ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

এনডিএফের কেন্দ্রীয় কমিটির কঠোর পদক্ষেপ, ডা. ইসমাইলের সদস্যপদ স্থগিত—১৪ দিনের মধ্যে জবাবের নির্দেশ


এনডিএফের কেন্দ্রীয় কমিটির কঠোর পদক্ষেপ, ডা. ইসমাইলের সদস্যপদ স্থগিত—১৪ দিনের মধ্যে জবাবের নির্দেশ

ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি ডা. মো. ইসমাইল হোসেনের সদস্যপদ স্থগিত করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। একই সঙ্গে তাকে সংগঠনের সব সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ পাওয়ার ১৪ দিনের মধ্যে উত্থাপিত অভিযোগের বিষয়ে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

গত ২৭ নভেম্বর ২০২৬ তারিখে স্মারক নম্বর ২০২৬/১২৮-এর মাধ্যমে এনডিএফ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ডা. মাহমুদুর রহমান মাজেদের স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

কেন্দ্রীয় কমিটির চিঠিতে উল্লেখ করা হয়, এনডিএফ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার গত ১৩ আগস্ট ২০২৬ তারিখের একটি পত্রে ডা. ইসমাইল হোসেনের বিরুদ্ধে একাধিক সাংগঠনিক অভিযোগ উত্থাপন করা হয়। অভিযোগগুলোর মধ্যে রয়েছে—যথাযথ কারণ বা পূর্বানুমতি ছাড়া নিয়মিত সাংগঠনিক সভায় অনুপস্থিত থাকা, পৃথক গ্রুপ গঠনের মাধ্যমে সাংগঠনিক ঐক্য ক্ষুণ্ণ করা, সরকারি চাকরিবিধি লঙ্ঘন, সংগঠনের নিবেদিতপ্রাণ চিকিৎসক সদস্যদের বিরুদ্ধে অভিযোগ দাখিল এবং বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়ার পরও সাংগঠনিক সিদ্ধান্ত ও নির্দেশনা অনুসরণ না করা।

আরও পড়ুন: চট্টগ্রামের ইতিহাস-ঐতিহ্য রক্ষায় নতুন জাদুঘর প্রতিষ্ঠার পরিকল্পনা

এর আগে গত ১২ নভেম্বর এনডিএফ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক নোটিশে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ডা. ইসমাইল হোসেনকে সহ-সভাপতির পদসহ সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল।

নতুন করে পাঠানো কেন্দ্রীয় কমিটির কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা নোটিশ পাওয়ার ১৪ দিনের মধ্যে লিখিতভাবে জানাতে হবে। একই সঙ্গে অভিযোগের সমর্থনে কিংবা আত্মপক্ষ সমর্থনে প্রাসঙ্গিক কাগজপত্র সংযুক্ত করে এনডিএফ কেন্দ্রীয় কমিটির সভাপতির বরাবর জবাব দাখিল করতে বলা হয়েছে।

কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডা. ইসমাইল হোসেন সংগঠনের কোনো সাংগঠনিক দায়িত্ব পালন করতে পারবেন না। এ সময় তার সদস্যপদ স্থগিত থাকবে। পাশাপাশি এনডিএফের পক্ষে প্রতিনিধিত্ব, সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ কিংবা সংগঠনের নামে কোনো কার্যক্রম পরিচালনা থেকেও তাকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে আরও জানানো হয়, ডা. ইসমাইল হোসেনের লিখিত জবাব ও সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনা শেষে সংগঠনের গঠনতন্ত্র ও প্রযোজ্য বিধি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত লিখিতভাবে জানাবে এনডিএফ কেন্দ্রীয় কমিটি।

আরও পড়ুন: সাভারে মশাল মিছিলের ঘটনায় ছয়জন গ্রেফতার, বাসসহ সরঞ্জাম জব্দ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর উপদেষ্টা: আগের সরকারের অলিগার্কিক ব্যবস্থা জ্বালানি খাতকে ধ্বংস করেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০১:২৩ পি.এম


প্রধানমন্ত্রীর উপদেষ্টা: আগের সরকারের অলিগার্কিক ব্যবস্থা জ্বালানি খাতকে ধ্বংস করেছে

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর মন্তব্য করেছেন যে, অতীতের সরকার অলিগার্কিক ব্যবস্থার মাধ্যমে বিদ্যুৎ ও জ্বালানি খাতকে ধ্বংস করেছে। তিনি উল্লেখ করেন, ‘প্রকৃত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে অলিগার্কিক ব্যবস্থা থেকে এ খাতকে পুনরুদ্ধার ও সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার।’

আজ শনিবার সকালে তিন দিনব্যাপী বাংলাদেশ এনার্জি কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, ‘আমদানিনির্ভর ও জীবাশ্ম জ্বালানিকেন্দ্রিক ব্যবস্থা থেকে বেরিয়ে বহুমুখী, দক্ষ ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য।’

তিনি আরও বলেন, ‘প্রকৃত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে অলিগার্কিক ব্যবস্থা থেকে এ খাতকে পুনরুদ্ধার ও সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার।’

এ সময় তিনি নবায়নযোগ্য জ্বালানি তহবিল গঠনের পরিকল্পনা এবং জ্বালানি খাতকে শক্তিশালী ও টেকসই করার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া মাতারবাড়ীকে এনার্জি হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা এবং বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কম্পানি লিমিটেডকে (বাপেক্স) আধুনিকায়নের পরিকল্পনাও তুলে ধরেন রাশেদ আল মাহমুদ তিতুমীর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময়সীমা এক দিন বাড়ল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০১:২৩ পি.এম


প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময়সীমা এক দিন বাড়ল

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময়সীমা এক দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পূর্বনির্ধারিত সময়ের পরিবর্তে প্রদর্শনী ও মেলা ২৯ নভেম্বর পর্যন্ত চলবে।

শনিবার (২৮ নভেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, প্রদর্শনী ও মেলায় দর্শনার্থীদের অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি, প্রাণিসম্পদ খাতের বিভিন্ন উদ্যোগ, উদ্ভাবন, প্রযুক্তি ও উৎপাদিত পণ্য সম্পর্কে জনসাধারণকে আরও বিস্তৃতভাবে জানানো এবং খাতসংশ্লিষ্ট উদ্যোক্তা, খামারি ও অংশীজনদের অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে এই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ সিদ্ধান্তের ফলে আগ্রহী দর্শনার্থী, খামারি, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনেরা আরও এক দিন প্রদর্শনী ও মেলায় অংশ নেয়ার সুযোগ পাবেন।

‘রফতানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে ২৬ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপনের কর্মসূচি নির্ধারণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এসিড মামলার তদন্তে পক্ষপাত ও অনিয়মের অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০১:২৪ পি.এম


এসিড মামলার তদন্তে পক্ষপাত ও অনিয়মের অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের দাবি

বরগুনার পাথরঘাটায় পাঁচ বছর বয়সী শিশু জাইমার ওপর এসিড নিক্ষেপের ঘটনায় পুলিশি তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, গুরুত্বপূর্ণ সাক্ষ্য-প্রমাণ গোপন করা হয়েছে, ভুক্তভোগীর বক্তব্য বিকৃত করা হয়েছে এবং আসামিপক্ষের স্বার্থরক্ষায় মনগড়া চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। মামলার বাদী শিশুটির মা ফাতিমা জোমাদ্দার অর্পা তদন্ত কর্মকর্তার ভূমিকা খতিয়ে দেখা এবং আদালতের তত্ত্বাবধানে নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন। তিনি পুলিশের দাখিল করা প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন।

শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় বরগুনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন। ফাতিমা জোমাদ্দার অর্পা জানান, বাবার রেখে যাওয়া সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে চাচাদের সঙ্গে বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, ওই সম্পত্তিতে ঘর নির্মাণ করতে গেলে তাঁর ওপর এসিড নিক্ষেপ করা হয়। এ সময় তিনি রক্ষা পেলেও পেছনে থাকা পাঁচ বছর বয়সী মেয়ে জাইমার হাত, বুক ও পা এসিডে দগ্ধ হয়।

মামলার তদন্তে গুরুতর অনিয়মের অভিযোগ তুলে ফাতিমা বলেন, তদন্ত কর্মকর্তা মোহাম্মদ ওয়ালী উল্লাহ প্রয়োজনীয় ফরেনসিক পরীক্ষা না করেই চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছেন। ভুক্তভোগীর বক্তব্য সরাসরি গ্রহণ না করে তাঁর নামে আদালতে বক্তব্য উপস্থাপন করা হয়েছে। মামলার গুরুত্বপূর্ণ সাক্ষীদের বক্তব্য যথাযথভাবে গ্রহণ না করে আসামি, তাঁদের আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠজনদের একতরফা বক্তব্যের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করা হয়েছে। এমনকি বাড়ির মালিক সাক্ষী হাওয়া বেগমের বক্তব্যও বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তাঁর আরও অভিযোগ, কোনো সাক্ষ্য বা চিকিৎসা প্রতিবেদনে সমর্থন না থাকা সত্ত্বেও এসিডের পরিবর্তে আচিল পরিষ্কারের পাউডার হাতে পড়ার তথ্য প্রতিবেদনে যুক্ত করা হয়েছে। জমির দলিল ও খতিয়ান যাচাই না করেই জমির মালিকানা সম্পর্কে সিদ্ধান্ত দেওয়া হয়েছে। আদালতের নির্দেশে মামলা রুজু করতে বিলম্ব এবং মামলার দুই নম্বর আসামিকে গ্রেপ্তারের পর থানা থেকে ছেড়ে দেওয়ার ঘটনাতেও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ভূমিকা তদন্তের দাবি জানান তিনি।

ফাতিমা জোমাদ্দার অর্পার অভিযোগ, মামলা তুলে নিতে তাঁকে ও তাঁর মেয়েকে মারধর ও ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। সাক্ষীদেরও হুমকি দেওয়া হয়েছে। এসব ঘটনায় পৃথক দুটি সাধারণ ডায়েরি রয়েছে। অথচ তদন্ত কর্মকর্তা চূড়ান্ত প্রতিবেদনে এসব গুরুত্বপূর্ণ বিষয় উপেক্ষা করেছেন।

তিনি বলেন, পুলিশের তদন্তের নিরপেক্ষতা নিয়ে তাঁদের গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে। তাই পুলিশের অন্য কোনো ইউনিট দিয়ে নয়, আদালতের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন, তদন্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের ভূমিকা যাচাই, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং শিশুসহ পরিবারের সদস্য ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

ফাতিমার আকুতি, 'আমি কারও প্রতিশোধ চাই না, শুধু আমার শিশুকন্যার ন্যায়বিচার চাই। একটি শিশুর শরীরে এসিডের আঘাতের বিচার যদি তদন্তের অনিয়মের কারণে ধামাচাপা পড়ে, তাহলে একজন অসহায় মা কোথায় বিচার চাইবেন?'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁর ধামইরহাট সীমান্তে বিজিবির কঠোর অবস্থান অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০১:২৪ পি.এম


নওগাঁর ধামইরহাট সীমান্তে বিজিবির কঠোর অবস্থান অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে

নওগাঁর ধামইরহাট সীমান্তে বিজিবি অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, অবৈধ পারাপার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে।

দেশের সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, অবৈধ পারাপার, চোরাচালানসহ সকল প্রকার সীমান্ত অপরাধ প্রতিরোধে কঠোর অবস্থান গ্রহণ করেছে।

এই লক্ষ্যে সীমান্ত এলাকায় দিন-রাত টহল কার্যক্রম জোরদার করা হয়েছে, বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন।

বিজিবি সর্বদা সজাগ রয়েছে যাতে কোন ব্যক্তি বা গোষ্ঠী সীমান্ত ব্যবহার করে অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে কিংবা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়াও, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন, অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সীমান্তবর্তী জনসাধারণের সঙ্গে সমন্বয় ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হচ্ছে।

পত্নীতলা ১৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এহসান হাবীব জানিয়েছেন, সীমান্তবর্তী জনসাধারণকে সকল প্রকার অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার পাশাপাশি সন্দেহজনক কোন কর্মকাণ্ড পরিলক্ষিত হলে নিকটস্থ বিজিবি ক্যাম্পে তথ্য প্রদানের জন্য অনুরোধ করা হচ্ছে।

তিনি আরও জানিয়েছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের জানমালের সুরক্ষায় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) সর্বদা বদ্ধপরিকর। সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি’র কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%