০২:১৮ পি.এম
ভোরের কুয়াশা কাটার সঙ্গে সঙ্গে হাওরের বাতাসে ডিমের হাটের কোলাহল ভেসে ওঠে। ক্যারেটে সাজানো সাদা সাদা ডিম, খামারিদের মুখে হাসি এবং পাইকারদের ব্যস্ততা — এটি যেন হাওরপারের একটি জীবন্ত উৎসবের চিত্র।
সপ্তাহের বিভিন্ন দিন হাওরের বিভিন্ন প্রান্তে জমে ওঠে ডিমের হাট। বুধবার মোহনগঞ্জ, মঙ্গলবার আদর্শনগর, বৃহস্পতিবার ধর্মপাশা এবং শনিবার গাগলাজুর—এই হাটগুলোই হাওরের ডিমের অর্থনীতির কেন্দ্রবিন্দু।
মোহনগঞ্জ বাজারে বুধবার সবচেয়ে বড় এবং জমজমাট হাট বসে। ভোর থেকে মদন, খালিয়াজুড়ী, মোহনগঞ্জ এবং পাশের সুনামগঞ্জ থেকে খামারি ও ব্যবসায়ীরা সপ্তাহজুড়ে জমানো ডিম নিয়ে আসেন। একদিনে সেখানে প্রায় ১১০০ বান্ডিল ডিমের বেচাকেনা হয়। প্রতি বান্ডিলে ৩৬০টি ডিম থাকে।
আরও পড়ুন: মঠবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা
দুপুর গড়াতে না গড়াতেই ক্যারেট ভর্তি ডিম ট্রাকে করে ঢাকার তেজগাঁও, খিলগাঁও এবং খিলক্ষেতের পাইকারি বাজারের দিকে রওনা হয়। বিক্রেতা আনোয়ার হোসেনের মতে, গোছানো এই বাজারের জন্য খামারিরা এখন ন্যায্য দাম পান।
মোহনগঞ্জের পর মঙ্গলবারের আদর্শনগর হাটও জমজমাট। সেখানে একদিনে প্রায় ১ হাজার বান্ডিল ডিমের বেচাকেনা হয়। স্থানীয় ব্যবসায়ীদের হিসাব অনুযায়ী, এক হাটেই লেনদেন অর্ধকোটি টাকারও বেশি হয়ে যায়।
মোহনগঞ্জ বাজারের পাইকারি ব্যবসায়ী ধন মিয়া জানান, বৃহস্পতিবার ধর্মপাশা বাজারে ১ হাজারের বেশি বান্ডিল এবং শনিবার গাগলাজুর বাজারে ১ হাজারের বেশি বান্ডিল ডিম কেনাবেচা হয়। সব মিলিয়ে সপ্তাহে এই হাটগুলোতে ডিমের বাজারমূল্য ২ কোটি টাকার উপরে।
ধন মিয়া নিজেই এই চার বাজার থেকে ডিম ক্রয় করে ঢাকায় পাঠান। তার মতো পাইকারি ব্যবসায়ীদের হাত ধরেই হাওরের ডিম তেজগাঁও ও খিলগাঁও বাজারে পৌঁছে যায়।
আরও পড়ুন: সুস্থ ও কর্মক্ষম জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই: মন্ত্রী ফকির মাহবুব আনাম
জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্যে জানা যায়, নেত্রকোণায় ১ হাজার ৭৬টি বাণিজ্যিক হাঁসের খামার রয়েছে, এবং প্রায় ৪৯ হাজার ৭৮৮টি পরিবার বা ক্ষুদ্র খামারি হাঁস পালনের সঙ্গে যুক্ত। বছরে প্রায় ৪১ কোটি ৭০ লাখ ডিম উৎপাদিত হয়, যার আনুমানিক বাজারমূল্য ৫৬২ কোটি ৯৫ লাখ টাকা।
তবে এই হাসির আড়ালে কিছু ঝুঁকিও বিদ্যমান। পাইকার জামাল হোসেন বলেন, দূরের হাওর থেকে ডিম সংগ্রহ, শ্রমিকের মজুরি এবং দীর্ঘ পথে ডিম ভাঙার ঝুঁকি সামলাতে হয়। পরিবহন ব্যয় বাড়লে বা দাম ওঠানামা করলে লাভ কমে যায়, তবুও সারা বছর চাহিদা থাকায় ব্যবসা চলছে আপন গতিতে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উৎপল কুমার সরকার বলেন, ‘মোহনগঞ্জ উপজেলায় প্রায় এক কোটি হাঁসের ডিম উৎপাদন হয়। আঞ্চলিক চাহিদা মিটিয়ে বাকি ডিম চারটি বাজারে খামারিরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন, পরে তা দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হয়। সরকারের পক্ষ থেকে খামারিদের জন্য বিশেষ বরাদ্দ দিলে তাদের প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দিতে পারলে মোহনগঞ্জে ডিমের উৎপাদন দ্বিগুণ হতো, যা দেশের অর্থনৈতিক উন্নতির পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি করতো।’
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, ‘হাওরের জলাশয় হাঁসের জন্য প্রাকৃতিক খাদ্য ও অনুকূল পরিবেশ দেয়। খাদ্যের খরচ কমানো, দ্রুত পরিবহন এবং কোল্ড চেইন গড়ে তোলা গেলে এই খাত আরও অনেক দূর এগিয়ে যাবে।
আরও পড়ুন: নওগাঁর ধামইরহাট সীমান্তে বিজিবির কঠোর অবস্থান অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন