যয় হচ্ছে।

প্রতিবেদনটি উল্লেখ করে যে, মসজিদুল হারামের বাইরের চত্বর থেকে তাওয়াফের স্থান মাতাফে পৌঁছাতে গড়ে ১২ মিনিট এবং তাওয়াফ শেষে মাতাফ থেকে সায়ির স্থানে যেতে আরও ১০ মিনিট সময় প্রয়োজন হচ্ছে। অর্থাৎ, তাওয়াফ ও সায়ি সম্পন্ন করতে মোট ১০২ মিনিট ব্যয় হচ্ছে। বাকি ২২ মিনিট লাগছে যাতায়াতে।

ওমরাহ পালনকারীদের চলাচলের স্থান নির্বাচনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে প্রতিবেদনে। এতে দেখা যাচ্ছে, ৭৩ শতাংশ ওমরাহ পালনকারী কাবা শরিফের চারপাশের মূল তাওয়াফ প্রাঙ্গণ বা মাতাফে তাওয়াফ করেছেন। অন্যদিকে, সায়ি সম্পন্নকারীদের ৬০ শতাংশ দ্বিতীয় তলা ব্যবহার করেছেন।

সৌদি কর্তৃপক্ষের মতে, মসজিদুল হারামে বিভিন্ন প্রবেশপথ, চলাচলের পথ এবং একাধিক তলা ব্যবহারের সুযোগ থাকায় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতেও চলাচল স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে। পাশাপাশি, জনসমাগম নিয়ন্ত্রণ এবং সেবার মান উন্নয়নে মানবসম্পদ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এসব পরিসংখ্যান মূলত মসজিদুল হারামে ওমরাহ পালনকারীদের চলাচলের গতি, বিভিন্ন স্থানে অবস্থানের সময় এবং সেবাব্যবস্থার কার্যকারিতা মূল্যায়নে সহায়তা করছে। ক্রমবর্ধমান ওমরাহযাত্রীর চাপ সামাল দেওয়ার পাশাপাশি বয়স্ক, অসুস্থ ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্যও নিরাপদ ও নির্বিঘ্নে ইবাদতের পরিবেশ নিশ্চিত করা তাদের অন্যতম লক্ষ্য।

তবে ১২৪ মিনিটের এই হিসাব একটি মাসের গড় সময়। ভিড়, প্রবেশপথ, চলাচলের গতি এবং ব্যক্তির শারীরিক সক্ষমতার ওপর নির্ভর করে বাস্তবে ওমরাহ পালনে কারও কম বা বেশি সময় লাগতে পারে। সূত্র: সৌদি আরবের মসজিদুল হারাম ও মসজিদে নববির জেনারেল অথরিটি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাটমোহর অনলাইন প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত জাহাঙ্গীর আলম, সম্পাদক বিশ্বজিৎ জোয়াদ্দার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০২:১৪ পি.এম


চাটমোহর অনলাইন প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত জাহাঙ্গীর আলম, সম্পাদক বিশ্বজিৎ জোয়াদ্দার

পাবনার চাটমোহর অনলাইন প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠন উপলক্ষে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভাটি গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলা রোডে সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

প্রথম অধিবেশনে সাধারণ সভায় সভাপতিত্ব করেন মো. জাহাঙ্গীর আলম। আলোচনা সভায় অংশগ্রহণ করেন সাংবাদিক বিশ্বজিৎ জোয়াদ্দার, শাহ আলম, জামাল হোসেন, সাব্বির আহমেদ, ময়নুল হক, শাকিল আহমেদ মারুফ, মোস্তাফিজুর রহমান, জাহিদুল ইসলাম ও নাছির উদ্দীন প্রমুখ। সভার সময় ক্লাবের পূর্ববর্তী সময়ের আয়-ব্যয়ের হিসাব, নিরপেক্ষ সাংবাদিকতা এবং সংগঠনকে আরও গতিশীল করে গড়ে তোলার উদ্দেশ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

দ্বিতীয় অধিবেশনে কণ্ঠভোটের মাধ্যমে দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলমকে সভাপতি হিসেবে এবং দৈনিক বাংলাদেশ সমাচারের প্রতিনিধি বিশ্বজিৎ জোয়াদ্দারকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

কমিটির অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন- সহসভাপতি মোস্তাফিজুর রহমান (দৈনিক বাংলার বার্তা), সহসাধারণ সম্পাদক জামাল হোসেন (দৈনিক জনজাগরণ), সাংগঠনিক সম্পাদক শাহ আলম (দৈনিক ভোরের পাতা), অর্থ সম্পাদক সাব্বির আহমেদ (দৈনিক ঢাকা ক্যানভাস), দপ্তর ও প্রচার সম্পাদক শাকিল আহমেদ মারুফ (দৈনিক ভোরের ডাক), তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক নাছির উদ্দীন (দৈনিক সরজমিন বার্তা) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ময়নুল হক (দৈনিক পাবনার সময়)। এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম (দৈনিক পাবনার আলো) ও আব্দুল মতিন (দৈনিক পাবনার বাণী)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্তানদের ভালোবাসার বার্তায় আবেগাপ্লুত ব্রিটিশ রাজবধূ ক্যাথরিন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০২:১৫ পি.এম


সন্তানদের ভালোবাসার বার্তায় আবেগাপ্লুত ব্রিটিশ রাজবধূ ক্যাথরিন

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ের অভিজ্ঞতা নিয়ে নির্মিত একটি নতুন প্রামাণ্যচিত্রে ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস ক্যাথরিনকে চোখের পানি মুছতে দেখা গেছে। সেখানে তার তিন সন্তানের ভালোবাসা ও সমর্থনের বার্তা শুনে তিনি আবেগ ধরে রাখতে পারেননি।

৪৪ বছর বয়সী ক্যাথরিন, যিনি ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়ামের স্ত্রী, ব্যক্তিগত জীবনের নানা অভিজ্ঞতা নিয়ে নির্মিত এই প্রামাণ্যচিত্রে যুক্তরাজ্যের অন্যতম পরিচিত শারীরিক সক্ষমতা যাচাইয়ের আয়োজিত ‘থ্রি পিকস চ্যালেঞ্জ’-এ অংশ নিতে দেখা যায়।

লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

তিনি গত জুনে এই চ্যালেঞ্জ সম্পন্ন করেন। এতে অংশগ্রহণকারীদের ২৪ ঘণ্টার মধ্যে স্কটল্যান্ড, ইংল্যান্ড ও ওয়েলসের সর্বোচ্চ তিনটি পর্বত আরোহণ করতে হয়।

ইংল্যান্ডের স্ক্যাফেল পাইক পর্বতের চূড়ায় ওঠার সময় এক আবেগঘন দৃশ্যে ক্যাথরিনের ভাই তার তিন সন্তান জর্জ, শার্লট ও লুইয়ের পাঠানো বার্তা শোনান।

এ সময় ক্যাথরিনকে বলতে শোনা যায়, ‘হাসপাতাল থেকে বেরিয়ে আসার কারণ ছিল আমার সন্তানেরা। এই চ্যালেঞ্জ শেষ করার প্রেরণাও তারাই জোগাবে।’

তার আট বছর বয়সী ছোট ছেলে প্রিন্স লুই বার্তায় বলে, ‘হ্যালো মা। আমি তোমাকে খুব ভালোবাসি। আশা করি, তুমি পাহাড়ে ওঠার সময় ভালো করবে।’

সে আরও বলে, ‘মনে রেখো, আমি সব সময় তোমার হৃদয়ে আছি। আর মনে রেখো, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। বিদায়।’

কেট নামেও পরিচিত ক্যাথরিন ২০২৪ সালের মার্চে জানান, তার শরীরে ক্যানসার শনাক্ত হয়েছে। তবে কী ধরনের ক্যানসার, তা প্রকাশ করেননি তিনি। এ সময় তিনি কেমোথেরাপি নিচ্ছিলেন।

একই সময়ে তার শ্বশুর ৭৮ বছর বয়সী রাজা তৃতীয় চার্লসের শরীরেও ক্যানসার শনাক্ত হয়।

প্রামাণ্যচিত্রে ক্যাথরিন বলেন, ‘ক্যানসার কিংবা দীর্ঘমেয়াদি যেকোনো অসুস্থতার সঙ্গে লড়াইয়ের পথটি খুব নিঃসঙ্গ। তবে জীবনের কঠিন সময়গুলো আমাদের একা পার করার কথা নয়, তা স্পষ্ট।’

‘হিল’-

ক্যাথরিনের ১৩ বছর বয়সী ছেলে প্রিন্স জর্জের একটি বার্তাও তাকে শোনান তার ভাই জেমস। থ্রি পিকস চ্যালেঞ্জের স্ক্যাফেল পাইক পর্বে ক্যাথরিনের সঙ্গে ছিলেন তিনি। জর্জ মাকে ‘মাম্মা’ বলে সম্বোধন করে।

জর্জ বলেন, ‘আমরা সবাই তোমাকে অনেক ভালোবাসি। তুমি খুব ভালো করবে।’

তিনি আরও জানান, একটি ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটের মাধ্যমে মায়ের অগ্রগতির খবর রাখছেন। এরপর সে বলেন, ‘তোমাকে সত্যিই খুব শক্তিশালী মনে হচ্ছে। এগিয়ে যাও। আমরা সবাই তোমার পাশে আছি।’

‘হিল’ শিরোনামের এই প্রামাণ্যচিত্রে ক্যাথরিন নিজের ক্যানসারের অভিজ্ঞতার পাশাপাশি একই রোগের সঙ্গে লড়াই করা অন্যদের অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন।

২০২৫ সালের জানুয়ারিতে তিনি জানান, তার ক্যানসার এখন প্রশমিত রয়েছে। প্রামাণ্যচিত্রে তার ১১ বছর বয়সী মেয়ে প্রিন্সেস শার্লটের একটি বার্তা সর্বশেষ শোনানো হয়।

শার্লট বলে, ‘হ্যালো মা। আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি যে হাঁটা ও চ্যালেঞ্জগুলো সম্পন্ন করছ, তাতে আমরা সবাই খুব গর্বিত। আমরা তোমার সাফল্য কামনা করি। আমি তোমার জন্য উচ্ছ্বাস প্রকাশ করব। শিগগিরই দেখা হবে।’

ততক্ষণে চোখের পানি ধরে রাখতে পারেননি ক্যাথরিন। তিনি বলেন, ‘কী মিষ্টি!’

এ সময় তার ভাই জানান, উইলিয়াম তাকে সন্তানদের বার্তাগুলো পাঠিয়েছিলেন এবং চূড়ায় পৌঁছানোর পর সেগুলো শোনানোর কথা বলেছিলেন।

ক্যানসার আক্রান্তদের সঙ্গে মতবিনিময়-

আগামী রোববার বিবিসিতে প্রচারিত হতে যাওয়া এই প্রামাণ্যচিত্রের অন্য অংশে ক্যাথরিন হাসপাতালে কাটানো সময়কে ‘খুব কঠিন’ বলে বর্ণনা করেন।

তিনি বলেন, ‘সময়টা সত্যিই খুব কঠিন ছিল। তবে আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করি। কারণ, এই অভিজ্ঞতা আমাকে জীবনের মূল্য আরও গভীরভাবে উপলব্ধি করতে শিখিয়েছে।’

প্রামাণ্যচিত্রে লন্ডনের একটি পানশালায় ক্যানসার আক্রান্ত রোগী ও রোগমুক্ত ব্যক্তিদের নিয়ে আয়োজিত সহায়তা দলের বৈঠকেও ক্যাথরিনকে অংশ নিতে দেখা যায়।

সেখানে তিনি বলেন, ‘নিজের অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করে নিতে পারা এবং আপনাদের গল্প শোনার সুযোগ পাওয়া সত্যিই আনন্দের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০২:১৭ পি.এম


রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পরও ভারত দেশটির বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ গ্রহণ করেনি। এমনকি ভারতে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর বিষয়ে সামরিক জান্তা সরকারের সঙ্গে উল্লেখযোগ্য আলোচনা হয়নি নয়াদিল্লির। এই পরিস্থিতিতে রোহিঙ্গাদের প্রত্যাবাসন এবং ভারতে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে।

১৯ নভেম্বর নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালত মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে রায় প্রদান করে। ইউরোপ ও ওশিয়ানিয়ার ১৪টি দেশসহ বিশ্বের বিভিন্ন দেশ এই রায়কে স্বাগত জানিয়েছে। তবে ভারত এই রায়কে স্বাগত জানায়নি, আবার প্রত্যাখ্যানও করেনি।

ভারত স্পষ্টভাবে রোহিঙ্গাদের নিজেদের ভূখণ্ডে রাখতে চায় না। কিন্তু মিয়ানমারের সামরিক জান্তা সরকারের সঙ্গে বিরোধে জড়াতে চায় না দেশটি। ফলে প্রশ্ন উঠেছে, ভারতে বসবাসরত রোহিঙ্গা শরণার্থীদের ভবিষ্যৎ কী হবে? আন্তর্জাতিক বিচার আদালতের রায় কি তাদের জন্য কোনো স্বস্তির সুযোগ তৈরি করবে?

রোহিঙ্গা ও আইসিজের রায় নিয়ে ভারতের অবস্থান

২০ নভেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, তারা আন্তর্জাতিক বিচার আদালতের রায়টি ‘নোট করেছেন’।

এরপর রোহিঙ্গাদের বিষয়ে ভারতের অবস্থান তুলে ধরে তিনি জানান, রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, দ্রুত ও দীর্ঘমেয়াদি প্রত্যাবর্তনের পক্ষে ভারত বরাবরই সমর্থন জানিয়ে এসেছে।

এ প্রসঙ্গে ভারতের ‘অপারেশন ইনসানিয়াত’-এর কথাও উল্লেখ করেন জয়সওয়াল। এই কর্মসূচির আওতায় পাঁচ দফায় ত্রাণসামগ্রী দিয়ে বাংলাদেশে রোহিঙ্গা শিবিরগুলোকে সহায়তা করেছে ভারত। একই উদ্দেশ্যে মিয়ানমারের রাখাইন রাজ্যের উন্নয়ন কর্মসূচিতেও সহায়তা করেছে দেশটি।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, দেশটিতে ৪০ হাজারের বেশি রোহিঙ্গা বসবাস করছেন। তবে ভারত তাদের শরণার্থী হিসেবে স্বীকৃতি দেয়নি। বিভিন্ন সময়ে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতারা রোহিঙ্গাদের ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য ঝুঁকি হিসেবেও উল্লেখ করেছেন।

কিন্তু রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর বিষয়ে দেশটির জান্তা সরকারের সঙ্গে ভারতের উল্লেখযোগ্য কোনো আলোচনা হয়নি। আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পরেও নয়াদিল্লি মিয়ানমারের সরাসরি নিন্দা জানায়নি।

‘নিজের স্বার্থেই মিয়ানমারের নিন্দা করবে না ভারত’

পশ্চিমা দেশগুলোর মতো মিয়ানমারের সামরিক জান্তাকে বিচ্ছিন্ন করার নীতি অনুসরণ করতে চায় না ভারত। বরং দেশটির সঙ্গে বাস্তববাদী ও যোগাযোগনির্ভর সম্পর্ক বজায় রাখতে আগ্রহী নয়াদিল্লি। এর পেছনে রয়েছে সীমান্ত নিরাপত্তা, যোগাযোগ প্রকল্প এবং চীনের প্রভাব মোকাবিলার মতো গুরুত্বপূর্ণ স্বার্থ।

ভারতের সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন, ভারতের অনেক স্বার্থের জন্য মিয়ানমারকে প্রয়োজন। দুই দেশের মধ্যে সীমান্ত রয়েছে। সেই সীমান্ত দিয়ে বিচ্ছিন্নতাবাদীরা প্রায়ই ভারতে প্রবেশের চেষ্টা করে। এ ছাড়া চোরাচালান ও মাদকসংক্রান্ত সমস্যাও রয়েছে।

পিনাক রঞ্জন চক্রবর্তীর ভাষ্য, মিয়ানমারের সরাসরি নিন্দা করলে সীমান্তের এসব সমস্যা নিয়ন্ত্রণে ভারতকে দেশটি যে সহায়তা করে, তা বন্ধ হয়ে যেতে পারে।

তার মতে, মিয়ানমারকে অসন্তুষ্ট করে ভারতের কোনো লাভ নেই। বরং এতে শেষ পর্যন্ত ভারতেরই ক্ষতি হবে। তাই নিজেদের স্বার্থেই দেশটির নিন্দা জানানো থেকে বিরত থাকবে নয়াদিল্লি।

তিনি আরো বলেন, বঙ্গোপসাগরে চীনের প্রভাব মোকাবিলায় মিয়ানমারে ভারতের হাইওয়ে, কালাদান ও রেল প্রকল্পের কাজ চলছে। ভারতের ভূরাজনৈতিক অবস্থানের জন্য এসব প্রকল্প গুরুত্বপূর্ণ।

রোহিঙ্গাদের প্রতি সহানুভূতি দেখাতে নারাজ ভারত

রোহিঙ্গাদের প্রতি ভারতের বিরূপ মনোভাবের উদাহরণ হিসেবে ২০২৫ সালের মে মাসে দিল্লিতে শরণার্থীদের আটকের ঘটনাটি উল্লেখ করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ।

সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের ৬ মে দিল্লিতে ৪০ জন মুসলিম ও খ্রিষ্টান রোহিঙ্গা শরণার্থীকে আটক করে ভারতীয় কর্তৃপক্ষ। তাদের মধ্যে ১৩ জন নারী ছিলেন। পরিচয় শনাক্ত করার জন্য তথ্য সংগ্রহের কথা বলে তাদের আটক করা হয়েছিল।

পরে ওই রোহিঙ্গাদের বিমানে করে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে নেওয়া হয়। সেখানে জোর করে তাদের ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজে তোলা হয়।

দিল্লিতে বসবাসরত এক রোহিঙ্গা খ্রিষ্টান ব্যক্তি হিউম্যান রাইটস ওয়াচকে জানান, আটক ব্যক্তিদের মধ্যে তার ভাইও ছিলেন।

তার দাবি, জাহাজটি মিয়ানমারের উপকূলের কাছাকাছি পৌঁছানোর পর রোহিঙ্গাদের লাইফ জ্যাকেট দেওয়া হয়। এরপর তাদের সমুদ্রে ফেলে দেওয়া হয়।

এ ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার মুখে পড়ে ভারত। পরে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হলেও দিল্লি, জম্মু ও হায়দরাবাদের মতো শহরে হাজার হাজার রোহিঙ্গা এখনো অস্থায়ী শিবির ও ঝুপড়িবস্তিতে মানবেতর জীবন যাপন করছেন।

মিয়ানমার থেকে আসা চিন জনগোষ্ঠীর শরণার্থীদের প্রতি ভারতের মনোভাবের সঙ্গে রোহিঙ্গাদের প্রতি দেশটির আচরণের পার্থক্য রয়েছে বলে মনে করেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অনিন্দিতা ঘোষাল। শরণার্থী বিষয়ে ইতিহাসের এই বিশেষজ্ঞ বলেন, মিয়ানমার থেকে অনেক চিন শরণার্থীও ভারতে এসেছেন। তাদের প্রতি ভারতের সহানুভূতিশীল মনোভাব রয়েছে। কিন্তু রোহিঙ্গাদের ক্ষেত্রে ভারতের মনোভাব মূলত বিরূপ।

তার মতে, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সঙ্গে একই শ্রেণিতে ফেলতে চায় ভারত রোহিঙ্গাদের। অর্থাৎ, রোহিঙ্গাদেরও বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারী হিসেবে বিবেচনা করতে চায় দেশটি।

কে শরণার্থী, কে অনুপ্রবেশকারী—সিদ্ধান্ত নেয় কীভাবে ভারত

ভারতে কে শরণার্থী আর কে অনুপ্রবেশকারী, তা নির্ধারণের বিষয়েও জটিলতা রয়েছে। কারণ, শরণার্থীদের বিষয়ে কোনো আন্তর্জাতিক কনভেনশনে স্বাক্ষর করেনি ভারত। ফলে শরণার্থীদের স্বীকৃতি দেওয়ার জন্য দেশটির নির্দিষ্ট কোনো আন্তর্জাতিক নীতিকাঠামো নেই।

অধ্যাপক অনিন্দিতা ঘোষাল এ প্রসঙ্গে ১৯৫১ সালের শরণার্থীদের মর্যাদাসংক্রান্ত কনভেনশন এবং ১৯৬৭ সালের প্রটোকলের কথা উল্লেখ করেন। এসব আন্তর্জাতিক চুক্তিতে শরণার্থীদের সুরক্ষার জন্য একটি কাঠামো নির্ধারণ করা হয়েছে। তবে ভারত এসব চুক্তির কোনোটিতেই স্বাক্ষর করেনি।

অনিন্দিতা ঘোষাল বলেন, ভারতে শরণার্থীদের বিষয়ে সুস্পষ্ট ও পূর্ণাঙ্গ কোনো নীতি নেই। কেন্দ্রীয় সরকার ও বিচারব্যবস্থার মাধ্যমে শরণার্থীদের বিষয়গুলো মোকাবিলা করা হয়। এ ক্ষেত্রে সুপ্রিম কোর্টেরও ভূমিকা রয়েছে।

তার মতে, শরণার্থীদের প্রতি ভারতের মনোভাব অনেকাংশে নির্ভর করে কেন্দ্রীয় সরকারে কোন দল ক্ষমতায় রয়েছে এবং সেই দলের নীতি ও দৃষ্টিভঙ্গি কেমন, তার ওপর।

সব মিলিয়ে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের সঙ্গে এখনই কোনো আলোচনায় বসতে চাইছে না ভারত। আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পরও নয়াদিল্লির অবস্থানে পরিবর্তনের আভাস নেই। ফলে ভারতে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জীবনে এই রায় আদৌ কোনো ইতিবাচক পরিবর্তন আনতে পারবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%